
ইঁদুর – বুদ্ধদেব গুহ
বুদ্ধদেব গুহ
একটা ইঁদুর খাটের তলা থেকে দৌড়ে বেরিয়ে সোজা এসে সুধীনবাবুর ইজিচেয়ারের তলায় ঢুকলো।
তালতলার চটি থেকে পা-দুটো তাড়াতাড়ি চেয়ারের উপর তুললেন তিনি। তুলেই হাঁক দিলেন, দেবেন।
দেবেন ছিল না। থাকে না। কখনই ও আজকাল সময়মত থাকে না হাতের কাছে।
চেঁচামচি শুনে শ্যামা দৌড়ে এল, বলল, কী হল বাবু?
সুধীনবাবু ওকে দেখে পা-দুটো নামিয়ে ফেললেন। মুখে গাম্ভীর্য এনে বললেন, ইঁদুর।
শ্যামা অনেকদিনের লোক। মা, মানে সুধীনবাবুর স্ত্রী থাকতেই সে দশ বছর এ বাড়িতে কাজ করেছে। সুধীনবাবুর বড় ছেলে এবং মেজো ছেলের বাচ্চারা সবই শ্যামার হাতেই মানুষ। ওর শরীরে মায়াদয়া আছে—বয়সও হয়েছে—কপালের দু’পাশের চুলগুলো সব রুপোলি হয়ে গেছে। নিজেরও গেঁটে বাত ও ডায়াবেটিস-এর কারণে বাবুর দুঃখ ও একটু একটু বোঝে।
শ্যামা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইঁদুরই ত! ঘর থেকে যে বাঘ বেরোয়নি এই যথেষ্ট। কী অবস্থা করেছে দেবেন ঘরটার! আর বউদিদেরও বলিহারি যাই। বুড়ো শ্বশুরের দিকেও ত মানুষ একটু দেখে। নিজেদের ঘরও তেমনিই, কী নোংরা; কী নোংরা!
সুধীনবাবু কখনও পরনিন্দা পরচর্চা প্রশ্রয় দেননি। এখনও দেন না। চাপা ধমক দিলেন তিনি শ্যামাকে। বললেন, আঃ শ্যামা! যাও, নিজের কাজ করো। দেবেন এলে পাঠিয়ে দিও আমার কাছে।
শ্যামা গজগজ করতে করতে চলে গেল। সিঁড়ির কাছে গিয়েই শ্যামা চুপ করে গেল। বউদিরা কেউ তার বক্তৃতা শুনতে পেলে আর রক্ষা নেই।
সুধীনবাবুর চোখ দুটো ভারী হয়ে এল। তাঁর আপন বলতে যে একমাত্র মানুষটি ছিল সেই নীহারিকা চলে গেছেন দু বছর হল। যদিও নীহারিকা থাকাকালীন তিনি যে তাঁর এতখানি আপন এ-কথা পঁয়তাল্লিশ বছরের পারটনারশিপেও কখনও বুঝতে পারেননি সুধীনবাবু। দাবি করার, জোর খাটানোর, ঝগড়া করার মানুষ ঐ একজনই ছিল।
নীহারিকার ছবির দিকে তাকালেন একবার সুধীনবাবু। বড় ছেলে একটা অয়েল পেন্টিং করে এনেছে কাকে দিয়ে যেন অনেক পয়সা খরচ করে। বেঁচে থাকাকালীন সপ্তাহে একদিন ছেলে মা বলে ডাকেনি, কি মা-বাবার ঘরে আসেনি পর্যন্ত; আর মায়ের মৃত্যুর পর ছবি বাঁধিয়ে এনে ভালোবাসার পরাকাষ্ঠা দেখাচ্ছে!
মেজো ছেলে গত মৃত্যুদিনে কাগজের ফুলের একটা সাদা মালা এনে নীহারিকার ছবির গলায় পরিয়ে দিয়েছিল। এখন সে সাদা কাগজের ফুলের চেহারা হয়ে গেছে প্রায় রুদ্রাক্ষের মত—এত ধুলো পড়েছে যে ছবি ত দূরের কথা, মালাটাতেও হাত ছোঁওয়ানো যায় না। মানুষটা চলে গেছে বলে কি কাগজের মালা পরিয়ে তাকে অবহেলা করতে হয় এমন করে। ছেলে-বউরা কি রোজ একটা করে সাদা ফুলের মালাও নীহারিকার গলায় পরাতে পারে না? যে তাদের স্তন্যদায়িনী, যে কোলে কাঁখে করে মানুষ করল, যে সারা জীবনে একদিনও স্বামীর সঙ্গে সিনেমা দেখতে গেল না পাছে ছেলেমেয়েদের পড়াশুনার ক্ষতি হয়—সেই মানুষটাকে, জন্মদাত্রী, পরম শুভার্থী মাকেও ওরা এত তাড়াতাড়ি ভুলে গেল! ভেবে বড়ই কষ্ট পান সুধীনবাবু।
দেবেন এল। বলল, ডাকছিলেন?
