Home
ঠাকুর, থাকবি কতক্ষণ

ঠাকুর, থাকবি কতক্ষণ

সমরেশ মজুমদার

ঠাকুর, থাকবি কতক্ষণ

সমরেশ মজুমদার
short story

Change color


চেয়ারে বসে দুলছিল দ্বিজদাস। সেই ভোররাত থেকে জোর খাটুনি গেছে আজ, সামনের শো কেসগুলো ভরতি, চট করে দেখলে সাজানো বাগান মনে হয়। বাইরে তাকাল ও, বিকেল হতে একটু দেরি আছে। রোদের তেজ মরেছে। দ্বিজদাসের এই দোকান সীতা মিষ্টান্ন ভাণ্ডারে বসে ভূটানের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। নড়েচড়ে বসল দ্বিজদাস। হাতলছাড়া চেয়ার, দ্বিজদাসের হাতল থাকলে বসতে অসুবিধে হয়। বড় চর্বি জমে যাচ্ছে শরীরে। আঙুল দিয়ে বুকের তলায় খাঁজ ধরে না। এই শালা মিষ্টির গন্ধে শরীর ফুলছে। কথাটা ভাবতেই নরেশের দিকে নজর পড়ল। ওর। খেকুড়ে চেহারা, অথচ দিনরাত মিষ্টি বানাচ্ছে ও। কার যে কী হয়? খালি গা, এই শীত আসা সময়টাও গায়ে কাপড় রাখতে পারে না। ওপরের দিকে তাকাল সে। কাঠের সিলিং-এর ওপরে। মৃদু পায়ের শব্দ ঘোরাফেরা করছে। সাজগোজ হচ্ছে বোধহয়। সীতা মিষ্টান্ন ভাণ্ডারের মালিকান ঠাকুর দেখতে যাবেন। দ্বিজদাস যার কাছে হাতি-শ্বেতহস্তী। মুখঝামটা দিয়ে দু-বছর আগে যে বলত, সার্কাসে নাম লেখাইনি তো যে সাদা হাতি বুকে তুলব।


সকাল থেকেই ঢাক বাজছে পুজো মণ্ডপে। বোল পালটানো দুপুর থেকে। সীতাদেবী সকন্যা গিয়েছিলেন বরণ করতে। তারপর থেকেই ঢাক বলছে, ঠাকুর থাকবি কতক্ষণঠাকুর যাবি বিসর্জন। একঘেয়ে বেজে যাচ্ছে ঢাকদুটো। এই স্বর্গ ছেঁড়ার পুরোনো ঢাকি। এখনও মাইক। ঢুকতে দেয়নি শ্যামাকাকারা। আশেপাশের জায়গাগুলোর মধ্যে স্বৰ্গ ছেঁড়ার পুজোর নামডাক বেশি। পুজোটা বনেদী।



ঠিক এই সময় দ্বিজদাস দেখতে পেল হারু ঘোষ রাস্তা পেরিয়ে এদিকে আসছে। সোজা হয়ে বসল ও। শালা এদিকে আবার আসে কেন? সঙ্গে-সঙ্গে শ্যামাকাকাদের মুখ মনে পড়ে গেল ওর। আজ সকালেই দল বেঁধে এসেছিল ওরা।


হারু ঘোষ এক লাফে দোকানে উঠে এল। তারপর চারপাশটা একবার চোখ বুলিয়ে দ্বিজদাসের দিকে হাত বাড়াল, দেশলাইটা দিন তো।


পা থেকে মাথা অবধি চিড়বিড় করে উঠল। ভীষণ বাড় বেড়ে গেছে তো আজকাল। কিন্তু ততক্ষণে ওর হাত চলে গেছে ড্রয়ারের মধ্যে। সিগারেট খায় না নিজে, কিন্তু পেছনের দেওয়ালে রাখা গণেশের সামনে দু-বেলা ধূপ জ্বালাতে হয়। দ্বিজদাসের হাত থেকে দেশলাইটা নিয়ে সিগারেট ধরাল হারু। তারপর সামনের টেবিলে একটা পা ভাঁজ করে বসল, আজ সকালে ওরা এসেছিল কেন?


