Home
জিন্নতুলবিলাদের রূপকথা

জিন্নতুলবিলাদের রূপকথা

মলয় রায়চৌধুরী

জিন্নতুলবিলাদের রূপকথা

মলয় রায়চৌধুরী
short story

Posted byকাব্য রচিত06-Aug-2026

Change color

গীতায় সর্বজ্ঞ ভগবান বলেছেন বটে অনেক কিছু, কিন্তু যা-যা বলেছেন তার কেবল একটা করেই মানে হয় না, বুঝলি? পাঁচ হাজার ফিট থেকে কী ভাবে, ডানা না ঝাপটিয়ে, শুধু দুপাশে আলতো মেলে দিয়ে, বাতাসে সাঁতরে দশ হাজার ফিট ওপরে উঠে যাওয়া যায়, তা বংশের একমাত্র জীবিত সদস্য, নাতি শিলাদকে শেখাচ্ছিল বৃদ্ধ শকুন যাতুধান তরফদার।


যাতুধান তরফদারের মাথায় আর গলায় পালক থাকলে ওকে মনে হতো ঈগল, এই বয়সেও এমন দশাসই গড়নপেটন, উড়াল, ব্যক্তিত্ব, আচরণ, চালচলন আর কাছার সাদা পালকের মেলতাই। কিন্তু ও এই দেশের এক অতি বৃদ্ধ শকুন, এককালের বিশাল পরিবারের অভিজ্ঞ কুলপতি, যার পরিবারে যুবক নাতি শিলাদ ছাড়া আর কেউ বেঁচে নেই।


ল্যাজে মাথা রেখে ঘুমোতে-ঘুমোতে ফোঁপাচ্ছিল শিলাদ। একফাঁকে ওর ঘুমন্ত হাঁ-মুখের ভেতর দিয়ে ওর মগজে পা টিপে-টিপে যে মহাসাথীর মহাকংকাল ঢুকে পড়েছে, আর একটু-একটু করে হয়ে গেছে পেটরল-কুঁয়োর ধোঁয়াক্কার আগুন বমি করতে থাকা দশ-ঠ্যাঙের পেল্লাই গর্ণাখ্যাঁদা চিনা ড্র্যাগন, তা টের পায়নি ও, শিলাদ। ঘুমের ভেতর ঘুম ভেঙে গেল শিলাদ তরফদারের।


ঘুমের ভেতর জেগে-ওঠা শিলাদ নামের ঘরেলু গিরগিটিকে ড্র্যাগন বলল, তুই তো আস্ত গাধা। তুই যাকে জঙ্গিলাজীবন ভেবে হাহুতাশ করছিস সে ঘরানা বহুকাল তামাদি হয়ে গেছে। দেশে-দেশে জঙ্গিলাদের এখন হুদোহুদো ঘরানা। তুই কি জানিস পেরুতে তেগু নামের তিন ফিটের গিরগিটি হয়; স্যালামানডাররা আসলে মাফিয়া ডন, মোটেই গিরগিটি নয়; মার্কিন গিরগিটিরা মাঝরাতে বেরোয়; মিশরের কোমোডো গিরগিটিরা দশ ফিট অব্দি হয়; অনেক গিরগিটির পা হয় না; আফরিকার গিরগিটিরা নিজেদের মধ্যে লড়লে কী হবে, সর্পরাষ্ট্রর গ্রাস থেকে বাঁচতে নিজের ল্যাজ মুখে পুরে পাক খায়: আফগানিস্তানের গিরগিটিদের সহজে ধরা যায় না, কাত হয়ে বালিতে পিছলে অনেকদুর চলে যায়? জঙ্গিলাজীবন আর রোমান্টিক নেই।


হামি সত্যিই কনফিউজড, ঘুমের মধ্যে ঘুমোতে-ঘুমোতে নিজেকে বলতে শুনল শিলাদ।


তোকে তো তোর দাদু বলেছিল যে ভাষ্যকার নিজের আর ক্লায়েন্টের স্বার্থ মাথায় রেখে বাক্য বুকনি বিপ্লব বড়বড়াঙ ব্যধি ব্যাখ্যা করে। তুই যদি জঙ্গিলা জীবনকে ওদের মতন অ্যাডভেঞ্চারাস চাকরি হিসাবে নিতিস, তাহলে এরকম বিপর্যস্ত হতিস না।


