
জোয়ার ভাটা ৪
সমরেশ বসু
বিষের ঝাড়
মান্ধাতার আমলের পুরনো নোনাধরা দোতলা বাড়িটা পশ্চিম দিকে হেলে পড়ছে এমনভাবে যেন হুমড়ি খেয়ে পড়ার মুহূর্তে হঠাৎ ঠেকো দিয়ে দাঁড় করানো হয়েছে। বাড়িটা পুবমুখো। সেদিকের সদর দরজার মাথার ঠিক উপর দিয়ে একটা অশ্বথের শিকড় বাড়িটার একটা অংশ দীর্ঘদেহ অজগরের মতো বেড় দিয়ে সেই পশ্চিমে ডালপালা পত্রপল্লবে ঝাঁকড়া হয়ে ঝুঁকে পড়েছে। বাদবাকি একটা অংশ ভেঙে-চুরে একটি মস্ত স্তূপ হয়ে উঠেছে আধলা ইটের। বাড়িটার চারপাশ ঘিরে আছে আগাছা জঙ্গলে; আর বড় বড় আম জামের ছায়ায় কেমন একটা ভুতুড়ে অন্ধকার থমথমিয়ে আছে। পুবদিকে ভাঙাচোরা ফাটল-ধরা রকটা ছাগল-বিষ্ঠায় ভরা। সদর দরজাটার সামনেই একগাদা গোবর। আগাছার মাঝখান দিয়ে একটি সরু পথ দরজা থেকে পাড়ার গলিপথটায় গিয়ে মিশেছে।
সন্ধ্যা প্রায় ঘনায়। বাড়িটারও রূপ বদলায়। ঝুপসিঝাড়ের কোল থেকে অন্ধকার গলে গলে পড়ে বাড়িটাকে ঢেকে ফেলতে শুরু করেছে।
মনে হয় বাড়িটাতে মানুষ নেই। অথচ পোড়ো বাড়ির মতো বাতাস এখানে হাহাকার তোলে না। নৈঃশব্দ্য নিরেট নয়, যেন ছটফট করছে। সেই ছটফটানি টের পাওয়া যায় আচমকা শিশুকণ্ঠের দুর্বোধ্য স্বরে কিংবা যেন হঠাৎ ঝোড়ো হাওয়ায় ভেসে-আসা কিশোরী গলার গানের সুরে। আর সে সুরের কোনও বৈচিত্র্য নেই। একই সুর, একই কথা। ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা…।
সদর দরজার চৌকাঠ আছে, পাল্লা নেই। সেই দরজা দিয়ে ভিতর থেকে বেরিয়ে এল হারাধন চক্রবর্তী, এ বাড়ির বাসিন্দা। মালিক নয়, ভাড়াটিয়া। মালিকেরা চার শরিক, চার মুলুকে থাকে। মাঝে মাঝে তারা এসে তম্বি করে হারাধনের উপর এবং যাবার সময় শুনিয়ে যায়, দাঁড়াও মামলাটা হোক, তখন তোমাকে দেখব। কিন্তু মামলা আর তাদের হয় না, সেজন্য কোনও গতিও হয় না ভাগের মায়ের। সেই পড়ে-থাকা ভাগের মায়ের কোল আঁকড়ে পড়ে আছে হারাধন।
দুই পুরুষের ভাড়াটে তারা। এক পুরুষ ভাড়াটা কড়ায় গণ্ডায় শোধ করে গেছে, কারণ তখন চার শরিকের একটা বাপ ছিল। শরিক বলে কথা নয়, হারাধন ভাড়া দিতে পারে না। সে বলে, মুরোদ বড় মান, তার ভেঁড়া দুটো কান। মামলা হয়ে যদি কোনও বিলিব্যবস্থা হয়ে যায়, তবু ওই চার শরিকের বাড়িটা ভাগাভাগি করে গড়তে হবে তো! সে হবেও না, আর এ বাড়ি না ধসলে আমারও ছেরাদ্দ হবে না।’
সুতরাং এ সব বৈষয়িক বিষয়ে হারাধন মাথা ঘামায় না।
