
উৎসবের রাত
সমরেশ মজুমদার
এখনও অনেক কিছু পারেন না প্রতিভা। এই যেমন, একা-একা বাড়ির বাইরে যাওয়া, ছেলে মেয়েদের উঁচু গলায় ধমক দেওয়া, বউমাদের খোঁটা দিয়ে কথা বলা কিংবা অপরেশ ঘরে থাকলে তাঁর সামনে কাপড় পালটানো। শেষেরটি নিয়ে নিয়ত কথা শুনতে হয় তাঁকে। তুমি কি এখনও আঠারো বছরের খুকি যে আমায় দেখে লজ্জায় মরে যাচ্ছ! পঞ্চাশ বছর ঘর করছি তবু যে এত লজ্জা কোত্থেকে আসে বুঝতে পারি না। যে পুরুষের সঙ্গে সারারাত শোওয়া যায়, পঞ্চাশ বছর ঘর করা যায়, দিনের আলোয় তাঁর সামনে বেআব্রু যদি না হতে পারেন তো তিনি কি করবেন! পারেন না এইটেই শেষ কথা।
অথচ অপরেশ এই নিয়ে অনর্গল খোঁটা দিয়ে যাবেন। মাঝে-মাঝে মনে হয় প্রতিভার তাঁর কি লজ্জাটজ্জার বাড়াবাড়ি আছে? নেই-নেই করেও সত্তর বছর হয়ে গেল। সত্তর বছরে স্ত্রীলোকের শরীরে আর কী রহস্য থাকে? চল্লিশের পর থেকেই একটু মোটার দিকে ধাত ছিল কিন্তু এমন। মোটা নন যাতে চলা-বসায় কষ্ট হয়। মেয়েদের বয়স হলে যেসব রোগ জোটে, বলতে নেই, সেগুলো এখনও তাঁকে স্পর্শ করেনি। মন ভালো থাকলে অপরেশ তাঁকে ভুবনেশ্বরী বলে ডাকেন। নাতনি কাজল বলে, দিদা, তোমার স্কিন দেখলে হিংসা হয়। মাইরি এই বয়সেও কী করে ম্যানেজ করে রেখেছ কে জানে! ব্লাউজ ছেড়ে এখন সেমিজ পরেছেন প্রতিভা তবু ছুঁড়ির কথার ছিরি দ্যাখো। যার দুদিন বাদে বিয়ে হবে তার মুখে রকের ভাষা শুনলে গা রিরি করে। কিন্তু কিছুই করার উপায় নেই। ওর বাবা, মানে প্রতিভার বড় ছেলে ধীরেনেরও হাত-পা বন্ধ ও ব্যাপারে। কাজল অপরেশের চোখের মণি। নাতনিকে কিছু বললেই দাদু কুরুক্ষেত্র বাধাবেন। তা তেনারও তো পঁচাত্তর পেরিয়ে গেছে গত শ্রাবণে। গোলগাল মোটাসোটা চেহারা। চশমা ছাড়াই কাগজ পড়ার চেষ্টা করেন মাঝে-মাঝে। সারাজীবন নেশাভাঙ করেননি, এখন প্রতিভার পান চেয়ে নেন মাঝে-মাঝে। প্রতিভা ওঁর মুখে জরদার গন্ধটা পান কিন্তু সেটা আসে কোত্থেকে বুঝতে পারেন না। কারণ সেবার প্রেসারে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে অপরেশের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তা এই মানুষের যদি এখনও শখ হয় সত্তর বছরের বুড়ির কাপড় ছাড়া দেখবেন, তাহলে ভীমরতি ছাড়া আর কি বলা যায়! পুরুষমানুষের বোধ হয় চিতায় না শোওয়া পর্যন্ত ওই ভাবটা মরে না। ভগবান যৌবন কেড়ে নিয়েছেন শরীর থেকে অনেকদিন তবু তার ছায়ায় রং বোলানোর চেষ্টা। যত বয়স হচ্ছে তত মুখে আগল থাকছে না। কিন্তু রাত্রে যখন শুতে যান প্রতিভা তখন একটা হাত ওঁর গায়ের ওপর রেখে শিশুর মতো ঘুমোন অপরেশ।
আজ কিন্তু ব্যতিক্রম ঘটল। সকালবেলায় স্নান সেরে ঘরের দরজা ভেজিয়ে কাপড় ছাড়ছেন এমন সময় তিনি এলেন। অথচ এই সময় সামনের বাগানে থাকার কথা অপরেশের। চমকে উঠে কাপড়-চোপড় নিয়ে তিনি ঠাকুরঘরে সেঁধিয়ে যাওয়ার সময় বুঝতে পারলেন আজ কথার হুল সইতে হবে। কিন্তু ঘরে যখন ফিরে এলেন চিরুনির জন্যে তখন অপরেশ ইজিচেয়ারে শরীর এলিয়ে কাগজ পড়ছেন। তিনি ঘরে ঢুকেছেন তা নজরেই নেই। খটকা লাগল, এরকম তো হওয়ার নয়। কাছে গিয়ে বললেন, আজ কোনদিকে সূর্য উঠেছে?
