
গোপাল
বুদ্ধদেব গুহ
আজ কলকাতায় বৃষ্টি নেমেছে বহুদিনের প্রতীক্ষার পরে। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টির পরে এখন ফিসফিস করে বৃষ্টি পড়ছে। ছোটনাগপুর মালভূমিতে, মুন্ডারিদের ‘সোনারূপান রূপালেকান ছোটা নাগাপুরাহো, ছোট নাগাপুরা’তেও বৃষ্টি এমনই ফিসফিসিয়ে পড়ে।
আমার হাজারিবাগের শিকারের বন্ধু গোপাল সেন। ওদের গয়া রোডের (এখন যার নাম বড়হি রোড) বাগান—ঘেরা ‘পূর্বাচল’ বাড়ির পশ্চিমমুখো বারান্দাতে এমনই এক বৃষ্টির দিনে আমি আর গোপাল বসে আছি। ইউক্যালিপটাস গাছেদের বৃষ্টি—ভেজা গা থেকে সুন্দর ঝাঁজালো গন্ধ উড়ছে।
আমরা দুজনে সামনের দিকের যে ঘরে দুটি নেয়ারের খাটিয়াতে শুতাম, তার সামনেই একটি মস্ত ম্যাগনোলিয়া গ্রান্ডিফ্লোরার গাছ ছিল। তাতে ফুল এসেছে। সেই গন্ধে সারা বাড়ি ম—ম করছে। সামনের পিচরাস্তার ওপারে তখন মস্ত এক মোরব্বা ক্ষেত ছিল। এখন বনবিভাগ সেখানে বড় গাছের প্লান্টেশন করেছে। মোরব্বা মানে, সিসাল হেম্প—যা দিয়ে দড়ি তৈরি হত। সেই মোরব্বা ক্ষেত তিতির, খরগোশ আর নানা সাপের আড্ডা ছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা দুজনে বিকেলবেলা বন্দুক কাঁধে বেরোব। তিতির বা খরগোশ মারতে পারলে আমিষ। নয়ত খিচুড়ি। প্রায় দু’বেলাই খিচুড়ি খেতাম।
গোপাল একটি বেতের চেয়ারে বসে অন্য চেয়ারে পা তুলে দিয়ে পায়জামাটা হাঁটু অবধি তুলে বিড়ি খেতে খেতে (সিগারেটকে ও বিড়ি বলত) ওর স্বভাবসিদ্ধ ইয়ার্কির সঙ্গে গাইছে ‘ওগো তোরা কে যাবি পারে। আমি তরী লিয়ে বইস্যে আচি লদী কিলারে—এ—এ’।
পূর্বাচলের পাশের বহু বিঘা হাতাওয়ালা প্রাচীন সব গাছে—ছাওয়া হক সাহেবের বাড়িতে অভিনেত্রী মঞ্জু দে একজন পুরুষ বন্ধুর সঙ্গে কলকাতা থেকে ভরা বর্ষাতে গাড়ি চালিয়ে এসেছেন। প্রায়ই আসতেন। তবে বাড়ির মধ্যে একবার সেঁধিয়ে গেলে তাঁদের আর কোনও সাড়াশব্দ পাওয়া যেত না। মঞ্জু দে সে সময়ের তুলনাতে একজন দুঃসাহসী মহিলা ছিলেন। সমাজকে ডোন্ট—কেয়ার করার মতো দুর্জয় সাহস তাঁর ছিল। অনেক বছর পরে অপর্ণা সেন এবং তসলিমা নাসরিন—এর মধ্যে এই দুঃসাহসের রেশ দেখতে পেয়েছি। খাতা কলমে নারীবাদী অনেকেই কিন্তু জীবনে নারীবাদী হতে সাহস লাগে, যে সাহস অনেক পুরুষের মধ্যেও দেখা যায় না।