ভাবিনি এভাবে স্বপ্নভঙ্গ হবে, স্বপ্নের মধ্যে নিজেকে শ্লেষ্মামাখা ঘড়ঘড়ে গলায় বলল শরটবদন শিলাদ ।


উড়োনছু ড্র্যাগন পেটরল-আগুনের ধোঁয়াক্কার শ্বাস ভলকে-ভলকে ছাড়তে-ছাড়তে বলল, স্বপ্নভঙ্গ বলে কিছু হয় না, অবস্হা বুঝে নিজেকে বদলাতে হয়। তার ফলে জীবনের উদ্দেশ্য আপনা থেকেই পাল্টি খায়। এই আমাকেই দ্যাখ না, ছিলুম ঞহাসাথী, হয়ে গেছি কুমিরঠেঙে ঘোড়ামুখো ড্র্যাগন। আমাকে কেউ শ্রদ্ধাভক্তি করে না, ওরা জাস্ট আমার কংকালটাকে ভয় পায়। কেননা কংকালটা হল আমার রাজনৈতিক জীবনের কিংবদন্তি।


আমার তাহলে কী হবে? জীবন তো দেখছি আটার ফেলিয়র। ইন্সটলমেন্টে দীর্ঘশ্বাস ফেলে ঘুমের মধ্যে বলল শিলাদ।


ব্যর্থ হবে কেন? অভয় দিল দশপদ ড্র্যাগন। কয়েক ভলক কেরোসিনগন্ধী আগুনের বমি উগরে শুধোল, অন্য অনেক উপায় আছে, সেগুলো যাচাই কর। এভাবে ভেঙে পড়লে চলে নাকি।


আপনি আমায় সাহায্য করুন না; এভাবে হেরে যাওয়া গিরগিটি জীবনের চেয়ে কয়রা কেউটের ছোবলের সামনে শুয়ে আত্মহত্যা করা ঢের ভাল। কাল সকালে বেরিয়েই কোনো তেলককাটা চশমাপরা ময়ূরের নজরে পড়ে শহিদ হব। দেড় ঘনফিটের একটা শহিদস্তূপ তো অন্তত হবে, তা সে সুলভ শৌচাগার চত্বরে হলেও হোকগে।


ভেবে বল, তুই কী চাস। আমি তো হতে চেয়েছিলুম সমাজবদলকারী। হয়ে গেলুম সেলাম-নেয়া উড়োনছু কংকাল।


কেয়ার ফ্রি লাইফ চাই, কাঁধের ওপর উদ্দেশ্যপূর্তির নোংরা বস্তা যাতে না বইতে হয়। আই ওয়ান্ট টু জাস্জট র্্রিক আউট, চিল আউট, হ্যাভ ফান।


তথাস্তু।


নিঃশ্য়াসের আগুন সশব্দে নিভে গেল।


ঘুম ভেঙে গেল শিলাদ তরফদারের।


বুড়ো হয়েছে বলে কুঁকড়ে যায়নি যাতুধান; বার্ধক্যেও লম্বাণ এক মিটার, দুদিকে ডানা ছড়ালে চওড়ায় সাড়ে তিন মিটার। ওর চিন্তা করার ক্ষমতার মতনই, দৃষ্টিশক্তি প্রখর, ওষুধ-বিষুধ খেতে হয় না। হাওয়ায় সাঁতরে ওপরে, আরও ওপরে, তারও ওপরে, উঠে গিয়েও, টেলিসকোপিক চোখে অনেকটা এলাকা দেখতে পায় যাতুধান, আবার ঠিক তলায় কোনো জিনিসকে, তা সে যতই ক্ষুদে হোক, আই গ্লাস নজর মেলে, বেশ কয়েক গুণ বড়ো করে দেখতে পারে। দেখার, পরখ করার, এই সব তরিকার তালিম শিলাদকে দিচ্ছে যাতুধান।