সুধীনবাবুর কথা বলতে ইচ্ছে করল না। মুখে শুধু বললেন, ইঁদুর।
দেবেন ঘরে আসার আগেই শ্যামার মুখে শুনেছিল। বলল, আজ ইঁদুরের বিষ আনব। মজা টের পাবেন বাছাধনরা।
সুধীনবাবু আস্তে আস্তে বললেন, ঘরে ইঁদুরের চাষ করে তারপর বিষ দিয়ে মারা কেন? চাষটা বন্ধ করো না ঘরে।
তারপর বললেন, প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর।
সুধীনবাবু অভ্যেসবশেই বলে ফেললেন ইংরেজি। দেবেন ইংরেজিটা বুঝতে পারল না। বলল, ঝাড়ব ঘর। একা লোক চারদিকের কাজ সামলাতে পারি না। এই বড়দা ডাকল সিগারেট আনতে, মেজদা ডাকল পান আনতে, তাও ত ছোড়দারা এ বাড়িতে থাকে না। বাঁচোয়া। বউদিরাও কি কম ডাকাডাকি করে! শুধু আপনার একার কাজ করলে না হয় এসব ঠিক ঠিক করে রাখতাম।
এসব কথাতে সুধীনবাবু আজকাল সত্যিই বিরক্ত হন। এসব কথা শুনতে বা আলোচনা করতেও চান না তিনি। তাঁর একার কাজের জন্যে ত দেবেনকে অথবা বাড়ির কাউকেই রাখা হয়নি। তাই এসব কথা কোনো ছেলে বউয়ের কানে গেলে মিছিমিছি অশান্তিই বাড়বে। যতদিন নীহারিকা ছিলেন, তখন অন্য কথা। আজ তাঁর এই অবসরপ্রাপ্ত, কর্মহীন, অপ্রয়োজনীয় জীবনে এইরকম তুচ্ছ বিষয় নিয়ে অশান্তি ভালো লাগে না। একা ঘরে ইজিচেয়ারে বসে যতই অনাদর অবহেলা পান, ততই যেন অসহায়তায় চোখের কোল দুটো জ্বালা করে—নীহারিকার কথা মনে পড়ে।
এই বয়সে সকলেই একটু দেবদেবী গুরুটুরুর দিকে ঝোঁকে। সুধীনবাবুর ঐসব দুর্বলতা কখনও ছিল না। সুধীনবাবুর ধারণা যে, যারা জীবনে অনেকানেক অন্যায় করে তারাই শেষ জীবনে হঠাৎ ঠাকুরদেবতার শ্রীচরণে হুমড়ি খেয়ে পড়ে পাপস্খলন করতে চায়। না, সুধীনবাবু যৌবনেও ওসব করেননি, বার্ধক্যেও করবেন না।
সবচেয়ে মুশকিল হয় সময় নিয়ে। সময়ের ভার বড় ভার। যাঁরা বেশি বয়সে স্বামী হারান তাঁরা এতটা একা হয়ে পড়েন না, কারণ বিধবাদের পক্ষে সংসারের মধ্যে অনেকখানি সময় আদরেই হোক কি অনাদরেই হোক, কেটে যায়। কিন্তু বিপত্নীক পুরুষমানুষ সত্যিই বড় নির্জন। সময় তাঁদের বুকে পাথরের মত চেপে বসে। কিছুতেই নড়তে চায় না। বই পড়ে সময় কাটাতেন আগে আগে—এখন চোখও বিদ্রোহ করছে। দুটি চোখেই ছানি পড়েছে অথচ ম্যাচিওর করেনি যে কাটাবেন। সন্ধের পর টি ভি দেখে সময় কাটে। তবু শনি-রবিবার বাংলা হিন্দী সিনেমা যখন হয়, তখন আজকাল আর দেখেন না। ছেলে বউরা বন্ধুবান্ধব নিয়ে জমিয়ে বসে সিনেমা দেখে তাই হংসমধ্যে বকযথা হয়ে থাকতে খারাপ লাগে তাঁর। একদিন আড়াল থেকে শুনেছিলেন বড় বউ বলছিল কাউকে—বুড়োর রস কম নয়।
