
প্রাগৈতিহাসিক
মানিক বন্দ্যোপাধ্যায়
প্রধান ফটকটা ছাড়া বাড়িটা থেকে বেরনোর দ্বিতীয় কোন পথ নেই। ওখানটায় পরিখার ওপর লোহার একটা ঝুলসেতু আছে, প্রয়োজনমত ওঠানো-নামানো যায়।
সম্ভবত কাৰ্কান দস্যুদের হাত থেকে রক্ষা পাবার জন্যই এহেন নিরাপত্তা বেষ্টনী তৈরি করার প্রয়োজন হয়েছিল।
পৈত্রিক সূত্রে পাওয়া বাড়িটা তৈরি করেছিলেন ডক্টর ব্যারনের প্রপিতামহ। তাঁর আমলে প্রায়ই এদিকটায় কার্কানদের উৎপাতের কথা শোনা যেত। ওদের নৃশংসতার কাহিনিগুলো এতটাই নির্মম যে, আজও ওগুলো শুনলে যে কারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে।
বাড়ির লনটা বিশাল। যত্ন নেয়ার জন্য বাঁধা মালি রয়েছে, তাই পুরো আঙিনার সবুজ ঘাসের গালিচা একই রকম পুরু।
লনের শেষপ্রান্তে গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে একসারি ইউক্যালিপটাস গাছ; আচমকা তাকালে গা ছম ছম করে ওঠে। মনে হয়, অশুভ একদল প্রেত এসে হাজির হয়েছে জায়গাটায়, যে কোন মুহূর্তে হামলে পড়বে সবার ওপর!
সবচেয়ে অদ্ভুত বাড়িটার বেজমেন্ট। এতটা বিরাট সেলার সাধারণত দেখা যায় না। অনায়াসে ওটাকে একটা ইনডোর স্টেডিয়াম বলে চালিয়ে দেয়া যাবে। আলাদা কোন পার্টিশান নেই, পুরোটাই ফাঁকা। কেবল নিয়মিত বিরতিতে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড থামগুলো ছাদটার ভার বহন করছে।
ঠিক কী কারণে জায়গাটাকে এতটা বিশাল আকৃতি দেয়া হয়েছিল, আজ আর সেটা জানার উপায় নেই। তবে এতে যে ডক্টর ব্যারনের মস্ত উপকার হয়েছে, তাতে কোন সন্দেহ নেই!
খাস কামরায় নিজের স্টাডি টেবিলে বসে আপনমনে কী যেন ভাবছেন ডক্টর। চেহারা থমথমে; হৃদয়ের বিষণ্ণতা বক্ষ পিঞ্জর ভেদ করে ছড়িয়ে পড়েছে গোটা অবয়বে।
টেবিল ল্যাম্পটা ছাড়া আপাতত আর কোন বাতি জ্বলছে না ঘরে। আলোর রেখার বাইরের আবছা অন্ধকার, সেই সাথে বাড়ির মালিকের বিমর্ষতা, পুরো পরিবেশটাকে অনেকখানি ভারী করে তুলেছে। তবে সুখের বিষয়, সেটা দেখার জন্য এই মুহূর্তে দ্বিতীয় কোন ব্যক্তি উপস্থিত নেই ঘরটায়।
একাকী জীবন যাপন করেন ডক্টর ব্যারন। বিয়ে করেননি, তাই ছেলেমেয়েও নেই। বলতে গেলে গোটা জীবনটাই বিজ্ঞান সাধনায় কাটিয়ে দিয়েছেন তিনি।
ল্যাবোরেটরিতে কাটিয়েছেন দিনের পর দিন, অভিযানে গেছেন পৃথিবীর নানা প্রান্তে। দেখতে-দেখতে কীভাবে যে ছোট্ট জীবনটার সিংহভাগ কেটে গেল, সেটা তিনি টেরও পাননি। তবে তাঁর এ নিয়ে কোন আফসোস নেই। নিজের কাজে যতটুকু আনন্দ পেয়েছেন, জীবনের কাছে এর বেশি কিছু চাওয়ার ছিল না তাঁর।
আত্মীয়দের কারও সাথেই তেমন একটা যোগাযোগ নেই। একজন ছন্নছাড়া অসামাজিক বিজ্ঞানীর সাথে কে-ই বা আর যেচে পড়ে দিনের পর দিন যোগাযোগ রাখবে? আজকাল তো প্রত্যেকেই নিজের জীবন নিয়ে ভীষণরকম ব্যস্ত।
তাছাড়া ঘরোয়া আড্ডার সঙ্গী হিসেবে খুব একটা সুবিধার নন ডক্টর ব্যারন। প্রচলিত চটকদার বিষয়-আশয় সম্পর্কে কোনরকম ধারণা না থাকায়, প্রায় সারাক্ষণই মুখে কুলুপ এঁটে থাকেন। তখন পেটে বোমা মারলেও তাঁর মুখ দিয়ে কথা বের করা যায় না।
এহেন মুখ ভার করে থাকা প্রায়-বোবা একজন অতিথিকে নিমন্ত্রণ করে নিজের সাধের পার্টির বারোটা বাজাতে কারই বা ইচ্ছে হবে?
