দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে। একটু আগে আমি বাসের পা-দানিতে ঠেলে-ঠুলে উঠলাম, তারপর নিরেট জমাট ভিড়ের ভিতরে আমি এ-বগল সে-বগলের তলা দিয়ে, এর-ওর পায়ের ফোকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটেএত দূর চলে এসেছি। বাসের রডগুলো বড় উঁচুতে—আমি বেঁটে মানুষ—অত দূর নাগাল পাই না। আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দিই। বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায...