
চুনাওট এবং ইতোয়ারিন
বুদ্ধদেব গুহ
ইতোয়ারিনকে দূর থেকে দেখতে পেয়েই খুব জোরে দৌড়ে যাচ্ছিল উদবিগ্ন মুঙ্গলি। তার মোটা সস্তা নোংরা লাল শাড়িটা ফুলে ফুলে উঠছিল জোলো হাওয়ায়। কালো মেঘে আকাশ আদিগন্ত ঢেকে ছিল। জুগগি পাহাড়ের ওপার থেকে বৃষ্টি-ভেজা হাওয়া ছুটে আসছিল দমকে দমকে দূরাগত বৃষ্টির ছাট বয়ে। একঝাঁক সাদা বক দূরের হোন্দা বাঁধের জলা থেকে উড়ে আসছিল সাদা কুন্দ ফুলের মালারই মতো দুলতে দুলতে।
এখানেও বৃষ্টি আসছে। মোরব্বা খেতের মধ্যে মাথা উঁচিয়ে পাটকিলেরঙা একটা ধাড়ি খরগোশ দ্রুত দৌড়ে গেল মুঙ্গলির পায়ে পায়ে। ভিজে হাওয়ায়, নিমের ফুলের গন্ধ ভাসছে। একটা মস্ত গহুমন সাপ ধীরে ধীরে ঢুকে গেল উইঢিবির পাশের ইঁদুরের গর্তে। একবার নাক তুলে গন্ধ নিল ষোড়শী মুঙ্গলি জোলো হাওয়ায়। নিম ফলের, খরগোশের এবং সাপের।
সুরাতিয়া দিদিদের ক্ষেত্রে বেড়ার এপাশের কদমবনে কদম ফুল ভরে রয়েছে। তার গন্ধও ছিল হাওয়াতে। নানারকম মিশ্র গন্ধ। ঝিম ধরে আসে তাতে।
একদিন ওই কদমবনের নীচে মুঙ্গলি কাড়ুয়া চাচার ব্যাটা পুনোয়ার সঙ্গে রাধা-কৃষ্ণ খেলেছিল গত বছরের আগের বছর। হঠাৎই মনে পড়ে গেল ওর। এক ঠ্যাঙে দাঁড়িয়ে বাঁশি বাজাতে গিয়ে পুনোয়া পড়ে যাচ্ছিল বার বার। আর মুঙ্গলির কী হাসি!
সেই পুনোয়া গত বছর এমনই এক বর্ষার দিনে জুগগি পাহাড়ে মূল কুড়োতে গিয়ে গহুমন সাপের কামড়ে মারা গেছিল। মুখ দিয়ে ফেনা বেরিয়েছিল। নীল হয়ে গেছিল সারাশরীর। মনে পড়তেই, মনটা খারাপ হয়ে গেল মুঙ্গলির। ওদের জীবন এবং মরণ এমনই! কোনো জোয়ার-ভাটা নেই। মানুষ-মানুষীর অঙ্গপ্রত্যঙ্গই আছে শুধু। একচল্লিশ বছর দেশ স্বাধীন হয়েছে অথচ দেশের অধিকাংশ মানুষই এই মুঙ্গলিদের মানুষের মর্যাদা দিল না।
অনেকদিন আসে না মুঙ্গলি এদিকটাতে। এই অবাধ্য অসভ্য ইতোয়ারিনটাই তাকে ছুটিয়ে নিয়ে এল ভুল করে, ভুল পথে; আজ এই ভেজা দুপুরে। এদিকে এলেই পুনোয়ার কথা মনে পড়ে যায়। আর মন খারাপ করে।
পিচের রাস্তা ধরে নিপাসিরা থেকে খুব জোরে পর পর তিন-চারটে ট্রাক ও একটা বাস সারি বেঁধে দৌড়ে আসছিল। ইতোয়ারিন তো কিছুই বোঝে না। বুদ্ধু একটা। যদি চাপা পড়ে মরে! সেই ভয়েই দিগবিদিক-জ্ঞানশূন্য হয়ে ছুটে চলেছে মুঙ্গলি। তার আঁচল এই দৌড়ে সরে যাওয়াতে তার নবীন পেলব মসৃণ স্তন দুটির বৃন্তে ভিজে হাওয়া সুড়সুড়ি দিচ্ছে। কিন্তু শাড়ি সামলাবার সময়ও আর নেই। ট্রাকগুলো আর বাসটা এসে পড়ল বলে! ইতোয়ারিনও উদোম টাঁড়টা পেরিয়ে গিয়ে প্রায় পিচ রাস্তায় ওঠার মুখে। সর্বনাশ হবে এখুনি।
