Home
গন্তব্য

গন্তব্য

সমরেশ বসু

গন্তব্য

সমরেশ বসু
short story

Change color

ঝোড়ো কাকের মতো স্টিমার থেকে হুমড়ি খেয়ে এসে ডাঙায় পড়ল মানুষগুলো। এদিকে ও-দিকে ছিটকে পড়ল বাক্স বিছানা টুকিটাকি নানা লটবহর। হইচই লেগে গেল একটা ভীষণ।


মানুষগুলো যেন যুদ্ধক্ষেত্র থেকে রাতারাতি পাড়ি জমিয়েছে শত্রুদের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে। এমনি একটা ব্যস্ত ত্রাসের ভাব। আলুথালু ময়লা জামাকাপড়। উসকো খুসকো চুল। আর শিশু থেকে বৃদ্ধ সকলেরই একটা রাতজাগা রুগ্ন ক্লান্ত ভাব। বসে যাওয়া

চোখগুলো যেন পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছে এমনিই একটা অসহায় দৃষ্টি, বাঁচবার জন্য শেষ চেষ্টায় উঠে পড়ে লাগার মতো।


বর্ষার প্রথম ধাক্কায় মেতে ওঠা পদ্মা উল্লাসে গান করে চলেছে গোঁ-গোঁ করে। ঝোড়ো হাওয়ার তরঙ্গে তরঙ্গায়িত সে সুর। মাটি খেয়ে নেওয়ার একটা উগ্ৰ ক্ষুধায় বার বার ঝাঁপিয়ে পড়ছে পাড়ে।


একটা বোঁচকার উপর দাঁড়িয়ে যতটা সম্ভব উঁচু হয়ে প্রসন্ন দলের লোকদের ডাকতে লাগল, ওহে অনন্ত, ও পরির মা, এই যে এ-দিকে এসো। আরে ওই নিকুঞ্জ, ও-দিকে কুনঠাই যাচ্ছিস? এদিকে, হ্যাঁ। আর বাঁকার বউয়ের আঁচলটা ধরে রাখিস্ টগরি। পরেশ, বুড়ো গোবিন্দ

কামারকে হাত ধরে রাখি তুইও আবার দেখতে পায় না।


অনেক হাঁকাহাঁকির পর প্রসন্নদের দলটা বোলতার মতো আলাদা হয়ে গেল যাত্রীর ভিড় থেকে। একটা স্বস্তির নিশ্বাস ফেলল প্রসন্ন।


এরা সব পরিচিত আশেপাশের গাঁয়ের লোক। একসঙ্গে ভিটেমাটি ছেড়ে বেরিয়েছে। প্রসন্ন এ দলের নেতা। অর্থাৎ সে-ই সবাইকে একজোট করে রাখে, নজর রাখে সকলের উপর। কখন কী করতে হবে, কোনদিকে যেতে হবে—হেঁকে ডেকে প্রসন্নই সে নির্দেশ দেয়।


ওহে ও প্রসন্ন, এবার কী করতে হবে? বুড়ো কামার জিজ্ঞেস করল।


চলো এবার, যে যার জিনিসপত্তর গুছিয়ে নিয়ে চলল। রেলগাড়িতে উঠতে হবে এবার।


ছোট থেকে বড়, সকলেই কিছু না কিছু হাতে বগলে নিয়ে প্রস্তুত। প্রসন্নর হাঁক পড়তেই তাড়া খাওয়া গরুর পালের মতো ছুটতে আরম্ভ করল সব। এ-সব আগে থেকেই বলা কওয়া আছে। যে ঢিলে মারবে পেছিয়ে পড়বে, তবে সে গেল। জায়গা তো পাবেই না, হারিয়ে যাওয়াও

সম্ভব।


মুশকিলে পড়ল বাঁকার বউ, তার সঙ্গে প্রসন্নর মেয়ে টগরি আর বুড়ো কামার গোবিন্দ।


বাঁকার বউয়ের পেটে প্রায় দশমাসের শত্রু, ভরা ভরতি পেট। রাখ ঢাক নেই। পেট বেড়েছে যেন জালার মতো, দাঁড়িয়ে পায়ের পাতা দেখতে পায় না আজ দুতিন মাস। কিন্তু জার তার পেটে। লোকে তাই বলে কয়, সন্দেহ করে। ঘেন্না করে লোকে। আজ প্রায় ন দশ মাস বাঁকা

মরেছে—অপঘাতে, কালনাগিনীর দংশনে। নিকুঞ্জর মার নাকি হিসাব আঙুলের কড়ায়। এখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। গত বছরের আশ্বিনের মাঝামাঝি মাকালীর গলা থেকে নাগিনী নেমে এসে পরানটা নিয়ে গেল বাঁকার, আর দর্শন দিল না। বাঁকা গেল, বউয়ের আরম্ভ হল

ফুসুর ফুসুর গুজুর গুজুর এর তার সঙ্গে। মানো না মানো, এই ভগমানের দেওয়া চোখ দিয়ে সে সব দেখেছে। তার মাস খানেক পরেই তো মাগী পেটে করে নিয়ে এল জার, কোত্থেকে তা কে জানে বলে নিকুঞ্জর মা ঠোঁট বাঁকায়।


