
ছুটি কাটাল অনুপম
মনোজ সেন
রাকার বাবা বিমলেন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন দশ নম্বরে। মস্ত পণ্ডিত মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন আর দেশে-বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। রাকার মা সেইজন্যে বছরে অনেকটা সময়ই তাঁকে ছাড়াই কাটাতে বাধ্য হতেন।
রোজ বিকেলে রাকা আসত ষোলো নম্বরের লনে খেলতে। আরও অনেক ছেলেমেয়ে আসত, তবে রাকার প্রতি অনুপমের মা-র একটা বিশেষ স্নেহ ছিল। তাঁর মেয়ে ছিল না। এই ফুটফুটে বাচ্চাটি তাঁর সেই অভাব কিছুটা পূরণ করেছিল। প্রায়ই দেখা যেত, অনুপমের মা-র পেটের ওপর বসে রাকা তাঁর দেওয়া চকোলেট চুষতে চুষতে অনর্গল কথা বলে যাচ্ছে আর উনি মুগ্ধ বিস্ময়ে সেসব শুনে যাচ্ছেন।
এর ফলে অনুপম আর ছোটো ভাই রূপমকে রাকার অনেক অত্যাচার মুখ বুজে সহ্য করতে হত। মাকে বলে লাভ নেই, কারণ তাঁর বিচারে রাকা সবসময়েই বেকসুর খালাস পেয়ে যেত। অনুপমের মাঝে মাঝে মনে হত ওর মা রাকাকেই ওর চেয়ে বেশি ভালোবাসেন। রাকার মা শান্ত, নির্বিরোধ মানুষ। তিনি অনুপমের মা-র মনের ব্যাপারটা বুঝতেন। সেজন্যে মাঝে মাঝে ‘মেয়েটাকে বেশি আস্কারা দিও না তো, শমিতা,’ বলা ছাড়া আর বিশেষ কোনো প্রতিবাদ করতেন না। তা ছাড়া, রাকা যতক্ষণ বাড়ির বাইরে থাকে ততক্ষণ তিনি একটু অবসর পান— এটাও কম কথা ছিল না।
রাকা যখন আর একটু বড়ো হল, তখন তার প্রতাপ আরও বাড়ল। অনুপম তো দূরস্থান, ওর বাবা নির্মল মজুমদার পর্যন্ত তার ভয়ে সিঁটিয়ে থাকতেন। কে বলবে যে ভদ্রলোক একটা কোম্পানির দোর্দণ্ডপ্রতাপ জেনারেল ম্যানেজার। রাকার সামনে একেবারে কেঁচো। আর অনুপম তো অনবরত ‘আঃ অনুপমদা, তুমি কিচ্ছু বোঝো না’ বা ‘অনুপমদা, তুমি একবারে বোকা’ বা ‘অনুপমদা, তুমি কিচ্ছু জানো না,’ শুনতে-শুনতে একেবারে জেরবার হয়ে গেল। সবাইকে বকে, ধমকে, তরিবত শিখিয়ে মজুমদার বাড়িটা সিধে করে রাখত রাকা।
অনুপমের মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে এক রবিবার বিকেল বেলা চায়ের টেবিলে শমিতা বললেন, ‘রাকা তুই তো বড়োই হয়ে গেলি প্রায়। অনুপমকে বিয়ে কর-না, তাহলে সবসময় আমাদের বাড়িতে থাকতে পারবি।’
শুনে নির্মল সমেত বাকি চারজনই প্রায় তাদের চেয়ার থেকে উলটে পড়ে যাচ্ছিল। অবশ্য চারজনের পড়ে যাওয়ার কারণ চাররকম— নির্মল শঙ্কিত, রূপম সন্দিগ্ধ, অনুপম স্তম্ভিত। আর রাকা? রাকার হাসি আর থামে না।
কোনোরকমে হাসি সামলে বলল, ‘তুমি যে কী বলো মাসি! অনুপমদাকে বিয়ে করব কী! অনুপমদা তো একেবারে বাচ্চা ছেলে।’
শুনে অনুপম তো রেগেই গেল। বলল, ‘ওঃ আমি আমি বাচ্চা ছেলে আর তুই বুড়ি হাবড়ি না? তোকে কে বিয়ে করছে রে? আমি জঙ্গলে গিয়ে থাকব, তবু তোকে বিয়ে করব না।’
‘এঁঃ! জঙ্গলে গিয়ে থাকবে! সেদিন রামধনের গোরুটা মাথা নেড়েছিল বলে যা ছুট মেরেছিলে। গোরুকে যে ভয় পায় সে কখনো জঙ্গলে থাকতে পারে?’