পালকের সাদা-কালো রুমাল গলায় বেঁধে, হাওয়ার সরের ওপর ভেসে বেড়াবার বয়সে পৌঁছে, মনমরা একাকীত্বে ভোগা আরম্ভ করেছে শিলাদ তরফদার। একদিন, বোধহয় দোলের সময়, পাঁচ হাজার ফিট উঁচু থেকে আকাশ চিরে কয়েক মুহূর্তে মাটির কাছাকাছি নেমে গিয়ে প্লাসটিকের জাপানি ঘুড়িকে, যেটাকে দেখতে শকুনকুমারীর মতন, প্রেম নিবেদন করে সাড়া পায়নি শিলাদ। প্রণয়ঘটিত এই অঘটন আবার ঘটেছিল বিশ্বকর্মাপুজোর ভরা দুপুরে। সেই থেকে যাতুধান ওকে সব ব্যাপারে প্রশিক্ষিত করার ভার নিয়েছে।


হাতেকলমে নানা কাজকারবার শেখার সময়কালে, পুরোনো পালক ঝরে গিয়ে সবে নতুন পালক গজিয়েছে শিলাদের, এসে পড়েছে যখন-তখন সঙ্গমের অবরোহী ঋতু, শকুন যুবতীর খোঁজে বহু ব্যর্থ ওড়াউড়ির শেষে, সাতসকালে, একজন বয়স্কা ভূবনচিল যখন বটগাছের ন্যাড়া ডালে বসে তৃপ্তি করে মুর্গিছানার হৃৎপিন্ড চোষায় মগ্ন, শিলাদ তার অন্যমনস্ক পিঠে আলতো করে নেমে, ধর্ঢ়ণ করার চেষ্টা করেছিল। অসবর্ণ সঙ্গমের হবোহবো মুহূর্তে, ওই চিলগৃহিণীর পরিবারের লোকজন শিলাদকে ঘিরে ফেলে হৈ-চৈ বাধাতে, প্যাঁদানির ভয়ে মেঘের এগলি-সেগলি হয়ে ও পালায়, চিলেদের অনধিগম্য আকাশে, যেখানে ওকে হাঁপাতে দেখে, জেরা করে সবকিছু জানার পর, যাতুধান ওকে বুড়ি শঙ্খচিল, খুকি উটপাখি আর সোমথ্থ টার্কিদের নামঠিকানা বাতলায়, যাদের ওপর আচমকা বসে তাড়াতাড়ি পায়ুসঙ্গম বা থর্ষণ সেরে কেটে পড়া যায়, যদিও তাতে মন ভরবে না, উল্টে আনচান বেড়ে অসুখ করবে। বাট দেন, দ্যাট ইজ লাইফ।


গন্ধের সু-কু সম্পর্কেও শিক্ষা দিতে বাধ্য হয়েছে যাতুধান, কেননা মাঠে ফেলে দেয়া নিচু জাতের দেবী-দেবতার রঙচটা খোড়ো মূর্তিকে মানুষের লোভনীয় মড়া মনে করে একবার শীতকালে নেমে গিয়ে বোকা বনেছিল শিলাদ। যাতুধান বুঝিয়েছে যে মানুষের পুজো-করা কোনো জিনিসই শকুনদের মুখে তোলার মতন নয়। ওসব কাক-শালিকের মতন ছোটলোকরা খায়।


ওই যে দূরে ঘনসবুজ সবুজ আর ফিকেসবুজ বনাঞ্চল, সেখানে যেতে বা তার ওপর দিয়ে উড়তে শিলাদকে বারণ করেছে যাতুধান। ওখানকার পাতাঢাকা গাছগুলো, জাম আমলকি পলাশ চম্পা গেঁদা নারিচা বরমালা উদল টুনকড়াই ধরমারা হরীতকী বহেড়া জলপাই নাগেশ্বর কদম চালতা বানরহোলা বাটনা শিমুল কলক জারুল উড়ি গর্জন গামারি সুন্দরী, ওগুলো শকুন-আবাসনের উপযুক্ত নয়। বাড়ি করার জন্যে সবসময় খুঁজতে হবে মরা দলছুট একা গাছ। যখন পরিবারের সবাই বেঁচেছিল, তখন একান্নবর্তী গুমুতে মাস ছয়েক চান করিয়ে অমন একটা বাছাই-করা গাছকে একটু-একটু করে মেরে ফেলে কাঠপ্রাসাদ বানিয়ে নায়া যেত। প্রায় নির্বংশ হবার ফলে, আর তা সম্ভব নয়।