দৈহিক শক্তিতে ভাটা পড়ায় বৈজ্ঞানিক সম্মেলনগুলোও আজকাল এড়িয়ে চলেন ডক্টর। তাই বন্ধুদের সাথেও এখন আর খুব একটা দেখা হয় না তাঁর। নিঃসঙ্গ জীবনে, বলতে গেলে বই-ই এখন তাঁর সর্বক্ষণের সঙ্গী।
সাতপাঁচ ভেবে নিয়ে চিঠি লেখার প্যাড আর নিজের প্রিয় কলমটা কাছে টেনে নিলেন ডক্টর ব্যারন। তারপর মাথা নিচু করে লিখতে শুরু করলেন…
প্রিয় বন্ধু,
জানি, আমার এ চিঠিখানা তোমাকে ভীষণ অবাক করবে। যে মানুষটা গত পাঁচ বছরে একটিবারের জন্যও তোমার খোঁজ নেয়নি, সে যদি অভিমান ভুলে আচমকা বিশাল একখানা চিঠি লিখে বসে, বিস্মিত হওয়াটা সেক্ষেত্রে দোষের কিছু নয়।
নাহয় ঝগড়াটা সেদিন আমিই বাধিয়েছিলাম, হয়তো আমার রাগারাগিটাও মাত্রা ছাড়িয়ে গিয়েছিল; তাই বলে তোমারও কি রাগটা এতদিন পুষে না রাখলে চলছিল না, বাপু?
আমাদের বয়স বেড়েছে ঠিকই, তবে ভিতরে-ভিতরে আমরা এখনও ছেলেমানুষই রয়ে গেছি। তাই না, প্রফেসর?
এই মুহূর্তে তোমার সাহায্য আমার ভীষণ প্রয়োজন, বন্ধু। বলতে পারো, এ কারণেই তোমার প্রতি পুঞ্জীভূত অভিমানটুকু স্বার্থপরের মত জলাঞ্জলি দিতে হয়েছে আমাকে।
ভেবে দেখলাম, চোখ বুজে বিশ্বাস করে সব কথা খুলে বলা যায়, তুমি ছাড়া এমন আর কেউ নেই আমার। অন্য যারা বিশ্বাসী আছে, অন্তত এ ব্যাপারটায় কিছুতেই ওদেরকে জড়ানো যাবে না।
না বুঝে ঝামেলা বাধিয়ে বসতে পারে ওরা, ঝুঁকিটা নেয়ার কোন ইচ্ছে নেই আমার।
বিষয়টা গোপন, অনেক বেশি স্পর্শকাতর। আশা করি, বিস্তারিত শোনার পর সবকিছু জলের মত পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে।
ঠিক একারণেই তুমি মহাবিরক্ত হবে জানা সত্ত্বেও আমার সর্বশেষ অভিযানের আদ্যোপান্ত তুলে ধরতে চলেছি এ পত্রে। তেতো ওষুধ গেলার মত করেই নাহয় গিলে নাও চিঠিটা। পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে; কী আর করা!
