Home
কিয়ারোসকিউরো

কিয়ারোসকিউরো

স্মরণজিৎ চক্রবর্তী

কিয়ারোসকিউরো

স্মরণজিৎ চক্রবর্তী
short story

Posted byদীপাঞ্জন 07-Dec-2025

Change color

কিয়ারোসকিউরো

“ইজ়ি ম্যান, ইজ়ি। হাত তুলে দাঁড়াও। না, নড়বে না। নইলে গুলি চালাতে হাত কাঁপবে না আমার।” বৃষ্টির শব্দ ছাপিয়ে কথাটা ধারালো বরফের মতো এসে আঘাত করল আমায়। পিস্তলের হ্যামার টানার ধাতব শব্দটা ক্ষীণভাবে এল আমার কানে। আমি দাঁড়িয়ে পড়লাম। ব্রিজের পাশের পোস্টে একটা দুর্বল বাল্ব আছে। তার পক্ষে এই বৃষ্টির চাদর ভেদ করা সম্ভব নয়। তবুও পিছনের মানুষটাকে দেখার জন্য হাত তোলা অবস্থাতেও ঘুরলাম আমি। প্রথমে মনে হল, শূন্যের ভিতর একটা বন্দুক ধরা হাত তাক করে রয়েছে আমার দিকে। তারপর ক্রমশ গোটা মানুষটার অবয়ব নজরে এল আমার। কালো রেনকোট পরে রয়েছে মানুষটা, মাথাটা রেনকোটের হুড দিয়ে ঢাকা থাকায় মুখ দেখা যাচ্ছে না। গলার স্বর শুনে বুঝলাম মানুষটা আওয়াজ বদলে কথা বলছে…

॥ আমস্টারডম, দু’মাস আগে: ১৩ মে ॥

When you walk through a storm,

Hold your head up high.

And don’t be afraid of the dark

At the end of a storm

There’s a golden sky.

And the sweet silver song of a lark.

Walk on through the wind.

Walk on through the rain

Though your dreams be tossed and blown…

Walk on, walk on, with hope in your heart.

And you’ll never walk alone

You’ll never walk alone…

আমার আশেপাশের সকলে এখনও একসঙ্গে গেয়ে চলেছে এই গান। ইউরোপের যে-কোনও ফুটবল মাঠে এই গান খুব পরিচিত। নিজেদের টিমকে সাহস জোগাতে গ্যালারি থেকে সমর্থকরা একসঙ্গে এই গান গায়। বলে, “তুমি একা নও, আমরাও আছি তোমার সঙ্গে।”

মৃত্যুশয্যায় শুয়ে বাবাও এমন বলেছিলেন আমায়। বলেছিলেন, “তুই একা হবি না কোনওদিন। জানবি, আমি আছি তোর সঙ্গে।” এখন ফাদার ফ্রান্সিসও এমন বলেন।

আমার মা মারা গিয়েছিলেন জন্মের সময়। আর বারো বছর বয়সে বাবার মৃত্যুর পর আমায় আশ্রয় দিয়েছিলেন ফাদার ফ্রান্সিস। তারপর বড় হয়ে যখন আমি জীবনে পা রাখলাম, পাহাড় ছেড়ে সমতলে নামলাম, তার আগে তিনি ছোট্ট একটা ছবি দিয়েছিলেন আমায়। বলেছিলেন, “এটা রাখ। তোর বাবার তোলা তোর পাঁচ বছর বয়সের ছবি। এটা সব সময় সঙ্গে রাখবি। জানবি তুই একা নোস। তোর বাবা আছেন তোর সঙ্গে।”

আজ এই গোধূলি আলোর নীচে দাঁড়িয়ে আমার আবার বাবার কথা মনে পড়ল। আমার ওয়ালেটে রাখা সেই ছবির কথা মনে পড়ল। চারদিকে খেলা দেখে বের হওয়া মানুষের ভিড়ে আর একা লাগল না আমার। মনে হল বাবা বলছে, You’ll never walk alone.

আমস্টারডাম এরিনার মতো দুর্দান্ত মাঠ ইউরোপে কমই আছে। এখানে খেলা দেখা হল একটা অভিজ্ঞতা। তাও যদি আবার লিভারপুল আর আয়াখ্স আমস্টারডামের হয়। কিন্তু আমি এই অভিজ্ঞতা সঞ্চয় করতে আসিনি আমস্টারডামে। শুধুমাত্র সময় কাটানোর জন্য আমি ঢুকে পড়েছিলাম মাঠে। সামনে খেলা হলেও আমার মন ছিল না খেলায়। বরং মনের ভিতরে অস্বস্তি হচ্ছিল। টেনশন হচ্ছিল। রাইকার আসবে তো ঠিক সময়ে? আমি ঘড়ি দেখলাম।

পাশের বুলেভার্ডে ছোট্ট কফিশপটা রুবেনের। ওর কাছেই সাইকেল রেখেছি আমি। এই শহরে টুকটাক যাতায়াতের জন্য সাইকেলই বেশি চলে। দোকানের সামনে যেতেই রুবেন আমায় দেখে বলল, “কে জিতল?”

“ড্র হয়েছে। ১-১,” বলেই সাইকেলে উঠে পড়লাম আমি।

“কে-কে গোল দিল?”

আমার আর নষ্ট করার সময় নেই। প্যাডেলে চাপ দিয়ে বললাম, “ডি স্টাস্ট্ক্রান্ট-এ দেখে নিয়ো।”

এরিনা বুলেভার্ড থেকে যওডেনব্রিস্ট্রাট যেতে সাইকেলে কুড়ি-পঁচিশ মিনিট মতো লাগে। তবে আঠেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমি। রাইকারের সঙ্গে খোলা জায়গায় বেশিক্ষণ থাকব না। কেউ আমাদের একসঙ্গে দেখে ফেলুক আমি চাই না।

রাইকার একজন ফর্জার। পুরনো মাস্টার পেন্টারদের ছবি নকল করতে তার জুড়ি মেলা ভার। তবে মাস্টার পেন্টারদের মধ্যে ওর স্পেশ্যালিটি হল, মোনে আর রেমব্রান্ট। ওর নকল করা রেমব্রান্টের ছবি দেখে কারও পক্ষে বলা সম্ভব নয় সেটা নকল না আসল। রাইকার বলে যে, জাল ছবি আঁকা হল উন্নতমানের শিল্প। এ কাজ সকলের পক্ষে সম্ভব নয়। এই যে কাজটা ওকে দেওয়া হয়েছে সেটার কথাই ধরা যাক। সম্প্রতি গোয়ায় খুঁজে পাওয়া রেমব্রান্টের আঁকা তাঁর পুত্র টাইটাসের ৭৭.৬৩ সেন্টিমিটার ছবিটা নকল করতে রাইকারের প্রায় একমাস সময় লেগেছে শুধু ছবির সরঞ্জাম জোগাড় করতে। ওর সঙ্গে ফোনে কথা বলার সময়েই জানতে পারলাম যে, ১৬৫০ সাল বা তার আশেপাশের সময়ের একটা ক্যানভাস জোগাড় করার জন্য ওকে খুব ঘুরতে হয়েছে। তারপর এগমন্ড আন ডেন হোফ নামক ছোট্ট এক শহরের এক ততধিক ছোট সরাইখানায় নাম না জানা এক শিল্পীর আঁকা সেই সময়ের ছবি ও খুঁজে পেয়েছে। এরকম পুরনো বহু অজানা শিল্পীর অনেক ছবি সারা ইউরোপে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। দশ ইউরো দিয়ে ছবিটা কিনতে হয়েছে রাইকারকে। তারপর ক্যানভাসের রং যথাসম্ভব তুলে, ট্রিটমেন্ট করে সেটাকে উপযুক্ত বানাতে হয়েছে ছবির জন্য। রেমব্রান্টের সময়ের ব্যবহৃত রংও জোগাড় করেছে ও। জোগাড় করতে হয়েছে সেই সময়ের ব্রাশ, আর ভার্নিসও। তারপরেও অশান্তি যায়নি। প্রকৃত ছবিটাকে রেমব্রান্ট যে পদ্ধতিতে এঁকেছিলেন, সেভাবে আঁকতে হয়েছে। ছবির রং শুকোনোর জন্য অল্প আঁচে রুটি সেঁকার মতো সেঁকতে হয়েছে আর সময়ে সময়ে ছবিটাকে নানাভাবে মুড়ে ছবি জুড়ে অসংখ্য হেয়ার ক্র্যাক তৈরি করতে হয়েছে। এগুলো পুরনো ছবির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপর সেই সময় রেমব্রান্ট কী ধরনের সই করতেন, তাও ছবিতে রাখতে হয়েছে। এত করেও কিন্তু আমি জানি, ল্যাব অ্যানালিসিস ও এক্স

**********
No Review
Related Books
Loading books…