Home
ছেঁড়া তমসুক

ছেঁড়া তমসুক

সমরেশ বসু

ছেঁড়া তমসুক

সমরেশ বসু
short story

Posted byশেষ নগরী17-May-2025

Change color

তখন রাত্রি প্রায় আটটা। সেই সময় খবরটা এল। একজন এসে ঠোঁটটা বেঁকিয়ে কেমন একরকমের বিদ্রূপময় অথচ নির্বিকারভাবে হেসে খুব সাধারণ গলাতেই বলল, ওই যে, ওই সেই মেয়েটা, মারা গেছে।

পৌষ মাস। অন্ধকার ঘনিয়েছে প্রায় ঘণ্টা তিনেক আগেই। মফস্বল শহরের সদর-অন্দর, সব রাস্তাই এতক্ষণে ফাঁকা হয়ে আসার কথা। হয়ও অন্যান্য দিন। কিন্তু আজ শনিবার। তাই এখনও কিছু লোকের আনাগোনা রয়েছে।


রেলওয়ে স্টেশনের কাছে ভিড়টা একটু বেশি। কারণ দোকানপাট বেশি, আলোও বেশি আর মানুষের যাতায়াত তো আছেই। তারপর রাস্তাটা উত্তর-দক্ষিণে ক্রমেই ফাঁকা হয়ে গিয়েছে, দোকানপাট কমে এসেছে।


আকাশে কুয়াশা, তারাগুলি মরা চোখের মতো নিষ্প্রভ। ধুলো আর ধোঁয়ায় গোটা শহরটা উলঙ্গবাহার শাড়ির মতো একটা অশ্লীলতার আবরণ জড়িয়েছে যেন। উত্তুরে বাতাসে শীতের কাঁটা। সিটি ফাদার ষাঁড়টা স্টেশনের বারান্দায় উঠে পড়েছে। রাস্তার কুকুর আর মানুষেরা গরম আশ্রয়ের সন্ধান করছে।



সেই সময় খবরটা এল।


দক্ষিণের ফাঁকায়, রাস্তার উপরে, সেকেলে নিচু-ছাদ, পোকা-খাওয়া কড়িবরগা আর চুন বালি-খসা ‘গণেশ কাফে’র ঘরে সংবাদটা এল। গণেশ কাফেতে তখন জমজমাট আড্ডা। চায়ের কাপ-গেলাস-ভাঁড়, সবরকম পাত্রই জড় হয়েছে টেবিলের উপর। প্রায় একটা গণতান্ত্রিক ঐক্যের মতো।


শস্তা সিগারেট আর বিড়ির ধোঁয়ায় ঘরটিকে গ্রাস করেছে।


মালিক লুঙ্গি পরে চাদর জড়িয়ে বসে আছে কাউন্টারে। নতুন লোক আসার সম্ভাবনা কম। এখন যারা আছে, তারা প্রতিদিনের, প্রায় সব সময়ের। অধিকাংশই স্থানীয় বেকার যুবক। কলেজ থেকে ফেল করা, ভেগে-পড়া কিংবা পড়তে-না-পাওয়াদের ভিড়ই বেশি। ময়লা পাজামা, ধুতি, প্যান্ট, ছেড়া জামা, উশকোখুশকো চুল আর পুরোপুরি খেতে না পাওয়া মুখের একটা লেপটালেপটি দঙ্গল। অবশ্য এদের মধ্যে এদেরই দু-একজন ফিটফাট চকচকে, ভরপেট-খাওয়া সুস্থ বন্ধুবান্ধব যে না দেখা যায় তা নয়। তবে সেটা অনিয়মিত। খাপছাড়া, করুণা করুণা ভাব। কংগ্রেস, কমিউনিস্ট, পি এস পি, আর এস পি, স্কুল-কলেজ, মিউনিসিপ্যালিটি, খুন-জখম-মারামারি, প্রেম-ফুসলানো-হরণ, গান-বাজনা-থিয়েটার এই শহরের আদি ও অন্ত এখানকার আলোচনার বিষয়। মায় সাহিত্য পর্যন্ত। চেঁচামেচি উত্তেজনা তো আছেই। হাসাহাসি গালাগালি আছে। হাতাহাতিও যে নেই, তা নয়। মাঝেমধ্যে ছুরিও বেরিয়ে পড়েছে ক্রুদ্ধ হুঙ্কারের মধ্যে। হয়নি যদিও, তবু খুনোখুনিরও আশঙ্কা দেখা দিয়েছে অনেকবার। আর এরই মধ্যে আবার কান্নাও আছে। রাত্রি আটটার সময়, আড্ডা তখন বেজায় জমজমাটি। কেরোসিন কাঠের পার্টিশান দেওয়া দুটি ছোট ছোট ফর লেডিজ-এর খুপরিতেও আড্ডা জমেছে। যদিও লেডি নেই একজনও।



