জেন্টলম্যান – রঞ্জন
কথাটা মনে পড়ল সেদিন সকালে বাথরুমে। একটু অদ্ভুতভাবে।
হাতে আমার ট্রুথব্রাশ, সামনে টুথপেস্টের টিউব। মাসের শেষ, তাই টিউব প্রায় ফুরিয়ে এসেছে। যখন ভর্তি থাকে তখন আস্তে আমি ওটার লেজের দিকে চাপ দিই আর মুখ দিয়ে বেরিয়ে আসে প্রায় এক ইঞ্চি পরিমাণ টুথপেস্ট। কম নয়, ‘বেশি নয়। কিন্তু যে টিউব তার অন্তিম অবস্থায় পৌঁছেছে তার সাধ্য নেই অমন মিতাচারী হবার। তাই আমার ফুরিয়ে আসা টিউব সম্বন্ধে যখন আমার মনে সন্দেহ ছিল আধ ইঞ্চি পেস্টও তার অভ্যন্তরে আছে কিনা তখন স্বভাবতই আমি ওটার গলা টিপলুম জোরে—আর অমনি বেরিয়ে এলো প্রয়োজনাতিরিক্ত টুথপেস্ট, প্রায় দু’ ইঞ্চি। অপচয় হলো।
কিন্তু আমার ততক্ষণে মাজনের কথা মনে ছিল না। আমার চোখের সামনে ভেসে উঠল অজিত ঘোষের মুখ। ওর দশা হয়েছে আমার ওই টুথপেস্ট টিউবটার মতো। সবই প্রায় ফুরিয়ে গেছে। বাকি যা আছে তা মাথায় এসে উঠেছে। ওর আর সাধ্য নেই হিসেবী হবার। মাথার দিকে একটু টিপলে বেরিয়ে আসে বেহিসেবী দু’ ইঞ্চি।
অজিত ঘোষের টিউব যখন ভর্তি ছিল তখন আমি ওকে জানতুম না। আমি ছাড়া প্রায় সবাই জানতো। আজও কলকাতায় এমন প্রধান ব্যক্তি—অফিসে, ক্লাবে—অল্পই আছেন যাঁদের সঙ্গে অজিত অন্তরঙ্গ নয়! ম্যাকিনলে কোম্পানির নাম্বার ওয়ান মিস্টার উইলিয়াম আর্চারকে অজিত বিল্ বলে ডাকে অনায়াসে। ওয়াল্টার হ্যারিসন কোম্পানির বড় সাহেব আর সবায়ের কাছে অ্যাণ্টনি ক্যাম্পবেল হতে পারে, অজিতের কাছে অনেক দিন থেকে সে টোনি বয় মাত্র। এর কারণ বোঝাও শক্ত নয়, কেননা অজিত ঘোষ প্রথম সারির একটি ম্যানেজিং এজেন্সির অফিসে প্রবেশ করেছিল এমন দিনে যখন ওইসব চাকরিতে অল্প ভারতীয়েরই প্রবেশাধিকার ছিল। সরকারি চাকরিতে আই সি এস বা আই পি যেমন একদিকে আর আজকালকার আই এ এস অপর দিকে, অজিতের সঙ্গে স্বরাজোত্তর নেতাজী সুভাষ স্ট্রিটের কালো সাহেবদের ব্যবধান ততখানি বা তার চেয়েও বেশি। অজিত শুধু য়ুরোপীয়ান কভেনান্টেড অ্যাসিস্ট্যাণ্ট ছিল না, তার নিয়োগ হয়েছিল বিলাতে, যার নাম বোধ হয় হোম অ্যাপয়ণ্টমেণ্ট।
