
অর্জুন এবং চাইনিজ সিগারেট
সমরেশ মজুমদার
কাল রাত্রে পর পর কয়েকটা বোমা বিকট শব্দে ফেটেছিল। শহরের এদিকটায় যাঁরা বাস করেন, যেমন সেনপাড়া, হাকিমপাড়া বা আদালত এলাকার মানুষ ওই শব্দের সঙ্গে জন্ম ইস্তক পরিচিত। শুকনো খটখটে তিস্তায় যখন বালি ওড়ে, কাশের জঙ্গল যখন মাথাচাড়া দেয়, নদীর ধারা যখন শীর্ণ থেকে শীর্ণতর হয়ে আসে, তখন পাহাড়ে বৃষ্টি নামলেও সমতলের আকাশে এক ফোঁটা মেঘ দেখা যায় না। এইরকম সময়ে আগাম জানান না দিয়ে আচমকা মধ্যরাতে তিস্তার শুকনো পাঁজরা ফাটিয়ে বোমার বিকট আওয়াজ উঠে আসে। শহরের তিন পাড়ার মানুষ জানে, কাল ভোর ভোর অন্ধকারে যাঁরা তিস্তার ধার ঘেঁষে বেড়াতে যাবেন, তাঁরা দেখতে পাবেন তিস্তার ওপরের বালির স্তর ভিজে গেছে, বাতাসের দাপটও তাকে ওড়াতে পারছে না। তারপর যত বেলা বাড়বে, বালির নীচ দিয়ে চুঁইয়ে আসা জল ওপরে উঠে আসবে। গত রাতে বালির নীচে জমে থাকা বাতাস যা গ্যাসের মতো চেপেছিল, তা চুঁইয়ে আসা জলের চাপে ঊর্ধ্বমুখী হতেই বালির স্তর ফেটে বোমার বিকট শব্দ তৈরি করেছিল।
কিন্তু প্রতি বছরের এই অভিজ্ঞতার সঙ্গে এবছর প্রাতঃভ্রমণকারীরা কোনো মিল দেখতে পেলেন না। তিস্তার বুকে এই ভোরেও শুকনো বালি উড়ছে, কাশগাছগুলো নির্বিকার দুলছে। কোথাও বালি ভিজে যায়নি। শুধু তিস্তার গায়ে সরকারি বাড়িটা যা বাতিল হয়ে পড়েছিল, যার জানলা দরজা প্রয়োজন পড়ায় মানুষ গোপনে খুলে নিয়ে গিয়েছিল, যার একপাশে মাঠ আর অন্যপাশে তিস্তা, তা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এতদিন দোতলা করার পরিকল্পনায় তৈরি পরিত্যক্ত বাড়িটিতে কেউ কেউ ভূতের আস্তানা ভেবে এড়িয়ে যেত। উঠতি বয়সের ছোকরারা যার আড়ালে গিয়ে সিগারেট খাওয়া রপ্ত করত, সেটা শুধু ইটবালির স্তূপ হয়েই থাকেনি, তার ভেতর থেকে মানুষের শরীরের অংশবিশেষ বাইরে বেরিয়ে এসেছে।
আতঙ্ক ছড়াল। বাতাসের আগে পৌঁছে গেল সরকারের কানে। পুলিশের গাড়ি ছুটে এল, জেলাশাসক, এসপি—ও। কর্ডন করে বাড়িটিকে জনতার আওতা থেকে আলাদা করে দেওয়া হল। সকালটা আচমকাই ছুটির সকাল হয়ে গেল শহরবাসীর কাছে। সবাই দু’চোখ মেলে দেখতে চায়, ওরা কারা, যারা ইটের তলায় চাপা পড়ে আছে?
