
কাজ নেই
সমরেশ বসু
মেঘলা ভাঙা রোদ আকাশে।
ছাড়া ছাড়া উড়ন্ত কালো মেঘ, ধারে ধারে তার ঝিকিমিকি করে রোদ। মেঘবতী গলায় পরেছে ঝকমকে রুপোর হাঁসুলী। তার ছটা চোখে বেঁধে। রুপো আবার কখনও শ্যামল অঙ্গে সোনার ধারে ঝলমল করে।
রোদের পিছনে পাল্লা দিয়ে ছায়া দৌড়োয় পূর্ব থেকে পশ্চিমে। উত্তর দক্ষিণ লম্বালম্বি রেল লাইনের উঁচু জমি, মাথায় তার সচল আকাশ। মেঘ নেই জল, রোদে আছে শুধু পোড়ানি। পুবের নাবিতে দিগন্তবিস্তৃত ধানখেত যেন লক্ষ্মীছড়ি! পোড়া পোড়া পাঁশুটে মরকুটে ধানের ছড়া, সরু সরু গুছি, লম্বায় হাত দেড়েকও নয়। পশ্চিমে শুকনো নয়ানজুলি হ করে রয়েছে। আশেপাশে ছড়িয়ে আছে বিস্তৃত ঘেসো জমি আর জলা। ঘেসো জমিতে ঘাস নেই। তবু পশ্চিমা রাখালটা ওইখানেই সমস্ত গরু চরাতে নিয়ে আসে। বাদবাকি সমস্ত জমিই কোনও-না-কোনও কোম্পানির করায়ও। গরুগুলো ঘাস পায় না, খালি মাঠ চষে বেড়ায়।
সামনেই যে গ্রামটা দেখা যায় পশ্চিমে, গরুগুলো সেখানকার গৃহস্থদের। লোকে বলে গ্রাম, কিন্তু গ্রাম নয় ওটা। আবার পুরোপুরি শহরও নয়। গ্রামটার আরও পশ্চিমে গঙ্গার ধারে ভিড় করে আছে। কলকারখানা। এটা একটা আধখ্যাঁচড়া জায়গা।
দুপুরটাকে দুপুর বলে বোঝাবার জো নেই মেঘের জন্য। এমন সময় রেললাইনের উপরে পুবে ওই কিম্ভুতকিমাকার কালো মেঘটার আড়াল থেকে একটা চিতাবাঘের মতো মুখ উঁকি মারল। তার লোলুপ দৃষ্টি এ পারের মাঠের গরুগুলোর দিকে। একটু একটু করে সন্তর্পণে সে মুখ পুরোটা বেরিয়ে এল যেন মেঘের আড়াল ছেড়ে।
বসন্তের কতগুলো বড় বড় ক্ষতের দাগ সেই মুখে। চোয়াল দুটো ছুঁচলো পাথরের মতো। নাকের মাঝখানটা বসা, সামনেটা তোলা। মাকুন্দ বলতে যা বোঝায় তেমনি তার মুখে গোঁফদাড়ির বদলে কয়েকগাছা পাতলা চুল। তার ম্যালেরিয়াগ্রস্ত হলদে চোখ বড় বড় হয়ে উঠেছে। মনে হচ্ছে, চিতাবাঘটা বুঝি এখুনি ঝাঁপিয়ে পড়বে এ পারের গরুগুলোর উপর। কিন্তু মানুষটা অর্থাৎ ওই আধ-খ্যাঁচড়া জায়গার দুলেপাড়ার ফটিকচাঁদ নিঃশব্দে হেসে উঠল দাঁড় বের করে। বসল পশ্চিমা রাখালটাকে মুখে কাপড় চাপা দিয়ে ঘুমোতে দেখে।
তার পর যেন জাদু করছে এমনি করে ফটিক একটা অদ্ভুত শব্দ বের করে তার গলা দিয়ে : অ…অ…গ…গ.. .
অমনি কয়েকটা গরু উৎসুক চোখে তাকায় তার দিকে।
সুযোগ বুঝে ফটিক পায়ের কাছ থেকে তুলে নেয় বিচুলির আঁটিটা। আটি সামনে বাড়িয়ে দোলায় আর মিহিমোটা গলায় অদ্ভুত শব্দ করে।
সারা তেপান্তর জনহীন। দূরের কারখানা থেকে একটা শব্দ ভেসে আসছে শোঁ শোঁ করে। টেলিগ্রাফের তারে কলরবর করছে কয়েকটা ল্যাজঝোলা পাখি।
লাইনের সামনের কয়েকটা গরু আতুর চোখে ঘাড় তুলে তাকায় ওই সোনা র বিচুলির আঁটিটার দিকে। বার কয়েক ফোঁসফোঁস করে নাকের পাটা ফুলিয়ে যেন এক মুহূর্তে গন্ধ শোঁকে খাবারের। পরমুহূর্তেই লেজ তুলে ছোটে বিচুলির আঁটি লক্ষ করে।
ফটিকের নজর রাখালের দিকে। সে টের পেলেই সব ভেস্তে যাওয়ার সম্ভাবনা। কিন্তু সেরকম দুর্ঘটনা কিছু ঘটল না।
গরুগুলো কাছে আসতেই বিচুলির আঁটি ফেলে দিয়ে কোমর থেকে পাটের দড়িটা খুলে ফটিক গোটা তিনেক গরুকে লহমায় বেঁধে ফেলল। বিচুলিতে গরু মুখ দেওয়ার আগেই সে আটিটা বগলদাবা করে বলল, ডাঁরা বাপু, আবার কোথাও টোপ ফেলতে হবে তো। বলে গরু
তিনটেকে নিয়ে মুহূর্তে সে পুবের নাবিতে জঙ্গলের পথে অদৃশ্য হয়ে গেল।
এ-পারের মাঠ থেকে একটা বকনা ডেকে উঠল— হাম্বা। রাখাল ঘুমচোখেই বলে উঠল, হহ! তারপর মুখের ঢাকনাটা সরিয়ে ঠোঁট উলটে থুক করে ফেলে দিল খইনির ছিবড়ে। দেখল একবার এ-দিক-ও-দিক। দেখে আবার নিশ্চিন্তে মুখ ঢাকল।
.