দরজার মুখে পিছল মাটির উপর গোবর দলাটা দেখেই খিঁচিয়ে ওঠার মতো তার এক পাটি অসমান দাঁত বেরিয়ে পড়ল, হিংস্র জানোয়ারের যেমন সামান্য বিরক্তিতে ভয়ংকর দাঁতগুলো এক বার ঝকমকিয়ে ওঠে। তা ছাড়া হারাধনের সিংহরাশি কি না জানা নেই, চেহারার মধ্যে পশুপতির ছাপ আছে খানিকটা। তবে উপবাসী এবং সেইজন্যে ক্ষ্যাপাটে পশুপতি। দাঁত খিঁচিয়েই আছে। শক্ত মোটা হাড়ের চামড়া লম্বাও নেহাত কম নয়, কিন্তু মাংস নেই। তার মাঠের মতো পাথুরে কপালটার ঠিক মাঝখান থেকে সূক্ষ্মাগ্র তীরের মতো উঠে সারা মাথায় সিংহের পাকানো কেশরের মতো চুল ছড়িয়ে পড়েছে। এককালে এ চুল কালো ছিল। এখন হয়েছে খানিকটা মেটে আর জায়গায় জায়গায় পাক ধরে সাদা কালোর মাঝামাঝি ধোঁয়া ধূসর বর্ণ। নাকটা মন্দ ছিল না কিন্তু নীচের দিকে একেবারে থ্যাবড়া হয়ে গেছে। চোখ দুটো সামান্য গোলাকৃতি, তাতে গাছের শিকড়ের মতো লাল ছাড়ের ছড়াছড়িতে কিছুটা হিংস্র হয়ে উঠেছে। অনবরত কুঞ্চনের ফলে ঠোঁটের ডানপাশটা কুঁচকে বেঁকেই থাকে। শরীরটা সব সময়েই ঝুঁকে থাকে সামনের দিকে। পরিশ্রম হলে তো কথাই নেই। তখন এই চার শরিকের বাড়িটার। মতো হারাধনকেও মনে হয় মুখ থুবড়ে পড়তে গিয়ে কোনও রকমে চলেছে। আর এই হারাধন, যার। আঠারো বিশে হয়তো শরীর ছিল সটান, আজ তার জঙঘা থেকে ঠ্যাং দুটো নেমেছে যেন পাকা বাঁশের বাঁকা গোড়া। গোড়ালিতে গোড়ালি ঠেকলে দু-পায়ের মাঝখানে একটা বিরাট ফাঁক থেকে যায়। বয়স মাত্র চল্লিশের কোঠা ধরব ধরব করছে। এই হল হারাধন চক্রবর্তী। সব নয়, চেহারায়। কাজের মধ্যে গল্প, সর্বদর্শন, এবং ডাক্তারি। হ্যাঁ, ডাক্তারিটাই প্রধান। ডাক্তারিও আজব, সৃষ্টিছাড়া। তার কোনও ডিসপেনসারি নেই, তার ঘরে কোথাও খুঁজে পাওয়া যাবে না একটা ওষুধের শিশি বা কোনও সরঞ্জাম। সে তো অনেক দূরের কথা, ঘরের মানুষের রোগে এক ফোঁটা ওষুধ কেউ হারাধনকে হাতে করে আনতে দেখেনি। কোনও রোগীকে এসে দাঁড়াতে দেখা যায়নি আজ অবধি ওই চার শরিকের ফাটা ভাঙা রকের উপর, হারাধন ডাক্তারের অপেক্ষায়। তার জীবনে সে কারও নাড়ি দেখেনি, দেখেনি জিভ চোখ বা পেট টিপে। তবু হারাধন ডাক্তার। পাড়ার ফক্কড় ছোঁড়াগুলি বলে, ডবল এম বি। পাড়ার এম বি ডাক্তার বলেন, ব্যাটা আমেরিকা-ঘোরা ভি-ডি স্পেশালিস্ট। হোমিওপ্যাথি ডাক্তার নন্দদুলাল বলেন, মরা হ্যাঁনিম্যানের ভূত হারাধন। ওর জুড়ি নেই। বলেই অবশ্য তাড়াতাড়ি জরি দিয়ে বোনা হ্যাঁনিম্যানের কোটের কলারের দিকে তাকিয়ে ক্ষমা ভিক্ষা করেন হাত জোড় করে। অর্থাৎ হ্যাঁনিম্যানের আত্মা যেন ক্ষুণ্ণ না হন।
আর হারাধন মাঝে মাঝে চৌমাথার জনারণ্যের ভিড়ে কিংবা দু ধারে কারখানার উঁচু পাঁচিলে আড়াল করা শহরের পাকা সড়কে আচমকা ঝুঁকে দাঁড়িয়ে পড়ে প্রায় দেড় ফুট ঠ্যাং ফাঁক করে। ঠোঁট কুঁচকে মনে মনে বলে, এঃ সত্যি সত্যি ডাক্তার হয়ে গেছি!….