কারা? চমকে উঠল দ্বিজদাস। শালারা খবর পায় কী করে।


শ্যামাকাকাদের গুষ্টি। আমাকে তাড়াতে বলল?



হুঁ। মাথা নাড়ল দ্বিজদাস, গেলেই তো হয়।


বাড়িটা কার? ভাড়া দিই কাকে? ওদের বলে দিতে কি হয়েছিল সেখানে গিয়ে কথা বলতে। সে হিম্মত তো কোনও শালার নেই। ফুক-ফুক করে ধোঁয়া ছাড়ল হারু, সব শালার কেচ্ছা আমি জানি। ট্যাক্সি ড্রাইভার রতনা সাক্ষী দেবে। এখন এসেছে সতীত্ব মারাতে। যাক, আপনাকে সাফ বলে দিচ্ছি, এসব ব্যাপারে নাক গলাবেন না। আজ বিকেলে ওদের ঠান্ডা করব আমরা। যেমন এসেছিল তেমনি চলে গেল ও। তবে এবার ভেতরদিকে। দোকানের পেছনদিকেই ওপরে ওঠার সিঁড়ি। একটু পরেই হাসির আওয়াজ শুনতে পেল দ্বিজদাস। সীতা না রমলা? রমলা সীতার চেয়ে আঠারো বছরের ছোট। কিন্তু এখন গলার স্বরে পার্থক্য বোঝা যায় না। পেছন থেকে দেখলে দ্বিজদাসই মাঝে-মাঝে গুলিয়ে ফেলে। ছেলেবেলায় রমলা বলত, আমি মায়ের মেয়ে। এখন বলে সীতা ঘোষের মেয়ে। না, হাসিটা তাঁরই, রমলা না, তিনিই হাসছেন।


শ্যামাকাকা বলে গেছে হারু ঘোষকে নোটিশদিতে। সামনের পয়লা থেকে ঘর খালি করে দেয় যেন। স্বৰ্গ ছেঁড়া তেরাস্তার মোড়ে এই দোকান, দোকানের ওপর কাঠের বাড়ি, পেছনে বাগান আর বাড়ি–দ্বিজদাসের বাবা ধর্মদাস ঘোষ করে গিয়েছিলেন। আর কি জানি কেন, করার আগে বুড়োর কি ভীমরতি হয়েছিল, ভালোবেসে বউমাকে সব লিখে দিয়ে গিয়েছেন। তখন অবশ্য বউ মাথায় ঘোমটা দিত, হারু ঘোষ আসেনি স্বর্গছেঁড়ায়।



এই স্বর্গছেঁড়ায় জন্মেছে দ্বিজদাস। জন্ম অবধি জায়গাটাকে ও একটু-একটু করে বাড়তে দেখেছে নিজের মতো। ধর্মদাসের আমলে সন্ধের পর তেরাস্তার মোড়ে আসত না কেউ। পাশে খুঁটিমারীর জঙ্গলে তো এখনও হাতি আসে, খাস টাইগার দেখা যেত তখন। রাস্তাই ছিল না বলতে গেলে। একটু-একটু করে সব হল। পাশের জঙ্গলে কাঠ কেটে তক্তা বানাতে মিল বসল, মিলিটারিদের ক্যান্টনমেন্ট বসছে কয়েক ক্রোশ জমি জুড়ে বিনাগুঁড়িতে। ব্যস, স্বৰ্গ ছেঁড়ায় হুড়মুড় করে লোক ঢুকতে লাগল। সেলুন, দর্জির দোকান এমনকী রেডিও সারাই। সন্ধের পর জমজমাট। আর এই তেরাস্তার মোড়ে আগে যেখানে ভবানী মাস্টারের ভাঙা ঘর ছিল সেটাই ভাড়া নিয়ে সাজিয়ে গুছিয়ে দোকান করতে এল হারু ঘোষ। ফটোর দোকান। জলপাইগুড়ির ফটোর দোকানে কাজ শিখে এই প্রথম নিজে ব্যাবসা শুরু করেছে। শুনে তো অবাক দ্বিজদাস। স্বৰ্গ ছেঁড়ায় ফটো তুলবে কে? সব তো মদেশিয়া কুলিকামিন। জন্ম থেকে চা-বাগানে খাটে। তা সীতাবেদী তখন মাথায় ঘোমটা দিতেন জরিপাড়ের। অবশ্যই বাইরে বেরুলে। মা মেয়েতে ছবি তুলিয়ে এলেন প্রথম দিনই। সেই হল কাল। পেছনের বাগানঘরটা খালি পড়েছিল, মাসিক দশ টাকা ভাড়া দিয়ে চলে এল হারু ঘোষ। সেদিনটা স্পষ্ট মনে আছে দ্বিজদাসের। শতরঞ্চিতে বাঁধা বিছানা আর একটা এয়ারব্যাগ হাতে নিয়ে দোকানে ঢুকেছিল হারু। তারপর সেগুলো মাটিতে রেখে প্রায় পেন্নাম। করতে এসেছিল হাত বাড়িয়ে। হা-হা করছ কি? –প্রায় ছিটকে উঠেছিল দ্বিজদাস। তখনও এত চর্বি জমেনি শরীরে।



