
জোয়ার ভাটা ১
সমরেশ বসু
আমি আমার সেই পুরনো দিনগুলিকে স্মরণ করতে চাই। কারণ আমি বুঝতে পারছি, আমার দিন যেন ঘনিয়ে আসছে। অবধারিত মৃত্যুই কি না সেই অনাগত, পা টিপে টিপে আসা ভয়ংকর ছায়াটি, তা জানি নে। মৃত্যুর কি কোনও রূপ আছে? কিন্তু যে-ছায়াটি আমাদের চারদিকে, খুব ধীরগতি চোখ-খাবলার মতো এগিয়ে আসছে একটু একটু করে, সে মৃত্যুই কি না আমি জানি নে। হলে আমি অবাক হব না।
কেন?
না, আমি পুরনো দিনগুলির কথা চিন্তা করতে চাইছি। চাইছি। বললে ভুল বলা হয়। প্রাকৃতিক নিয়মের মতো একটি অপ্রতিরোধ্য গতিতে পুরনো দিনের সেই সব স্মৃতি যেন চুঁইয়ে চুঁইয়ে আসছে। অনেকদিন ধরেই, বোধ হয়, মাটির তলায় চাপা পড়ে থাকা সেইসব দিনের কাহিনী আমার পাথুরে প্রতিরোধকে ভাঙছিল। একটু একটু করে। ফাটল সে পেয়েছে। এক বার যখন তা চোঁয়াতে আরম্ভ করেছে, এ বাঁধ ভাঙতে আর দেরি হবে না।
কেন এত ভয় আমার সেই পুরনো দিনগুলিকে স্মরণ করতে? কারণ, স্মৃতির এই অন্ধকার বন্ধ দরজা যেন আমার রক্ষাকবচ রক্ষিত কুঠরি। এইখানে আমার মৃত্যুবাণ। তাকে যতদিন রক্ষা করা যায়, ততদিনই জীবন। হারায় যেদিন, সেদিনই মৃত্যু। পুরনো দিনগুলিকে মনে করা আমার পক্ষে তেমনি। তাকে যতদিন ভুলে থাকা যায়, ততদিনই রক্ষা। কিন্তু একবার যদি সেই যখ-দেওয়া অন্ধকারের চিরবন্ধ। দরজাকে ভোলা যায়, তা হলে অন্ধকারের অদৃশ্য বাহু আমাকে আর কোনওদিন ছেড়ে কথা কইবে না। কিন্তু কোন সোনার হরিণ আজ আমার চোখে পড়ল, জানিনে। আমার সব গণ্ডি গেল ঘুচে। ভয়ংকরের সব ত্রাস তুচ্ছ হয়ে গেল আমার কাছে।
বসন্তের সেই ঘোর দুপুর দিনটির মুখোমুখি দাঁড়ালাম আমি। বিশ বছর? না, বিশ নয়, বাইশ বছর। এটা উনিশশো কত? ও! হ্যাঁ, মনে পড়েছে। ঠিক বাইশ বছরই হবে। বাইশ বছর আগের সেই প্রথম চৈত্রের ঘোর দুপুর দিনটিও যেন অনেক বুঝে সুঝে মোকাবিলা করতে দাঁড়াল আমার মুখোমুখি।
যা ভাবছি, এ সব কথা ঠিক এভাবে লিখতে পারলে আমাকে হয়তো লেখক বলা যেতে পারত। কিন্তু লেখা মানেই তো প্রেম। মেয়ে পুরুষের প্রেম। প্রেম নেই, বিরহ মিলন নেই, আমি লিখলেই বা কী আসে যায়। লোকে কি তাই বলে না? আমি তো তাই জেনে এসেছি। তাই শুনে এসেছি।