এসব শুনেও গায়ে মাখেন না বিশেষ সুধীনবাবু। মাখেন না এই কারণে যে, এ বাড়িটা তাঁর, তাঁর বাড়িতেই ছেলে বউ নাতিপুতিরা রয়েছে। এই বাজারে আলাদা আলাদা বাড়ি নিয়ে থাকতে হলে প্রত্যেকেই বুঝত। বড় সরকারি চাকরি করতেন বলে এখনও মাসে হাজার টাকা করে পেনসান পান উনি। তাছাড়া ফিকস্ড ডিপোজিটের সুদও আছে। নিজের কোনো ব্যাপারে ত তিনি পরের মুখাপেক্ষী ননই, উপরন্তু তিনিই ছেলেদের সংসারে প্রতি মাসেই নিজের সামর্থ্যের প্রায় সবটাই ঢেলে দেন। এ কারণেই, আর্থিক বিষয়ে কোনোরকম মানসিক দৈন্য কখনও বোধ করেননি। যতটুকু অবহেলা পান সুধীনবাবু তা নিছক জেনারেশান গ্যাপ ও নীহারিকার স্বার্থপরের মত আগে চলে যাওয়ার যুগপৎ দোষের ঘাড়ে চাপিয়ে দিয়েই নিশ্চিন্ত থাকেন।
টেলিফোনটা বাজছিল। টেলিফোনটা নিচের বসার ঘরে আছে। দোতলাতেও একটা একসটেনশান আছে। টেলিফোনটা বেজেই চলল অথচ কেউই ধরছে না। দেবেনটাই বা কোথায় গেল?
যখন কেউই ধরল না, তখন অগত্যা নিজেই উঠলেন। কোমরটা কনকন করে উঠল। ধীরে ধীরে গিয়ে রিসিভারটা তুললেন। ওপাশ থেকে মিষ্টির গলা ভেসে এল।
কে—এ—এ—দাদু?
সুধীনবাবুর মুখ-চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, হ্যাঁ দাদু। তোমার কী খবর?
—ভালো। ওপাশ থেকে পাঁচ বছরের মিষ্টি বলল।
—তুমি কবে আসবে আমাদের বাড়ি? সুধীনবাবু বললেন।
—আসবো না। আড়ি তোমার সঙ্গে।
সুধীনবাবু উদ্বিগ্ন গলায় বললেন, কেন? কেন? আড়ি কেন? কী করেছি আমি?
—তুমি আমাকে রথ কিনে দিলে না কেন? আজ না রথ! আমাদের বাড়ির দোতলার মিঠুকে ওর দিদা কিনে দিয়েছে। পাশের বাড়ির বুজুকে ওর বাবা কিনে দিয়েছে। আমাকে কেউ কিনে দিল না।
সুধীনবাবু বললেন, ঠিক ত। বড্ড ভুল হয়ে গেছে ত! ভেরি সরি। তোমাকে কালই কিনে দেব।
মিষ্টি বলল, কাল কিনলে কি হবে? রথ ত আজ হয়েই গেল।
সুধীনবাবু বললেন, তাতে কি? উল্টোরথের দিন টানবে।
—আচ্ছা। আশ্বস্ত হয়ে বলল মিষ্টি।
সুধীনবাবু বললেন, তোমার মা-বাবা কোথায়?
—পার্টিতে গেছে।
—তুমি একা আছ?
—না, বেলাদি আছে।
—তুমি খেয়েছ?
—না, খাব।
—কি খাবে?
—এই ভাত, পেঁপের তরকারি, আমার ত শরীর ভালো না। —ও জানো দাদু, দাদু, আজ না কাঁচকলার ঝুরি করবে রঘুদাদা। ঝুরি খেতে কি ভালো, না?
—হ্যাঁ হ্যাঁ খুব ভালো। সুধীনবাবু বললেন।
আজ থেকে দশ বছর আগে হলে এই কথার উত্তরে সুধীনবাবু হয়ত বলতেন, খুব ভালো। ঝুরি, ঝুড়ি ঝুড়ি খেতে ভালো।
তখন কত সহজে রসিকতা করতে পারতেন—কত আনন্দ ছিল মনে। আজকাল নিজের সবচেয়ে প্রিয় ছোট্ট একমাত্র নাতনীর সঙ্গেও রসিকতা করেন না তিনি।
তারপর বললেন, শোনো, আমি এক্ষুনি মেলায় যাচ্ছি তোমার জন্যে রথ কিনতে। তুমি কি আসবে এখানে? মেলায় যাবে আমার সঙ্গে?
—এখন? এখন কি করে যাব? এখন ত খাব। মা বকবে এখন গেলে। কার সঙ্গে যাব?
—ঠিক আছে। সুধীনবাবু বললেন।
তারপর বললেন, আজ রথ, তুমি পাঁপরভাজা খেয়েছিলে?