গলার স্বর পেয়েই যেন চমকে উঠলেন অপরেশ। চকিতে কাগজটা ভাঁজ করে সন্ত্রস্ত চোখে তাকালেন তিনি, কী বলছ, কিছু বলছ?
অমন করছ কেন? স্বামীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন প্রতিভা।
কই, কিছু না তো! স্নান হয়ে গেল?
হ্যাঁ। তোমার শরীর ঠিক আছে তো?
একটু-একটু করে হাসি ফুটল অপরেশের মুখে, না না, আমি ভালো আছি। তোমার একথা মনে হল কেন?
প্রতিভার সন্দেহ তবু ঘুচল না। একটা কিছু লুকোচ্ছে মানুষটা। কী সেটা? বললেন, দশটার মধ্যে মেয়েদের এসে যাওয়ার কথা।
হুম।
প্রতিভা আর দাঁড়ালেন না। কতক্ষণ আর! আজ অবধি যখন কোনও কথা না বলে থাকতে পারেনি তখন এটাও চেপে রাখতে পারবে না। আজ প্রচুর কাজ, এই নিয়ে থাকলে তাঁর চলবে না!
বারান্দায় পা দিতেই বড় বউমা বলল, একি মা, আজকে নতুন শাড়ি পরলেন না?
প্রতিভা হাসলেন, আর লজ্জা দিও না বাপু, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, আর তোমরা। সত্যি ওঁর মুখটা লালচে হয়ে উঠেছিল।
না, তা বললে শুনছিনা। বড়দি এলে কী বলবেন?
ঠিক আছে সে হবে খন। তোমরা কিন্তু তিলকে তাল করছ। কেউ যেন আর পঞ্চাশ বছর একসঙ্গে থাকে না। লোকে শুনলে কী বলবে?
পাশ কাটাচ্ছিলেন প্রতিভা কিন্তু ঠিক সেই মুহূর্তে কাজল উদয় হল, এম্মা দিদা, তুমি এখনও ঝি হয়ে আছ! উফ, তোমাকে নিয়ে পারি না। জানো না, সেদিন কাগজে বেরিয়েছে একটা পেয়ার পঞ্চাশ বছর একসঙ্গে থাকার পর ফ্রেস বিয়ে করেছে। বিয়ে দিয়েছে ছেলেমেয়েরা। সে রকম। একটা কিছু করলে হত।
গ্র্যান্ড আইডিয়া! বড় নাতি সুব্রত চেঁচিয়ে উঠল, এটা আগে বলিসনি কেন?
বেটার লেট দ্যান নেভার। এখনই করা যেতে পারে। কাজল হেসে বলল।
তাহলে আমাদের ঠাকুরমশাইকে ডেকে আনি। দিদা, না বললে কিন্তু শুনছি না। সুব্রত এগিয়ে এসে দুহাতে প্রতিভাকে জড়িয়ে ধরল আচমকা, আঃ, মাইরি তুমি কী নরম!
প্রতিভার তখন হাঁসফাঁস অবস্থা, ছাড়-ছাড়, উঃ, কি দস্যি ছেলে রে বাবা! এই সময় বড় মেয়ে সুনীতা এসে গেল। পঞ্চাশও হয়নি কিন্তু এর মধ্যেই মাথার চুল প্রায় সাদাটে। পেটের গোলমালে খুব ভোগে বলে একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে। সঙ্গে দুই। ছেলে আর ওর স্বামী সুখেন। দৃশ্যটা দেখে সুনীতা পর্যন্ত হেসে ফেলল, এই অত জোরে চাপিস না, লেগে যাবে।
সুব্রত প্রতিভাকে ছেড়ে দিয়ে বলল, না পিসি, দিদার মোটেই লাগবে না। দাদু বলেন যৌবনে উনি নাকি গামার সঙ্গে পাল্লা দিতে পারতেন।
সঙ্গে-সঙ্গে সমস্ত উঠোনটায় হাসির ফোয়ারা উঠল। প্রতিভা এমন অপ্রস্তুত যে পালিয়ে পথ পান না। যেমন নাতি তেমন নাতনি, কারোরই মুখে কিছু আটকায় না। অপরেশই এদের মাথায় তুলেছেন, ছেলেমেয়েরা এরকম ছিল না।
রান্নাঘরে তখন তুলকালাম কাণ্ড। ঠাকুর উনুন ধরিয়ে বসে আছে। জলখাবারের তরকারি কাটা হয়নি। এটা ছোট বউমার দায়িত্ব। অন্যদিন যেমন তেমন, আজ সে বেচারা পেরে উঠছে না। বছর চারেক বিয়ে হয়েছে, এখনও পেটে কিছু আসেনি। কাজকর্ম যা কিছু বিয়ের পর প্রতিভাই শিখিয়েছেন। বলেছিলেন, ঠাকুর চাকর যতই থাক, যে মেয়ে স্বামীর মনের মতো খাবার তৈরি করতে পারে না সে কিন্তু কখনওই ভালো স্ত্রী নয়।
প্রতিভা বললেন, তুমি সরো ছোট, আমাকে দাও।
ছোটবউমা মাথা নাড়ল, সেকি, না মা, আপনি আজকে কাজ করবেন কেন? ছি ছি আমার হয়ে এসেছে।
প্রতিভা দ্বিতীয় বঁটিটা টেনে নিলেন, পাকামি করোনা তো! এত লোক খাবে, তুমি ছেলেমানুষ একা কি করে পারবে?
