Home
আরোগ্য

আরোগ্য

সমরেশ বসু

আরোগ্য

সমরেশ বসু
short story

Posted byশেষ নগরী17-May-2025

Change color

নটীর হাটের এই স্টেশনের সামনেটিতে দাঁড়িয়ে থাকি রোজ। সকালে-দুপুরে বিকেলে-সন্ধ্যায়-রাত্রে-মধ্যরাত্রে। কখনও সজ্ঞানে আসি, কখনও নিশির টানে। না এসে পারিনে।

নটীর হাট যেন এক অদৃশ্য পাঁচিলে ঘেরা, ছন্নছাড়া কোন এক আদ্যিকালের নগরী। সবই তার পুরনো, প্রায় প্রাচীনের পর্যায়ে গিয়ে পড়ে। বাড়ি ঘর, রাস্তাঘাট, তাবত বাসাড়ে-বাসিন্দে-অধিবাসী, মন্দির-বিগ্রহ-ধর্মশালা, সবই। নতুন উঠেছে যেগুলি, সেগুলি যেন পুরনো ছেঁড়া ধুলোমাখা কাগজের স্তূপে কয়েকখণ্ড নতুন কাগজ। চোখে পড়েও পড়ে না। বাসু পুরুতের গলিটি এখনও আছে ঠিক তেমনি। আছে তার শেওলা-ধরা, বেঁটে-খাটো নিচু একতলা দোতলা বাড়িগুলি, এবড়ো খেবড়ো রাস্তাটি, খোপে খোপে বংশ পরম্পরায় সেই শালিকেরা, আর সেই একই গোত্রের মেয়েরা, যাদের চেহারা ও নাম বদলায় প্রায়ই, দলে দলে যায় আর আসে। কিন্তু সন্ধ্যাকালে সবাই রং মাখে, সাজে, এসে দাঁড়ায় রাস্তার দরজায়। নটীর হাটের একেলে পৌরকর্তারা রাস্তাটির নাম করে দিয়েছেন সাহিত্য-সম্রাট-ভ্রাতা রোড। কেমন একটু কানে লাগে খট করে। কে সেই সাহিত্য-সম্রাট, কে তার ভ্রাতা কে জানে। ভ্রাতার নাম না থাকাটাও বড় বিচিত্র, কিন্তু এইটি বিশেষত্ব নটীর হাটের। কেননা, ও নামে তো কিছুই যায় আসে না, রাস্তাটা যে নটীর হাটের মজ্জায় মজ্জায় বাসু পুরুতেরই গলি। আর ঠিক এমনি গলি এত আছে নটীর হাটের এই সোয়া বর্গমাইলের চৌহদ্দিতে…যাক, প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি।



বছর ষাটেক আগেও পশ্চিমে গঙ্গাই ছিল নটীর হাটের সদর দেউড়ি। এখন এই স্টেশন। পুরনো সদর এখন খিড়কি-দোর। যত রাজ্যের যাওয়া আসা এখানে। শুধু শহর নয়, মনে হয়, স্টেশনের এখানটা যেন সেই অলক্ষিত পাঁচিল-ঘেরা নটীর হাটের সুউচ্চ সর্বোচ্চ চিলেকোঠাখানি। এখান থেকেই দেখা যায় নটীর হাটের সব অন্দর ও অন্ধকারের ঘটনা, শোনা যায় অস্ফুট সব কলকাকলি।


এই চিলেকোঠাখানি আমার খেলাঘর। এর অগুনতি ঘুলঘুলিতে আমি সকৌতুক অস্থির চোখ নিয়ে ছুটে বেড়াই। তার মধ্যে একটি ভুল সম্প্রতি ধরা পড়েছে। আমি অনুভব করেছি, এ শুধু আমার খেলাঘর নয়, আমার যত শিক্ষা গোড়া বাঁধার এটি একটি স্কুলও বটে।


জন্ম-মৃত্যু, বিবাহ-শ্রাদ্ধ, পাপ-পুণ্য, কলঙ্ক-অকলঙ্ক, নটীর হাটের যত প্রকাশ্য অপ্রকাশ্য ঘটনার ঢেউ শেষ পর্যন্ত আছড়ে এসে পড়ে এখানেই। স্টেশনের সামনে এই একশো দেড়শো গজের নানান ভিড়ের মধ্যেই। নটীর হাটের এই প্রবেশমুখে, যত চেনা-অচেনার যাওয়া আসার পথের ধারে।


ওই যে লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে বুড়ো মানুষটি চলেছেন, তাঁর শিখায় বাঁধা কাঠগোলাপ উড়িয়ে, উনিই হলেন নটীর হাটের চক্রবর্তীদের বারো শরিকের এখনকার দিনের সবচেয়ে প্রবীণ। আমার সঙ্গে দেখা হলেই বলেন, নটীর হাটের কথা বলছ তো? না, আমরা এখানকার সবচেয়ে পুরনো বাসিন্দে নই। রাম কুণ্ডুকে চেনো তো, এখানে যার সতেরখানা বাড়ি আছে? তাকে সব দিয়ে গেছে উলুপী বারুণী।…গদাই সাধুখাঁকে চেনো? যার সাতটা ইট কাঠের গোলা, পেট্রল পাম্প, সিনেমা আছে? সে পেয়েছে তার ঠাকুদার কাছ থেকে সৌরভীবালার সম্পত্তি। অধর পালকেও চেনো, লোহা আর সোনা দুই-ই তার অনেক। সে ভোগ করছে সুখদার দান। এই পাল কুণ্ডু সাধুখাঁদের দেশ নটীর হাট। অবিশ্যি সবাই পরের সম্পত্তিতে বড়লোক নয়, নিজেরও আছে অনেকের। ব্যবসাটা ওদেরই একচেটে।



কিন্তু ওই উলূপী বারুণী, সৌরভীবালা, সুখদারা কারা?


ওরা সেকেলে নটী, অর্থাৎ বেবুশ্যে। নটীর হাটের আদিবাসিনী। তবে শোনো, তখন সেই..


থাক, প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি আবার। যদি ওঁকে জিজ্ঞেস করা যায়, কিন্তু এত ব্রাহ্মণবসতি হল কী করে, ফোকলা দাঁতে হেসে বলেন, ধর্মের কলে।


উনি বেশি বলেননি। ধর্মের কলটা বাতাসে কিংবা আর কিছুতে নড়ছিল, সেটা ধরা পড়েছে, আমার চিলেকোঠার ঘুলঘুলিতে। তাহলে চক্রবর্তীদের ইতিহাস…


সেসব থাক। ওই ঘোড়ারগাড়ির ভুনু গাড়োয়ান যেদিন ওর আগুনের মতো ষোড়শী বউ ঝুনিয়াকে নিয়ে এল প্রথম…থাক সেসব।


ওই যে যাচ্ছেন ফণীন্দ্র ঘটক, তাঁর পরমাসুন্দরী সাত মেয়ের কথা…না, সেটি এখন নয়।


গজেন্দ্রগমনে যাচ্ছে পথের মাঝখান দিয়ে ধবধবে ফর্সা, মেদবহুলা বাড়িউলী সুখবালা, গোটা মালপোঁতা পাড়াটা ওর নিজেরই। ওর গায়ের ভাঁজে ভাঁজে আছে নটীর হাটের আদি ইতিকথা। তেরো বছরের মেয়ে যেদিন প্রথম এল…থাক, সেই অপ্রাসঙ্গিক কথাই এসে যাচ্ছে। তা হলে মালপোঁতা পাড়ার অজ্ঞাতকুলশীল শিরীশ কেমন করে কার্তিক হালদারের মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ল, সেকথাও বলতে হয়।



আর ওই যে যাচ্ছে সুধারাণী বন্দ্যোপাধ্যায়, নটীর হাটের হাল কলেজের ছাত্রী। ওর কিংবা অধ্যাপক ত্রৈলোক্যনাথ গুপ্ত কিংবা কৃষ্ণপ্রিয়া স্কুলের মাস্টার রেণুপদ নাথের জীবনবৃত্তান্ত সামান্য জিনিস নয়। কোনটা সামান্য!


