
অক্টোপাস
সমরেশ মজুমদার
এই মেঘ অসময়ের। তবু দু-দুটো দিন এঁটুলির মতো লেগে আছে আকাশের গায়ে। অভিরাম ভেবেছিল ঝড়ো বাতাস নুনের ছিটে দেবে। কিন্তু দুটো দিনরাত কাটল, কেটেই গেল।
যে কোনও মুহূর্তেই মেঘগুলো জল হয়ে নামতে পারে। ব্যস, তাহলে আর রক্ষে নেই। সব গেল। এ যেন সব পাট চুকিয়ে নিশ্চিন্ত হওয়া বুড়ি মেয়েছেলেদের শরীরে নতুন আঁচড় পড়ার মতো ব্যাপার। ঝরেও ঝরে না জল, শুধু খটাং-খটাং শব্দ বাজে মেঘের হাড়ে-হাড়ে। যৌবনের কাঠঠোকরা বড় মারাত্মক। ঠুকে-ঠুকে ঠোঁট ভোঁতা তবু অভ্যেস মরে না।
তাঁবুর বাইরে দাঁড়িয়ে অভিরাম। চারপাশের জঙ্গলটাও থম মেরে আছে। মেঘ দেখলেই, গাছের পাতা অসাড় হলেই পাখিগুলোর গলা পালটিয়ে যায়। জঙ্গলের শরীরে কালো রং লাগে, সেই রং বোধহয় পাখিদের শ্বাসে মাখামাখি হয়। তিনযুগ হয়ে গেল এই ভারতবর্ষের জঙ্গলে কেটে গেল অভিরামের, চরিত্র বোঝা এখনও হয়ে উঠল না। লোকে বলে মেয়েমানুষের মন নাকি দেবতারাও জানে না, হয়তো কিন্তু একটা সোমথ জঙ্গলের মন চরিত্র বোঝ দেখি কেমন হিম্মত?
পুরুষ্টু টাকের মতো কিছুটা খোলা জমি, তার একদিকে অভিরামের তাঁবু। ওপাশে চালার নিচে আগুন জ্বলে, রান্না হয়। ছয়জন মানুষ খায়-দায়-শোয়। রাত্রে নেশা করে, দিনে পরিশ্রম। গুনতিটা ঠিক হল না। ছয়জনের মধ্যে দুজন এখন ব্যতিক্রম। সম্পূর্ণ সন্ন্যাসীর জীবন তাদের। ঠিক মধ্যিখানে একটা কাটা গাছের গুঁড়িতে শেকলে বাঁধা হীরামতি। এখন ওদের সর্বাঙ্গে কাদা মাখা। শুকিয়ে সাদা হয়ে গেছে, চাপড়া বেঁধে ছড়িয়ে আছে এখানে ওখানে। ওদের বয়স হয়েছে, বেশ বয়স। অভিরামের কাছেই রয়ে গেছে অনেক বছর। এখন ওদের নাড়ি-নক্ষত্র তার জানা। হাতি দুটোও অভিরামের মনের কথা টের পেয়ে যায় বেশ।
অভিরাম ও-দুটোর পাশে এসে দাঁড়াতেই খুঁড়জোড়া তাকে ছুঁয়ে গেল। পায়ে শেকল বাঁধা কিন্তু ঘুরতে ফিরতে অসুবিধে নেই। জোড়া হাতি অভিরামের শরীরে আদর ছড়িয়ে দিয়ে শব্দ করল। যেন নিশ্বাসে জানাল, বয়েস হয়ে গিয়েছে গো, তোমার এবং আমাদেরও। এই পুরুষ এবং স্ত্রী হাতি দুটো অনেককাল একসঙ্গে রয়েছে। অথচ এদের সন্তান আসেনি। ওরা আজকাল শুধু জাবর কাটতেই ভালোবাসে। কাজ না থাকলে হাঁটু মুড়ে ঝিমোয়। কাছাকাছি থাকা ছাড়া পরস্পর সম্পর্কে কোনও আকর্ষণ নেই। দুটো পাথরের মতো, চলন্ত পাথর।