‘ভয় পাব না তো কী? আমি তো ভেবেছিলুম গোরুটা শিং নেড়ে আমাকে গুঁতো মারতে আসছে। তোর জন্যেই তো। রামধন গোয়ালার বাগান থেকে সাদা জবা চুরি করতে বলেছিলি কেন? দিইনি তোকে সেই ফুল এনে?’
নির্মল বললেন, ‘তুই রামধনের বাগান থেকে ফুল চুরি করেছিস? তোকে ধরলে তো মেরে ঠ্যাং খোঁড়া করে দিত রে। আর ও-কাজ করিসনি।’
শমিতা মুচকি হেসে বললেন, ‘রামধন তো এখন বুড়ো হয়ে গেছে। তুমি যখন ওর বাগান থেকে ফুল চুরি করতে তখন তো ও জোয়ান ছিল, ওর বাবাও বেঁচে ছিল। ধরা পড়লে দু-জনে মিলে তোমাকে একেবারে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দিত।’
অনুপম ভয়ানক আশ্চর্য হয়ে বলল, ‘তুমিও বাবা?’
নির্মল মুখে একটা অটল গাম্ভীর্য় রাখার প্রচণ্ড প্রয়াস করতে করতে বললেন, ‘উপায় ছিল না। তোর মা ওই ফুলই চাইত কিনা।’
অনুপম হাত-পা ছুঁড়ে বলল, ‘আমিও তো তাই। রাকা বলল।’
রাকা মুখ ভেংচে বলল, ‘এঃ রাকা বলল! জানো মাসি। সেদিন বললুম, অনুপমদা এই সুচটায় একটু সুতো ভরে দেবে? কত কী যে করল! থুতু লাগিয়ে সুতোটা ন্যাতপেতে করে দিল, দু-বার হাত থেকে সুঁচ ফেলে দিল, তারপর খোঁচা খেল, শেষটা সব ছুড়ে ফেলে দিয়ে চলে গেল।’
শমিতা হাসতে হাসতে বললেন, ‘ওরে, ও তো তাও চেষ্টা করেছিল। ওর বাবা হলে চেষ্টাই করত না।’
অনুপমের মাধ্যমিক পরীক্ষার পর হঠাৎ মজুমদার বাড়িতে অশান্তির কালো ছায়া ঘনিয়ে এল। অনুপম যে সব ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নয়, কিন্তু এটুকু জেনেছিল যে ওর বাবার কোম্পানিতে গণ্ডগোল বেধেছে। মাঝে-মাঝেই ওঁর বাড়ি ফিরতে দেরি হতে লাগল। একদিন একদল লোক লাল ঝাণ্ডা নিয়ে এসে বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ঢিল ছুড়ে জানলার কাচ ভেঙে দিল। সে এক বিচ্ছিরি ব্যাপার। ঘণ্টাখানেক বাদে পুলিশ এসে ভিড় সরাল। তার পরদিন থেকে ওর বাবা অফিসে যাওয়া বন্ধ করলেন। অনুপম শুনল ওদের কোম্পানিতে লক আউট। কিছুদিন বাদে নির্মল দিল্লি চলে গেলেন। শমিতা আর দুই ছেলেকে শ্যামপুকুরে ওদের মামাবাড়িতে রেখে গেলেন। যেদিন ফিরে এলেন, সেদিন দুপুর বেলা দুই ভাই জানতে পারল যে তারা বিদেশে যাচ্ছে বাবা-মার সঙ্গে।
শমিতা বললেন, ‘তোদের বাবার কোম্পানি কলকাতার অফিস বন্ধ করে দিয়েছে। তবে ওঁকে আর তোদের সুধীরকাকুকে ওদের হংকং অফিসে ভালো পোস্টে অফার দিয়েছে। আমরা পরশু দিনই চলে যাচ্ছি। ভাগ্যিস আমাদের পাসপোর্ট করানো ছিল, তাই একসঙ্গেই যেতে পারব আমরা।’
‘আমার পড়াশুনোর কী হবে?’ জিগ্যেস করল অনুপম।
‘তুই ওখানেই পড়বি। তোর ছোটমামাকে বলে দিচ্ছি। ও তোর রেজাল্ট বেরুলে সব কাগজপত্র ওখানে পাঠিয়ে দেবে।’