গোপালের বাবা বিলেতের ইনকর্পোরেটেড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। ওঁরও নিজস্ব ফার্ম ছিল—মেসার্স জে সেন অ্যান্ড কোং। গোপালও সে কারণেই আমারই মতো ওর বাবার ফার্মে আর্টিকেল্ড ক্লার্ক হয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ত। ও—ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি কম পাস করেছিল। আমার চেয়ে এক বছরের সিনিয়র ছিল। পরে গোপালও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছিল।
তখনকার দিনে দশটা গাধা মরে একটা বড় ছেলে হত। এবং বড় ছেলেরা কী করবে বা করবে না সে সিদ্ধান্ত বাবাই নিতেন। তাদের নিজেদের ইচ্ছা—অনিচ্ছার প্রশ্নই উঠত না। ওর ভাল নাম ছিল মিহির সেন। তবে তখন আমাদের দুজনেরই হোল—টাইম অকুপেশন ছিল যার যার বাবার অফিসে সবুজ পেন্সিল দিয়ে বিভিন্ন মক্কেলের ক্যাশবুক লেজার আর জার্নালের পোস্টিং চেক করা, সি এ পরীক্ষাতে ফেল করা এবং অন্তর্বর্তী সময়ে হাজারিবাগে বা অন্যত্র শিকারের জন্যে যাওয়া।
গোপাল ফ্লাইং মারত দারুণ। ওদের মক্কেল ছিলেন হাওড়ার দাশনগরের আলামোহন দাশ। তাঁর তিন ছেলেই, প্রভাত, রবি ও চাঁদু গোপালের এবং গোপালের মাধ্যমে আমারও বন্ধুস্থানীয় ছিল যদিও বয়সে ওরা তিন ভাইই ছোট ছিল আমার চেয়ে। বড় ভাই শিশিরদা আলাদা থাকতেন। প্রভাত ছিল মেজ ছেলে। খুবই অল্পবয়সে সে হঠাৎ দুদিনের জ্বরে মারা যায়। ওর মতো উদার—হৃদয়, সদাহাস্যময়, প্রকৃত স্পোর্টসম্যান জীবনে কমই দেখেছি।
দাশনগরে ওরা একটি গান—ক্লাব করেছিল। পুরো পূর্বভারতে তখন আর কোনও গান—ক্লাব ছিল বলে জানি না। সেখানে ট্র্যাপ ও স্কিট শুটিং প্র্যাকটিস করত ওরা। আমিও গোপালের সঙ্গে মাঝে মাঝে যেতাম। এখন যে আর্মি অফিসার রাঠোর অলিম্পিকে সোনার মেডেল পাচ্ছেন তা ওই ট্র্যাপ ও স্কিট শুটিংয়েই। রাঠোরের যে বন্দুকটির ছবি আপনারা কাগজে ও টিভিতে দেখেন এবং যা মাঝে হারিয়ে যাওয়াতে শোরগোল পড়ে গিয়েছিল, তার নাম ‘ওভার—আন্ডার’। সাধারণত দোনলা বন্দুকের দুটি নল পাশাপাশি থাকে, কিন্তু ওভার—আন্ডারের নল থাকে ওপর—নিচে। রাজা—মহারাজারা ওই সব বহুমূল্য বন্দুক আমদানি করতেন। ট্র্যাপ ও স্কিট শুটিংয়ের অনুশীলনে যে পরিমাণ বন্দুকের গুলি খরচ হত তার দাম লক্ষ লক্ষ টাকা। প্রভাত দাশ এবং আমাদের আরেক শিকারি বন্ধু ও অনুজ, আসানসোলের নর্থব্রুক কলিয়ারির প্রণব রায়, অলিম্পিকের