কিন্তু প্রতিভার পক্ষে তরকারি কাটা বেশিক্ষণ সম্ভব হল না। সুপ্রিয়া ওর স্বামীকে সঙ্গে নিয়ে এসেই হই-চই বাধিয়ে দিল, একি বউদি, তুমি আজও মাকে খাটাচ্ছ!
গলা শুনে বড়বউমা ছুটে এল, ওমা, এ আপনি কী করছেন?
চেঁচামেচি শুনে বড় ছেলে ধীরেন বারান্দায় নেমে এল, ছি-ছি, তোমরা কী! বাড়িতে এতগুলো বউ মেয়ে, আর মাকে আজকের দিনে হেঁসেলে ঢুকতে হচ্ছে। তোমাদের লজ্জিত হওয়া উচিত। এই কাজল, দিনকে দিন ধিঙ্গি হচ্ছ, একটু রান্নাঘরে গেলে কি মান যাবে? কাজলের গলা শোনা গেল, দিদাই তো আমাকে ঢুকতে মানা করেছে ওখানে। তুমি খামোকা আমাকে দোষ দিচ্ছ বাবা।
ছোটছেলে প্রাণেশ নিজের বউয়ের উদ্দেশে চেঁচাল, মাত্র এই কটা লোকের খাবার, তাতেও যদি মায়ের সাহায্য নিতে হয় তাহলে বলার কিছু নেই।
ব্যাপারটা এমন হচপচে হয়ে গেল যে ছোটবউ হাঁটুতে চোখ রাখল। প্রতিভা কী করবেন বুঝতে পারলেন না। তারপর ছোটবউয়ের কাঁধে হাত রেখে নিচু গলায় বললেন, একটা কথা বলি ছোট, পুরুষমানুষের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করবে। ওদের কথায় শুধু হুলই থাকে কিন্তু হুলে বিষ নেই। ওদের কথা শুনে কাঁদবে কেন বোকা মেয়ে!
বড়বউমা পাশে এসে বসল, আজকের দিনে মন খারাপ করিস না ছোট। ওদের কথাই ওইরকম। আর আপনিও কিছু মনে করবেন না মা, একটা দিন কাজ না করলেই কি নয়!
অতএব প্রতিভাকে উঠতে হল। বাইরে বেরিয়ে আসতেই দুই ছেলে নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে গেল জামাইদের নিয়ে। কাজল বলল, তোমার জন্যে খামেকা বাবার কাছে বকুনি খেলাম। প্রতিভা বললেন, আহা মাখনের পুতুল, গলে গেলেন! বলার ভঙ্গি দেখে কাজল পর্যন্ত হেসে উঠল।
সুপ্রিয়া এগিয়ে এল, একি মা, তুমি আজ নতুন শাড়ি পরোনি?
সুনীতা মায়ের দিকে তাকিয়ে রান্নাঘরে মুখ ফেরাল, সত্যি বড়, তোমরা এ বাড়িতে কী করতে আছ বুঝতে পারি না। আজকের দিনে মাকে পুরোনো কাপড় পরিয়ে রেখেছ!
প্রতিভা বলে উঠলেন, আরে কী যা-তা বলছিস! বউমা তো বলেছিল, আমি রাজি হইনি। এই বুড়ো বয়সে এমন আদেখলেপনা মানায় না।
কী যা-তা বলছ মা! সুনীতা প্রতিবাদ করল, স্বামী-স্ত্রী পঞ্চাশ বছর একসঙ্গে আছে, এরকম কটা ঘটনা চোখে পড়ে! আমাদের মতন ভাগ্যবান আর কে আছে বলো। এরকম দিনে আমরা একটু আনন্দ করব না!