নটীর হাটের এম এল এ অথবা শ্ৰমিক-নেতা, সাহেব-সাহেবকুঠি, ক্লাব, সাহেবদের পরকীয়া প্রবৃত্তি–কিছুই যাবে না ফেলা।


আমি তো আজকে এসব বলতে বসিনি। তবু যে বলতে হল, তার কারণ, বলব, তা নটীর হাটের বৃন্তছেঁড়া একটি কুসুমের মতো। তাই এত কথা।


আমার ঘুলঘুলি দিয়ে দেখতে পাচ্ছি অবনীকে। তার বিষয়ই হচ্ছে নটীর হাটের সবচেয়ে হালের ঘটনা। যে ঘটনা নিয়ে নটীর হাটে অনেক আলোড়ন হয়েছে। অবনীকে দেখলে এখনও যে আলোড়নের ছায়া লোকের চোখে ফুটে ওঠে।


স্টেশন থেকে নেমে, কোনওরকমে একটি টুথপেস্ট কিনে অবনী হন হন করে চলেছে বাড়ির দিকে। ওর চিনা বাড়ির চিকন মসৃণ মোটা সোলের চটিজুতোর শব্দ শুনলেই বোঝা যায়, খুশিতে ডগোমগো কুরঙ্গটা যেন লাফিয়ে লাফিয়ে চলেছে।


নটীর হাটের মধ্যে কয়েকটি বাছা সুন্দর দেখতে ছেলের মধ্যে ও একটি। চোখা নাক, টানা চোখ, রক্তাভ ঠোঁট আর ধবধবে ফর্সা রং, কিন্তু একেবারেই উন্নাসিকের মতো দেখায় না। মাথার চুল কোঁকড়ানো নয়, বড় বড় কয়েকটি ঢেউয়ে যেন একটি বিহ্বল অবসাদ চুলের বিন্যাসে। সেটিও বিচিত্র একটি সৌন্দর্য। এমনিতেই অবনী সুন্দর, তার উপরে নিপুণ হাতে টাই বেঁধে, কোট চাপিয়ে যখন বেরোয় ওর সেই সাবলীল ভঙ্গিতে, তখন পুরুষের ভিড়ে পুরুষ দেখেও তাকিয়ে থাকতে হয় একটুক্ষণ। ইংরেজিতে অনার্স নিয়ে সে বি-এ পাশ করেছে। তারপর তেইশ বছর বয়সেই একটা ভাল চাকরি পেয়ে গেছে বিলিতি মার্চেন্ট অফিসে।



আমি দেখছি, অবনী যাচ্ছে। দক্ষিণ দিকে খানিকটা গিয়ে বেঁকে গেল পুবে। তারপরে আবার দক্ষিণে, পুবে আবার, দাঁড়াল গিয়ে সেই বাড়িটার সামনে। সেই মান্ধাতার আমলের বাড়ি, প্রায় বিঘে দুয়েক জমি নিয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর উপরে। এ বাড়ির খ্যাতি শুধু নটীর হাটে নয়, সারা বঙ্গে। নাম বললে সবাই চিনি চিনি করে উঠবে, তাই পরিচয়টা চাপা থাক। অবনী এই বাড়ির বিখ্যাত বংশের ছেলে।


আমি ওকে আজ দেখছি, আরম্ভ করছি তিন বছর আগে থেকে। তখন চাকরি-জীবন শুরু হয়ে গেছে। তিন বছর আগে, সেদিনও সন্ধ্যাবেলা ঠিক এমনিভাবে এ বাড়ির সামনে এসে দাঁড়াল অবনী। থমকে দাঁড়াল সেকেলে বাড়িটার গজাল-মারা সদর-দেউড়ির সামনে। ইলেকট্রিক নেওয়া হয়েছে, তবু বাড়িটার গা থেকে পিদিম হ্যারিকেনের রেশ ঘুচতে চায় না। দেউড়ির আলোয় মনে হয়, গত শতাব্দীর ভূতুড়ে আলোটাই যেন জ্বলছে। সামনে পোড়ো উঠোন আর ঠাকুরদালান, ওখানটা অন্ধকার। পাঁচ শরিকের যাওয়া-আসার পথ তাই কেউ তার ভাগের সামান্য মিটার ওখানে খরচ করতে রাজি নয়। ছুঁচো ব্যাঙ ছাড়া সাপও থাকতে পারে, আছেও। তবু।


উঠোনের বাঁ দিকে যে ঘরগুলিতে আলো দেখা যায়, ওগুলি অবনীর বাবা মা ভাই বোন, সব মিলিয়ে সংসার ওদের, এখনও পুরনো বংশ হিসেবে খুবই জমাট।



অবনী থমকে দাঁড়াল। ওদিকটায় ও যেতে চায় না। কার্তিক মাসের হেমন্ত-জ্যোৎস্নায় এখনও কোথায় শরতের সোনার আভাস রয়ে গেছে একটু তার উপরে হৈমন্তিক কুয়াশা কুহকের একটু রেশ নির্বাক কৌতুকে রয়েছে চেয়ে। যেন পোড়ো উঠোন আর ঠাকুরদালানে ঘাপটি মেরে বসে আছে কারা আলো-আঁধারিতে।


অবনী যেতে চায়, ওদের ঘরগুলি পেরিয়ে, ন-জ্যাঠামশায়ের পরিত্যক্ত মহলটায়। কিন্তু ঘরের লোক দেখে ফেলে, সেই ভয়। উঠোনে ঢুকে বাঁদিকের উপরে ওঠার সিঁড়ি। কিন্তু ভাঙা। উপরে এখন আর মানুষ ওঠে না। যে-কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে হুড়মুড় করে। এই ভাঙা সিঁড়ি দিয়ে উঠে, একটি চোরা সিঁড়ি আছে পিছনের মহলে যাবার। কিন্তু…


এগিয়ে গেল অবনী পা টিপে টিপে। পায়ের চাপে সিঁড়িগুলিই দুরু দুরু করে, কিংবা ধুক ধুক করে নিজের বুক, ঠিক ধরতে পারে না অবনী। অন্ধকারে হাতড়ে হাতড়ে, সবে মাত্র চোরা সিঁড়ির শেষ ধাপটায় এসেছে। এমন সময় অস্ফুট আর্তনাদ শুনে থমকে গেল। দেখল, সামনাসামনি দাঁড়িয়ে ভয়ে জড়োসড়ো ললনা। চিনতে ভুল হয়নি, তাই।


অবনী তাড়াতাড়ি বলল, আমি, ললনা, আমি অবনী।



ললনা কাঁপছিল। আর একটি শীৎকার দিয়ে ও অবনীর বুকের কাছে ঘেঁষে এসে ত্রাস-ফিসফিস গলায় বলল, মা গো! কী ভয় পেয়েছিলুম। এখানে কী করে এলে?


ওধারের পুরনো সিঁড়ি দিয়ে।


কী সর্বনাশ। যদি সাপ খোপ—


ললনার কথার উপরেই অবনী ঠোঁট চেপে দিল।


ললনা বলল, এত ভয় কীসের যে, এমন খারাপ পথ দিয়ে এলে?


অবনী বলল, মার চোখে যে সন্দেহটা দেখা দিয়েছে, সেটা চাপা দেবার জন্য। সামনে দিয়ে এসে তোমাদের দোর ঠেলতে হবে না। ভাববে, তবু ছেলেটা একদিন ললনাদের ওদিকে যাওয়া কামাই দিয়েছে।


ভয় ছিল না ললনার বাবা-মাকে। ওরা এ-বাড়ির লোক নয়, দুর্গতির দায়ে কলকাতা থেকে এসে আশ্রয় নিয়েছে আজ ছ মাস। অবনীর ন-জ্যাঠামশাইরা প্রায় দু-পুরুষ ধরে আছেন কলকাতায়। নটীর হাট থেকে মুছে গেছেন তাঁরা। কিন্তু শরিকানার ভাগটুকু খালি রাখতে হয়েছে। এখন এসে আশ্রয় নিয়েছেন ন-জ্যাঠামশায়ের ভায়রাভাই, অর্থাৎ ললনার বাবা। ভদ্রলোক নিজের জীবনটা মামলার বাজি খেলে হেরে গেছেন নিজের জ্ঞাতিগোষ্ঠীর কাছে। সব হারিয়ে এসেছেন, আর কাকাও নয়, ভায়রাভাইয়ের পোড়োভিটায়। ইতিমধ্যেই নটীর হাটের মার্কেটে বেশ খাপ খাইয়ে নিয়েছেন নিজেকে। মনে হয়, ঠিক নটীর হাটের আদিবাসিন্দা যেন। প্রায় প্রতিদিনই নানান পার্টির সঙ্গে যান। মহকুমা আদালতে, সাক্ষী হিসেবে। হক কথা না বলুন যুধিষ্ঠিরের বিকিকিনির হাটে বিকোচ্ছেন মন্দ নয়।



সে কথা যাক। ভদ্রলোকের কিছু না থাক, রূপ ছিল ঘরে একরাশ। নিজের মধ্যবয়সী স্ত্রী থেকে তিন মেয়ে সব কটি শুধু রূপ নয়, অপরূপ। একটা ভয়ঙ্কর সর্বনাশের মতো, যেন বৈশাখের তপ্ত বাতাসে শিয়রে রাখা অগ্নিশিখা। অবনীর মায়ের মনের কথায়–পোড়োবাড়িটায় যেন কতগুলি নাগিনী ঘুরছে কিলবিল করে।


আমি আমার চিলেকোঠার ঘুলঘুলি থেকে দেখতে পাই, নটীর হাটের যত বাদলাপোকাগুলি পড়ন্তবেলায় যায় অবনীদের নির্জন পাড়াটায়। দেখে ভাবি বাদলাপোকা শুধু আগুনে পোড়ে না, সুযোগ পেলে তাদের সাপেও সাপটে দেয় টপাটপ।


ওই একরাশ রূপের একটি বড় মেয়ে ললনা। অবনীর পাশে, একটি সুদৃশ্য সোনার হারের সুন্দর লকেটের মতো। সুগৌরী, একহারা, কিন্তু একটি আশ্চর্য ধার ওর দেহলাবণ্যে। খর চোখে দীপ্ত দুটি তারা। যেদিকে চায়, সেখানেই দাগ দিয়ে দেয় একটু। কিন্তু রক্তাভ ঠোঁট দুটি কেমন যেন বিলিতি পুতুলের মতো বিহ্বল আবেগে ফুলো ফুলো। প্রথম যেদিন চোখে পড়ল, দাগ পড়ে গেল অবনীর বুকে। তারপর শেকড় গাড়তে গাড়তে, জড়িয়ে ধরল আষ্টেপৃষ্ঠে।


ললনার বাবা মা এসব দেখেও দেখেননি। কিন্তু দেখতে ভোলেননি অবনীর বাবা মা, ভাই বোন, আরও পাঁচ শরিকের খুড়ো-জ্যাঠা-দাদারা। প্রথমে কানাকানি, তারপরে ফিসফাস, তারও পরে গুঞ্জন। কিন্তু এই দু-বিঘে পুরনো বাড়িটার ভিতরেই যত। পারিবারিক ব্যাপারটা কেউ বাইরে টেনে নিয়ে গেল না।



অবনী একটু সাবধান হওয়ার চেষ্টা করল। তাই অন্ধকারে, ভাঙা পরিত্যক্ত চোরা সিঁড়ি দিয়ে, গোখরোর খোলস মাড়িয়ে এই দুঃসাহসিক অভিসার।


.


সেটাও ধরা পড়ে গেল। আন্দোলন উঠল সারা বাড়িতে।

**********
No Review
Related Books
Loading books…