বউদির শরীরে বড় মায়া। ওই ছোট দোকানঘরে কি থাকা যায় বলুন। উনি তো অবাক। ও, আমার নাম হারু ঘোষ–ছবি তুলি। তা আপনাদের বাগানঘরটা বউদি আমায় ভাড়া দিয়েছেন। উনিই তো এই সীতা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক না? কাঁচুমাচু করে বলেছিল ছোঁকরা।


বিস্ময়ে চোখ দুটো রসচেপা রসগোল্লা হয়ে গিয়েছিল দ্বিজদাসের। ভাড়া দিয়ে দিল ঘর আর তাকে জানাল না? তাও আবার এই লপেটা ফটোগ্রাফারকে? ততক্ষণে দশটা টাকা পকেট থেকে। বের করে হারু এগিয়ে ধরেছে, নিন অ্যাডভান্স।


অনেক কষ্টে নিজেকে সামলাল দ্বিজদাস, যে ভাড়া দিয়েছে তাকেই দেবেন।


ও। কিছুক্ষণ তাকিয়ে থেকে সযত্নে টাকাটা ভাঁজ করে পকেটে রাখল হারু। তারপর বোঁচকা দুটো দু-হাতে নিয়ে ভেতরে চলে গেল সটান। যেন চৌদ্দপুরুষের বিছানা এটা, হাঁটাটা এত ফুটানিমারা। হাঁক শুনেছিল দ্বিজদাস, বউদি এসে গেলাম, এবার চা খাব একটু।