তারপর ঘাড় ফিরিয়ে তাকায় ইলেকট্রিক পাওয়ার হাউসের চিমনি চারটের দিকে, আশেপাশের কারখানা বাড়িগুলোর দিকে। দুনিয়াজোড়া মানুষ এসে একটা গতি করে নিয়েছে এখানে কিন্তু তার। সামনে সমস্ত ফটক বন্ধ হয়ে গেছে কেবলি। বাপ ছোটকাল থেকে যজমানের বাড়ি নিয়ে নিয়ে ঘুরেছে। ছেলেকে একটি অকালকুষ্মাণ্ড করে দিয়ে মরেছে। সে বলে, শালা মন্তর বলাটাও ভাল করে শিখিয়ে। দিয়ে যায়নি! যজমানি করা দূরের কথা, হপ্তায় নারায়ণপুজোটার জন্যও কেউ ডাকে না। দুটো চাল কলা এলেও বা…। না, সে তার জীবনের প্রথম দিকেই শেষ হয়ে গিয়েছে। বাপের মৃত্যুর পর যজমানেরা ডেকেও জিজ্ঞেস করেনি। বলেছে, বামুনের ঘরের আকাট। ও কোষাকুষিতে হাত দিলে তা অপবিত্র হবে।
গোবর দলাটার দিকে আর একবার দেখে সে উপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকতে উদ্যত হয়ে থেমে গেল! তার কানে এল সেই গানের কলি, ধনধান্যেপুষ্পে ভরা…নিজেই সে উবু হয়ে তাড়াতাড়ি খাবলা খাবলা গোবর হাতে তুলে নোনা-ধরা ইটের গায়ে চাপটি মেরে দিল। বাড়ির পেছনে পানা পুকুরটায় হাত ধুয়ে ঘাড় দুলিয়ে দুলিয়ে চলতে শুরু করল বড় রাস্তার দিকে। আশেপাশে দেখে না, সামনে মুখ তোলে না। দূর থেকে দেখে মনে হয় পিঠে বোঝা নিয়ে বুঝি একটা মানুষ আসছে।
আশপাশ থেকে নানান কথা ছিটকে আসে ওকে উদ্দেশ করে। উৎকট কুৎসিত সব মন্তব্য। সিনেমার ধারের চা-খানার কাছ থেকে একজন চেঁচিয়ে ওঠে
হারাধনের দশটি রোগী, ঘোরে বাজার ময়।
একটি মল গরমি রোগে রইল বাকি নয়।
হারাধন নির্বিকার। কোনওদিকে দৃকপাত না করে রোজকার মতো লাইটপোস্ট গুনতে গুনতে এগোয় সে। সতেরো, আঠারো…। তেত্রিশটা হলেই ডানদিকের অন্ধকারে হারিয়ে-যাওয়া গলিটার মধ্যে ঢুকে পড়ে। এমনি রোজ। কেমন করে যেন এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বোধ হয় সামনে তাকায় না বলেই।
অচেনা লোককে হঠাৎ হকচকিয়ে থমকে দাঁড়িয়ে পড়তে হয় গলিটার মোড়ে। মনে হয় একটা অন্ধকার গুহা, তার মধ্যে দূরে দূরে কতকগুলি জোনাকি জ্বলছে পিটপিট করে। আর অশরীরী ছায়ার মতো যেন কারা ঘোরাফেরা করছে সেখানে। ভিড় করে আছে কারা সারবন্দি হয়ে গুহার গায়ে পাথরের মূর্তির মতো। নিঝুম নয়। হাসি, গান, গল্প, মারধোর, কান্না, হাঁক, হল্লা, কী নেই! তবু যেন হাওয়া নেই, আকাশ নেই গলিটার মাথায়। রুদ্ধশ্বাস দমবন্ধ, পাথরে ঠেসে ধরতে চাইছে।
সেলাম হো ডগদরবাবু। জং-ধরা গলায় প্রথমেই একজন অভিনন্দন জানায় হারাধনকে।
লোকটাকে এ মহল্লার মালিক বলা চলে। মোষের মতো বিশাল কালো লোমশ চেহারা, গলায় সোনার সরু চেন, কানে দুটো সোনার মাকড়ি।
হারাধন তার কথার জবাব না দিয়েই এগুল।
মাতাল মেয়ে-গলার বেসুরো গান এক কলি শোনা গেল
প্রেমের বাজারে যাব গো সজনী,
দেখে শুনে আনব প্রেমের পশরাখানি।…
কে একজন মুখে জিভ দিয়ে তবলা বাজিয়ে উঠল, তাক ডিমা ডিম।
শ্লথগতি হয়ে এল হারাধনের। দাঁতে দাঁত চেপে প্রায় ভেংচে উঠল চাপা গলায়, প্রেমের পশরাখানি!
বাউনবাবা নাকি গো।’ একটা মধ্যবয়সি মেয়েমানুষ রকের উপর হারাধনের কাছে এসে দাঁড়াল। এই তোমার জন্যেই বসে আছি। সময় আর তোমার হয় না আজকাল।
সামান্য আলোর একটা রেখা পড়েছে হারাধনের মুখে। মুখটা তার আরও বিকৃত হয়ে উঠেছে, চোখ দুটো তীক্ষ্ণ, খোঁচা খোঁচা দাঁতগুলো বেরিয়ে পড়েছে হিংস্র জন্তুর মতো। বলল, কেন, এখনও তো মরনি, তবে এত তাড়াতাড়ি কেন?
উর্বশী নাচুনির বোন না আমরা?