প্রথম ট্রাকটার নীচে প্রায় পড়ে-পড়ে ইতোয়ারিন, ঠিক এমনই সময়ে রাস্তার পাশের চাপ চাপ নরম সবুজ ঘাসের ঢাল-এর মধ্যে প্রায় ঝাঁপিয়ে পড়েই জাপটে ধরল ইতোয়ারিনকে। তারপর দু-জনে মিলে জড়ামড়ি করে গড়াতে গড়াতে ঢাল গড়িয়ে নেমে এল উদোম টাঁড়ে। হাঁটু গেড়ে বসে ইতোয়ারিনকে তার দু-ঊরুর মধ্যে চেপে ধরে দু-হাতে ওর দু-কান ধরে আচ্ছা করে মুলে দিয়ে বলল, ট্রাকোয়াকা নীচে যা কর অ্যাইসেহি এক রোজ মরেগি তু!
ইতোয়ারিন ঘুচুক ঘুচুক, ঘোঁৎঘোঁৎ করে আওয়াজ করল মুঙ্গলির কথার জবাবে। সোহাগ জানাল। মাদি শুয়োরের সোহাগের রকমই আলাদা।
বেলুনের মতো পটাং করে ফেটে যাবি একদিন, তা বলে দিলাম।
আবার স্বগতোক্তি করল মুঙ্গলি। রাগের ও অনুযোগের গলায়।
কোনো উত্তর না দিয়ে ইতোয়ারিন ওর হেঁড়ে মাথাটা মুঙ্গলির ঊরুতে শুধু একবার ঘষে দিল আদরে।
মুঙ্গলি উঠে দাঁড়িয়ে বলল, চল হঠ।
বলে, বস্তির দিকে রওয়ানা হল। ইতোয়িরান চলতে লাগল ওর পায়ে পায়ে। বড়ো রাস্তা থেকে একটু ডান দিকেই লালমাটির কর্দমাক্ত কাঁচা রাস্তা বেয়ে কিছুটা গেলেই ভাঙ্গি বস্তি। মানে, ধাঙড়দের বস্তি। বস্তির লাগোয়া একটি তালাও। বর্ষার জল পেয়ে তিন ধার থেকে লালমাটি ধুয়ে এসে পড়েছে সেই তালাওতে। বছরের এই সময়টাতে যেই চান করুক সেখানে, মানুষ অথবা শুয়োর; তার গায়ের রং লাল হয়ে যায়। এই তালাওটিই ভাঙ্গি বস্তির প্রাণ।
তালাওর তিনপাশে জলের ওপরে ঝুঁকে পড়েছে ঝাঁটি জঙ্গল এবং পুটুসের ঝাড়। কটুগন্ধ গাঢ় কমলারঙা ফুল এসেছে পুটুসের ঝাড়ে ঝাড়ে। পাড়টা উঠে গেছে তিন দিকে, উঁচু হয়ে। তারপর জুগগি পাহাড়ের পাদদেশে গিয়ে মিশেছে সেই চড়াই।
একসময়ে ঘন শালের বন ছিল এই চড়াইয়ে। সে-বন গিয়ে মিশে গেছিল জুগগি পাহাড়ের বনের সঙ্গে। ওঁরাও মুণ্ডারা তখনকার দিনে জেঠশিকারের পরবে ভালুক কুটরা অথবা হরিণ শিকার করত। কখনো কখনো শিয়াল, সাপ অথবা খরগোশও। মুঙ্গলি তখন শিশু ছিল। তবু স্পষ্ট মনে আছে।
জঙ্গল এখন আর নেই। কেটে সব সাফ করে দিয়েছে ঠিকাদারেরা। ভাঙ্গি বস্তির কাছের দুই বস্তির লোকেরাও বাড়ি বানাবার জন্যে, জ্বালানি কাঠের জন্যে। মুঙ্গলিরা নিজেরাও কেটেছে কিছু। এখন কিছু বুনো পলাশ, যাদের প্রাণশক্তি আর বাড় এই ভাঙ্গি বস্তির শুয়োরদেরই মতো; ঝাঁটি জঙ্গল এবং পুটুসই শুধু আছে।