আরকেইন ন্যাশনাল পার্কে তুমি কখনও যাওনি, জানা আছে আমার। বেশ কয়েকবারই আমার অভিযানের সঙ্গী হতে আমন্ত্রণ জানিয়েছিলাম তোমাকে। কিন্তু প্রতিবারই আমাকে তুমি যারপরনাই নিরাশ করেছ।
আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের একগাদা ইঁচড়ে পাকা ছেলেমেয়েকে তোতাপাখির মত লেকচার দিয়ে কী সুখ পাও তুমি, বলো তো? কেন অহেতুক জীবনটাকে এভাবে অপচয় করলে?
অথচ কী দারুণ মেধাবীই না ছিলে তুমি! পৃথিবীকে কত কিছুই না দেয়ার ছিল তোমার! আর তুমি কিনা বেছে নিলে বাচ্চা পড়ানোর চাকরি!
আচ্ছা, থাক, থাক, ঘাট হয়েছে আমার। রাগে ফুলকো লুচির মত আর ফুলতে হবে না তোমাকে; কাজের কথায় ফিরছি।
নামে ন্যাশনাল পার্ক হলেও আরকেইন পুরোপুরি বুনো; নামের মতই রহস্যময়। ওখানে এমন অনেক জায়গা আছে, আজতক যেখানে সভ্য মানুষের পা পড়েনি।
কিছু-কিছু অঞ্চলে এখনও বজায় আছে প্রাগৈতিহাসিক পরিবেশ, সময়ের কোন আঁচড় লাগেনি সেখানে।
ওখানকার মাটি-উদ্ভিদ-পাথর সবকিছুই আলাদা, একেবারে অন্যরকম। তোমাকে কেউ যদি চোখ বেঁধে ওখানটায় নিয়ে যায়, নির্ঘাত দৃষ্টি ফিরে পাওয়া মাত্র হতবিহ্বল হয়ে পড়বে তুমি। মনে হবে, টাইম মেশিনে চড়ে বুঝি প্যালিওলিথিক যুগে পৌঁছে গেছ!
ঠিক কী কারণে বিবর্তনের ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে জায়গাটা হাজার বছর ধরে অবিকল একইরকম রয়ে গেছে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। ওসব অপ্রাসঙ্গিক সায়েন্টিফিক থিওরির কচকচানি তোমার অসহ্য লাগবে বলে সেদিকে আর গেলাম না এখন। তবে সাক্ষাতে তোমার সাথে এসব নিয়ে জম্পেশ আড্ডা দেয়ার খায়েশ আছে আমার। কিছু-কিছু ব্যাপারে তোমার মতামত জানতেও আগ্রহী আমি।
যা হোক, আরকেইনে ডেথ লেক নামে প্রকাণ্ড একখানা প্রাকৃতিক লেক আছে। ওটা এতটাই বিশাল যে, অনায়াসে ছোটখাট একটা উপসাগর বলে চালিয়ে দেয়া যাবে।
অসংখ্য ছোট-ছোট দ্বীপ আছে ওটায়, যার বেশিরভাগই এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। কারণ ডেথ লেক ভীষণ ঝুঁকিপূর্ণ, নামকরণটা অকারণে করা হয়নি। ক্ষণে-ক্ষণেই ওটার পানিতে প্রচণ্ড ঘূর্ণি তৈরি হয়, অনেকটা নদীর জোয়ার-ভাটার মত। তবে তফাৎ শুধু এটুকুই যে, জোয়ার-ভাটার মত নির্দিষ্ট কোন নিয়ম মানে না ঘূর্ণিটা। কখন এবং কোথায় যে আচমকা উদয় হবে ওটা, আগে থেকে বলার কোন উপায় নেই।
টানা তিরিশ দিন গবেষণা করেও নির্দিষ্ট কোন প্যাটার্ন খুঁজে পাওয়া যায়নি ওটার।
