
অসমাপিকা
বুদ্ধদেব গুহ
দুস শালা! এ কী কেলো রে! পড়াশুনো, ম্যাথামেটিক্স-ফেটিক্স হল না বলেই তো গান-বাজনার লাইনে এলাম। কিন্তু এখানেও দেখি হেভি ঝামেলা রে।
অর্ক বলল।
জন্মেচ কীমরেচ। পালাবে কোতা? দৌড়োতে পারো গুরু, কিন্তু যত জোরেই দৌড়োও-না কেন গুরু, লুকোতে পারবে না। এই ধরাধামে লুকোনোর ব্যবস্থা নেই।
মেরজাপ বলল অর্ককে।
আজ যেন কী পড়াবেন প্রফেসার চাটুজ্জে?
—শ্রুতি।
বলিস কী? শ্রুতি স্যাডোলিকারের গান শুনেছি। তৈরি গলা। অনেক দিন আগেকার দিনের ছাত্রছাত্রীদের তো শ্রুতিই সম্বল ছিল—যখন গুরু-শিষ্য পরম্পরাতে গান শিখত মানুষে। শ্রুতি আবার পড়াবে কী চির?
—অ্যাই! চির বলিসনি।
—কেন?
—কেন মানে?
—গুরুর নাম জানিস না? বাঁদরামো হচ্চে? চিরকুমার চাটুজ্জে।
সে যাই হোক গে যাক। অতবড়ো নাম কে বলবে এ যুগে। এখন কম্পুর যুগ। ই-মেল-এর যুগ। এখন মানুষেরা সেকেণ্ডকে বলে সেক। ইকনমিকসকে বলে ইকো, পলিটিক্যাল সাইন্সকে পল সাইন্স, দিল্লি স্কুল অফ ইকনমিকসকে বলে ডি স্কুল। সময় কোথা? সময় নষ্ট করবার।
তা হোক গে যাক। আমি চিরকে চিরই বলব। হ্যাঁ কুমারই বটে। হাজার কুমারীকে ভেনে দিয়ে নিজে এখনও কুমার।
অ্যাই অর্ক। এরকম ভাষা ব্যবহার করবি না। তোর লজ্জা করে না? তুই ক্লাসিক্যাল মিউজিকের ক্যাপসুল কোর্সে ভরতি হয়েছিস, মা সরস্বতীর কৃপাধন্য হতে চলেছিস, আর তোর মুখে এ কেমন রকবাজদের আর মোটর মেরামতির কারখানা-মিস্ত্রিদের ভাষা।
—ভাষা দিয়ে কিস্যু হয় না। ভাষ্যই আসল। আর…..
কথা বলতে বলতে ওরা পৌঁছে গেল যাদবপুরে চিরকুমার চাটুজ্জের বাড়িতে। নিজের বাড়ি প্রফেসরের। একতলাতে গান শেখাবার মস্ত হল। ঘরজোড়া কার্পেট পাতা। তবে কার্পেটের যেখানে-সেখানে গুরুর বিড়ালনি ‘মুরকি’ হিসি করে করে আর কার্পেটের কার্পেটত্ব রাখেনি। বেড়ালের হিসির গন্ধ আর বেড়ালের চুলের গন্ধ পৃথিবীর কোনো ধূপের গন্ধই মারতে পারে না।
দরজার সামনেই জুতো-চটি-কাবলি সব ছাড়া রয়েছে। ক্লাস শুরু হয়ে গেছে। দরজাতে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতেই অর্কর চোখ পড়ল নবাগতার দিকে। একটি হলুদ তাঁতের শাড়ি আর কালো ব্লাউজ পরে গুরুর পায়ের কাছেই বসে আছে সে। চমৎকার কালো কোঁকড়া চুল, কালো ব্লাউজে হলুদ লেসের ফ্রিল দেওয়া।
অর্ক মেরজাপের কানে কানে ফিসফিস করে বলল, এই মালটি কে গুরু।
মেরজাপ নীচুগলাতে বলল, চুপ কর।
প্রফেসার চিরকুমার কথা থামিয়ে ওদের দিকে চেয়ে বললেন, সময়ে কেন আসেন না? আপনাদের জন্য তো আমি শুরু করতে পারি না গান অথবা ক্লাস।
না না, তা কেন করবেন স্যার? ঢাকুরিয়া ব্রিজের কাছের বড়োহলে আজ মিস পুনপুনের নাচ আছে। কী জ্যাম! কী বলব। লোক ঠেলে ঠেলে কোনোরকমে এল বাস।
ঠিক আছে। এখন বসে পড়ুন। বই-খাতা আনেননি?
আপনি তো ‘মহামায়া’ স্টোর থেকে এক্সারসাইজ বুক কিনতে বলেছিলেন স্যার। অন্য দোকান থেকে কিনলে যে চলবে না। তা ওদের খাতা সব শেষ তাই কিনতে পারলাম না।
—তবে?
—এই তো মিস পুনপুনের নাচের প্যামপ্লেটের পেছনে লিখে নেব।
হারমনিয়াম কেনা কি হয়েছে?
প্রফেসার চিরকুমার বললেন।
অর্ক বলল, না স্যার।
—কেন?
—বড্ড দাম স্যার। সাড়ে সাত হাজার টাকা। বাবার কাছে চাইতে গেলাম। বললেন, বাড়ি থেকে বার করে দেব।
—আপনার বাবা কী করেন?
—মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
—বাবাকে বলুন একটা হাপর কিনে দিতে। কামারের হাপর। আর কী বলব। আর আপনি মেরজাপবাবু?
স্যার আমি কিনতে গেছিলাম কিন্তু স্টকে নেই। চাপরাশিবাবু বললেন যে, আপনার সব ছাত্র-ছাত্রীকে উনি সাপ্লাই করছেন হারমোনিয়াম। তা হারমোনিয়াম তো আর টেপাকল নয় যে, ডাবু ধরবেন আর ঢালাই করে দেবেন। সুরের যন্ত্র, সময় লাগবে। অত তাড়াতাড়ি অত হারমোনিয়াম বানানো সম্ভব নয়। এটা হাওড়ার ঢালাই কারখানা নয়।
—তাই বললেন?
—হ্যাঁ স্যার।
—ঠিক আছে। পরের দিন অন্য দোকানের নাম বলে দেব।
বলেই বললেন, আচ্ছা তোমরা সকলে আমার লেখা বইটি কি কিনেছ?
ছাত্র-ছাত্রীদের মধ্যে দু-জন সমস্বরে বললেন, কোন বইটি স্যার।
আরে আমার লেখা বই আবার ক-টা আছে। এই তো প্রথম বই।
—ও হ্যাঁ। হ্যাঁ। উচ্চাঙ্গ সংগীতের ধারা। নিত্যানন্দ পাবলিকেশনের বই তো।
অনেকে বলল, কিনেছি। অনেকে বলে উঠল, কিনে উঠতে পারিনি স্যার, বড্ড দাম।
কিনলে ক্লাস ফলো করতে খুব সুবিধা হত। তারপর দার্শনিকের মতো মুখ করে মাথা তুলে বললেন, উচ্চাঙ্গ সংগীত ব্যাপারটাই যে দামি। নিম্নাঙ্গ সংগীত শিখলেই পারতে।
একটি চোদ্দো-পনেরো বছরের পাকা ছেলে, ধুতি-পাঞ্জাবি পরা, তালতলার শুঁড়অলা চটি পায়ে দিয়ে একটি মার্সিডিজ গাড়ি করে গান শিখতে আসে প্রতি শনি-রবি। খুবই বড়োলোকের ছেলে এবং সেই বড়োলোকিটা লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করে না সে। চিরকুমার বলেন যে, সংগীত রিসার্চ অ্যাকাডেমির ‘খুরাম’ আর আমার ‘সিরাজউল’। দু-জনেই প্রডিজি। ছেলেটির নাম সিরাজুল ভট্টাচার্যি। একসময় মুসলমানদের যেমন হিন্দু নাম রাখার ফ্যাশান ছিল এখন হয়েছে হিন্দুদের মুসলমান নাম রাখার ফ্যাশান। নিজেদের হিন্দু বলে পরিচয় দিতেও বড়ো লজ্জা করে আজকাল বাঙালি হিন্দুদের। তাই মুসলমানি দাক্ষিণ্য পাওয়ার জন্য তাদের মধ্যে অনেকেই মুসলমানি নাম রাখা আরম্ভ করেছে।
সে হাত তুলে বলল, আমি কিনেছি। কিন্তু আমার বাবা বইটা নেড়ে-চেড়ে দেখে বললেন ফলস বই। তোদের গুরুভাই-বোন ছাড়া আর কেউ কিনবে না এই বই। এইসব না করে ক্লাসের মাইনে বাড়িয়ে দিলেই তো পারে তোর গুরু।
আর একজন ছাত্র বলল, হারমোনিয়াম দোকানের চাপরাশিবাবু বললেন, একটি হারমোনিয়ামে আমার তো মাত্র থাকে সাড়ে চার হাজার টাকা, বাকি তিন হাজার টাকা তো চিরকুমারবাবুই নিয়ে নেন কমিশন বাবদ। সাড়ে চার হাজারে তো লাভ সাড়ে চার আনাও থাকে না। অথচ একটা হারমোনিয়াম বানাতে সময় লাগে কত? তা ছাড়া এ কি রথের মেলার বাঁশি, যে এক মুখ দিয়ে ফুঁ দেবে আর অন্য মুখ দিয়ে আওয়াজ বেরোবে।
চিরকুমারবাবুর পেছনে দু-জন তানপুরা নিয়ে বসে ছিল কিন্তু সুর দিচ্ছিল না, কারণ এখন থিয়োরি ক্লাস হচ্ছে। পাশে রুপোর কাজ করা হারমোনিয়াম সামনে নিয়ে বসে হারমোনিয়াম বাদক ভিরাপ্পান নাইডু। তার আবার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মতো ভিজিটিং কার্ড আছে। নতুন ছাত্র-ছাত্রী এলেই একটা করে ধরিয়ে দেন। এস. এস. ভিরাপ্পান নাইডু এন. এম. এইচ. পি. অ্যাণ্ড এ. পি. ও. আই.। ভদ্রলোক হারমোনিয়ামের সামনে বসেই নিজের মনে হাসেন, নানারকম মুখভঙ্গি করেন, শিশুরা যেমন দেয়ালা করে। হয়তো মাথার গোলমাল আছে, নয়তো আইনস্টাইনের মতো জিনিয়াস। তাঁর ডিগ্রির তাৎপর্য এখানে আর কেউই জানে না, তিনি নিজে ছাড়া। মেরজাপ মুখুজ্জে পুরোনো এবং তালেবর ছাত্র বলে এবং নাইডুকে মাসে মাসে সে ‘মিউজিক ক্যাপসুল’-এর যাবতীয় খবর সাপ্লাই করার জন্য মাসোহারা দেয় বলেই নাইডুর ডিগ্রিগুলোর তাৎপর্য জানতে পেরেছে। অর্ক মেরজাপের কাছেই জানতে পেরেছিল এন.এম.এইচ.পি-র মানে হল নন-ম্যাট্রিক হারমোনিয়াম প্লেয়ার। আর এ. পি. ও. আই. হচ্চে, অলসো প্লেজ আদার ইনস্ট্রুমেন্টস।
চির স্যার বললেন, অনেক আজেবাজে কথা হয়েছে আজ। বিশেষ করে সিরাজুল তোমাকে বলছি, বাড়িতে সহবত শেখো। আজ তোমাদের ‘শ্রুতি’ সম্বন্ধে বলব।
আমার বাবাই তো বললেন বইটি ফলস। আমার বাবা নিজে বিষ্ণুপুর ঘরানার গাইয়ে। তিনি তো আর আজকালকার ভুঁইফোঁড় মাল-ছড়ানো পয়সাওয়ালা, শাল জড়ানো বোদ্ধা নন।
চুপ করো সিরাজুল। বিহেভ। তোমাকে আমি রাস্টিকেট করে দেব আমার ইউনিভার্সিটি থেকে। তোমাকে বাড়িতে মা-বাবা কি কিছুই শেখান না?
স্যার, বাবা আর মা নিজেরাই সব শিখে উঠতে পারেননি এখনও? তাই আমাকে শেখাবেন কী করে। তা ছাড়া তাঁরা নিজেরা যার যার জগৎ নিয়ে এতই ব্যস্ত থাকেন যে, আমার সঙ্গে দেখা-টেখাই হয় না বিশেষ। সহবত আর শেখাবেন কী করে।
ঠিক আছে তোমার ভাবনা তোমার মা-বাবাই ভাবুন। এইরকম দুর্বিনয়ী ছাত্রর গান-বাজনা হয় না—তার যতই গুণ থাকুক-না-কেন? হ্যাঁ এবারে শোনো। এবং নোটস নাও, যারা খাতা এনেছ।
আগের দিন যা বলেছি তারপর থেকে শুরু করি। সাতটি প্রকৃত স্বর এবং পাঁচটি বিকৃত স্বর মিলিয়ে মোট স্বরের সংখ্যা হয় ১২টি।