দু-একটি খরগোশ, বুড়ো শুয়োর এবং কিছু বটের তিতির ওরই মধ্যে ইতিউতি ঘোরাঘুরি করে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অথবা বৃষ্টির ঠিক পরে এক আশ্চর্য নরম হলুদ আলোয় বনপ্রান্তর ভরে যায় এবং সূর্য পাহাড়ের ওপাশে ডুবে যাওয়ার ক্ষণটিতে, মাথা তুলে, গলার শির ঝুলিয়ে বার বার ডেকে তারা জানান দেয় যে, তারা এখনও আছে।
বড়ো রাস্তাটা পিচের। মাঝে মাঝেই গড়হির অথবা নিপাসিরার দিকে মার্সিডিস ট্রাক এবং সার্ভিসের বাস চলে যায় জেঠশিকারির তির-খাওয়া বড়কা দাঁতাল-শুয়োরের মতো প্রচন্ড জোরে গোঁ-গোঁ শব্দ করতে করতে।
রাস্তাটা ব্রিটিশদের আমলে বানানো। তখন অবশ্য পিচ ছিল না। লালমাটির রাস্তাই ছিল। কিন্তু পোক্ত ছিল। বর্ষায় ভাঙত না। চুরি হত না তখন সরকারি কাজে। মুঙ্গলি শুনেছিল, তার নানার কাছে।
রাস্তাটার দু-পাশে বড়ো বড়ো অনেক প্রাচীন গাছ ছিল। মেহগনি, শিশু, নানারকম কেসিয়া। কিছু জ্যাকারাণ্ডাও। সাহেবরাই লাগিয়ে গেছিল।
শুধু আশপাশের বনের পাহাড়ের গাছ কেটেই মানুষের খিদে মেটেনি। এখন পথপাশের বড়ো বড়ো গাছগুলোর গা থেকে পুরু ছালও তারা তুলে নিচ্ছে। তাই দিয়ে ফুলবাগ শহর আর গড়হির আর নিপাসিরা বাজারের হালুইকরেরা উনুন ধরায়। মানুষের মতো আগ্রাসী খিদে খুব কম জানোয়ারেরই আছে। শুয়োরের খিদেও হার মানে এই খিদের কাছে।
কোনোরকম বাছবিচার না করে শুয়োরগুলো সবকিছুই খায়। মানুষের ময়লা থেকে, যা-কিছুই মাটি কুড়িয়ে পায়। আর ওদের অন্য কাজ বংশবৃদ্ধি করা। রাক্ষসের মতো সর্বক্ষণ খাওয়া আর রমণ করাই হল শুয়োরদের একমাত্র কাজ।
বড়োরাস্তার বাঁ-দিকে মুসলমানদের মস্ত বস্তি আছে একটি। মাইল খানেক দূরে। ডান দিকেও আর একটি আছে। গিরিয়া পাহাড়ের নীচে।
ভাঙ্গি বস্তি থেকে পিচরাস্তায় উঠলেই কয়েকটি দোকান। একটি পুরোনো পিপ্পল গাছের নীচে দোকানগুলো গজিয়ে উঠেছে। একটি মুদিখানা, পানবিড়ির দোকান; একটি চায়ের দোকান। তার সামনে শালকাঠের তক্তা দিয়ে খুঁটি পুঁতে বেঞ্চিমতো বানানো। বৃষ্টিতে, রোদে ফেটে-ফুটে গেছে। তার ওপরে চা খেতে খেতে আড্ডা মারে ভাঙ্গি বস্তির মানুষে এবং ওই দুই বস্তির মানুষেও।