—পাঁপরভাজা? না ত। রথের দিনে বুঝি পাঁপরভাজা খেতে হয়?
—হয় ত। আমরা ত তাই-ই খেতাম ছোটবেলায়। তোমার দিদা থাকতেও। এবারে খাইনি।
—মা পাঁপরভাজা খেলে রাগ করে। বলে পেট আপসেট করবে।
—ও—ও। না, না। তাহলে খেও না।
—রেখে দি? মিষ্টি গলায় মিষ্টি বলল।
—আচ্ছা। সুধীনবাবু বললেন।
নাতনী রিসিভার নামিয়ে রাখল।
সুধীনবাবু ডাকলেন, দেবেন।
সাড়া নেই। আবারও ডাকলেন, দেবেন, অ্যাই দেবেন।
সাড়া নেই।
ঠাকুর সিঁড়ি দিয়ে উঠছিল ওপরে। বলল, দেবেনের সঙ্গে ত আমার রাস্তায় দেখা হল বাবু। দেবেন ত ঋষির দোকানে গেল—বউদিদের জন্যে ভেলপুরী কিনতে আর দই-বড়া।
ড্রাইভারকে ডাকো ত ঠাকুর—সে কি আছে? না চলে গেছে?
ড্রাইভার ত বড়দাকে নিয়ে বেরোল, বলছিল, নাখুদা মসজিদের কাছে যাবে—রয়্যাল না কি হোটেল আছে, সেখান থেকে বিরিয়ানি পোলাউ আসবে—বড়দার সমন্ধীরা খেতে আসছেন।
—ঠিক আছে। বললেন সুধীনবাবু।
তারপর আস্তে আস্তে ধুতিটা পরলেন। আলমারি খুলে হ্যাঙার থেকে এণ্ডির পাঞ্জাবিটা বের করলেন। ছাতাটা নিলেন। তারপর সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আজকাল তিনি বাড়ি থেকে বেরোলে কোথাই যাচ্ছেন, কখন ফিরবেন, এবং আদৌ ফিরবেন কি না তা জিগ্যেস করার লোক কেউ নেই। উনি ভাবেন, ভালোই হয়েছে। একেবারে মুক্তপুরুষ।
মেজো বউ বসবার ঘরে বসেছিল। বলল, গাড়ি ত দাদা নিয়ে গেছেন, গাড়ি ছাড়াই বেরোচ্ছেন বাবা?
—হ্যাঁ।
মেজো বউও আর কিছু বলল না, সুধীনবাবুও না।
সুধীনবাবু বুঝলেন যে মেজো বউয়ের তাঁর সম্বন্ধে যত না মাথাব্যথা, দাদাই যে গাড়িটা বেশি ব্যবহার করে এ কথাটা তাঁকে জানানোর উৎসাহ তার চেয়ে অনেক বেশি।
টিপটিপ করে বৃষ্টি পড়ছিল সকাল থেকে। তখনও পড়ছিল। ছাতাটা খুললেন তিনি। রথের দিনে প্রত্যেক বছরই বৃষ্টি হয়। সারা পথ কাদা প্যাচপ্যাচ করছে। হাঁটুতে এতই ব্যথা যে, পদ্মপুকুর হেঁটে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব। মোড়ে এসে রিকশা নিলেন। তারপর মেলায় পৌছে একটা রথ কিনলেন সাড়ে চার টাকা দিয়ে—জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের মূর্তিও কিনলেন।
ফেরার সময় একটা মিনিবাস আস্তে করে ধাক্কা দিল রিকশাটাকে। একটু হলে তিনি ও রিকশাওয়ালা দু’জনেই পড়ে যেতেন, কিন্তু পড়লেন না। রিকশায় চড়া মানে লোকের কাঁধে চড়া। যৌবনে কখনও সেজন্যে রিকশা চড়েননি তিনি। কিন্তু এখন নিজের পায়ের উপর আর কোনো জোর নেই বলে পরস্কন্ধারূঢ় হন নিরুপায়ে।
গাড়িটাও তাঁর নিজেরই। যেবার প্রথম ওভারহেড ভাল্ভ-এর অ্যামবাসাডর বেরুল সেবার কিনেছিলেন। আজ অনেক বছর হল। কণ্ডিশান এখনও ভালোই আছে। এক-হাতের গাড়ি ছিল। এখন ছেলেরাই চড়ে। ওরাই চাঁদা করে ড্রাইভার রেখেছে। ছেলেরা অবশ্য বলে, বাবা, যখনই আপনার দরকার একটু আগে বলে দেবেন, গাড়ি নিয়েই বেরোবেন। কিন্তু নিজের গাড়ি নিয়