তা ছাড়া আমি লিখতে পারব না। আমি যে লিখতে পারি নে তা নয়। কিন্তু আমি যা ভাবছি তা লেখা যায় না। লিখতে গেলেও হয়তো কলম কোথাও থেমে যেতে পারে। কারণ, বাইশ বছর ধরে নিজের সঙ্গে সব ফাঁকি আমি নিজের কাছে খুলে ধরব। সে সব কথা কি লেখা যায়? আজ পর্যন্ত পৃথিবীতে কি কেউ লিখতে পেরেছেন? আমি জানি নে। শুনেছি, কেউ কেউ পেরেছেন। সত্যি? সত্যি পেরেছেন? তাঁদের লজ্জা করেনি? সংকোচ হয়নি? ভয় হয়নি? আত্মসম্মানের ভয়ের কথা বলছি নে। পাগল কিংবা বিকৃত পশুসুলভ জীব ভেবে লোকের পীড়নের ভয়।
তা হলে সেটাই ছিল বোধ হয় তাঁদের লেখার কায়দা। না, ভুল ভাবছি। তাঁদের লেখার কায়দা এ কথাটি বললেই লোকে আমার ওপর রুষ্ট হবে। আসলে, তাঁরা মহৎ বলেই বোধ হয় তাঁদের পাপের কথা পরিষ্কার করে লিখতে পেরেছেন।
পাপ? কিন্তু আমি তো কোনও পাপ-ই করিনি। কারণ, কোনও পাপ করবার যোগ্যতাই আমার নেই। মহাত্মা গান্ধী পতিতালয়ে গিয়েছিলেন, আমি তাঁর জীবনীতে পড়েছি। এরকম আরও হয়তো দেশি কিংবা বিদেশি মহৎ মানুষের জীবনীতে আমি পড়েছি। বেশ্যাবাড়ি যাওয়া শুধু নয়, আরও নানানরকম ওই জাতীয় অপরাধের স্বীকারোক্তি। সেগুলি ঠিক অপরাধ কি না জানি নে। কিন্তু লোকে জানে, ও সব অপরাধ। এবং স্বীকারোক্তিটাই এত বিস্ময়কর যে, মুহূর্তে সবাই মুগ্ধ হয়ে যায়। ভক্তিতে মন গদগদ হয়ে ওঠে।
আর সমাজে যেন ওই একটিই মাত্র অপরাধ আছে। যিনি ওই বিষয়ে তাঁর সব কিছু স্বীকার করতে পেরেছেন, তিনিই আশ্চর্যরকম সৎ বলিষ্ঠ ও সাহসী মানুষ বলে খ্যাত হয়েছেন।
কিন্তু আমি তো কখনও মেয়েদের গায়ে হাতই দিইনি। পনেরো বছর বয়সের পর থেকে এমন সুযোগ কখনও আসেনি যে মেয়েদের গায়ে হাত দিতে পারি একটু। আমি জানি না, মেয়েদের গা কেমন। এখন আমার সাঁইত্রিশ বছর বয়স। যদিও আমাকে দেখে কেউ সে কথা বলবে না। এতখানি বয়সেও আমি জানিনে, মেয়েদের গা কেমন। হাত দিলে কেমন লাগে।
আচ্ছা, বোবা কি জানে, কথা কী? জানে, নিশ্চয় জানে। বোবা যেরকম জানে, কথা কী, আমি। সেরকমই জানি মেয়েদের গা কেমন। তার বেশি কিছু নয়।
বোবা কথা বলতে পারে না। কিন্তু বলার জন্যে তার সমস্ত ইন্দ্রিয় পশুর মতো আঁ আঁ করে। যেন। তার কথা বলবার মুখে কেউ টুটি টিপে ধরে রাখে।