ফটিকচাঁদ ততক্ষণে নবগাঁয়ের সড়কে। সে কেবলি পিছনের দিকে তাকিয়ে দেখছে আর বেঁকে বসা পোয়াতি গাইটার লেজ মলছে। বাকি দুটোর বিশেষ আপত্তি দেখা যাচ্ছে না। তাদের নজর ফটিকের বগলের দিকে। পেট বড় দায়। সে দুটোকে ফটিক বলছে, র, র, একেবারে
লক্ষ্মী কুণ্ডুর ঘরে গে খাবি।
বাজার-ফেরতা এক তরকারি-চাষী ফিক করে হেসে জিজ্ঞেস করল, কার সব্বেনাশ করলে গো?
এ বিষয়ে ফটিকচাঁদ চেনা যোগী। তবু হেসে বলল, হি হি, সব্বোনাশ আর কী, নাইনে উঠে ছালো তাই ধরে নে এলুম। আইনের ব্যাপার কি না, হুঁ হুঁ..।
হাসল তরকারি-চাষীও। রেললাইনে, রাজপথে, পরের বাড়ি বা বাগানে পোষা গরু গেলেই বে-আইনি।
ফটিক গরু তিনটেকে ঠেলতে ঠেলতে নিয়ে এসে তুলল নবগাঁয়ের খোঁয়াড়ে। এখন লক্ষ্মী কুর খোঁয়াড়। ইউনিয়ন বোর্ডের তিনটে খোঁয়াড়ের ডাক সে নিয়েছে।
খোঁয়াড়ের পাশের ছোট ঘরটাকে সবাই বলে আপিস। সেখান থেকে খালি গা নাদুসনুদুস গৌরবর্ণ লক্ষ্মী কুণ্ডু চাবির গোছাটা নিয়ে বেরিয়ে এল। গলায় এঁটেবসা তুলসীর মালাটা একবার ঘুরিয়ে দিল আঙুল দিয়ে। চাবি দিয়ে খোঁয়াড়ের দরজা খুলতে খুলতে বিষণ্ণ ঠোঁট দুটো
উলটে বলল, এত ক্ষণে মাত্তর তিনটে।
নাঃ, তোমার জন্যে সবাই পথে-ঘাটে গরু ছেড়ে রেখে দিয়েছে।
বলতে বলতে ফটিক গোরু তিনটেকে খোঁয়াড়ে পুরে বাঁধন খুলে দিল।
নবাগতা গোরু তিনটে বাদে আর একটা ছাগী ছিল। সে একবার হুঁ হুঁ হুঁ করে ডেকে উঠল সরু গলায়। বোধ হয় তার একাকীত্বের অবসানে।
ফটিকের গরম কথাতেই লক্ষ্মী কুণ্ডর গাল ভরে ওঠে হসিতে। তালা বন্ধ করতে করতে বলে, তোর মতো কাজের লোকের যে কেন কাজ জোটে না, আমি তা-ই ভাবি।
তা হলে তোমার একাজ কে করত, সেটাও ভাবো, প্রায় কুকুর মতোই হাসতে গিয়ে বিকৃত মুখে বলে ফটিক। এখন পসা ছ আনা ছাড়ো দিকি চট করে।
গরু-পিছু তার দু আনা পাওনা। কুণ্ডু পাবে গরুর মালিকের কাছ থেকে বারো আনা। আবার একদিন ছেড়ে দুদিন হলেই কুণ্ডুর পাওনা ডবল হয়ে যাবে। আইনত অবশ্য একটা খরচ আছে কুণ্ডুর, ওই পশুগুলোকে খাওয়ানো। কিন্তু কথায় বলে, সেকথা জানে মা ভগা, আর
জানে পশুগুলো। সেদিক থেকে বরং ফটিক, কুণ্ডুর সঙ্গে হাতাহাতি করে হলেও খোঁয়াড়ের প্রাণীগুলোকে কিছু দেয়। বলে, কুণ্ডুবাবু, পুণ্যি করে করে তো সপ্নের সিঁড়ি সব ভেঙে ফেলে দিলে, নরকের দরজায় এটুখানি থুতু ফেলে তো যাও।
কুণ্ড চিপটেন বোঝে, কিন্তু সেটা বুঝতে দেয় না। তা যা বলেছিস। রাধাকৃষ্ণ বল।
এখন ফটিকের কাছ থেকে পয়সার দাবি আসতেই কুণ্ডুর ফোলা গালের হাসিটুকু মিলিয়ে যায়। ফোঁস করে একটা নিশ্বাস ফেলে বলে, এব্যবসা আমাকে ছেড়ে দিতে হবে। আর পোষাচ্ছে না।
আমারও না, ফটিক বলে আরও গম্ভীর হয়ে। দু আনা রেটে আর চলে না।