অজিতের অধিকার ছিল এই চাকরিতে। ওর পিতামহ ছিলেন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতাদের অন্যতম, ওর বাবা ছিলেন স্বল্পসংখ্যক ভারতীয় আই এম এস-দের অন্যতম। ওর নিজের শৈশব কেটেছে ইংল্যাণ্ডে কোনো দ্বিতীয় শ্রেণীর পাবলিক স্কুলে—ছুটি কাটাতে সুইটজারল্যাণ্ডে বা দক্ষিণ ফ্রান্সে, পিতামহী ও পরে মায়ের সঙ্গে। প্রথমে কাজ করেছিল হোম অফিসে, পরে বদলি হয় প্রথম করাচি শাখায়, পরে বম্বেতে এবং সব শেষে কলকাতায়। এটা অজিতের কাছে শোনা নয় ; যাঁরা জানেন বলেন, অজিত এতদিনে ওর কোম্পানির ডিরেক্টর হতো নিশ্চয়ই। এখন ওর জায়গায় অন্য ভারতীয় আছেন।
এত কথা বলার প্রয়োজন ছিল এইটে বোঝাতে যে এত উপরে ছিল বলেই অজিতের পরবর্তী পতনে এত শব্দ হয়েছিল—আজও এ সম্বন্ধে গল্প শোনা যায় এ-মহলে ও-মহলে। এত উপর থেকে পড়েছে বলেই ওর নিজের আঘাত লেগেছিল এত বেশি।
বাইরে থেকে অনেকের কাছেই অজিত-পতন আকস্মিক বলে মনে হয়েছিল। অত বড় বাড়ি একদিনে ধসে যায় না। নিচে থেকে তার ভিত ক্ষয়ে যাচ্ছিল অনেক দিন থেকেই, কিন্তু অজিতের বাইরের জীবনযাত্রায় বিশেষ কোনো পরিবর্তন কেউ দেখতে পায়নি। রেসে অজিতকে দেখা গেছে আগেকার মতো। তফাত যদি কেউ লক্ষ করতো তবে শুধু দেখা যেতো যে অজিত আগের চাইতে একটু বেপরোয়া এবং দুটো রেসের মধ্যে সে বারে যেন একটু বেশি সময় কাটাচ্ছে। ক্যালকাটা ক্লাবে আগেও অজিতের নিত্য উপস্থিতির কথা সবাই জানতো। দু’য়েকজন ছাড়া কেউই লক্ষ করেনি যে অজিত আগে কেউ ডাব্ল্ চাইলে তাকে বর্বর মনে করতো, এখন সে নিজেই ডাব্ল্ ছাড়া নেয় না। তারও কিছুদিন পরে বারম্যান জিজ্ঞাসা করেছিল : “আজ জিন্ কেন সাহেব?”
অজিত একটু থেমে জোরে হেসে উত্তর দিয়েছিল, “আজ সুবেসে জিন্ পিতা থা, ইসি লিয়ে। ঔর এক।”
অজিতের সমৃদ্ধিতে এই সামান্য ফাটল তার থ্রী হান্ড্রেড ক্লাবের বন্ধুরাও লক্ষ করেনি। সেখানে তার প্রতাপ যেমন ছিল তেমনি আছে। বন্ধুদের দৃষ্টি সন্ধ্যার সামান্য পরেই আচ্ছন্ন না হলে তারা দেখতো, অজিত বারোটার পরে কীরকম যেন অস্বাভাবিক হয়ে উঠেছে। একটা প্রচ্ছন্ন কিন্তু অপ্রতিরোধ্য অস্থিরতা ওকে যেন সজোরে দমিয়ে রাখতে সর্বক্ষণ চেষ্টা করতে হচ্ছে। কারো চোখে পড়েনি এ সব। তারা ভেবেছে, এমন হয় সবায়েরই। কেউ কোনো দিন বা কয়েক দিনের জন্য বেশি খায়, তারপর কম। অজিত যে মাসের পর মাস ওই অধিক পানের পর্যায়ে থেকে গেছে তা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেনি তার প্রধান কারণ তার উদারতা অক্ষুন্ন ছিল। ঠিক আগেকার মতো সে সই করেছিল বন্ধুদের জন্য। দেড়টা দুটোর সময় কেউ বাড়ি যাবার কথা বলতো, অজিত তাকে গায়ের জোরে ধরে রাখতো। অজিত যে সত্যি তার সঙ্গ চায় না, শুধু নিঃসঙ্গতাকে ভয় পায়, এটা সঙ্গীদের মনে না হলে তাদের দোষ দেওয়া যায় না নিশ্চয়ই।