সেই রকমই হল। পরদিন সন্ধে বেলা নির্মল আর শমিতা বেরিয়ে গেলেন। অনেক রাত্রে ফিরলেন চারটে সুটকেস নিয়ে। শমিতা কাঁদছিলেন কিন্তু নির্মলের মুখ ছিল গম্ভীর, বিষণ্ণ আর চিন্তিত। পঁয়তাল্লিশ বছর বয়সে এক সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পা বাড়াচ্ছিলেন নির্মল। তাঁর তো চিন্তিত হওয়ারই কথা।
অনুপম জানত যে, রাকারা তখন কলকাতায় নেই। একমাসের ছুটিতে ওর বাবা-মার সঙ্গে গিয়েছিল পুরী বেড়াতে। কাজেই ওকে কিছু বলে আসার কোনো সম্ভাবনাই ছিল না।
হংকং-এ গিয়ে শান্তশিষ্ট নিরীহ বাঙালি পরিবারটি হঠাৎ প্রচণ্ডবেগে ছুটতে শুরু করে দিল। ওদের বাবা নতুন কর্মক্ষেত্রে প্রবলভাবে নিজেকে লিপ্ত করে দিলেন। এ ছাড়া উপায়ও ছিল না— তাঁকে অনেক কমবয়েসি অথচ হংকং অফিসের পুরোনো লোকেদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে নামতে হয়েছিল। দুই ভাই গিয়ে ভরতি হল আন্তর্জাতিক স্কুলে। সেখানেও প্রবল প্রতিযোগিতা, নিশ্বাস ফেলবার সময় নেই। আর আত্মীয়-বান্ধবহীন বিদেশে একা বাড়িতে হাঁপিয়ে উঠে শমিতাও একটা চাকরি নিয়ে নিলেন। ফলে, এই নতুন পরিবেশে, নতুন জীবনযাত্রায়, কলকাতার একটি দুই বিনুনি করা, স্কার্ট পরা বারো বছরের ফর্সা গোলগাল মেয়ে কোথায় হারিয়ে গেল। মাঝে মাঝে শ্যামপুকুর থেকে অথবা দুর্গাপুরে নির্মলের দাদা-বউদির কাছ থেকে চিঠিপত্র আসে কিন্তু তাতে রাকার কোনো উল্লেখই থাকে না। আর চিঠি লেখার ব্যাপারে অনুপমের চিরকালই অনীহা। কাজেই সে যে রাকাকে চিঠি লিখবে, তাও হয়ে উঠল না। ফলে, রাকার কথা আর কারুর মনেই রইল না।
কিন্তু, সত্যিই কি তাই? স্মৃতি থেকে কিছু কি একেবারে মুছে যেতে পারে বা মুছে ফেলা যায়? স্মৃতির ভেতরে কিছু হারিয়ে গেলেই তা লুপ্ত হয়ে যাবে— এটা বোধ হয় ঠিক নয়।
হংকং থেকে এ লেভেল পাশ করে অনুপম চলে গেল ইংল্যান্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য। ওর মেধা ছিল, হংকং-এর স্কুলের চাপ মেধাকে আরও বাড়িয়ে তুলেছিল। ফলে ওর পরীক্ষাগুলোর ফল বেশ ভালোই হয়েছিল। এ ছাড়া আরও একটা ব্যাপার হয়েছিল। পড়াশুনোর ফাঁকে-ফাঁকে কোনো বদ নেশার ভেতরে না-গিয়ে ও স্বাস্থ্যচর্চা শুরু করেছিল। বডি বিল্ডিং নয়— ক্যারেটে, কুংফু জাতীয় নিরস্ত্র অবস্থায় আত্মরক্ষার কৌশলগুলো রপ্ত করার কাজে নিজেকে ব্যস্ত রেখেছিল। ফলে ওর ভেতরে একটা শক্তির উদ্ভব হয়েছিল, যেটা বাইরে থেকে দেখলে বোঝা যেত না। পেশিসর্বস্ব দৈত্যাকৃতি শরীর নয়, মাঝারি গড়নের দেহের ভেতর যে কতখানি ক্ষমতা গোপন ছিল সেটা যে ওর সঙ্গে আখড়ায় না-নেমেছে, তার পক্ষে সম্যক উপলব্ধি করা কঠিন ছিল।
