Home
চেতনার অন্ধকারে

চেতনার অন্ধকারে

সমরেশ বসু

চেতনার অন্ধকারে

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা01-Mar-2025

Change color

সকলের মুখে এক কথা।

সকলের মুখে একই প্রশ্ন। একী, ওকে এমন দেখাচ্ছে কেন?

কী রকম দেখাচ্ছে? ললিতাকে কি আর চেনাই যাচ্ছে না? দেড় মাসের মধ্যে একটা মানুষের একটি মেয়ে কতখানি বদলে যেতে পারে, কত পরিবর্তন হতে পারে যে, সকলের, সবাইয়ের মুখে কেবল এক কথা, একই জিজ্ঞাসা, লিলিতাকে এমন দেখাচ্ছে কেন? দেড় মাস বাদে বেড়িয়ে ফিরল। যাদের সঙ্গে বেড়াতে গিয়েছিল, তাদের সবাইয়েরই রীতিমতো চেহারা ফিরে গিয়েছে। ওকে এমন দেখাচ্ছে কেন?

বাড়ির সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলল। ললিতাকেও জিজ্ঞেস করল। ললিতা সকলের সামনেই হাসল। হেসে অবাক হয়ে, ভুরু বাঁকিয়ে পালটা প্রশ্ন করল, কেমন আবার দেখাচ্ছে। আমি যেমন ছিলাম, তেমনিই আছি। আমি তো কিছু বুঝতে পারছি না।

কথাটা কেউ বিশ্বাস করল না। বাড়ির সবাই ওর মুখের দিকে সন্দিগ্ধ জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। ললিতার হাসির মধ্যে গভীর কোনও রহস্য লুকিয়ে আছে কিনা, বোঝবার চেষ্টা করল ওর মুখের দিকে চেয়ে। কিন্তু সকলের মুখ দেখেই বোঝা গেল, কেউ কোনও রহস্য উদ্ধার করতে পারছে না।

এমনকী, ললিতা যাদের সঙ্গে বেড়াতে গিয়েছিল, বড় দাদা আর বড় বউদি, তারাও অবাক। তাদেরও একই জিজ্ঞাসা। ওর বড়দা, একমাস আগে, বাইরে থাকতেই জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে ললু, তোর কি শরীর-টরীর খারাপ হয়েছে নাকি?

ললিতা জবাব দিয়েছে, না তো।

বউদি বলেছে, কিন্তু তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন?

ললিতা হেসে বলেছে, কোথায়?

বড়দা বলেছে, না না, হাসির কথা নয় ললু, শরীর যদি খারাপ হয়ে থাকে, বলবি তো। তোর বউদি বলছিল, কদিন ধরে তোকে যেন কেমন অন্যমনস্ক দেখাচ্ছে। চুপ করে বসে যেন কী ভাবিস?

মনে পড়ছে, ললিতা তখন দাদা বউদির সঙ্গে, বম্বে ছেড়ে হায়দ্রাবাদের দিকে চলেছে। চলেছে মানে, বম্বে থেকে যেদিন অওরঙ্গাবাদ যাওয়া হবে, তার আগের দিন রাত্রে, হোটেলের ঘরে বসে এই সব কথাবার্তা চলছিল।

দাদার কথা শুনে ললিতা আবার তেমনি করে হেসেছিল। বলেছিল, বউদি ভুল দেখেছে।

ললিতা টের পেয়েছিল, বউদি ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। বউদি যেন ওর মুখ আর শরীরের দিকে দেখে, কিছু আবিষ্কার করতে চাইছিল। বলেছিল, সেটা না হয় ভুল দেখেছি ভাই, প্রায় দিন তিনেক ধরে তুমি মোটেই ভাল করে খাচ্ছ না, সেটাও কি ভুল দেখেছি?

ললিতা তখন শব্দ করেই হেসে উঠেছিল। বলেছিল, কী যে বলো তুমি বউদি, তার ঠিক নেই। হঠাৎ আমি কম খেতে যাব কেন?

দাদা বউদি দুজনেই ললিতার মুখের দিকে তাকিয়ে, খানিকক্ষণ চুপ করে ছিল। তখনকার মতো, বউদি আর কোনও কথা না বলে, সামনে থেকে চলে গিয়েছিল। চলে যাওয়ার ভঙ্গি থেকেই বোঝা গিয়েছিল, বউদি রাগ করেছে। করাটাই স্বাভাবিক, কারণ বউদির সঙ্গে ওর যথেষ্ট সখিত্ব। বউদির একটা দাবি আছে, ললিতার কিছু হয়ে থাকলে, ও তা নিশ্চয়ই তাকে বলবে।

দাদা আবার জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, বেড়াতে বেরিয়ে মন-টন খারাপ হয়নি তো?

ললিতা বলেছিল, কেন?

কেন আবার কী, হয়তো যে কোনও কারণেই তোর ভাল লাগছে না। আমাদের সঙ্গে বেড়াতে হয়তো ভাল লাগছে না।

ললিতা বলেছিল, কী যে বলো তুমি দাদা। খারাপ লাগলে তোমাদের সঙ্গে আমি বেরোতাম নাকি।

দাদা বলেছিল, তখন হয়তো বুঝতে পারিসনি।

ললিতা বলেছিল, মোটই না। আমার সে সব কিছুই হয়নি। তোমরা মিছিমিছি ভাবছ। আমি বেশ ভালই আছি।

দাদা একটু চুপ করে থেকে, গলা নামিয়ে আবার জিজ্ঞেস করেছিল, মায়া কিছু বলে টলেনি তো?