পাকা দাড়িতে হাত বোলায় অভিরাম। কোনও মেয়েছেলের শরীরে এই জীবনে যাওয়া হয়নি। আজকাল যাওয়ার ইচ্ছেটাই হয় না। শরীরের ভেতরে যে শরীর আছে তার মুখ ঠিক ব্রহ্মার মতো। একটা মুখে লোভ চটচট করে, দ্বিতীয়টায় লকলকে খিদে। যা কিছু খাওয়া যায় তাই গেলো, পেটে না যাওয়া পর্যন্ত স্বস্তি নেই। পেটে গেলেও তা যেতে না যেতেই খিদে। তৃতীয় মুখে অহঙ্কারের লাল লোহা টঙ হয়ে থাকে। একটু জলের ছিটে লাগলেই ছ্যাঁক শব্দ। আর এখন চতুর্থ মুখের জিভ শুকিয়েছে, দাঁত নড়বড়ে। তার খাঁজে খাঁজে যে সুড়ঙ্গ তাতে ভয়ের বাসা। যদি সামান্য চাপেই ঝরে যায়! ন্যাংটো মাড়ি নিয়ে পালিয়ে আসা মানে নিজের অক্ষমতা পাঁচজনকে চোখে আঙুল দিয়ে দেখানো। কি লাভ তাতে? ফলে অভিরামের চতুর্থ মুখের ভেতরটা শুকিয়ে কাঠ, ঠোঁট দুটো টসটসে হাসিতে ভিজিয়ে রাখাই সার। দুহাতে দুটো গঁড় জড়িয়ে ধরল অভিরাম, আর দুটো বছর, দুটো বছর তোরা আমার সঙ্গে থাক। অন্তত গোটাচারেক বাচ্চা বিক্রি করতে দে। তারপর তোদের ছুটি, আমারও। যৌবনটা গেল, কখন এল টেরই পেলাম না।
এই একটা ভাবনায় স্থির হয়ে রয়েছে অভিরাম। আর দুটো বছর। তারপর ছুটি। এই জঙ্গলের শরীর থেকে বিদায় নিয়ে চলে যাবে কোথাও। কোথায়–সেইটে ঠিক নেই, তবে যাবে। জঙ্গলও তো মেয়েছেলে, বলা যায় গরম মেয়েছেলে, যতক্ষণ তার সঙ্গে তাল ঠুকতে পারবে সে রাখবে। যেই তুমি কমজোরি হলে তো তোমার পায়ের তলার মাটি সরল। তখন সরে যাওয়া ভালো। কিন্তু মুশকিল হল, এতদিনের যৌবনবেলা একসঙ্গে কাটিয়ে এই জঙ্গল বুকের গভীরে ঢুকে কখন যে সব যাওয়ার জায়গাগুলো ঢেকে দিয়েছে অন্ধকারে! বিষ, বিষের নেশার মতন। কিন্তু আর নয়। দু বছরে আরও কিছু টাকা জমিয়ে পালাবে এখান থেকে। কোনও শহর কিংবা গাঁয়ে গিয়ে পায়ের ওপর পা তুলে বাকি দিনগুলো খরচ করবে।
সরকারি ইজারা নেওয়া আছে। প্রতি বছর হাতি ধরে দিতে হবে। বুড়ো-হাবড়া নয়, টাটকা কিশোর। বিনিময়ে টাকা পাওয়া যাবে, অঙ্কটা যদিও মোটেই ভালো নয় কিন্তু তাই বা কে দেয়! হাতি ধরা অভিরামের পেশা। ডুয়ার্সের এই বিশাল জঙ্গল এলাকায় আজকাল হাতি থিকথিক করে। কিন্তু তাদের ধরতে যাও, তোমার চৌদ্দপুরুষের শিরদাঁড়া ভেঙে দেবে ওরা। চোরা। শিকারিরা আসে ওদের মেরে দাঁত চুরি করতে। সরকারি প্রহরীরা গুলি ছুঁড়তে পারে না ওরা বেয়াদপি করলেও। অথচ হাতিগুলো সংখ্যায় বাড়ছে। আগে ওরা বেড়াতে যেত বার্মায়। জঙ্গলে