বদ নেশা করুক বা না-করুক প্রকৃতি তো চুপ করে বসে থাকে না। জলে-স্থলে কত ছলে সে মায়াজাল গেঁথেই চলে, তার হাত থেকে নিস্তার পাওয়া কঠিন কর্ম। অনুপমও সেই জালে জড়িয়ে পড়েছিল প্রথমদিকে ইঞ্জিনিয়ারিং কলেজে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রী স্বর্ণকেশী লিন্ডা লারসেন-কে দেখে স্বেদ, স্তম্ভন, মূর্ছা ইত্যাদি না-হলেও, বেশ ভালো মতোই প্রেমে পড়ে গিয়েছিল। ততোধিক ভালো মতোই প্রত্যাখাতও হয়েছিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়েছিল যে তার দুটো ফল হয়েছিল। প্রথমত আঘাতটা খুব গভীরে পৌঁছয়নি আর দ্বিতীয়ত ঠিক নির্বেদ উপস্থিত না-হলেও দিগ্বদিকজ্ঞানশূন্য হয়ে এদিকে ঝাঁপ মারতে যাওয়াটা যে নির্বুদ্ধিতা সেটা পরিষ্কার বোঝা গিয়েছিল।
দিগ্বদিকজ্ঞানলাভ মুলতুবি হয়ে গেল কয়েক মাস বাদেই। পড়াশুনোর চাপ এমন বাড়ল যে পাঠ্যক্রমের বাইরে অন্য কোনো ব্যাপারে জ্ঞানার্জনের সময়ই রইল না। সপ্তাহান্তে একটা সিনেমা হয়তো দেখা যেত, কিন্তু তাতেও বিবেকদংশনের হাত থেকে নিস্তার ছিল না।
ইঞ্জিনিয়ারিং পাশ করে এমএসসি করল অনুপম। তারপর একটা ইটালিয়ান কোম্পানিতে চাকরি নিয়ে এল জাকার্তায়। এই কাজটা ওর পছন্দ হল কারণ এখান থেকে হংকং যাতায়াত করা খুব কষ্টসাধ্য বা ব্যায়সাপেক্ষ নয়। চাকরিটাও পাকা হল ছ-মাস বাদে। তার প্রায় বছর দেড়েক বাদে নির্মল ওকে ডেকে পাঠালেন।
নির্মল বললেন, ‘এই ছ-মাস আগে ঘুরে গেলি। আবার তোকে ডেকে পাঠাতে বাধ্য হলুম। তোকে একবার কলকাতা যেতে হবে। ছুটি পাবি? আমি জানি, তোর এখন ভীষণ কাজের চাপ। তবুও…’
অনুপম বলল, ‘ছুটি পাওয়া কঠিন হবে। তবে চেষ্টা করে দেখা যেতে পারে। ব্যাপারটা কী? কলকাতা কেন?’
‘তোর ছোটোমামার ছেলে চিঠি লিখেছে। পত্রপাঠ আমাকে যেতে বলেছে। বাড়িটা নিয়ে কোনো গণ্ডগোল বেধেছে। লিখেছে, বাবা মারা যাওয়ার পর আমি সামলাতে পারছি না।’
‘কী গণ্ডগোল কিছু লিখেছে?’
‘বিস্তারিত কিছু লেখেনি। কিন্তু যা লিখেছে আমি তার ঠিক মানে বুঝতে পারছি না। লিখেছে যে আমাকে নাকি বাড়িটা বিক্রি করতে হবে। নইলে নানারকম সমস্যা দেখা দিতে পারে। আমার বাড়ি। আমাকে সেটা বিক্রি করতে হবে— এর অর্থ কী তা তো বুঝতে পারছি না।’
‘আমার তো মনে হয় কারুর হয়তো বাড়িটা খুব পছন্দ হয়েছে। উনি ওটা কিনতে চান তাই ঝন্টুর ওপরে চাপ দিচ্ছেন। ও সেই চাপ সামলাতে পারছে না।’
‘আমারও তাই মনে হয়। কিন্তু ও যে লিখেছে বাড়িটা বিক্রি করতে হবে— এই করতে হবেটা কেন? কীসের এই বাধ্যবাধকতা? মনে হচ্ছে এর মধ্যে আরও ব্যাপার আছে। তাই বলি কী, তুই যা। আমি বুড়ো হয়ে গেছি। হয়তো সবকিছু সামাল দিতে পারব না।’
‘ঝামেলা যখন, তখন বাড়িটা বিক্রি করে দিলেই হয়।’
কথাটা বলামাত্র নির্মল আর শমিতা দু-জনেই গম্ভীর হয়ে গেলেন। নির্মল দৃঢ় গলায় বললেন, ‘না অনুপম, তা হয় না। আজ এই ন-বছর এই বিদেশে পড়ে আছি। একবারও যেতে পারিনি ঠিকই; কিন্তু স্বপ্ন দেখি যে আর পাঁচটা বছর কাটাতে পারলে রিটায়ার করে ওখানেই গিয়ে উঠব। ও-বাড়িতে আমার ঠাকুরদার কাছে শুনতুম ইতিহাসের কত গল্প, ওর লনে বাবার