ওই দোকানগুলোরই উলটোদিকে টাঁড়ের মধ্যে দিয়ে লালমাটির পায়ে-চলা পথ চলে গেছে এঁকেবেঁকে। সেখানে কাহারদের বস্তি আছে। এই পিপ্পল গাছের উলটোদিকে কাহার বস্তিতে যাওয়ার পথেই শুক্কুরবারে শুক্কুরবারে হাট বসে। হাটের নাম জুগগি হাট। শুঁড়িখানা আছে। হাটের দিনে ঢালাও মহুয়া খায় মুঙ্গলিদের বস্তির সকলে শালপাতার দোনায়। সারা সপ্তাহের রোজগার ওখানেই চলে যায়।
আগে হাট বসত রবিবারে রবিবারে। তবে শুক্কুরবারে ‘জুম্মাবার’ বলে এবং এই এলাকা মুসলমানপ্রধান বলে গরিষ্ঠদের সুবিধার জন্যে রবিবারের বদলে আজকাল শুক্কুরবারেই হাট বসে। পঞ্চায়েত তাই ঠিক করে দিয়েছে।
ভাঙ্গি বস্তির ভগলু আর ফুলবাগের দিকের মুসলমান বস্তির গিয়াসুদ্দিনের বয়স হয়েছে প্রায় সত্তরের মতো। দু-জনেই ব্রিটিশের হয়ে দ্বিতীয় মহাযুদ্ধে লড়াই করেছিল। গিয়াসুদ্দিন লড়াই করেছিল বার্মাতে আর ভগলু মধ্যপ্রাচ্যে। যদিও তারা আলাদা আলাদা রেজিমেন্টে ছিল কিন্তু এখন অভিন্ন হৃদয়বন্ধু হয়ে গেছে। যুদ্ধে যখন যোগ দেয় তখন দু-জনেই কিছুদিন একসঙ্গে ছিল রানিখেত ক্যান্টনমেন্টে। শিকারের দোস্তি, যুদ্ধের দোস্তি, একবার হলে জীবনভর তা অটুটই থাকে।
চায়ের দোকানের আড্ডাতে বীরহানগরের প্রাইমারি স্কুলের মাস্টারও সাইকেল নিয়ে আসে। থাকে বীরহানগরেই। ফুলবাগের পথে। এখান থেকে প্রায় পাঁচ মাইল পথ। বয়স হবে মাস্টারের কুড়ি-একুশ। সবে বি.এ. পাশ করেছে। অনেক খবরাখবর রাখে সে। চেহারাটিও ভারি সুন্দর। জাতে সে ভূমিহার। কিন্তু তার স্বভাবের জন্যে এ অঞ্চলের মুসলমান, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, চামার, ভোগতা, কোলহো, ওঁরাও, মুণ্ডা সকলে ভালোবাসে তাকে। মুঙ্গলিও ভালোবাসে। মাস্টারকে দেখলেই মুঙ্গলির বুকটা ধক ধক করে ওঠে। সারাশরীরে একটা অনামা ব্যাখ্যাহীন রিকিঝিকি ওঠে। এমনি আর কাউকে দেখলেই হয় না। তেমন রিকিঝিকির কথা শুধু মুঙ্গলির বয়সি মেয়েরাই জানে।
সেদিন বিকেল বেলা বীরহানগরের নবীন মাস্টার, নাম তার সরজু, প্রবীণ ভগলু আর গিয়াসুদ্দিনের সঙ্গে বসে চায়ের দোকানের সামনে আড্ডা মারছিল। দুপুরে খুব বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন আকাশ পরিষ্কার। সন্ধে হতে দেরি আছে এখনও ঘণ্টা খানেক। মাস্টার নবীন বলেই এমন অনেক কিছুর খোঁজ রাখে, যা প্রবীণেরা আদৌ জানে না। আবার এই দুই প্রবীণ তাদের অভিজ্ঞতার ভাঁড়ারে এত কিছুই জমিয়ে রেখেছে যে, নবীন মাস্টার হাঁ করে তাদের কথা শোনে। যৌবনের বিকল্প বার্ধক্য নয়। বার্ধক্যের বিকল্পও নয় যৌবন। যাদের শেখার ইচ্ছা ও মন আছে তারা একে অন্যের কাছে অনেকই শিখতে পারে।