দিনের বেলায় অজিত অফিসের কাজ করতো। এই কাজের গুণাগুণে যদি কোনো তারতম্য ঘটে থাকে তা বাইরের লোকের জানার কথা নয়। দু’চারজন সহকর্মী লক্ষ করেছিল, অজিত বেশিরভাগ দিন বাইরে লাঞ্চ খাচ্ছে। কেউ মন্তব্য করেনি কেননা এমন হওয়া একেবারে বিস্ময়কর নয়। অজিতকে কিছুটা এন্টারটেইন করতেই হয়। দু’চারজন কেরানী লক্ষ করে থাকবে, অজিত লাঞ্চের পরে একটু বেশি মেজাজ গরম করে। বলা বাহুল্য, তাদের কারো সাহস ছিল না এ নিয়ে কথা বলবার। শুধু নিজেদের মধ্যে বলাবলি করেছে, ঘোষসাহেব যেন আজকাল মাত্রা একটু চড়িয়ে দিয়েছে, দিনের বেলায়ও। প্রসঙ্গত বলে নেওয়া যাক, অজিতের পতনের পরে কেরানীরা এই সময়কার ঘটনাগুলির উপর অনেক কল্পনার প্রলেপ দিয়ে অনেক রসাল কাহিনী রচনা করেছে। কেরানীদেরও দোষ দেয়া উচিত হবে না, তার বন্ধুরাও পরবর্তী কালে প্রচুর কাহিনী রচনা করে তার অনুপস্থিতিতে পরিবেশন করে পরিতৃপ্তি লাভ করেছে।
কিন্তু আবার আগের কথায় ফিরে আসা যাক। রেসে বেশি হেরেই হোক বা স্টক এক্সচেঞ্জে বেশি লোকসান দিয়েই হোক, অজিতের অর্থনৈতিক অবস্থা ক্রমেই অত্যন্ত সঙ্কটাপন্ন হয়ে উঠল। অফিসের কাজে মন বসাতে পারে না। বাইরে টাকা রোজগারের প্রাণান্তকর চেষ্টায় অজিত এমন কয়েকটা কাজ করতে বাধ্য হলো যা কিছুদিন আগেও পাবলিক স্কুলের সন্তান অজিত ঘোষের পক্ষে একান্তই অভাবনীয় ছিল। এমনি সময় তার সর্বনাশ সম্পূর্ণ করবার জন্য তার স্ত্রী জয়া কলকাতা ছেড়ে চলে গেল দিল্লীতে তার বাবার কাছে। অজিতের দশা হলো সেই নৌকোর মতো যা থেকে মাঝি লাফিয়ে পড়ে সাঁতরে গেছে পাড়ের দিকে।
জয়াকে দোষ দেবার অধিকার আমার নেই। আমি তাকে কখনো দেখিওনি। আমি শুধু ঘটনার বর্ণনা করেছি নৌকোর উপমা দিয়ে, মাঝিকে দোষ দিতে নয়। এর পরেই অজিত কয়েকদিন আর অফিসে গেল না। টেলিফোনে একবার খবর পর্যন্ত দিল না। অফিস থেকে যখন টেলিফোন এসেছিল তখন সে বাইরে। অফিসেও ইতিমধ্যেই খবর কিছু কিছু পৌঁছল বড় সাহেবের কানে। তিনি প্রথমে এসব গ্রাহ্য করেননি। অজিত তাঁর প্রিয়পাত্র। সাহেবের নেশা রাগ্বির আর রাগার খেলতে অজিত ছিল উৎসাহী ও পারদর্শী। কিন্তু ক্রমে সাহেব অধৈর্য হলেন। আরো খবর নিয়ে বিব্রত হলেন। এখন তিনি করবেন কী? বরাবর তিনি ভালো রিপোর্ট দিয়ে এসেছেন অজিত সম্বন্ধে। এখন কী করে ফিরিয়ে নেবেন সব কথা? অথচ কিছু ব্যবস্থা না করেও উপায় নেই। ক্রমে অজিতের দুর্নাম উপচে পড়বে কোম্পানির নামে। তার আগেই অজিতকে নিয়ে একটা কিছু করা দরকার। কিন্তু কী করে? এদিকে দেখাও নেই অজিতের।