গণেশ কাফের মালিক গণেশও আড্ডার শরিক হয়ে গিয়েছে। বাতাসহীন চাপা ঘরটায়, শস্তা সিগারেট আর বিড়ির ধোঁয়ায় একটি নরক-গুলজার করা প্রেতছায়ার মতো দেখাচ্ছিল সবাইকে। নানান রকমের কথা, হাসি ও বাদ-প্রতিবাদে সবাই যখন মশগুল, সেই সময়ে একটা নিত্যনৈমিত্তিক পুরনো খবর বলার মতো, হেসে নির্বিকারভাবে একজন এসে বলল, সেই, কলোনি-পাড়ার কাছে, ভটচার্জি পাড়ার রাধু বাঁড়ুজ্যের মেয়ে আমাদের ফেমাস বিজু, বিজলী হে বিজলী, মারা গেছে।


নরকটা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। ছায়াগুলি মন্ত্ৰপড়া জল ছিটনোর মতো অনড় নিশ্চল হয়ে তাকিয়ে রইল খবরদাতার দিকে।


একটু পরে একটা মোটা গলা শোনা গেল, কী ভাবে?


জবাব শোনবার আগেই আর একজন বলল, আজ বিকেলেও তো দেখেছি।


আর একজন, হ্যাঁ, এখানেই তো দেখেছি সন্ধের সময়।


বলে সে একজনের দিকে তাকাল। যার দিকে তাকাল, সে দাঁড়িয়ে পড়েছে ততক্ষণ। তার সঙ্গে সঙ্গে আরও দুজন। চব্বিশ-পঁচিশের বেশি কারও বয়স নয়। তিনজনেই প্রায় একসঙ্গে শ্বাসরুদ্ধ অবস্থায় বলে উঠল, হ্যাঁ, আজ আজই সন্ধেয় সে ছিল। কিন্তু কী ভাবে মারা গেল? কোথায় আছে?



যে খবরটা এনেছিল, সে বলল, নিশি স্যাকরার আমবাগানের ধারে নর্থ কেবিনের কাছে, রেল লাইনের ওপরে।


রেল লাইনে?


হ্যাঁ। মালগাড়ির তলায় কাটা পড়েছে। আমি দেখে এসেছি। ঠিক গলার কাছ থেকে—


সুইসাইড নিশ্চয়ই? নইলে সেখানে রাত্রিবেলা কে যায়?


ততক্ষণে সেই তিনজন বেরিয়ে গিয়েছে।


তারপরেও গণেশ কাফের নিচু-ছাদ ঘরটা খানিকক্ষণ যেন দম চেপে রইল। একটু পরে একজনের গলা শোনা গেল, আশ্চর্য! কিছু বোঝা যায় না আজকাল।


গণেশ ঘড়ঘড়ে গলায় বলল, সত্যি! আর এই রেল লাইনটা যেন কী মাইরি।


কেউ কেউ উঠল। বলল, যাই, দেখে আসি।



.