হারু ঘোষের বয়স পঁচিশের নিচেই। পনেরো বছর আগে দ্বিজদাস ওরকম চেহারার ছিল। ছিমছাম চেহারার দ্বিজদাস এটুখানি বউ সীতাকে নিয়ে ধর্মদাস জলপাইগুড়ি থেকে ছবি তুলিয়ে বাঁধিয়ে এনেছিল। রাত্তিরবেলায় ঘরে ঢুকে দ্বিজদাস দেখে ছবির কাঁচের ওপর সীতার কপাল জুড়ে গোল সিঁদুরের টিপ। নিচে লাল চন্দনে লেখা পতি পরমগুরু। আর তখন রাত হত সন্ধে। থেকেই। ইলেকট্রিক আসেনি তখনও স্বৰ্গ ছেঁড়ায়। সাতটার মধ্যে খাওয়া-দাওয়া চুকিয়ে দরজার। খিল দিত সীতা। কিছুতে হ্যারিকেন নেভাবে না। তারপর সেই বছর না ঘুরতেই রমলা হয়ে গেল। রমলা এসে সীতাকে সুন্দর করে তুলেছে দিনদিন। মেয়েছেলের অমন সুন্দর উপুড় করা কড়াই-এর মতো পিঠ দেখতে চাইলে সীতাদেবীকে দেখতে হয়। ফুড ইনসপেক্টর এসে দোকানের মালিকের নাম উচ্চারণ করেছিল–সীতাদেবী। আর তারপর থেকে কখন কেমন করে সীতা দেবী হয়ে গেছে–দ্বিজদাস এখন বউকে সীতাদেবী বলে ডাকে। ডাকাডাকি চুকে গেছে অনেক দিন। কথাবার্তা হয় কি হয় না। তেমন দরকার পড়লে রমলা আসে। তবে রোজের হিসেব–মানে এই দোকানের বিক্রিবাটার টাকা রাত্তিরে গিয়ে দিয়ে আসে ও নিজেই। রাত দশটার সময় দোকান বন্ধ করে পেছনের সিঁড়ি দিয়ে ওপরে ওঠে দ্বিজদাস। রেডিওতে খবর হয় তখন। হিসেবের কাগজ আর টাকাটা গাটারে বেঁধে টেবিলের ওপর রেখে বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে যায় সে। কাঠের বাড়িতে দ্বিজদাসের পায়ের শব্দ শরীরের ভারে মচমচ করে। বুড়ো বাপ মরার আগে এ নিয়ম করে গিয়েছিল–যা কিছু বিক্রি হবে তা এই বউমাকে দেবে রোজ। লক্ষ্মী বাঁধা থাক লক্ষ্মীর কাছে। খরচা রাখবে নিজের কাছে লাভ বউমা জমা করবেন। সীতাদেবী। এসে নাকি সব কিছু সোনা করে দিয়েছে বুডোের এরকম ধারণা ছিল। তা একদম কী যে সব হয়।



ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি বিসর্জন–দশ আঙুলে টেবিলে বোল তুলল দ্বিজদাস। পেটে বায়ু হচ্ছে আজকাল। এক জায়গায় বসে থাকা, একদম নড়াচড়া নেই। বায়নার কাগজগুলোর ওপর চোখ বোলাল একবার। মোট দুহাজার চারশ ত্রিশ টাকার বায়না আছে। মাল নিতে আসবেন বাবুরা ঠাকুর জলে পড়লেই। আর তখন খুচরো বিক্রি অনেক সময় বায়নাকে ছাড়িয়ে যায়। নিশ্বাস ফেলার জো থাকে না তখন। অবশ্য নরেশ দশ হাতে সব ম্যানেজ করবে নিশ্চিত। তবু শিরদাঁড়া খাড়া রাখতে হবে দ্বিজদাসকে।


রোদের তেজ কমেছে। একটু-একটু হাওয়া ছাড়ছে উত্তর দিক থেকে। শিশুর দাঁতের মতো হিম মেশানো তাতে। ভূটানের পাহাড়গুলোর মাথায়-মাথায় কুয়াশা চাঙড় বাঁধছে। নতুন জামাপরা। বাচ্চাগুলো হইচই করছে মোড়ে। কিন্তু ওরা কেউ নেই এখন। ভালো করে দেখল দ্বিজদাস, হারু ঘোষের দল আজ তেমাথায় আড্ডা দিচ্ছে না। হঠাৎ একটা জিপের আওয়াজ কানে এল, দ্বিজদাস দেখল পাদানিতে একটা ঠ্যাঙ বের করে বসে বড়বাবু আসছেন। সাত মাইল দূরে। হৃদয়পুরে থানা। দ্বিজদাস তাড়াতাড়িতে চেয়ারের গায়ে ঝুলিয়ে রাখা ফতুয়াটা উলটো করে পরতে পরতে সামলে নিল। শালা পেটের কাছে বোতামটা কখন ফস হয়ে গেছে। অনেকখানি সাদা চামড়া লোম নিয়ে উদোম হয়ে থাকে।


শব্দ করে জিপটা এসে থামল দোকানের সামনে। কোনওরকমে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দ্বিজদাস হাতজোড় করল, আরে কি সৌভাগ্য, বড়বাবু যে, আসুন-আসুন।



মাথা থেকে টুপি খুললেন বড়বাবু, তারপর চারপাশে একবার নজর বুলিয়ে বললেন, খবরটবর কেমন?