মায়া মানে বউদি। ললিতা তখন সত্যি খিলখিল করে হেসে উঠেছিল। বলেছিল, কী যে বলো তুমি দাদা।

তখন দাদার মুখেও হাসি ফুটে উঠেছিল। একটু নিশ্চিন্ত হয়েছিল।

কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেনি। অওরঙ্গাবাদ গিয়ে, অজন্তা ইলোরা দেখে, কয়েকদিন পরে হায়দ্রাবাদ গিয়ে, আবার একই প্রসঙ্গ উঠেছিল। না উঠে পারেনি, কারণ ললিতার চেহারাটা সত্যি খারাপ দেখাচ্ছিল। ওর দাদাও তখন নিশ্চিত হয়েছিল, ললিতার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। ললিতা যে অন্যমনস্ক হয়ে একলা একলা কিছু ভাবে বা প্রায়ই একলা থাকতে চায়, সেটা আর লুকোনো যাচ্ছিল না। খাওয়া-দাওয়ার ব্যাপারে যে অমনোযোগী হয়ে উঠেছিল, সেটাও দাদার চোখে পড়েছিল।

হায়দ্রাবাদে ওরা কোনও হোটেলে ওঠেনি। সেখানে ললিতার মেজদা থাকত, হায়দ্রাবাদই তার চাকুরিস্থল। সেখানে মেজোবউদিও ছিল। মেজদা-মেজোবউদি অবিশ্যি, সেরকম কিছু বুঝতে পারেনি। কারণ তারা দুজনেই অনেকদিন পরে ললিতাকে দেখেছিল। কিন্তু সব কথা শোনার পরে, তাদের মনেও একটা সন্দেহ জেগেছিল, তা হলে হয়তো কিছু ঘটেছে। যদিও ঘটনা ঘটবার মতো কিছু থাকতে পারে না, বা কোনও অবকাশই ছিল না। কিছু ঘটলে, বড়দা-বড়বউদি নিশ্চয়ই জানতে পারত।

মেজোবউদি একটু চপল প্রকৃতির। সে বলল, পথের মাঝে উড়ো প্রেম করে বসনি তো?

ললিতা ঠোঁট টিপে হেসে বলেছিল, হতে পারে, তোমরা যখন বলছ।

মেজদা একটু সাদাসিধে সরল ধরনের মানুষ। বলেছিল, বলেই ফ্যাল না বাপু, যদি কিছু ঘটে থাকে।

ললিতা বলেছিল, কী আশ্চর্য, বলব আবার কী। কিছুই তো ঘটেনি।

মেজদা বলেছিল, আমি অবিশ্যি সেরকম কিছুই বুঝতে পারছি না। বড়দাবউদি বলছে, তাই জিজ্ঞেস করছি।

বড়দা মেজদাকে বলেছিল, তুই কিছু জানিস না। ললু যখন বাড়ি থেকে বেরিয়েছিল, তখন বেশ তাজা হাসিখুশি। তারপরে দিন পনেরো যেতে না যেতে দেখি, কেমন যেন সব সময়েই মুষড়ে আছে। চোখের কোল বসে যাচ্ছে। ওর মুখের চেহারা দেখে বুঝতে পারছিস না কিছু?

মেজদা ললিতার মুখের দিকে তাকিয়েছিল। ললিতা হেসে উঠেছিল। মেজদা বলেছিল, ও সব তুমি বুঝবে না বড়দা। মেয়েদের মনে মনে কী সব হয়। অত বুঝতে গেলে চলে না, ছেড়ে দাও।

বড়দা বলেছিল, মেয়েদের কোনও ব্যাপার হলে তোর বউদি বুঝতে পারত না?

বড় বউদি মনে মনে অভিমান পুষেই রেখেছিল। বলে উঠেছিল, না না, এখনই কিছুই বুঝতে পারি না।

মেজদা বলেছিল, তা হলেই বোঝ, ও সব যার যার ব্যাপার, সে বুঝবে। বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তবে দেখিস ললু, কোনও বাজে অসুখ-বিসুখ বাধিয়ে বসিস না। আর যা খুশি তা-ই কর গে যা।

হায়দ্রাবাদের দিনগুলো যা তোক এক রকম কেটে গিয়েছিল। কিন্তু কলকাতায় ফিরে এসে আর মুক্তি পাওয়া গেল না। বিশেষ করে মায়ের চোখকে কোনও রকমেই ফাঁকি দেওয়া গেল না। মা ললিতাকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, কী হয়েছে রেললু, চেহারাটা এমন খারাপ করে ফিরলি কী করে?

ললিতাকে মায়ের কাছে একটু বিশেষভাবে সাবধান হতে হল। মুখের স্বাভাবিক ভাব বজায় রেখে বলল, খারাপ কোথায় দেখছ মা?

মা অবাক হয়ে বললেন, খারাপ কোথায় দেখব আবার, তোমার চেহারায় দেখছি। মুখের সেই ঢলঢলে ভাব নেই, যেন চোপসানো। চোখের কোলে কালি।

ললিতা বলল, আমি তো কিছু দেখতে পাই না।

মা বললেন, তা হলে বলব, তোমার চোখের দৃষ্টিও নষ্ট হয়ে গেছে। কিন্তু এ সব কথা বলে তো কোনও

**********
No Review
Related Books
Loading books…