সেই তিনজন তখন ছুটতে ছুটতে অন্ধকার রেল লাইন দিয়ে নর্থ কেবিনের কাছে এসে পৌঁছেছে। জায়গাটায় রাস্তার আলো আসে না। কেবিনের আলো এসে পড়বার সুযোগ পায়নি একটি গাছের জন্য। গুটি তিনেক টিমটিমে রেল-লণ্ঠন নিয়ে এসেছে কেবিনের কুলি। জি আর পি পুলিশও এসে পড়েছে। মাঝে মাঝে চমকে উঠছে তাদের টর্চলাইটের আলো। কিছু লোকের ভিড় ঘিরে রয়েছে ফোর্থ লাইনের একটা অংশ।


ওরা তিনজনে ভিড় ঠেলে এগিয়ে গেল। লাইনের দিকে একবার তাকিয়ে একই সঙ্গে চোখাচোখি করলে তিনজনে। একটা অসহায় জিজ্ঞাসা ও বিস্ময়ে উদীপ্ত তিন জোড়া চোখ। তিনজনেই যে পরস্পরকে জিজ্ঞেস করছে, এটা বিজুই তো?


হ্যাঁ। বিজুই। চোখ নামিয়ে আবার দেখল তারা বিজলীকে। ঠিক ঘাড়ের কাছ থেকে মাথাটা কেটে গিয়েছে। জড়ানো রুক্ষ দীর্ঘ বেণীটা পুরোপুরি এলিয়ে পড়ে আছে লাইনের মধ্যে, কিন্তু মাথা সুদ্ধু লাল ফিতে স্লিপারের উপর। মাথাটা লাইনের মধ্যে, শাড়ি-জড়ানো দেহটি লাইনের বাইরে পাথর আর ঘাসের উপর যেন প্রায় কাত হয়ে এলিয়ে পড়ে আছে।



রেল-লাইনের টিমটিমে আলো বিন্দুর মতো চিকচিক করছে বিজলীর চেয়ে থাকা স্বচ্ছ চোখে। হাঁ-মুখটা খোলা, ঝকঝকে সাদা দাঁতে আলো পড়েছে। কপালের রক্তটিপটা জ্বলজ্বল করছে এখনও। আর এদিকে ঘাড়ের কাছ থেকে খয়েরি ডোরা কালোপাড় শাড়ির আঁচলটা ঠিক বুকের উপর দিয়ে টানা আছে। কোথাও যেন এতটুকুও অবিন্যস্ত হয়নি। কেবল বাঁ-পায়ের থেকে শাড়িটা একটু বেশি উঠে গিয়েছে, ঘুমন্ত যে-রকম উঠে যায় মানুষের। হাতের লাল কাঁচের চুড়িগুলির কয়েকটা ভেঙে পড়ে আছে হাতের কাছেই। বাকিগুলি সবই আস্ত আছে। কোথাও রক্ত লেগে নেই। কেবল ঘাড়ের কাছে খয়েরি ডোরা কাটা শাড়িটা পেরিয়ে লাল ব্লাউজের বুকের উপর গড়িয়ে এসেছে একদলা রক্ত। শীতের উত্তুরে হাওয়ার টানে তা এর মধ্যেই শুকিয়ে যেন বাসি হয়ে গিয়েছে।


তা ছাড়া আর সব ঠিক আছে। যেন, ঘাড়ের সঙ্গে মাথাটা জুড়ে দিলে, এখুনি বিজু ওর বিজলী চমক চমক হাসি হাসতে হাসতে উঠে বসে, চমকে দেবে সবাইকে। যে-হাসিতে এই মফস্বল শহরের সবাই কোনও না কোনও দিন একবার চমকেছে।