সকলেই এক ভাঁড় করে চা খাওয়ার পর ভগলু বুড়ো গিয়াসুদ্দিন বুড়োকে বিড়ি এগিয়ে দিয়ে বলে, বোলো ইয়ার।
দুই
ইতোয়ারিন মুঙ্গলির বড়ো আদারের মাদি শুয়োর। রবিবারে জন্মেছিল তাই তার নাম দিয়েছিল মুঙ্গলি ইতোয়ারিন। ইতোয়ারিনের চার ভাই-বোন ছিল। তারা সবাই বিক্রি হয়ে গেছে জুগগির হাটে। এইবার পাল খাওয়াবে মুঙ্গলি ইতোয়ারিনকে। এক পাল বাচ্চা। সম্পত্তি বাড়বে মুঙ্গলির। বাচ্চগুলোকে বেচে দেবে জুগগির হাটিয়াতে, কিন্তু ইতোয়ারিনকে বেচবে না।
মুঙ্গলি রোজ দিনশেষের আবছা অন্ধকারে নিজে যখন তালাওতে চান করতে নামে, তখন ইতোয়ারিনকেও চান করায় নিজের হাতে। জলে নেমেই আশ্চর্য কায়দাতে সাঁতার কেটে তালাওর গভীরে চলে যায় ইতোয়ারিন। মুঙ্গলিও সাঁতরে গিয়ে তার পিঠে চড়ে। দুই অরমিতা কুমারীর এই এক খেলা। একজন নারী। একজন শুয়োরি। শুয়োরি হলেও ইতোয়ারিনকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে মুঙ্গলি। পোষাপাখির মতো। তারপর রাতে কাঁচামাটির সোঁদা-গন্ধ ঘরে ইতোয়ারিনকে কোলবালিশ করে মুঙ্গলি শুয়ে থাকে। মুঙ্গলির বাবা ঝড়ু, ওকে বকে খুব। কিন্তু শেষমেশ থেমে যায়। মা-মরা মেয়ে। তা ছাড়া মুঙ্গলিও-বা আর কতদিন থাকবে ঝড়ুর কাছে? মেয়ে বড়ো হয়ে উঠেছে। আগেকার দিন হলে তো আট-নবছরেই বিয়ে হত। তারপর গওনা হলে শ্বশুরবাড়ি যেত। দিন পালটে গেছে। প্রতিদিনই পালটাচ্ছে দিন। তবু এবারে তার বিয়ে-থার কথা ভাবতে হবে। ভাবে ঝড়ু।
মুঙ্গলিও কানাঘুষোয় এসব কথা শোনে। গা-শিরশর করে বিয়ের কথায়, অনামা ভালো লাগায়। জীবনের এখনও অনেকই বাকি আছে। অনেক ভালো লাগা বাকি আছে এখনও। দারিদ্র্যই শেষকথা নয়। দরিদ্রদেরও বড়োলোকি থাকে। এসব কথা শুনে মুঙ্গলির কেবলই সরজু মাস্টারের কথা মনে হয়। ওর বিয়ের কথা তাই উঠলে মনখারাপও লাগে। সরজুকেও তো মুঙ্গলি কোনোদিনও পাবে না।
মাইল সাতেক দূরে শহরের ফুলবাগ মিউনিসিপ্যালিটির জমাদার মতির ছেলেকে ঝড়ুর পছন্দ। মতি, ঝড়ুর বন্ধুও বটে। অনেকদিনেরই বন্ধু। মতির ছেলে জগনু, এবছরই মতি রিটায়ার করলে মতির জায়গায় চাকরি পাবে। কাজট