
অভিশপ্ত
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল।
বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকোয় উঠলুম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে-গুজবে সময় কাটতে লাগল।
সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হল। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল।
সন্ধ্যা হবার সঙ্গেসঙ্গে আমরা বড়ো নদী ছেড়ে একটা খালে পড়লুম; শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ করে নোয়াখালির উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগল। অপরিসর খালের দু-ধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড়ো বড়ো মাঠ। শটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলুম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোটো ছোটো খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, দশ-পনেরো মাইল দক্ষিণ-পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হল। খালের দু-পাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল। এ অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড়ো বড়ো হোগলা গাছ।
আমার সঙ্গী বললেন— এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে। এসব জঙ্গলে…বুঝলেন না?
তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেড়িয়েছিলেন— সেইসব গল্প।
রাত প্রায় বারোটার কাছাকাছি হল।
মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল— বাবু, একটু এগিয়ে গিয়ে বড়ো নদী পড়বে। এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারব না। এখানেই নৌকো রাখি।
নৌকো সেদিকে বাঁধা হল। এদিকে বড়ো বড়ো গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দু-ধারেই অন্ধকার ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম— মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর ওপর?
সঙ্গী বললেন— না পড়লেই আশ্চর্য হব!
শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন— আসুন একটু শোয়া যাক। ঘুম তো হবে না, আর ঘুমোনো ঠিকও না; আসুন একটু চোখ বুজে থাকি।
খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন, মাঝিও জেগে আছে বলে মনে হল না; ভাবলুম, তবে আমিই-বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম।
তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন-ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, গ্রামোফোন না। অন্ধকারে হিজল হিন্তাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চকণ্ঠে আর্ত-করুণ সুরে কী বলছে। খানিকটা শুনে মনে হল সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেই ভাবের। মনে হল যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে এল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কী। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হল, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙেবিচির মতন কালো। বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাধছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়াঝোপে একপ্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে।
ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি। আবার ভাবলুম বেচারিরা ঘুমুচ্ছে, ডেকে কী হবে; তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত-করুণ ঝিঁঝিপোকার রবের মতো তীক্ষ্নস্বর, তিরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল— ওগো, নৌকোযাত্রীরা, তোমরা কারা যাচ্ছ— আমাদের ওঠাও ওঠাও— আমাদের বাঁচাও!…
নৌকোর মাঝি ধড়মড় করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম— মশাই, ও মশাই উঠুন উঠুন!
মাঝি আমার কাছে ঘেঁষে এল, ভয়ে তার গলার স্বর কাঁপছিল। বললে— আল্লা! আল্লা! শুনতে পেয়েছেন বাবু!
সঙ্গী উঠে জিজ্ঞাসা করলেন— কী, কী মশাই? ডাকলেন কেন? কোনো জানোয়ার-টানোয়ার নাকি?
আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন।
তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারিদিক আবার চুপ; ভাটার জল নৌকোর তলায় বেধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল।
সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন— এটা কী তবে—
মাঝি বললে— হ্যাঁ বাবু, বাঁয়েই কীর্তিপাশার গড়।
সঙ্গী বললে— তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন? বেকুব কোথাকার!
মাঝি বললে— তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু! ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার জো ছিল না।
কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম— কী মশাই, কী ব্যাপার? আপনি কিছু জানেন নাকি?
ভয়ে যতো না-হোক, বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলুম। সঙ্গী বললেন— ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জ্বাল। আলো জ্বেলে বসে থাকা যাক, রাত এখনও ঢের।
মাঝিকে বললুম— তুই শব্দটা শুনতে পেয়েছিলি?
সে বললে— হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল! আমি আরও দু-বার নৌকো বেয়ে যেতে ও ডাক শুনেছি।
সঙ্গী বললেন— এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে, শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়; সেইটে আপনাকে বলি শুনুন।
তারপর ধূমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম।
.
তিন-শো বছর আগেকার কাহিনি। মুনিম খাঁ গৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন বারোভুঁইয়ার দুই প্রতাপশালী ভুঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ। মসনদ-ই আলির খুব প্রতাপ। মেঘনার মোহানার বাইরে সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পোর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষণে শ্যেনপক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম বনজঙ্গল ছিল না। এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তাঁর সুদৃঢ় দুর্গ ছিল, মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তাঁর অধীনে সৈন্যসামন্ত, কামান, যুদ্ধের কোশা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পোর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্যে এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হত। এ বনের পশ্চিমধার দিয়ে তখন আর একটা খাল বড়ো নদীতে পড়ত; বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তাঁর রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল, যে তাঁর অন্তঃপুরে একবার না-একবার ঢুকেছে। তা ছাড়া তিনি নিজেও একপ্রকার জলদস্যু ছিলেন। তাঁর নিজের অনেকগুলো বড়ো ছিপ ছিল। আশপাশের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রী-কন্যা লুটপাট করা রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হত। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এঁরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে, তাঁর তরুণ-বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ রায় তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সি ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তাঁর রাজ্যে দিন কতকের জন্যে বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চক্ষে দেখতে লাগলেন। দু-এক দিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ-বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎচঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীরপ্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন, হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নীচেই তাজ চাপা আছে। যদিও এর আগেও তিনি বালিশের নীচে খুঁজেছেন। তাঁর প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচ বার হারিয়ে গেল, আবার পাঁচ বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগল, যা কোনোকালেই তাম্বুলের উপকরণ নয়। তরলমস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না-পেরে অত্যাচারজর্জরিত নারায়ণ রায় ঠিক করলেন, তাঁর বন্ধুর স্ত্রী-টি ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন— দু-দিনের জন্যে এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছো, ও আর কখনো এখানে আসবে না।
দিন কয়েক এরকমে কাটার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কী করে বসে সেই ভয়ে, দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজরায় উঠে হা