ট্রায়ালে যেত দিল্লিতে। একবার ঋতুর ন্যাশনাল প্রোগ্রাম থাকায় এবং আমারও পেশার কাজ থাকাতে ঋতুকে নিয়ে দিল্লিতে যখন গিয়েছিলাম তখন সফদরজং এয়ারপোর্টের কাছে শুটিং রেঞ্জে অলিম্পিকের ট্রায়াল হচ্ছিল। গোপাল, প্রভাত এবং তার ভায়েরা, বিকানিরের মহারাজা, বিকানিরের রাজকুমারী, কোটার মহারাজা এবং আরও অনেক রাজা—মহারাজারা সেই ট্রায়াল—এ বেশ অনেকদিন প্র্যাকটিস করতে যেতেন। রাজকুমারী অবশ্য এয়ার—রাইফেল ছুড়তেন, বন্দুক নয়।
তখন আকাশবাণীর সব ন্যাশনাল প্রোগ্রামই হত দিল্লির আইফ্যাক্স হল—এ। সেখান থেকে সারা ভারতের বিভিন্ন আকাশবাণী কেন্দ্রে রিলে করে সেই অনুষ্ঠান শোনানো হত। ষাটের দশকের মাঝামাঝির কথা বলছি। মনে আছে, ঋতু ‘বাসন্তী হে ভুবনমোহিনী’ গানটি গেয়েছিল। বিমানদা (বিমান ঘোষ) আকাশবাণীর আর্কাইভ থেকে টেপ দিয়ে ওকে খুব সাহায্য করেছিলেন। ওই গানটি শান্তিনিকেতনের সাবিত্রী দেবী কৃষ্ণান খুব ভাল গাইতেন। ঋতু গাইবার পরে অবশ্য অনেকেই সেই গানটি গেয়ে থাকেন।
প্রভাতই জোর করে ঋতুকেও যেতে বলত ট্রায়াল দেখতে। তখন দিল্লিতে এত হোটেল ছিল না। আমরা উঠেছিলাম নবনির্মিত জনপথ হোটেলে। কোটার মহারাজার বাড়ি ছিল কাছেই। যাওয়ার সময়ে আমরা ট্যাক্সিতে যেতাম। ফেরার সময়ে উনিই আমাদের নামিয়ে দিতেন। সেই প্রথম কোনও ফ্লুইড—ড্রাইভ গাড়িতে চড়ি। ফ্লুইড—ড্রাইভ মানে, যে গাড়িতে গিয়ার থাকে না, অ্যাকসিলারেটরে চাপ দিলেই গাড়ি চলে।
প্রভাত, প্রণব এবং গোপাল তিনজনই স্কিট ও ট্র্যাপ প্র্যাকটিস করে করে এমনই হাত করেছিল যে কোনও হাঁকোয়াতে কোনও পাখি একবার উড়লে সে ওপর দিয়েই উড়ুক কি নিচ দিয়ে, তার আর রক্ষা ছিল না। গান ক্লাবে যেমন বলে ‘পুল’ আর অমনি মাটির তৈরি ডিস্ক মেশিন থেকে উৎক্ষিপ্ত হয় প্রচণ্ড বেগে। শিকারেও কোনও পাখি উড়লে কেউ বলত ‘বার্ড’ আর পরক্ষণেই গুলি ছুটত আর সে পাখি ধরাশায়ী হত। যারা ট্র্যাপ ও স্কিট শুটার তারা বাহু ও কাঁধের সন্ধিতে লাগিয়ে বন্দুক ছোড়েন না, ঊরুর ওপরে বা কোমরে বন্দুকের Butt রেখে ট্রিগার টানেন।