এই সময় সুব্রত অপরেশের ঘর থেকে বেরিয়ে এল। এসে গলা তুলে বলল, না, না, এখন পুরোনো শাড়ি অঙ্গে থাক। আমার সব ব্যবস্থা হয়ে গেছে।
সুপ্রিয়া বলল, কী ব্যবস্থা?
সুব্রত জানাল, আমি চাকরি পেয়েছি বলে তোমরা খেতে চেয়েছিলে। তা সেই টাকাটা আমি অন্যভাবে খরচ করব আজ। দুই পিসি এবং মা কাকিমা, তোমরা পাঁচ মিনিটের জন্যে বাবার ঘরে এসো। ও, ওখানে তো সবাই আছে, ভালোই হয়েছে। একটা জরুরি আলোচনা সেরে নেওয়া। যাক। আর দিদা, তোমার হাজব্যান্ড তোমাকে ডাকছেন কিন্তু আমি বলেছি আজ বিকেলের আগে দেখা হবে না। কাজল, তুই দিদার কাছে থাক। দিদাকে আজ চা ছাড়া কিছু সলিড খেতে দিবি না।
কাজল বোধহয় বুঝেতে পেরেছিল, ছুটে এসে সে প্রতিভার দুহাত চেপে ধরল।
এরা যে এতটা করবে প্রতিভা বুঝতে পারেননি। একই সঙ্গে অস্বস্তি, সঙ্কোচ, এমনকী বেশ রাগও হচ্ছিল। রাগটা অপরেশের ওপর। ঘটা করে নাতি-নাতনিদের বলতে যাওয়া হয়েছিল! এখন উনি তো সেঁধিয়ে আছেন ঘরের কোণে। যত জ্বালা হয়েছে প্রতিভার। প্রতিভা বললেন, হাত ছাড় বাপু, আর পারি না।
কাজল চোখ পাকিয়ে বলল, যাবে কাথায়? উঁহুদাদুর ঘরে তোমার যাওয়া চলবে না। ঠিক আছে, তুমি এই ঘরে এসো।
প্রতিভা হাল ছেড়ে দিলেন। কাজল ওঁকে ওর ঘরে নিয়ে এল।
ইস, কী নোংরা করে রেখেছিস ঘরটাকে। এত বড় মেয়ে, একটুও লক্ষ্মীশ্রী নেই!
তোমাদের মতো অত পিটপিটুনি আমার ভালো লাগে না।
তাই বলে বাসি শাড়ি পেটিকোট চারধারে ছড়ানো থাকবে? বইগুলোর কী দশা!
ঠিক আছে, দশা তো দশা, তুমি এখানে চুপ করে বসো। কাজল দ্রুত হাতে বিছানাটা ঠিক করে বলল, তোমার বিয়ের বেনারসিটা এখনও তোলা আছে?
সঙ্গে-সঙ্গে সমস্ত জল যেন বরফ হয়ে গেল। প্রতিভার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাজল সেদিকে লক্ষ না করে বলল, ঠিক আছে, না থাকলে ম্যানেজ হয়ে যাবে। তুমি এখান থেকে নড়ো না, আমি ওদিকে কী হচ্ছে দেখে আসি।
কাজল বেরিয়ে যাওয়ার পর প্রতিভা খানিকক্ষণ চুপচাপ বসে থাকলেন। ওঁর বুকের ভেতর সেই চাপ কষ্টটা যেন ওজন বাড়াচ্ছিল। একী গেরোতে পড়লেন তিনি! পঞ্চাশ বছর পরে এদের খেলার সামগ্রী হতে হল! হ্যাঁ, বেনারসিটা এখনও যত্ন করে ভোলা আছে। পঞ্চাশ বছর আগে যেটা পরে তিনি অপরেশের সঙ্গে ট্রেনে উঠেছিলেন। কিন্তু বুকের মধ্যে উথাল-পাথাল শুরু হল প্রতিভার। এই ঘরে বেশিক্ষণ বসতে পারলেন না তিনি। পা টিপেটিপে দরজার কাছে এসে দেখলেন বারান্দা কিংবা উঠোন ফাঁকা। ওরা বোধহয় এখন ধীরেশের ঘরে।
বারান্দা পেরিয়ে নিজেদের ঘরে চলে এলেন প্রতিভা। নিজের বাড়ি নিজের বারান্দা তবু হাঁটতে অস্বস্তি হচ্ছে। দরজায় দাঁড়িয়ে দেখলেন অপরেশবিছানায় টানটান হয়ে শুয়ে আছেন, চোখ বোজা। বুকের ওপর খবর