এই দিনগুলির ইতিহাস একটু অস্পষ্ট। শুধু এই জানি যে কয়েকদিন পরে বড় সাহেব একটি চিঠি পান অজিতের। অজিত পদত্যাগ করেছে। পদত্যাগপত্রের সঙ্গে একটি ব্যক্তিগত চিঠিতে লিখেছে : সে এখন বিপদে পড়েছে। কিন্তু এই বিপদ নিয়ে সে কোম্পানিকে বিব্রত করবে না, তার সাহেবকে তো নিশ্চয়ই নয়। তাই পদত্যাগ। তাড়াতাড়ি গৃহীত হলে বাধিত হবে। তাছাড়া প্রভিডেন্ট ফাণ্ডের টাকাটা একটু তাড়াতাড়ি পেলে সুবিধা হয়।
সাহেব যতটা দুঃখিত হলেন প্রায় ততটাই আশ্বস্ত হলেন। কোনো একটি ভারতীয় অ্যাসিস্ট্যাণ্ট যেন কী বলতে গিয়েছিল অজিতের সম্বন্ধে। সাহেব ধমকে বললেন, “আই অ্যাম সরি ফর অজিত। বাট ডোণ্ট্ ফরগেট, টু দি লাস্ট্ হি হ্যাজ্ প্লেড্ দি গেম্। ইন্ রিজাইনিং লাইক্ দিস্ হি হ্যাজ এগেন অ্যাক্টেড্ অ্যাজ্ এ জেন্টলম্যান। হি হ্যাজ্ ডান ইকস্যাক্টলি হোয়াট্ হিজ স্কুল উড্ হ্যাভ্ উইশড্।”
“জেন্টলম্যান” —এই কথাটা অজিতের সম্বন্ধে আমি যে কতবার শুনেছি, তার ইয়ত্তা নেই। এই পাবলিক স্কুলের তৈরি জেন্টলম্যানের কথা আমি ইংরেজি উপন্যাসে প্রবন্ধে পড়েছি। অজিতের সঙ্গে দেখা হতে তাই আমার কৌতূহল স্বভাবতই জাগরিত হল। প্রত্যক্ষ পরিচয় হোক জেন্টলম্যানের সঙ্গে। যদি কেউ বলে এটা আমার জন্মগত স্নবারির অন্যতর পরিচয়, তবে সে ভুল করবে। জেন্টলম্যান কথাটা খাস বিলাতেই বিদ্রুপের বস্তু হয়ে দাঁড়িয়েছে। এখন তাকে দেখা যায় প্রধানত কার্টুনে বা হাসির গল্পে। দ্বিতীয়ত, আমার সঙ্গে অজিতের দেখা হয় তখনই যখন তার জেন্টলম্যানত্ব অন্তিমে এসে উঠেছে—সেই আমার টুথপেস্টের টিউবের মতো।
খাতে খাতে বলি। অজিত তখন ক্যালকাটা ক্লাবে পোস্টেড—বাকি কেউ বলে আড়াই হাজার, কেউ সাড়ে তিন। থ্রী হান্ড্রেড ক্লাবে তার প্রবেশ নিষেধ। প্রথম কারণ বাকি—হাজার ছয়েক। আর দ্বিতীয় কারণ, শেষ দিনে সে মত্তাবস্থায় মারামারি করেছিল। কোন রাণার সঙ্গে। অজিতের স্বাস্থ্য সহস্র রজনীর লক্ষ অমিতাচারেও ভেঙে পড়েনি ; নাক ভেঙেছে রাণার। ক্লাবে ক্লাবে সেই বার্তা রটি গেল ক্রমে। আর অল্প কয়েকদিনের মধ্যে সব ক্লাবের সব দরজা বন্ধ হয়ে গেল অজিতের মুখের উপর।শুধু ক্লাবগুলির নয়, অনেক বন্ধুর বাড়িরও। অজিত তখন একা। সঙ্গী খোঁজে আপন বদ্ধ শ্রেণীর বাইরে ; সেখানে জেণ্টলম্যান নেই, ভদ্রলোক আছে।
কিন্তু ক্লাস-ওয়ার থাক। অজিতের জেণ্টলম্যানত্বের পরিচয় আমি খুব স্পষ্টভাবে কখনো পাইনি, কিন্তু ওকে আমার খারাপ লাগতো না। ওর ব্যবহারে একটা স্বাভাবিক সৌজন্য ছিল। ও বিলাতী হোটেলে গিয়ে এমনভাবে অর্ডার দিতো যেন হোটেলের মালিকই অজিত ঘোষ। বেয়ারারা ওকে দেখে বুঝতে ও সাহেবের জাত, আদেশ দিয়েই ওর অভ্যাস। বেয়ারা পছন্দ করে এই জাতকে। এরা আট আনা বকশিশ দিয়ে যে সেলাম পায় তা নবাগতদের জোটে না দ্বিগুণ বকশিশ দিলেও। দ্বিতীয়রা বেশি বকশিশ দিলে তারা ভাবে, নতুন কিনা, আমাদের কিনতে চায় টিপ্স্ দিয়ে, বোকা কোথাকার। অজিতের আরো গুণ ছিল। ও গল্প জানতো ভূরি ভূরি। ইংরেজিতে যাকে স্মাটি গল্প বলে তার স্টক ছিল ওর বিরাট, ওর নির্ভুল উচ্চারণে সেই সমস্ত কাহিনী বলে ও হাসাতে পারতো সবাইকে। আমাকেও। মোদ্দা কথা আমি ওকে পছন্দ করতুম। পছন্দ করতুম এতদূর পর্যন্ত যে, ও যে দু’তিনবারে আমার কাছ থেকে প্রায় শ’ দুয়েক টাকা ধার করেছে তা ধার দেবার সময় আমার আদৌ মনে হয়নি।
পরে জেনেছি, আমি অজিতের একমাত্র উত্তমর্ণ নই। মাসের পরে মাস চলে গেছে অজিত ধার তো শোধ দেয়ইনি, তার উল্লেখ মাত্র করেনি কোনো দিন। সমস্ত বিষয়টাই যেন অশ্লীল, ভালগার। টাকা-পয়সা নিয়ে আলোচনা করবে যাদের টাকা-পয়সা নেই, এই মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর লোকেরা। জেণ্টলম্যান তার সঙ্গে পর্যন্ত টাকা রাখে না, কেননা তার সই গ্রাহ্য হয় সর্বত্র। অজিতের এই অবস্থা ঘুচে গেছে অনেক কাল, কিন্তু অভ্যাসটা যায়নি। এদিকে আমারও ওই শ’ দুয়েক টাকার আসন্ন কোনো প্রয়োজন ছিল না। তাই তাগাদা দিইনি। তবু ভালো লাগতো না। যার পকেটে পয়সা নেই, সে কেন রোজ রোজ অন্যের পয়সায় মদ খাবে? যার নিজের সাধ্য নেই অন্যের আতিথ্য ফিরিয়ে দেবার, সে কেন গ্রহণ করবে সকলের আতিথ্য?
ইতিমধ্যে একদিন কার কাছে যেন শুনলুম যে অজিত গত শনিবার রেসে গিয়েছিল এবং সেখানে তিনশো না অমনি কত টাকা হেরে এসেছে। এমন খবরে আমার খুশি হবার কথা নয়। আমি তাই অজিতের এক ভূতপূর্ব বন্ধুকে বললুম—বস্তুত সে-ই আমাকে আলাপ করিয়ে দিয়েছিল অজিতের সঙ্গে—“অজিত আমার কাছ থেকে দুশো টাকা ধার করেছিল বেশ কয়েক মাস আগে। সেটা ফিরিয়ে না দিয়