জঙ্গলে চমৎকার পথ ছিল। কিন্তু সেই পথ এখন বন্ধ। মানুষগুলো গাছ কেটে পথ হাওয়া করে দিয়েছে। ফলে এই একই জায়গায় ঘোরাফেরা। সারা বছর এই জঙ্গলে তাই খাবার জোটে না হাতির, দলবেঁধে বেরিয়ে হামলা করে তাই আশেপাশের গাঁয়ে, চা-বাগানে। লুটপাট করে, মানুষও মারে। যত দিন যাচ্ছে তত মানুষের ওপর অত্যাচার করতে ভালোবাসছে ওরা। মানুষের সবরকম প্রতিরোধের ছলাকলা ওরা জেনে ফেলেছে আজকাল। ইলেকট্রিক তারকে পর্যন্ত ভয়। পায় না, গাছের ডাল ছুঁড়ে-ছুঁড়ে তার ছিঁড়ে পথ করে নেয়।
এই হাতিদের ধরতে কম পরিশ্রম আর বুদ্ধির দরকার! তাও এলোপাথাড়ি ধরলেই চলবে না, কাউকে আহত করাও চলবে না। দল থেকে টাটকা কিশোর খুঁজে ধরে নিয়ে আসতে হবে, এ যেন সাপের মুখের ভেতর হাত ঢুকিয়ে বিষের থলি সরিয়ে নেওয়ার মতো ব্যাপার। টাকাটা ওরা মুখ দেখে দিচ্ছে না, আর এই কাজটাই করতে হয় অভিরামকে। একটাও গুলি না ছুঁড়ে, এক ফোঁটা রক্তপাত না করে হাতির বাচ্চাকে দল থেকে বের করে নিয়ে এসে সরকারের হাতে তুলে দিতে হয় আর এই কাজের সহায়ক চালার নিচে বসে থাকা কজন মানুষ আর দীর্ঘকালের পোষা হাতি দুটো।
অভিরাম চালাটার দিকে তাকাল। লোকগুলো রান্নাবান্নার আয়োজন করছে। পরনে ঢলঢলে হাফ প্যান্ট, খালি গা। ওরা আসে ভুটানের একটা পাহাড়ি গ্রাম থেকে। ওই গ্রামের মানুষগুলোর জন্মই যেন হাতির সঙ্গে পাল্লা দিতে। কলজে থেকে যেটা জন্মমাত্র ঝরিয়ে ফেলে তার নাম ভয়। এত সাহসী এবং বিনয়ী মানুষ কোথাও দ্যাখেনি অভিরাম, দুপুরুষ ধরে ওদের চেনে সে। শাসন। করলে শাসিত হয়। হুকুম ওদের কাছে শেষ কথা। বছরের শুরুতে দাদন পাঠাতে হয়। ওরা আসে। হাতি ধরে দিয়ে ফিরে যায়। না ধরতে পারলে পরের বছর ফিরে আসে অভিরামের ঋণ শোধ করতে।
মাঝে-মাঝে নিজেকে শোষক বলে মনে হয়। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে সে লোকগুলোকে কিনে রেখেছে। ওদের অর্থনৈতিক অবস্থার কথা সে জানে। খাবার ওদের কাছে স্বর্গের চেয়ে বেশি লোভনীয়। সেই খাবারের লোভ দেখিয়ে ওদের মৃত্যুর মুখে ঠেলে দেয় সে। মাঝে-মাঝে অভিরামের মনে হয় এটাই নিয়ম। কেউ কাউকে নিয়ে খেলছে। যে খেলাচ্ছে তাকে নিয়েও আর একজন খেলে যাচ্ছে। এই জঙ্গলের নিয়মের রকমফের সমস্ত জগতে ছড়ানো। আর এইসব ভাবলেই বিকেলের বুদবুদগুলো বেশ ফেটে যায়।
কয়েক পা এগিয়ে অভিরাম হাঁকল, মাইনু!
হোই। সাড়া এল চালার নিচ থেকে। অভিরামকে অপেক্ষা করতে হল না, ঢলঢলে হাফপ্যান্টের তলায় লিকলিকে পায়ের জোড়া যেন উড়ে এল। বেঁটে প্রৌঢ় লোকটা ভীরু গলায় জিজ্ঞাসা করল, জি?
হাতিগুলোকে দেখতে পেয়েছিস?
হুঁ। কিন্তু ওরা মেঘ দেখে আর নড়ছেই না। আরও কাছে না এলে–।
কতক্ষণের পথ।
পুরা দিন।
হিসেবটা ভালো লাগল না অভিরামের। যেতেই যদি দিন কাবার হয়, তাহলে–। আকাশের দিকে তাকাল সে। বুড়ো মেঘেদেরও কি একই অবস্থা হয়? অভিরাম এবার ফিরল। অপেক্ষা করে থাকা ছাড়া কোনও উপায় নেই। অন্তত দশ মাইলের মধ্যে দলটা যদি না আসে তাহলে ঝুঁকি নেওয়া যায় না। সে হাতি দুটোর কাছে এসে ডাকল, এ্যাই, তোরা নেমে আয়।
সঙ্গে-সঙ্গে সরসর শব্দ হল। দুটো হাতির শরীর বেয়ে দুটো বেঁটে মানুষ টুক করে মাটিতে পড়ল। কাদায় ওদের মুখ চোখ দেহ প্রায় ঢাকা। সেই কাদা শুকিয়ে এঁটে বসেছে শরীরে। গত পাঁচ দিন ধরে ওরা এই অবস্থায় রয়েছে। দিনরাত ওদের হাতি দুটোর সঙ্গে থাকতে হয়। সমস্ত শরীর উদোম, শুধু কোমরে একটা কাদা মাখা কৌপিন। শিকারে যাওয়ার সময় সেটাকে খুলে যেতে হবে। এই কদিন ওদের মাছ ডিম পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ। এই কদিন মদ, বিড়ি, খইনি, খাওয়া কিংবা স্ত্রীসঙ্গ করা বেআইনি। অত্যন্ত পবিত্র হয়ে হাতির শরীরের গন্ধ নিজেদের শরীরে মাখতে হবে ওদের। দিনরাত হাতির সঙ্গে থেকে-থেকে মানুষের চামড়ায় হাতির গন্ধ লেগে। যাবে। এ বছর হাতি ধরার অপারেশন এই প্রথম। প্রথম দলটা যাতে কোনওভাবে অকৃতকার্য না হয় অভিরাম সে বিষয়ে সজাগ।
সে জিজ্ঞাসা করল, খেয়েছিস?
দুটো লোকই মাথা নাড়ল, না।
যা খেয়ে আয়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, মনে হয় বৃষ্টি নামবে না। যদি নামে চট করে হাতির পিঠে উঠে বসবি।
একটার বয়স বছর পঁচিশ, অন্যটা তিরিশ ছাড়িয়েছে। হুকুম পাওয়া মাত্র ওরা চালাঘরের দিকে ছুটল। পঁচিশের পায়ে যেন বেশি জোর। খাওয়া বলতে আলুসেদ্ধ নুন আর ফেনাভাত। যদ্দিন হাতি না ধরা পড়ে অন্যরাও চেষ্টা করে এই খেতে।
ওপাশের জঙ্গলে হাসির রোল উঠল। তারপরেই ওদের তিনজনকে দেখা গেল জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে। মাথায় ঝাঁকা, তাতে নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রী। দুটি কিশোরী আর একটি যুবতী। অভিরামকে দেখে এগিয়ে এসে ঝাঁকা নামিয়ে বলল, হিসেব মিলিয়ে নে।
অভিরাম হেসে তার পাকা দাড়িতে হাত বোলালো। এই জঙ্গলে বাস করতে গেলে যেসব জিনিস একান্ত প্রয়োজন তাই রয়েছে ঝাঁকায়। জঙ্গলের গায়ে যে ছোট্ট লেপচা গ্রাম সেখান থেকেই আসে এই সওদাগুলো। ওই যুবতীর বাবার একটি শীর্ণ মুদির দোকান আছে ওখানে। সে বলল, চুরি করলে তুই করবি, তোর বাবা তো চোর নয়। যা ওখানে পৌঁছে দিয়ে আয়।
যুবতী ঠোঁট ওলটালো, তারপর সঙ্গীদের ঝাঁকা তুলতে ইশারা করা মাত্রই অভিরাম বাধা দিল, না, তুই না, ওরা যাক।
আমি না কেন?
তোকে দেখলে যদি ওদের বুকে ঢেউ লাগে! অভিরাম হাসল।
ঢেউ তো ওঠে নদীতে। ওরা তো ডোবাও না।
কী জানি! তোদের বিশ্বাস নেই। ডোবাকেও সমুদ্র করে দিতে পারিস। তুই আমার সঙ্গে আয়, দাম নিয়ে যা। ওরা চালাতে মাল দিয়ে আসুক। অভিরাম তাঁবুর দিকে হাঁটতে শুরু করল। তার কথা শুনে যুবতীর মুখে কালো ছায়া নেমেছে সেটা তার নজর এড়ায়নি। না, ওর এখানে আসা বন্ধ করতে হবে। ওর বাপকে খবর পাঠিয়ে দেওয়া দরকার। মুশকিল হল ওই গ্রামে ছেলের। চেয়ে মেয়ের সংখ্যাই বেশি। তারপরেই অভিরাম হেসে ফেলল। সে বোকার মতো এসব ভাবছে। তার কর্মচারীরা আধবেলা খেয়ে থাকে, গ্রামে, কেউ-কেউ জীবনেও শহর দ্যাখেনি, কৌপিন। কিংবা হাফপ্যান্ট ছাড়া পোশাক নেই অঙ্গে, ওদের প্রেমে পড়বে এই যুবতী? অসম্ভব। যতই গরিব হোক, ঠাট-বাট আর অহঙ্কারটি এর ষোলআনা খাঁটি।
তাঁবুতে ঢুকে ব্যাগ থেকে টাকা বের করতে-করতে যুবতী পরদা সরিয়ে ভেতরে ঢুকল। অভিরাম জিজ্ঞাসা করল, কত টাকা বলেছে তোর বাপ?
কুড়ি।
অভিরাম চোখ তুলে তাকাতেই বুকের ভেতর ঢেউটাকে টের পেল। মেয়েটা তাঁবুতে ঢুকেই খাঁটিয়ায় বসেছে। ওর বুকের খাঁজ দেখতে পাচ্ছে অভিরাম। টাইট জামার ওপর যে কালো ওড়না সেটা সময় বুঝে সামান্য সরে গেছে। অনেক অনেকদিন পরে যুবতীর বুকের দিকে তাকিয়ে অভিরামের শরীর বেইমানি করল। যেন পূর্ণ চাঁদের আকর্ষণে তার শরীরের শিরায়-শিরায়। জোয়ারের টান লেগে গেল আচমকা।
টাকা দে।
অভিরামের অনেক কিছু বলতে ইচ্ছে করছিল। তার বয়স হয়েছে ঠিক কিন্তু সত্যিকারের বুড়ো তো হয়ে যায়নি। যা টাকা জমেছে আর দুবছরে যা জমবে তাই নিয়ে এইরকম একটা যুবতীর সঙ্গে বাকি জীবনটা যদি কাটিয়ে দেওয়া যেত। কিন্তু সে কিছুই বলল না, চুপচাপ টাকাটা দিয়ে দিল।
যুবতী জাম