বিজু হ্যাঁ বিজুই। কলঙ্ক যার অঙ্গের ভূষণ ছিল। যে-কলঙ্কিনীর কথা বলতে রসিয়ে উঠত শহরের ইতর ভদ্র। যাকে সহজলভ্য মনে করে সেই চিরকালের টোপ-ফেলাফেলি খেলা অনেক হয়েছে কিন্তু প্রচণ্ড আক্রোশে গর্জাতে হয়েছে নীরবে ও সরবে। অথচ যাকে কলেজের কয়েকটা পড়ো কিংবা পড়তে পড়তে সরে-পড়া রথো দুর্বিনীত ছেলের সঙ্গে প্রায়ই এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে নির্লজ্জের মতো। সন্দেহজনকভাবেই রাস্তার উপর গায়ে গায়ে, জোরে হেসে হেসে, শহরের গায়ে জ্বালা ধরাতে দেখা গিয়েছে। এমনকী আজও দেখা গিয়েছে। এ সেই বিজলী, এই রেলে কাটা মেয়েটা।



গণেশ কাফের এই তিনজন আবার চোখাচোখি করল। ওরা তিনজন সেই কয়েকটা রথো ছেলে, যাদের সঙ্গে বিজুকে দেখা যেত সব সময়। তাদের তিনজনেরই চোখের দৃষ্টি যেন গলায় দড়ি দেওয়া লাশের মতো আরও উদ্দীপ্ত। একটা মহাশূন্যের মতো বিশেষ বিস্ময় ও প্রশ্ন নিয়ে যেন এখুনি চোখগুলি রক্ত কিংবা জলের ফোয়ারা ছুটিয়ে ফেটে পড়বে।


বিজু বিজুই তো। যে আজ বিকেলেও তাদের তিনজনের সঙ্গে গণেশ কাফেতে ছিল। যার কথায় হাসিতে, এমনকী রাগ ও অভিমানের মধ্যে, একবারও এই কাটা পড়ার ছায়াও দেখা যায়নি।


তবে?


ভিড়ের মধ্যে কার একটি রসালো দীর্ঘ হুঁ-উ-উ শোনা গেল। তারপর চাপা গলায়, বড্ড বাড়িয়েছিল। বোঝ এবার।


তিনজোড়া চোখ সঙ্গে সঙ্গে ভিড়ের দিকে জুটে গেল যেন খ্যাপা নেকড়ের মতো। কাউকেই চেনা যায় না। রেল-লণ্ঠনগুলি বিজলীর কাছে নামানো। বিজলীকে ঘিরে রয়েছে। ভিড়ের লোকগুলি অস্পষ্ট।


অচেনা আর চেনা লোকের গুঞ্জন একইভাবে চলছে। কে? কার মেয়ে? ও! সেই সেই মেয়ে? কী হয়েছিল?



বুঝে নাও! হয়েছিল একটা কিছু নিশ্চয়।


হবে, জানাই ছিল।


বিজলীর বাবা রাধুবাবুকেও দেখা গেল জি আর পির দারোগার পাশে। বিজুর দিকে ওঁর চোখ নেই। অন্যদিকে তাকিয়ে আছেন কোলবসা চোখে। খুবই অসহায়, তবু যেন একটা অপরাধীর ভাব। বিজলীর লাশ কিংবা লাশ দেখতে আসা ভিড়ের কারও দিকেই তাকাতে পারছেন না।


দারোগা জিজ্ঞেস করল, কত বয়স হয়েছিল আপনার মেয়ের?


তেইশ।


বিয়ে দেননি কেন?


দারোগার মতোই প্রশ্ন। রাধুবাবু বললেন, সঙ্গতি ছিল না।



হুঁ। কী হল হে, লাশ বাঁধ।


একটি সেপাই জবাব দিল, বাঁশ নিয়ে জমাদার আসছে স্যার।


হুঁ। দারোগা আবার বলল, থার্ড ইয়ার থেকে পড়া ছেড়ে দিয়েছিল কেন আপনার মেয়ে?