একটু চুপসে গেল দ্বিজদাস। কী খবর, কীসের খবর! দোকানের পেছনে ভিয়েনের পাশেই রেশন দোকান থেকে ব্ল্যাকে আনা এক মন চিনি পড়ে আছে যে। কী আশ্চর্য, নরেশটার যদি কোনও কাণ্ডজ্ঞান হয়। মাথা দোলাল ও, ভালো আপনার আশীর্বাদে–।


কী সব মাস্তান-ফাস্তান নাকি এসেছে–তারা কোথায়? পোঁদের চামড়া তুলে ঢাক বানাব বলে দেবেন সবকটাকে। কে এক হারু ঘোষ নাকি আছে–সে কী করে? বড়বাবু জিপে বসেই চোখ কোঁচকালেন। পাশেশব্দ হতেই দ্বিজদাস দেখল নরেশ একটা প্লেটে চারটে আট আনা সাইজের কমলাভোগ আর চমচ নিয়ে দাঁড়িয়ে। চুমো খেতে ইচ্ছে হল শুঁটকোটাকে, শালার বুদ্ধি রাবণের মাথার মতো মাঝে-মাঝে বেড়ে যায়। চট করে প্লেটটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে বড়বাবুর সামনের ধরল সে, ফটো তোলে।


ফটো তোলে? নধর মিষ্টিগুলোর ওপর চোখ বুলিয়ে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি বিধিয়ে মিষ্টি তুললেন বড়বাবু। রস টপ-টপ করে পড়ছে। কাঠির ডগায় মিষ্টিটাকে নাচিয়ে মুখে পুরে চোখ বন্ধ করে বললেন, লীলা করেন বলুন। মিষ্টির জন্যে কথাগুলো জড়িয়ে গেল। প্লেট ধরে থাকল দ্বিজদাস। বড়বাবু এক-এক করে তুলে নিচ্ছিলেন এমন সময় কাণ্ডটা ঘটে গেল হঠাৎ। কোত্থেকে একটা কাক ছোঁ মেরে শেষ মিষ্টিটা তুলে নিয়ে গেল আচমকা। তার ডানার স্পর্শে কিংবা ঘাবড়ে গিয়ে দ্বিজদাসের হাত থেকে প্লেটটা মাটিতে পড়ে উপুড় হয়ে থাকল। ভয়ে ভয়ে কাকটার দিকে তাকাল দ্বিজদাস। ওরই দোকানের সাইনবোর্ডের ওপর বসে মিষ্টি। ঠোকরাচ্ছে সেটা। আর তখনই একটা হইহই হাসির শব্দ কানে এল ওর। কে হাসে? কোন দোকান থেকে? কিছুই হয়নি এমন ভান করে রুমালে মুখ মুছতে-মুছতে বড়বাবু বললেন, গলাটা কার, চেনেন? ঘাড় নাড়ল দ্বিজদাস।



কী চেনেন তাহলে, রাবিশ! বলে ড্রাইভারকে ইশারা করলেন বড়বাবু। সঙ্গে-সঙ্গে একরাশ ধোঁয়া ছেড়ে জিপটা চলে গেল শ্যামাকাকাদের বাড়ির দিকে।


ঠিক বুঝতে পারছিল না দ্বিজদাস, বড়বাবু এলেন কেন? শালা কাকটাও শত্রুতা করার সময় পেল না। ঠাকুর থাকবি কতক্ষণ ঠাকুর যাবি বিসর্জন। বোল তুলল সে দশ আঙুলে। চেয়ারে বসে চোখ বন্ধ করল ও। হবে হবে, আজ শালাদের চামড়া ছাড়াবে। আহা হো-হো। খুব আনন্দ হচ্ছে বুকের মধ্যে। চোখ খুলতেই দেখল রমলা দাঁড়িয়ে সামনে। থতমত হয়ে গেল ও। মেয়েটা দোকানে কেন? বেশ লম্বা হয়েছে তো। ঠিক মায়ের মতো চুলের গোছ। কিছু চাই মা? আদুরে গলায় বলল দ্বিজদাস।


**********
No Review
Related Books
Loading books…