মেয়েদের সম্পর্কে এই বোবার মতো কথা বলার ইচ্ছেটা আমার খুবই চাপাচাপি চুপি চুপি বিষয় নয় কি? এই সব মহৎ মানুষদের পাপের স্বীকারোক্তির চেয়ে, আমার অক্ষম বাসনা অনেক বেশি অশ্লীল বলে আমার ধারণা। তাই সে সব কথা লেখা দূরের কথা, যার প্রমাণ থাকে না, সেই মুখের কথাও মুখ ফুটে বলা যায় না। কিন্তু বাসি খবরের কাগজে যে সব লোমহর্ষক অপরাধের সংবাদ আমি পড়ি, ফুসলানো, ভুলানো, ধর্ষণ, খুন, কিংবা আরও সব সামাজিক অপরাধ, যেমন, বেশ্যাবাড়ি যাওয়া, মাতলামি, চুরি, জোচ্চোরি, আমি এ সবের ধারে কাছেও কোনওদিন যাইনি। কারণ, আমার পক্ষে তা সম্ভব নয়। আমার পা নেই। হাঁটুর বেশ খানিকটা ওপর থেকে আমার দুটি পা-ই কাটা। আমি বাইশ বছর ধরে, রাস্তার ধারের এই ঘরের দরজায় বসে আছি। দরজার নীচেই মানুষডোবা নর্দমা। তারপরে খোয়া-ওঠা সরু রাস্তা। রাস্তার ওপাশে আরও একটি ছোট নর্দমা। ওই নর্দমায় এই ঘোর দুপুরে তিনটি ছোট ছোট ছেলেমেয়ে বসে আছে, একটি মেয়ে, দুটি ছেলে। ওদের আমি জন্ম থেকেই চিনি। একটি ছেলে আর একটি মেয়ে নিতাই ময়রার। আর একটি ছেলে নিতাইয়ের দাদা গৌরের।
এখানে, ঠিক আমার দরজার মুখোমুখি ওরাই বেশি বসে। ওদের দাদা দিদিরাও বসত। তারা এখন বড় হয়ে গেছে। বিয়েও হয়ে গেছে কারুর কারুর। বিশেষ করে মেয়েদের। এমনকী ছেলেপিলেও হতে শুরু করেছে। শ্বশুরবাড়ি থেকে এলে দেখতে পাই। সময় হয়ে এল, এবার তাদের বাচ্চাকাচ্চারাও মুখোমুখি নর্দমায় এসে বসবে।
এখন যে তিনজন বসেছে, শুধু এরাই নয়। আরও অনেক আসে। বেচু পাল, গগন সাধুখাঁ, বিপিন ঠাকুর, সকলের বাড়ির ছেলেমেয়েরাই আসে তবে ময়রাদের বাড়ির ছেলেমেয়েরাই বেশি আসে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা, (আমাদের বাড়িকে সাধু কুণ্ডুর বাড়ি বলা হয়) এ বাড়ির ছেলেমেয়েরাও আসে।
ওরা যখন প্রথম প্রথম আসতে শেখে নর্দমার ধারে, তখন আমার দিকে ভয় ভয় চোখে তাকিয়ে থাকে। তারপরে আস্তে আস্তে ভুলে যায়। আমি যে একটা মানুষ, একটা জীব এখানে বসে আছি–সে কথা একবারও ওদের মনে হয় না আর। দেয়াল রাস্তা খোয়া দূর্বা এ সব যেমন অলক্ষ্যে থেকে যায়, আমি ওদের কাছে তেমনি। কিন্তু একটা পাখি এসে বসুক। ওরা ঢিল ছুড়বে, ভ্যাংচাবে পাখিটাকে। একলা হলে কথাও বলবে। কিন্তু আমার দিকে তাকাবার কথা মনে থাকে না ওদের। আমি অবশ্য নতুন মুখ দেখলে প্রথমেই জিজ্ঞেস করে জেনে নিই, এই তুই কোন বাড়ির ছেলে রে? কোন বাড়ির মেয়ে তোরা?
ওরা প্রথমে ভয়ে ভয়ে জবাব দেয়। তারপরে ঘৃণা করে। তারপরে ভুলে যায়। অনেকদিন দেখতে দেখতে ভুলে যেতেই হয়। আমিও যেমন ভুলে যাই এক এক সময়। ভুলে যাই, খেয়াল থাকে না, ওরা কখন এল, কখন গেল। আমি যেমন আমার এই পদবিহীন, বিরাট লোমশ, দাড়ি গোঁফওয়ালা চেহারাটা নিয়ে ওদের চোখের সামনে একাকার হয়ে মিশে যাই; মানুষ-ডোবা নর্দমায়, শেওলা ধরা দেয়ালে, খোয়া ওঠা রাস্তায়, রাস্তার কুকুরের সঙ্গে কিংবা শহরের ভ্রাম্যমাণ শুয়োরের সঙ্গে। তেমনি ওরাও হারিয়ে যায়। সামনের দেয়ালটায়, পথের লোকের মধ্যে, গগন সাধুখাঁর বাড়ির সদর দরজার মাথায় গজানো বড় বড় ঘাসে, ঘাস পার হয়ে সাতু চক্কোত্তির দোতলার জানালায়, জানালা পার হয়ে আকাশটায়। আমার ঘরের পাশে রাধাবল্লভের মন্দিরের নানান কথায়, শাঁখ-ঘণ্টার শব্দে। উলঙ্গ শিশুগুলি একাকার হয়ে যায় ধূপ-চন্দনের গন্ধে, খোল-করতালের সঙ্গে গানে, আর আমার নিজের জন্যে চিন্তার অন্যমনস্কতায়। আর নিজের জন্যে চিন্তার অন্যমনস্কতা, ওটাই সবচেয়ে ভয়ংকর। ওটা অন্যমনস্কতা নয়। একটা আধমরা পিঁপড়ে, যখন নিজের হুল নিজের মুখে ঢুকিয়ে, গোল হয়ে পাক খায়, সেরকম। তখন সে তার জগতের সংবাদ রাখে না। কালা হয়ে যায়। অন্ধ হয়ে যায়। কুৎসিত হয়ে যায় দেখতে। আগে আগে কাট-পিঁপড়েকে ওরকম করতে দেখে হাসি পেত আমার।
আমার সঙ্গে আমার লড়াই সেটা। আমি চুল টানি, দাড়ি টানি। রাত্রে দেয়ালে আমার ছায়াটার গায়ে। আমি থুথু ছিটিয়ে দিই। নিজের কাছে মিছে বলা যায় না। এ সব কথা কি আত্মজীবনীতে লেখা যায়? আরে? আমার আত্মজীবনীর কথা আসছে কেন? না, যদি লিখতে চাই, লেখা যায় কি এ সব? এ সবই তো নিশ্চয়ই একটা বিকার। নিশ্চয়ই বিকার। মিছে নয়, তার পরমুহূর্তেই হয়তো আমি একটা স্বপ্ন দেখতে চেয়েছি।
একটি স্বপ্ন, আমার শরীরে, আমিই জাগিয়েছি, আমার রক্তে। আমার রক্তে কোষে কোষে, কণায় কণায় উল্লাস, উন্মত্ত আনন্দের স্বপ্ন। ভীষণ ব্যথিত, অসহ্য যন্ত্রণা, ভয়ংকর নিষ্ঠুর। এবং ওই স্বপ্নটার সময় নিশ্চয় আমাকে জেলে ধরে নিয়ে যাওয়া উচিত। কিংবা কোনও পাগলা গারদে। কিন্তু তারপরে। শুধু কষ্ট। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা ছাড়া আমার কোনও উপায় থাকে না। আর অবসাদ আসতে থাকে। তখন মুক্তি আসতে থাকে। ঘুম নামে। কিংবা অন্ধকার ঘর থেকে বাইরের আর একটা স্বপ্নের মধ্যে যাই।
আর একটা স্বপ্ন, যেখানে রাস্তার আলোয় ছায়া ফেলে ফেলে পায়েরা যায়। আমার চোখ তখন পা ছাড়িয়ে ওঠে না। আমি শুধু পায়ের মিছিলের স্বপ্ন দেখি। নানা ধরনের জুতো, স্যান্ডেল-পরা কিংবা খালি পা। রোগা-মোটা, দুর্বল-সবল, পুরুষ-মেয়ে, যুবক-বৃদ্ধদের পা। নানান শব্দে, নানান ভঙ্গিতে আমার স