নবাবি আমলে, তার আগে সুলতানি আমলে, তার আগে গুলতানি আমলে, কেমন মন্ডামেঠাই পাওয়া যেত, ন্যাড়া ছালওঠা অর্জুনগাছের ডালে বসে, রোদে রোদানো শ্মশান ধোঁয়ায়, গোলাপি গর্বিত গ্রীবা উঁচিয়ে, শিলাদকে ওর পূর্বপুরুষের সুখি জীবনের গল্প শোনাচ্ছিল যাতুধান। সে-সময়ে নিচু জাতের, নিচু জাতের চেয়ে নিচু জাতের, তার চেয়েও নিচু জাতের, অঢেল দাসী বাঁদি চাকরানি ঝি কামিলনি নড়ি আমিনী কিংকরী ভাতুনি প্রেষিনী খানজাদনি পুষতো খানদানি লোকেরা।


তারা মরে গেলে তাদের অচ্ছুৎ মড়া না পুঁতে না পুড়িয়ে ভাসিয়ে দিত নদীতে, যার ওপর আরাম করে বসে ভাবতে-ভাবতে হাসতে-হাসতে কাশতে-কাশতে ভাসতে-ভাসতে ঠাকুর্দার বাপ-পিতেমো চলে যেত অনেক-অনেক দূরে। কত ভাগাড় দেখা হতো। কত শ্মশান। কত তান্ত্রিকের যোগাড়যন্তর। স্বাদ বদলাতে একান্নবর্তী শকুনরা এক ভাসন্ত মড়া থেকে উড়ে গিয়ে আরেক ভাসন্ত মড়ায় গিয়ে বসত।


আজকাল যে-সব মড়া পাওয়া যায় তার বেশির ভাগই গরু ছাগল আর ভেড়ার রুগি লাশ। গরু-মোষের স্বাস্হ্যবান মড়া হলে তার মাংসে এত কীটনাশক যে অক্কা অনিবার্য। ওসব খেয়েই তো শকুনরা আজ নির্বংশ। পার্টি-অপার্টির লোকেরা খুনোখুনি করে লাশ ফেললে পুলিশে তুলে নিয়ে যায়, আমাদের খেতে দেয় না। মর্গের বাইরে যে মড়াগুলো ফেলে দেয় সেগুলো চুরি করে নিয়ে যায় কংকালের ব্যাপারীরা। তার ওপর নতুন আপদ হয়েছে বিদ্যুতের চুল্লি। নাতিকে বোঝায় দাদু।


হাইল হাওড় বাওড় নদনদী খালবিল ঝিল পুকুর ডোবা, বহু জায়গার ওপর দিয়ে উড়েছে শিলাদ। ওড়ে প্রতিদিন। ব্রেকফাসগট বা লাঞ্চ করার জন্যে একটাও ভাসন্তি লাশ দেখতে পায় না। ওড়াই সার। ডানার বগলে ব্যথা ধরে। অথচ দাদু বলেছে এবার দেবীর দোলায় আগমন বলে মড়ক লেগে অনেক ভাল-ভাল পচা লাশ পাওয়া যাবে। ভবিষ্যৎ নাকি উজ্জ্বল।


কিছুদিন আগে, মানুষের পায়ের বিষে হাপিস ঘাসের ধুলোপথের শেষে, ঝোপঝাড় কাদাবালির কিনারায়, পাতলা কুয়াশা ফুটো করে শিলাদ দেখতে পেয়েছিল একটা উদোম ল্যাংটো পোঁদ উপুড় করা লাশ। চাখবে বলে বাঁক নিয়ে নামতে যাচ্ছিল শিলাদ। ওকে অমন লোভী বাঁক নিতে দেখে, আকাশের শীত থেকে গরমে নামতে-নামতে চিৎকার করে উঠল দাদু, খাসনি খাসনি, মুখ দিসনি, ছুঁসনি, চলে আয় চলে আয়।