প্রসন্ন আধাআধি বিশ্বাস করে কথাটা। কিন্তু বিপদের সময় মানুষকে দেখতে হয়। বিশেষ করে আবার পোয়াতি মেয়েমানুষ। তাই নিজের মেয়ে টগরিকে সে রেখে দিয়েছে বাঁকার বউয়ের পাশাপাশি।


বুড়ো কামার গোবিন্দ কানা। পরেশ আছে তার পাশে। তবু নতুন পথঘাট। তাতে আবার তাড়া আছে। আছে গোলমাল। বগলে কাঁথা আর হাতে বহুদিনের সাবেকি হ্যারিকেন।


—এই, দাঁড়াও দাঁড়াও, নামাও সব গাট্টি বোঁচকা, দেখি কী আছে?


প্রসন্নের দলটা থমকে দাঁড়াল মিলিটারি পোশাক পরা এক দল লোকের সামনে। তাদের সঙ্গে ছিল আরও কয়েকজন সাদা পোশাকের বাবু।


—কিছুই নাই ভাই। প্রসন্ন হাত জোড় করে বলল, আমরা গরিব মানুষ, আমাদের আর কী থাকবে। তাড়াতাড়ি যেতে দিননইলে আবার গাড়িতে জায়গা পাব না।


কিন্তু তা হল না। ন্যাশনাল গার্ডের আর কাস্টমস অফিসারের দল ঝুকে পড়ল বাক্স বিছানাগুলোর উপর। খুলে উলটে পালটে দেখে ছেড়ে দিল। কিন্তু চেঁচিয়ে উঠল নিকুঞ্জর মা। দু ভরি সোনা পাওয়া গেছে তার ছোট টিনের সুটকেশটায়।


কেঁদে চেঁচিয়ে একাকার কাণ্ড করল নিকুঞ্জর মা। তবে গার্ডের লোকটা ভাল ছিল। ছেড়ে দিল সে।


হুটপাট করে এসে সবাই যখন গাড়ি ধরল তখন আর তিলধারণের জায়গা নেই। যেখানেই যায়, জায়গা নেই। সকলেই পাশের কামরা দেখিয়ে দেয়।


ফার্স্ট ক্লাশের একজন খালি গায়ে পৈতাধারী নাদুস-নুদুস আরাম করে বসা যাত্রী বললেন প্রসন্নকে, জায়গা যখন নেই, রাতটা কাটিয়ে কালকে চিটাগাং মেইলে চলে যেয়ো না বাপু।


বহুকষ্টে প্রসন্ন নিজেকে সামলে নিল একটা কটু কথা বলতে গিয়ে। আরও খানিকটা ঘুরে একটা কামরার উপর ঝোঁক পড়ে গেল প্রসন্নর।


ওঠ এখানে, ওঠ সব। হেঁকে উঠল সে।


ভেতরের যাত্রীদের চাপ দেওয়া দরজাটা ঠেলে হুড়মুড় করে উঠতে আরম্ভ করল সব সেই কামরাটায়।


জায়গা নেই, জায়গা নেই! চেঁচিয়ে উঠল গাড়ির মধ্যেকার যাত্রীরা।


আর জায়গা নেই! এ বাঁধভাঙা বন্যা রুখবে কে? প্রসন্ন ঠেলে উঠিয়ে দিতে লাগল সবাইকে। নিকুঞ্জর মা, কামার বুড়ো, পরেশ, অনন্ত, পরির মা, মুক্ত…সবাইকে। কিন্তু টগরি আর বাঁকার বউ কোথায় গেল? এক সোমত্ত মেয়ে আর এক পোয়াতি বউ?


ফিরে দেখে খানিকটা পিছনে বসে পড়েছে বাঁকার বউ, তার সঙ্গে টগরি। অনিশ্চিত আশঙ্কায় কেঁপে উঠল প্রসন্নর বুকটা পোড়া কপাল, বউটা এখানেই বিয়োতে বসল নাকি?


সে যাবার উদ্যোগ করতেই আবার উঠেই দাঁড়াল ওরা। এগিয়ে আসতে আরম্ভ করল আস্তে আস্তে। জয় মা কালী! মনে মনে মা-কে ডেকে প্রকাশ্যে খিঁচিয়ে উঠল, না এলেই হত, এমন যখন অবস্থা।


অত্যন্ত জড়সড় হয়ে পড়ল বাঁকার বউ কথাটা শুনে। ঘোমটার আড়ালে চোখের জলের ঢল নেমে এল যন্ত্রণায় আর অপমানে।


জবাব দিল টগরি, তবে তখন এনেছিলেই বা কেন? পোয়াতি কুকুরেরও ক্ষমতা নাই, তোমাদের সঙ্গে ছোটে।


ফুট কাটল নিকুঞ্জয় মা, পেটে ধরা পাপ, কষ্ট হবে বইকী। নেও এখন উঠে এসো।


নিকুঞ্জর বউ হাসল মুখ টিপে। বিরক্ত হয়ে আস্তে বলল নিকুঞ্জ, প্রসন্নকাকার যত বাজে বোঝা বয়ে বেড়ানো অভ্যাস। ..

**********
No Review
Related Books
Loading books…