একটা দুটো নয়, চার—চারটে শরীর যা এখন লাশ হয়ে গেছে। পুলিশ ধ্বংসস্তূপ ঘেঁটে বের করল। কারওর হাত উড়ে গেছে, কারওর মাথা। কিন্তু পরনের পোশাক বলছে সেগুলো কমদামি নয়।
গাড়িতে চাপিয়ে তাদের নিয়ে পুলিশ চলে যাওয়ার পর ভিড় পাতলা হতে লাগল। তারপর নানান ভাবনা ছড়িয়ে পড়ল শহরের মানুষগুলোর মনে। ওরা কারা? কী করছিল ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে? মধ্যরাত্রে যে—বোমা ফাটার বিকট শব্দ হয়েছিল, সেটা নিশ্চয়ই ওই বাড়ি থেকে বের হয়েছিল। তাহলে কি তারা সন্ত্রাসবাদী! ওই বাড়িতে বসে এই শহরটাকে ধ্বংস করতে চেয়েছিল অথবা তার প্রস্তুতি নিচ্ছিল?
পুলিশের বোম স্কোয়াড এল একটু বেলা করে। ঘিরে রাখা বাড়িটার ভেতরে খুঁজতে গিয়ে আবার একটা বোমা ফাটল, যার শব্দে আতঙ্কিত তখনও দাঁড়িয়ে থাকা কিছু দর্শক দে দৌড় দিল। বোমায় অতি ক্ষুদ্র অংশের আঘাতে বোম স্কোয়াডের একজন কর্মী আঘাত পেলেন ; উপযুক্ত রক্ষাব্যবস্থা থাকায় তা গুরুতর হয়নি। কিন্তু তাঁকে হাসপাতালে পাঠাতে হল।
বিকেল নাগাদ পুলিশ ধ্বংসস্তূপ যাচাই করে একটা বড় টিনের ট্রাঙ্কে যে—অস্ত্র সম্ভারের দর্শন পেল, তা দেখে তাদের চোখ বিস্ফারিত। এত আধুনিক অস্ত্র পুলিশের অনেকেই এর আগে দ্যাখেনি, ব্যবহার করার কৌশল তাই জানার কথা নয়।
দেশ—বিদেশের টিভি চ্যানেল, কাগজের সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়ল। টিভিতে বাড়িটির ছবি বারংবার দেখানো হল। বলা হচ্ছিল, যেসব মৃতদের মর্গে নিয়ে রাখা হয়েছে, তাদের পরিচয় এখনও জানা যায়নি। এদের কারওর পকেটে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে এদের সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়। পুলিশ সূত্রে বেসরকারিভাবে জানা গিয়েছে, ওই চারজনের একজনের পকেটে এক প্যাকেট চাইনিজ সিগারেট ছিল।
সিগারেট খাওয়ার চল এই অঞ্চলে আগের থেকে অনেক কমে গিয়েছে। দাম লাগামছাড়া বলে নিম্নবিত্ত ও বিত্তহীনরা বিড়ি খেয়ে নেশা মেটায়। দামি বিদেশি সিগারেট কিনতে হলে বড় দোকানে ঢুঁ মারতে হয়। এককালে কিছু চিনে সিগারেট নেপালের ধূলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে আসত। হংকং মার্কেটে পাওয়া যেত। বোধ হয় চাহিদা নেই বলেই চিনে সিগারেট এই অঞ্চলের বাজার গুটিয়ে নিয়েছে।
সেই সিগারেটের প্যাকেট মৃত লোকটির পকেটে পাওয়া গেল কী করে? স্কচ হুইস্কি যে খায়, সে স্কটল্যান্ডে গিয়ে খাওয়া শিখেছে এমন ধারণা অতি মূর্খও করবে না, তাই চিনে সিগারেট পকেটে পাওয়া গিয়েছে বলে লোকটা চিনে গিয়েছিল তা পুলিশ ভাবছিল না।