গোপাল অত্যন্ত রসিক মানুষ ছিল। ভাল ছবি আঁকত। ভাল ফোটোগ্রাফার ছিল। সোসাইটি অফ কনটেমপোরারি আর্টিস্টস—এর জন্মলগ্ন থেকে গোপাল তার অডিটর ছিল। শ্যামলদা (দত্ত রায়), অনিলদা (অনিলবরণ সাহা) এবং আরও অনেক চিত্রকরের সঙ্গে ওর হৃদ্যতা ছিল। ওর সঙ্গে সোসাইটির প্রিন্স গোলাম মহম্মদ রোডের অফিসেও গেছি বহুবার এবং অনেক চিত্রীর সঙ্গে আলাপিতও হয়েছি। তখন অনিলদার বাড়িতেই অফিস ছিল সোসাইটির, যতদূর মনে পড়ে। গোপাল খুব সুন্দর চিঠিও লিখত। চিঠির মধ্যেই ছবি আঁকত। প্রতি বছরই হাজারিবাগ থেকে ও বিজয়ার চিঠি লিখত আমাকে একটি করে। আজ ই—মেইল আর মোবাইল—এর দিনে সেই সব চিঠির দিনের কথা মনে হলে মন ভারী হয়ে ওঠে।
ওই আমাকে আতরের সঙ্গে প্রথম পরিচয় করায় হাজারিবাগে। এক জাপানি চিত্রকর হাজিমিসো জাপান থেকে এসে গোপালের খুব বন্ধু হয়ে যায়। সে আমাদের সঙ্গে জঙ্গলেও যেত। পরে সে নেপালে গিয়ে খুবই অল্পবয়সে মারা যায়। তার মা—বাবার আমন্ত্রণে গোপাল পরে একবার জাপানে যায়। আমি জাপানে গেছি তার অনেক আগে। জাপান থেকে ফিরে হাজারিবাগের ‘পূর্বাচলের’ সামনের বাগানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাড়ির পেছনে যেমন আছে তেমন একটি জাপানিজ গার্ডেনও করে। উচ্চচাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতেরও খুবই ভক্ত ছিল ও। ছাত্রাবস্থায় ওর ট্রায়াম্ফ গাড়ির মধ্যে বসে অথবা ফুটপাথে খবরের কাগজ বিছিয়ে সারারাত উচ্চচাঙ্গ সঙ্গীত শুনেছি আমরা। এই অগায়কের রবীন্দ্রসঙ্গীতও গোপাল খুব ভালবাসত। বর্ষার দিনে অর্ডার করে করে ‘বাদলদিনের প্রথম কদম ফুল’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া’, ‘পুব—হাওয়াতে দেয় দোলা’ ইত্যাদি গান শুনত। হাজারিবাগে এক বর্ষার রাতে ওর সেতারি বন্ধু, উস্তাদ মুস্তাক আলি খাঁ সাহেবের শিষ্য পণ্ডিত দেবু চৌধুরি, আমি আর গোপাল, রাতে খিচুড়ি আলুভাজা আর ডিমভাজা খেয়ে দেবুর বাজনা শুনতে বসলাম। চতুর্থ কেউ ছিল না। দরবারি দিয়ে শুরু করে রাত শেষে ভৈরবী দিয়ে শেষ করল। সারারাত বাইরে বৃষ্টির ফিসফিসানি ব্যাকগ্রাউন্ড মিউজিক—এর কাজ করল। কোনও তবলিয়াও ছিল না। দেবু পদ্মশ্রী, পদ্মভূষণ ও সম্ভবত পদ্মবিভূষণও হয়েছিল পরে। তবে সাহিত্য, গান—বাজনা এবং অন্যান্য অনেক পুরস্কারই শুধুমাত্র গুণেরই কারণে দেওয়া হয় না। তাই ও আমাদের বন্ধু হলেও পদ্মবিভূষণটা বাড়াবাড়িই ঠেকেছিল আমাদের চোখে।
সেইসব দিনের কথা মনে হলে মন বড় ভারী হয়ে আসে। যখনই একা থাকি, তখনই সময়ে সময়ে মনে হয়, গোপাল দুবার ওর স্মোকার্স কাফ কেশে পেছন থেকে বলছে, লালসাহেব? কী করছ?
প্রথম যৌবনের উন্মাদনায় ও দুরন্ত সাহসে দুই বন্ধু, সঙ্গে কোনও জংলি অনুচর নিয়ে বন্দুক আর টর্চ নিয়ে সারারাত পায়ে হেঁটে শিকারের খোঁজে গভীর জঙ্গল ও টাঁড়ে ঘুরে জীবনীশক্তির শেষ বিন্দু খরচ করে ‘পূর্বাচল’—এ ফিরতাম ভোরের আলো ফুটলে। কোনওদিন শিকার হত, কোনওদিন খালি হাতেই ফিরতে হত। আমি ফিরেই বন্দুক গান—র্যাকে রেখে হাত—পা ধুয়ে শুয়ে পড়তাম। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে অচৈতন্য হয়ে যেতাম। প্রচণ্ড শৌখিন গোপাল অত্যন্ত স্নানবিলাসী ছিল। যখনই ফিরুক না কেন, গরম জলে স্নান করে গায়ে পাউডার আর পারফিউম ছিটিয়ে জাপানিজ কিমোনো পরে সে রান্নাঘরে যেত। ‘পূর্বাচলের’ রান্নাঘরটি ছিল দেখার মতো। গোপালের মা, মাসিমা, অত্যন্তই লক্ষ্মী মহিলা ছিলেন। তাঁর রান্নাঘর ও ভাঁড়ার ঘর সত্যিই দেখার মতো ছিল। যদি কোনও শিকার হত, দিনের বেলা হলে, মুরগি, তিতির, কালি তিতির, খরগোশ, রাতের বেলাতে কোটরা হরিণ, শুয়োর বা অন্য কিছু, চান করার আগে তার man friday চমনলাল এবং প্রয়োজনে আমাদের তৈলমর্দনকারী, ভূত ও ডাকাতের গা—শিউরানো গল্প—বলা হাজাম মহাবীর এবং মালি করমের সাহায্যে সেই মৃত জানোয়ার স্কিন করে কেটেকুটে নিজে হাতে রান্না করত। স্কিনিং বা কাটাকুটির মধ্যে আমি কোনওদিনই থাকতাম না। পাখিই হোক, শম্বরই হোক কী বাঘ বা লেপার্ডই হোক রক্ত আমি দেখতে পারতাম না। আমার বাবা আমাকে ভণ্ড বলতেন। আজ বুঝি যে, আমি ভণ্ড ছিলাম না কিন্তু শিকারি হলেও আমার মধ্যে একজন কবি ছিল। অথবা walt whitman—এর ভাষাতে বলতে গেলে বলতে হয়, ‘Do I contradict myself ? Very well Then, I do contradict myself. I contain multitudes.’ গোপাল তার স্বাভাবিক ঔদার্যে এ নিয়ে কখনও অনুযোগ করত না। রান্না হলে খাবার ঘরের টেবিলে খাবার সাজিয়ে আমাকে নিজে ডাকতে আসত, অথবা চমনলালকে পাঠাত। ঘুম থেকে তুলে বলত, চলো, লালা, খাবে চলো। ও কত যে নিজস্ব সব নাম দিত এক—একটি পদের তা কী বলব! অ্যামেরিকান, রাশ্যান, চাইনিজ, জ্যাপানিজ, বার্মিজ, থাই নামের ফুলঝুরি ফুটত—আর তেমন স্বাদুও হত সেই সব পদ।
শিকার হলে, পূর্বাচলের লাগোয়া একটি দারুণ সুন্দর দোতলা বাড়ির অতি—বৃদ্ধ কেয়ারটেকার অ্যাংলো ইন্ডিয়ান মিস্টার স্মিথকে রান্না—করা খাবার গোপাল অবশ্যই পাঠাত। স্মিথ সাহেবও খুবই ভালবাসতেন গোপালকে। মাঝে মধ্যেই কেক অথবা ক্যারামেল কাস্টার্ড করে আমাদের জন্যে পাঠিয়ে দিতেন। বিকেলবেলা কখনও কখনও গল্পও করতে আসতেন। সহায়সম্বলহীন কিন্তু ভারি ভদ্র, সমাহিত, নির্লোভ, সুদর্শন, সম্ভ্রান্ত মানুষ ছিলেন স্মিথ সাহেব। যে বাংলোর উনি কেয়ারটেকার ছিলেন তার হাতাতে কয়েকটি জ্যাকারান্ডা গাছ ছিল। ওই দু’বাড়ির পেছনেই ছিল বিস্তীর্ণ টাঁড় এবং খোয়াই, যা গিয়ে শেষ হয়েছিল একেবারে কানহারী পাহাড়ের পাদদেশে। পঞ্চাশের দশকের কথা বলছি। তখন মাঝে মাঝে কানহারী থেকে নেমে সন্ধের পরে চিতাবাঘও চলে আসত। রেড বা ইয়ালো ওয়াটেলড ল্যাপউইঙ্গ নিস্তব্ধ নির্জন ব