ছ মাসের বেতন বাকি পড়েছিল, তাই।


উঁ, তা হলে বলছেন, কোনও চিঠিপত্রই রেখে যায়নি?


না।


আঁ-হা! দেখবেন মশাই, চেপে টেপে যাবেন না, পরে মুশকিলে পড়ে যাবেন।


রাধুবাবু যেন ধরা-পড়া চোরের মতো অন্যদিকে তাকিয়ে রইলেন।



দারোগার টর্চলাইট একবার ঝলকে উঠল কাটা বিজলীর উপর।


লাশ বেঁধে নিয়ে যাওয়ার লোকেরা এল।


ওরা তিনজন এগিয়ে গেল রাধুবাবুর কাছে। ওদের তিনজোড়া উদ্দীপ্ত চোখে একটা হিংস্র প্রশ্ন বাগিয়ে ধরা ছুরির মতো চকচকিয়ে উঠল নিঃশব্দে। রাধুবাবুর কাছে তারা জানতে চায় কী হয়েছিল। কেন মরেছে বিজলী।


রাধুবাবু তেমনি অসহায়ভাবে তাকালেন। বললেন, প্রায় চুপি চুপি, এই যে শঙ্কর আর নরেশ এসেছ। ও প্রভাতও এসেছ?


হ্যাঁ, ওরা এসেছে, কিন্তু সেটা বড় কথা নয়। রাধুবাবু কী জানেন, সেইটি বলুন। তারা জানতে চায় তাদের, হ্যাঁ তাদের যে বিজু হাসতে হাসতে এসেছিল গণেশ কাফে থেকে, সে কেন গলা বাড়িয়ে দিয়েছে রেলের তলে।


রাধুবাবুও ওদেরই চোখের দিকে তাকিয়ে ছিলেন। এতক্ষণে দেখা গেল, ওঁর কোলবসা চোখ দুটি সর্দিজ্বরের মতো ভেজা ভেজা লাল হয়ে উঠছে। দাঁতহীন ঠোঁট চাপছেন বারে বারে। বললেন, কিছু জানিনে। বিজুর তোমরা বন্ধু। তোমরা, তোমরা কিছুই জানো না?



শঙ্কর নরেশ আর প্রভাত আবার চোখাচোখি করল। বুঝল ওরা, রাধুবাবু সত্যি কিছু জানেন না। তবে? তবে কে বলবে? কে জানে?


তিনজনেরই দৃষ্টি গিয়ে পড়ল বিজলীর উপরে। ওরা চমকে পরস্পরের হাত চেপে ধরল। যেন ছিটকে বেরিয়ে যাবে কোথাও। দেখল, বিজলীর শ্যামলী মুখখানি ওর বুকের উপর বসিয়েছে জমাদারেরা। আর বিজলী এখন চেয়ে আছে ঠিক তাদের তিনজনের দিকে।


ওরা তিনজনেই যেন নিঃশব্দে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, বিজু! বিজু!


জমাদারেরা লাশ কাপড়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে নিল। দারোগা ডাকল, আসুন রাধুবাবু।


ভিড় ছত্রভঙ্গ হল। একদল লেগে থাকা মাছির মতো চলল জি আর পি পুলিশ অফিসের দিকে, লাশের পিছু পিছু।


ওরা তিনজন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সেখানে। তারপর আরও খানিকটা উত্তরদিকে গিয়ে, আঁশশ্যাওড়ার জঙ্গল পেরিয়ে নির্জন আর অন্ধকার রেল-পুলটার উপরে গিয়ে উঠল। রেলিং-এর উপর ভর দিয়ে, ঝুঁকে দাঁড়াল। জংশন স্টেশনের সর্পিল লাইন এঁকেবেঁকে চলে গিয়েছে অনেক দূ

**********
No Review
Related Books
Loading books…