কিন্তু স্থানীয় পুলিশের ওপর নির্ভর করতে চাইল না জাতীয় সরকার। তারা তাদের প্রশিক্ষিত দল পাঠাল জলপাইগুড়িতে। তারা দেখল, উদ্ধার করা অস্ত্রের গা থেকে সযত্নে লেখাগুলো মুছে ফেলা হয়েছে যাতে ওগুলো কোথায় তৈরি হয়েছে বোঝা না যায়। কিন্তু ওদের অভিজ্ঞতা থেকে ওরা বুঝল, অস্ত্রগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। যে—বোমাগুলো ফেটেছিল, তা ব্যবহার করার উপযুক্ত শিক্ষা না থাকায় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওই দুর্ঘটনা না ঘটলে যা অস্ত্র ছিল, তা দিয়ে জলপাইগুড়ি শহরের অর্ধেকটা গুঁড়িয়ে দেওয়া সম্ভব হত।
ঘটনার পর তৃতীয় রাত্রে আবার বোমা ফাটার বিকট শব্দ শুনতে পেয়ে শহরের লোক ভয়ে ঘরের বাইরে এল না। সশস্ত্র পুলিশ, জাতীয় বাহিনীর লোকজন রাত্রেই ছুটে গেল তিস্তার পাড়ে। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা তিস্তার বুকে আলো ফেলে অবাক হয়ে দেখল, ওপরের বালি ভিজে চপ চপ করছে। সকাল হতেই তিরতিরিয়ে জল উঠে এল ওপরে। শুকনো বালির মরা খাত জলে টলমল করতে লাগল। কোথাও কোনো ধ্বংসস্তূপ নেই। স্থানীয় মানুষ জানাল, ওই শব্দ তিস্তার বুক থেকে উঠে এসেছিল, প্রতি বছর যা হয়।
ভারতে জয়গাঁ আর ভুটানের ফুন্টশোলিং বর্ডার পোস্ট থেকে অনুমতিপত্র নিয়ে সারাদিন ধরে বাসে চেপে রাজধানী থিম্পু বা পারোতে যাওয়া যায়। বিদেশি টুরিস্টরা যাঁরা বিমানে যান না, তাঁরা এই পথেই যাতায়াত করেন। কিন্তু থিম্পু বা পারো নয়, ফুন্টশোলিং ছাড়িয়ে পাহাড়ে ওঠার সময় এমনসব জায়গা দিয়ে যেতে হয় যার প্রচার তেমনভাবে হয়নি। এইরকম একটা জায়গার নাম চাপসা।
নামটা অর্জুন জেনেছিল অমল সোমের চিঠি পড়ে। দীর্ঘদিন অমল সোম বাইরে বাইরে ঘুরছেন। পাহাড় তাঁর প্রিয় জায়গা। মাঝে দু’তিন সপ্তাহের জন্যে জলপাইগুড়ির হাকিমপাড়ার বাড়িতে আসেন। তখন অর্জুনের সঙ্গে দু’বেলা দেখা হয়। অমলদা এখন ভুটানে। হাইওয়ে থেকে এক মাইল ভেতরে যে—বাংলোয় তিনি থাকেন, তার মালিক ভুটানের রাজার পিসি। বৃদ্ধা মহিলা অমলদাকে খুব পছন্দ করেন। তাঁর অনুরোধেই অমলদা এই বছর ওই বাংলোতে আছেন। অমলদা লিখেছিলেন, ‘চলে এসো অর্জুন, জায়গাটা তোমার ভালো লাগবে। রাজার পিসির বাংলো, ঘরের অভাব নেই। কাজের লোক দূরত্ব রেখে সেবার জন্যে তৎপর। এসো, দিনকয়েক থেকে যাও। তবে একটাই শর্ত, সকালে ব্রেকফাস্টের সময় এক ঘণ্টা আর বিকেলে চা পানের সময় ছাড়া আমাকে কথা বলতে বাধ্য করবে না।’