—-কেন দাদু? ছালন তো বেশ সরেস মনে হচ্ছে।


—-ওকে পোড়ালে ও হিঁদু হয়ে যেত আর পুঁতে দিলে মোচোরমান, তাই ওকে ওভাবে ফেলে দিয়েছে। ওর মড়া বদ-ভাবনার বাতাসে ভরা, খেলেই তোর বায়ু রোগ হতো। আর উড়তে পারতিস না।


সব ব্যাপারে দাদু বারণ করে বলে মেজাজ খিঁচড়ে থাকে শিলাদের। সকাল০বিকাল হ্যান করিসনি ত্যান করিসনি ওখানে যাসনি সেখানে বসিসনি। কোকিলের মশালা মিউজিক শোনা বারণ, বসন্ত বউরির হিপ-হপ শোনা নিষিদ্ধ, বুলবুলির র‌্যাপ শোনা যাবে না, পা নাচানো যাবে না হাড়িচাচার রক এন রোলের তালে, টুনটুনির জ্যাজ শুনলে কানে পালক দিতে হবে, বেনেবউ হাঁস ঘুঘু ময়ূরের বাংলাস্তানি ব্যান্ড শোনা হারাম। এই আকাশ ছেড়ে পালাতে ইচ্ছে করে শিলাদের।


দাদু বুঝতে পারে না যে হাওয়া এত নোংরা হয়ে গেছে যে রাগসঙ্গীত তাতে খেলতে পারে না। পাখিদের গলায় কীটনাশক বিষ আর ধোঁয়া আটকে এমন অবস্হা যে বাতাসে ধ্রুপদ-ধামার বিলোলেও তা পপ আর পেপি হয়ে যাবে। কে এসব বোঝাবে দাদুকে? রাতদিন গীতা বা চন্ডীপাঠ বা পদাবলী কেত্তন । মহালয়ার দিন সকালে বাজল, ব্যাস, যথেষ্ট।


একদম ভাল্লাগে না এখানে, নিজেকে জানার উপায় নেই, নিজেকে ব্যাবহারের সুযোগ নেই, ধ্যাৎ, বোরিং, মানে হয় না কোনো। নিজেকে শুনিয়ে-শুনিয়ে বলছিল শিলাদ, বাজ পড়ে মুন্ডকাটা তালগাছের টঙে বসে। পাশে, ফরহাদ মজহার মিয়াঁর সেগুনবাগিচার বাগানে, মুনিয়া বদরি বাবুই চড়ুই টিয়া বক দলপিপি তিতির ক্যানারি দোয়েল মিলে কান ঝালাপালা করে দিচ্ছিল নন্দনতত্বের কিচিরমিচির নিয়ে। এদের পচিয়ে আচার করে খেতে বলেছে দাদু; সবরকম রঙের প্রাণী খেলে স্বাস্হ্য নাকি ভাল থাকে। অথচ শিলাদের ইচ্ছে করে রোজ একটা রঙ বেছে নিয়ে সেই রঙের পাখির পিঠে বসে, মাথার চাঁদিতে চঞ্চু টিপে ধরে, দুপাশে ডানা নামিয়ে ইয়ে করে।


শিলাদের স্বগতোক্তি শুনে, পাশের তালগাছে ব্যাঙমালপো খেতে-খেতে তুরঘুন বাজপাখি, যার পূর্বপুরুষ আকবর বাদশার বাঁ হাতে বসে শিকারে যেত বলে গুজব, মুখ তুলে শুধোল, তুই বাঞ্চোত ডোমের পুত গিধই থেকে গেলি। মনে-মনে শিলাদ বলল, ছ্যাঃ, এদের সঙ্গে থাকা যাবে না; যেতেই হবে এখান থেকে; এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে; যেদিকে দুডানা যায় চলে যাব।


মনমরা দেখে, মেঘের গলির রুপো বিক্রির দোকানগুলোর মাঝ দিয়ে শিলাদকে নিয়ে ডানা চালিয়ে হন-হন করে উড়তে-উড়তে যাতুধান বলল, গীতায় ভগবান কী বলেছেন তাতে কিছি এসে যায়

No Review
Related Books
Loading books…