আগেকার দিনে, এ দেশে মুসলমানিরাজ প্রতিষ্ঠিত হওয়ার আগে, তার মানে ধরো থার্টিন্থ সেঞ্চুরির আগে ক্লাসিক্যাল মিউজিকের জগতে শুদ্ধ বিকৃত স্বরগুলি অন্যভাবে বিচার করা হত। তখন এই শ্রুতি অর্থাৎ ‘শ্রুতি’ নামক স্বরের অত্যন্ত সূঞ্জ সব অংশ দিয়েই স্বরের শুদ্ধি বা বিকৃতি ঠিক করা হত। তাতে রাগরাগিণীতে ব্যবহৃত স্বরগুলির চেহারা পরিষ্কার হত আর রাগরাগিণীকে সঠিকভাবে প্রকাশ করাও সহজ হত।
একটু থেমে চিরস্যার বললেন, তারপর মুসলিম প্রভাব যখন পুরোপুরি এল, তখন মুসলিম গুণীরা আমাদের প্রাচীন ভারতের স্বর ও শ্রুতির সম্পর্কে বুঝতে না পেরে উপরোক্ত ১২টি স্বরের প্রচলন করেন। ওই ১২টি স্বর ছিল মুসলিম গুণীদের দেশীয় স্বর। কিংবা বলতে পারো পারসিয়ান স্বর। তাতে স্বরের সূঞ্জ অংশ বোঝা যায় না বলেই, সংগীত শাস্ত্রীদের, গুণীদের কাছ থেকে সূঞ্জ স্বরের প্রয়োগ বিশেষ যত্নের সঙ্গে শিখে নিতে হয় এবং কঠোরভাবে অনুশীলন করতে হয়। প্রথম যারা গান শিখতে আসছে, মানে শিক্ষাজীবনের প্রথম দিকে, ওই বারোটি স্বর খুবই উপযুক্ত। কিন্তু পরবর্তীকালে স্বরের সূঞ্জ অংশ সম্বন্ধে বিশেষ ধারণা গড়ে তুলতে না পারলে রাগসংগীত কখনোই শেখা হয়ে উঠবে না।
আমাদের প্রাচীন সংগীতকার সেই মুনিঋষি আচার্য সংগীত নায়কদের এইসব রাগরাগিণী এবং তাদের অ্যাপ্লিকেশন সম্বন্ধে ফাণ্ডা ছিল অসাধারণ। তারপরে ইণ্ডিয়াতে মুসলমানেরা এসে মৌরসিপাট্টা গেড়ে বসার পরে অনেক হিন্দু সংগীতকারেরা ফোর্সিবলি ধর্মান্তরিত হওয়ার ভয়ে এখানে-ওখানে পালিয়ে গেলেন। কিছু আবার পরিচয় গোপন করে নির্জন জায়গাতে পাহাড়ের জঙ্গলে বসবাস করতে লাগলেন। এর ফলে ইণ্ডিয়াতে প্রকৃত সংগীতশাস্ত্র ক্রমে ক্রমে হারিয়ে তো যায়ই, সাধারণের কাছে ধীরে ধীরে দুর্বোধ্য হয়ে পড়ে। নতুন এক হাইব্রিড তাইচুঙ্গ-এর মতো সংগীতশাস্ত্রর জন্ম হল, তার নাম হল ‘ঠাটবাদ’ এবং ‘মেলবাদ’।
অর্ক ফিসফিস করে বলল, কী হেভি ফাণ্ডা মাইরি!
মেরজাপ বলল, তব্বে! আমি কি আর তোকে বেজায়গাতে এনেছি।
এই নতুন শাস্ত্রের সঙ্গে কিন্তু প্রাচীন শাস্ত্রের বিশেষ রিলেশন নেই। নর্থ ইণ্ডিয়া, সাউথ ইণ্ডিয়াতে এখন এই ঠাটবাদী স্কুলেরই রবরবা।
এই জন্যই কি স্যার যেসব ক্রিয়াসিদ্ধ গায়কেরা আছেন তাঁরা বলেন যে, ক্ল্যাসিকাল মিউজিকের থিয়োরিটিকাল ও প্র্যাকটিকাল দিক আলাদা?
—এগজ্যাক্টলি।
—বা:। তোমার নাম কী?
নীল টপ ও ফেডেড জিন্স পরা মেয়েটি বলল, নীলি।
—তোমাদের বাড়িতে বুঝি ক্ল্যাসিকাল মিউজিকের চর্চা আছে?
নীল সপ্রতিভ হলেও অত-জন ছেলে-মেয়ে ওর মুখের দিকে চেয়ে আছে তা বুঝতে পেরে মুখ একটু নামিয়ে নিয়ে বলল, তা আছে। তবে এসব কথা আমি একটি বই থেকে জেনেছি।
—বই? কী বই? তুমি আমার ‘উচ্চাঙ্গ সংগীতের ধারা’ কিনেছ বুঝি?
—এখনও কিনিনি।
—তবে? এ কোন বই?
—শাস্ত্রীয় সংগীত পরিচয়। ড. প্রদীপকুমার ঘোষের লেখা।
একটি লম্বা-চওড়া ছেলে, দেখলে মনে হয় পিট্টুতে চ্যাম্পিয়ান, উঠে দাঁড়িয়ে বলল, আমিও পড়েছিলাম