মাকে বলতেই অনুমতি পাওয়া গিয়েছিল। জলপাইগুড়ির কদমতলা থেকে বাসে উঠে বীরপাড়া—হাসিমারা হয়ে সোজা জয়গাঁতে গিয়ে নেমেছিল। জয়গাঁ অবাঙালি ব্যবসায়ীদের জায়গা। বেশ নোংরা। কিন্তু সীমান্তের গেট পেরিয়ে ভেতরে পা দিলেই ফুন্টশোলিং দেখে চোখ জুড়িয়ে যায়। ওখান থেকে নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ফোটোকপি জমা দিয়ে আবেদন করলে ভুটানে যাওয়ার অনুমতি পাওয়া যায়। অর্জুন থিম্পু বা ভুটানে বেড়াতে যাচ্ছে না। ভুটানের রাজার পিসির বাংলোয় যাচ্ছে শুনে অফিসাররা সানন্দে অনুমতি দিয়ে দিলেন।
ওখান থেকেই বাসে উঠল অর্জুন। সীমান্তের কাছাকাছি ভারতীয় অঞ্চলের বাজারে ভুটানের টাকা স্বচ্ছন্দে চলে। বেআইনি ব্যাপার হলেও কোনো ব্যবস্থা সরকার নেয় না। বাসের ভাড়া ভারতীয় টাকায় দেওয়া সত্ত্বেও কিছু টাকা অর্জুন ভাঙিয়ে ভুটানি টাকা করে নিয়েছিল।
বাস ছাড়ার আগে অর্জুন জেনে নিয়েছিল, ফুন্টশোলিং থেকে চাপসার দূরত্ব প্রায় আটানব্বই কিলোমিটার। পাহাড়ি পথ। পৌঁছতে অন্তত চার ঘণ্টার একটু বেশি সময় লাগবে। চাপসার আগে পড়বে তিনটে ছোট শহর। গেদু, চুখা, ব্যান্ডেল। এতটা সময় চুপচাপ বসে না থেকে ঘুমিয়ে নেওয়াই ভালো। অর্জুন বাসের যাত্রীদের দিকে তাকাল। বেশিরভাগই ভুটানের মানুষ। তারা বসে আছে চুপচাপ। যত বকবকানি কয়েকজন বাঙালি টুরিস্টের মুখে। থিম্পুতে কী কী বিদেশি জিনিস কিনতে পাওয়া যায়, তাই নিয়ে তিনজন জোরে জোরে আলোচনা করছিল। একজন জল ঢালতে চাইল—’দূর, আমেরিকান বা জাপানি মাল ওখানে পাবি না। যা পাবি তা আসে চিন থেকে। চিনা হুইস্কির চেয়ে ইন্ডিয়ান হুইস্কি অনেক ভালো। চিনের সিগারেট খুব কড়া।’
সঙ্গীদের একজন বলল, ‘তুই তো কখনও ভুটানে আসিসনি—’
‘তাতে কী হয়েছে? যারা গেছে তাদের কাছে শুনেছি।’
অর্জুন চোখ বন্ধ করল।
ব্যান্ডেল পার হতেই শীত শীত অনুভূতি হতেই চোখ খুলল সে। ব্যাগ থেকে জ্যাকেট বের করে পরার পরে আরাম হল। একটু পরে দূরে বরফে ঢাকা পাহাড়ের চুড়োগুলো দেখতে পেল। চাপসায় নেমে পড়ল সে বাস থেকে। বেশ খিদে পেয়েছিল। অমল সোমের কাছে পৌঁছতে এক মাইল হাঁটতে হবে। অর্জুন চারপাশে তাকিয়ে খাবারের দোকানটা দেখতে পেল। ভেতরে ঢুকে জানতে চাইল চিকেন মোমো পাওয়া যাবে কিনা! ভুটানি মহিলা একগাল হেসে বললেন, ‘অবশ্যই যাবে। আর আপনাকে জানিয়ে রাখি, আজ আমার ফার্মের চিকেনই মোমোতে খেতে পারবেন।’
কাঠের চেয়ার টেবিলে আরও কয়েকজন বসে ভাত আর মাংসের ঝোল খাচ্ছিল। একটু দূরত্বে বসে অর্জুন জিজ্ঞাসা করল, ‘আচ্ছা, রাজার পিসির বাংলোতে কোন রাস্তা দিয়ে যাব?’
