
তিন সঙ্গী
সুনীল গঙ্গোপাধ্যায়
বনমালা লঞ্চ থেকে নামল পনেরো-ষোলোজন যাত্রী। প্রত্যেকেই বিরক্ত। এতক্ষণ সবাই চুপ করে ছিল, এখন সবাই বিড়বিড় করতে-করতে নামছে জেটিতে। কেউ কারুর বিরুদ্ধে নালিশ করছে না, যেন নিজেকেই শোনাচ্ছে নিজের অসুবিধের কথা।
রাত প্রায় সাড়ে এগারোটা। পৌনে সাতটায় এখানে পৌঁছবার কথা। মাঝখানে চরে আটকে রইল বনবালা! একসময় তো মনে হয়েছিল, রাতটাই কাটাতে হবে মাঝ নদীতে। সারেং নতুন, তাই। নদীর রাস্তা চেনে না, ভাঁটার সময় কি চোখ বুজে লঞ্চ চালালে চলে? তবে ভাঁটা কেন, আজকাল জোয়ারের সময়ও পুরো নদী ভরে না।
মিশমিশ করছে অন্ধকার চারিদিকে। শুধু লঞ্চের জোরালো আলোয় চকচক করছেনদীর জল। জেটিখানার দুটো দোকানই বন্ধ হয়ে গেছে। বনবালা যে আজ আর আসবে, কেউ আশা করেনি।
চুনীলাল হাতের থলি দুটো ঝুলিয়ে বাঁধের রাস্তায় এসে দাঁড়াল। অন্ধকারটা চোখে সইয়ে নিচ্ছে। ভ্যান পাওয়ার কোনও আশা নেই। এই সাড়ে তিন মাইল রাস্তা হেঁটে যেতে হবে তাকে।
টর্চ আছে চুনীলালের কাছে। কিন্তু টর্চ জ্বালবে কোন হাতে। দু-হাতে দুটো ভারী বোঝা। একটা ভ্যান পেলে কত আরামে যাওয়া যেত।
—কোথায় যাবেন?
চুনীলাল চমকে কেঁপে উঠল। একটা ঢ্যাঙা লোক, ঠোঁটে বিড়ির আগুন। নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছে একেবারে পাশ ঘেঁষে। নিশ্চয়ই ওর খালি পা।
—আমি যাব নাজনেখালি। আপনি?
—গাববেড়ে। কী করবেন, হাঁটবেন?
—উপায় কী?
–চলুন তবে এক সঙ্গে গল্প করতে-করতে চলে যাই।
চুনীলাল বোঝা দুটো নামিয়ে রেখে টর্চ জ্বালাল। নির্লজ্জভাবে লোকটির সারা গায়ে আলো বুলিয়ে দেখে নিল। রোগা, লম্বা, চিবুকে অযত্নের দাড়ি। ধুতির ওপর একটা নীল সার্ট। এর এক হাতে একটা পোঁটলা।
চুনীলাল জিগ্যেস করল, গাববেড়ে কত দূর? নাজনেখালি ছাড়িয়ে?
লোকটি একটু শুকনো হেসে বলল, না, আগে। আপনার আধাআধি রাস্তা। দাদা নতুন লোক বুঝি?
—নাজনেখালি আমার শ্বশুরবাড়ি। তবে নতুন নই, পুরোনো জামাই।
চুনীলাল টর্চ নিভিয়ে দিল। লোকটিকে সে লঞ্চে দেখেছে কি না ঠিক মনে করতে পারছে না। অবশ্য চুনীলাল ছিল ছাদে, ঠান্ডা হাওয়ার জন্য অনেকেই নীচে নেমে গিয়েছিল।
—চলুন আর দেরি করে লাভ কী? হাঁটা দি।
চুনীলাল থলি দুটো তুলে নিল। টর্চটা সে লোকটির হাতে দিতে পারত কিন্তু লোকটা চায়নি। স্থানীয় লোক, ও নিশ্চয়ই রাস্তা চেনে।
দুপা গিয়েই লোকটা জিগ্যেস করল, নাজনেখালিতে কার বাড়ি যাবেন?
–বসন্তলাল বেরা, আমার শ্বশুরমশাই।
–বসন্তলাল বেরা? চিনলাম না তো।
–নাজনেখালির সবাইকে আপনি চেনেন?
—প্রতি হাটবারে যাই। না চেনার তো কথা নয়।
—হাটে ওনার তামাকের দোকান।
—ও বাসুদা! তাই বলেন! ওর বড় ছেলেটি গত সনে মারা গেছে জঙ্গলে?
—হ্যাঁ? আপনার নামটা কী?
—নিরাপদ দাস। আপনি তো তাহলে আমার কুটুম্ব হলেন। বাসুদার পিসি হলেন তো আমার দিদিমার দিদি। বাসুদাকে বলবেন গাববেড়ের নিরা, তা হলেই বুঝবেন।
চুনীলাল চুপ করে গেল। এ সম্পর্কের কথা তার মনে দাগ কাটেনি। দিনকাল খারাপ। আজকাল কারুকে বিশ্বাস নেই। লোকটার গায়ে-পড়া স্বভাবটা বেশ সন্দেহজনক। তার বড় শালা জঙ্গলে বাঘের পেটে গেছে, সে খবর এ-তল্লাটে কে না জানে?
এত রাতে একজন অচেনা লোকের সঙ্গে যে এইরকম অন্ধকার রাস্তায় হাঁটতে নেই তা চুনীলাল জানে। কিন্তু একটা লোকে যদি নিজে থেকে চায় তাহলে চুনীলাল কি না বলবে? অত ভীতু সে নয়। তার কোমরে একটা ছুরি আছে। সেই জন্যই তো লোকটাকে আগে-আগে রেখেছে চুনীলাল, যাতে ও হঠাৎ পেছন থেকে না কিছু করতে পারে।
লোকটিকে আর একটু পরীক্ষা করার জন্য চুনীলাল বলল, কুটুমই যখনই হলেন, তখন একটা উপকার করবেন? আমার দু-হাত আটকা, একটা থলে একটু ধরবেন? তাহলে একটা সিগ্রেট খেতে পারি। বেশ ঠান্ডাই বাতাস দিচ্ছে তো।
নিরাপদ নামের লোকটি থমকে দাঁড়িয়ে আমতা-আমতা করে বলল, দাদা নিতাম তো, কিন্তু বাঁ হাতটা কম জোরি। একটা বড় চোট লেগে ছিল, এখনও ব্যথাটা মরেনি। আচ্ছা দেখি পারি কি না!
চুনীলালের একটা থলে ধরার চেষ্টা করে সে বলল, ওরে বাবা, এ যে বেদম ভারী। কী আছে এতে দাদা?
উত্তর আগে থেকেই তৈরি ছিল। চুনীলাল বলল, কয়েকখানা লোহার চাটু আর কড়াই! ও বাড়িতে চেয়েছে! আগে তো ভাবিনি যে বয়ে নিয়ে যেতে হবে। ভেবেছিলুম ভ্যান পাব—।
—বড় লজ্জা দিলেন দাদা। হাতটা এমন দুর্বল হয়ে আছে। ও জিনিস বইতে পারব না। একটু দাঁড়াই বরং আপনি সিগ্রেট খেয়ে, জিরিয়ে নিন।
সন্দেহজনকভাবে লোকটির দিকে তাকিয়ে চুনীলাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। নিজে একটি ধরাল, নিরাপদকে দিল না। যদি চায় তো দেখা যাবে। লোকটা একটা হাত খালি রাখতে চায়, অ্যাঁ?
নিরাপদ রাস্তার পাশে গিয়ে উবু হয়ে বসল জল ছাড়তে।
আর তখনই দেখা গেল তাদের পেছন থেকে এসে পড়েছে একটা টর্চ লাইটের আলো।
লোকটা সঙ্গে-সঙ্গে উঠে দাঁড়িয়ে চুনীলালের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, কে আসছে?
চুনীলালও অবিকল এই প্রশ্নই করতে চাইছিল। এইবার কি আসছে ওর সঙ্গীরা? কাছাকাছি কোনও বাড়ি ঘর নেই। একদিকে নদী, অন্য দিকে ফাঁকা মাঠ!
চুনীলাল টর্চটা বার করে জ্বালাল। তার টর্চটা বড়, আলো বেশি। কে আসছে ওদিক থেকে, একটা মেয়ে? অবশ্য একটু ঠান্ডা পড়লে এদেশে পুরুষরাও গায়ের চাদর দিয়ে মাথায় ঘোমটা দেয়।
আর-একটু কাছে আসতে বোঝা গেল একজন স্ত্রীলোকই বটে। বছরচল্লিশেক বয়স হবে, বেশ লম্বা সমর্থ চেহারা। সে জিগ্যেস করল, ওগো, তোমরা কোথায় যাচ্ছ?
চুনীলাল বা নিরাপদ কেউই উত্তর দিল না। স্ত্রীলোকটিকে একেবারে সামনে আসতে দিল।
প্রথমে চুনীলালকে ভালো করে দেখার পর নিরাপদর মুখের দিকে চোখ রেখে চেনা মানুষের মতন গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছ? এ-রাস্তা খুব খারাপ, জানো না? গত সপ্তাহেই একটা ডাকাতি হয়ে গেছে!
নিরাপদ জিগ্যেস করল, তুমি কে গো? তুমিই বা এত রাতে রাস্তায় বেরিয়েছ কেন?
স্ত্রীলোকটি বলল, আহা রে! চেনে না যেন! আমার নাম চাঁদমণি, গোসাবা বাজারে থাকি, আমায় সবাই চেনে।
—গোসাবা বাজারে? দেখিনি তো?