মহিলার কপালে ভাঁজ পড়ল। তারপর জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি সাধু সাহেবের সঙ্গে দেখা করবেন?’
‘সাধু সাহেব? না—না। ওখানে অমলদা আছেন, অমল সোম, উনি আমার গুরু বলতে পারেন।’ অর্জুন বলল।
মহিলা বললেন, ‘ওখানে যিনি আছেন, তিনি তো সাধুর মতো জীবনযাপন করেন। আবার বিকেলে কোট টাই পরে বাংলোর সামনে হাঁটেন। যারা ওই বাংলোতে চাকরি করে তারা বলে, উনি কারওর সঙ্গে কথা বলেন না। খুব জরুরি হলে সকালে আর বিকেলে দেখা করতে পারেন। তাই আমরা ওঁর নাম দিয়েছি সাধু সাহেব।’
অর্জুন বুঝতে পারল, মহিলা অমলদার কথাই বলছেন।
মোমোটা মোটেই সুস্বাদু ছিল না। কিন্তু দাম বেশি নয়। খাওয়ার পর মহিলা যে—পথ দেখিয়ে দিলেন, সেই পথে হাঁটতে শুরু করল অর্জুন।
খানিক বাদে ঘরবাড়ি ছাড়িয়ে জঙ্গুলে পাহাড়ি পথ ধরতে হল। তবে কাঁচা নয়। রাস্তাটা যত্নে পিচ দিয়ে বাঁধানো, যদিও বেশি চওড়া নয়। এখন প্রায় বিকেল। গাছে গাছে প্রচুর পাখি ডাকছে। বাঁ দিকটায় খাদ থাকায় দূরের বরফমাখা পাহাড়গুলো চমৎকার দেখাচ্ছে। শেষসূর্যের রোদে তাদের রূপ যেন আরও খুলে গিয়েছে। অমলদা এরকম জায়গা ছেড়ে জলপাইগুড়িতে কেন থাকতে চাইবেন! বড় বড় পাইন আর দেবদারু গাছের পাশ দিয়ে যাওয়ার সময় অর্জুনের মনে হল, ওইসব গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ তাকে লক্ষ করছে। একটা পাথর তুলে জঙ্গলে ছুড়তেই যে—প্রাণীটিকে এক পলকের জন্যে সে দেখতে পেল, তাকে বাইসন বলেই মনে হল। খুব উঁচুতে নয়, তবু পাহাড় বটেই, এই উচ্চচতায় বাইসন থাকে কিনা তা জানে না অর্জুন।
শেষপর্যন্ত পিচের পথ যেখানে শেষ হয়ে গেল, সেখানে বড় লোহার গেট। গেটের দু’পাশ দিয়ে পাঁচিল চলে গিয়েছে দু’দিকে। ভেতরের দোতলা বাংলোর ছাদ গেটের বাইরে থেকে দেখা যাচ্ছে। অর্জুন গেটের গায়ে পৌঁছে দেখল, ভেতর থেকে তালা দেওয়া রয়েছে।
সে শব্দ করার আগেই একজন ভুটানি কর্মচারী ছুটে এল। গেটের ওপাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, ‘আপকা নাম?’
‘অর্জুন’
সঙ্গে সঙ্গে লোকটা কপালে আঙুল ছুঁইয়ে হেসে তালা খুলতে খুলতে বলল, ‘আইয়ে সাব।’
ভেতরে ঢুকল অর্জুন। সুন্দর ফুলের বাগান, সাজানো লন।