বেশ কয়েকবার ওটার কবলে পড়ে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। তাই আপাতত জলপথ এড়িয়ে চলছেন বিজ্ঞানীরা, আকাশপথে যেসব দ্বীপে যাওয়া সম্ভব কেবল সেগুলোতেই গবেষণা চালাচ্ছেন।
তবে আমাকে তো তুমি চেনই, ঘাড়ের রগ কতখানি বাঁকা সেটাও জান। সেই একগুঁয়েপনা থেকেই কিনা কে জানে, আমি ঠিক করলাম নৌপথেই দ্বীপগুলো চষে বেড়াব; উড়ুক্কু যান ব্যবহার করব না।
কোনরকম পিছুটান না থাকায় সিদ্ধান্তটা নেয়া আমার জন্য খুব একটা কঠিন ছিল না। তাছাড়া হাওয়াই যান ভীষণ ব্যয়বহুল, ল্যান্ডিং-এর সুবিধা না থাকলে সব জায়গায় যাওয়াও যাবে না ওগুলো দিয়ে। তাই অহেতুক ঝক্কি পোহানোর চেয়ে ঝুঁকি নেয়াটাই বরং সমীচীন মনে হলো আমার কাছে।
আমাকে অবশ্য একাই যেতে হলো, সফরসঙ্গী হিসেবে পেলাম না কাউকে। অনিশ্চিত যাত্রায় জান খোয়ানোর ঝুঁকি নিতে নারাজ সবাই।
প্রায় সবাই বিবাহিত, পরিবার-পরিজন রয়েছে, তাই আমিও কাউকে জোর করিনি। কী দরকার? একাকী মানুষ একসময় নিজের সঙ্গ উপভোগ করতে অভ্যস্ত হয়ে পড়ে। একারণেই সঙ্গী-সাথীর অভাব কখনও কোন কাজে পিছপা করতে পারেনি আমাকে।
কোনরকম বিপত্তি ছাড়াই কাঙ্ক্ষিত প্রথম দ্বীপটায় পৌছলাম। আকারে ছোট, প্রায় ন্যাড়া। পুরোটা রেকি করতে ঘণ্টা দুয়েকের বেশি সময় লাগল না। উৎসাহব্যঞ্জক কিছু খুঁজে না পেয়ে রওয়ানা হলাম পরবর্তী দ্বীপটার উদ্দেশে।
পুরো এলাকাটার একটা ম্যাপ ছিল আমার কাছে, তবে ওটা ছিল আকাশ থেকে করা। পানির গভীরতা কিংবা ডুবো পাথরের কথা উল্লেখ ছিল না ওতে। তাই খুব সাবধানে দেখে-শুনে এগোতে হচ্ছিল আমাকে।
দ্বিতীয় দ্বীপটাতে পৌঁছতে-পৌঁছতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেল। তক্ষুণি আর কাজে নামলাম না। বোটের কেবিনেই রাত কাটানোর প্রস্তুতি নিলাম।
নিজের রাঁধা খাবার দিয়ে উদরপূর্তি করে শুয়ে পড়লাম। রান্নাটা আমি ভালই করি, কখনও সুযোগ পেলে চেখে দেখো।
ক্লান্ত ছিলাম, তাই চোখের পাতা ভারী হতে সময় লাগল না। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম।
ঠিক কতক্ষণ পর ঘুমটা ভেঙে গেল, নিশ্চিত করে বলতে পারব না; শোয়ার সময় ঘড়ি দেখিনি। তবে খুব বেশি সময় পেরোয়নি, ঘুমটা তখনও কাঁচা ছিল, এটুকু জোর গলায় বলতে পারি। কী কারণে ঘুমটা ভাঙল, ভাবছিলাম; ঠিক তখনই শুনতে পেলাম আওয়াজটা।
অদ্ভুত একটা চিৎকার; হাতি আর সিংহের গর্জন একত্রে মেশালে যেমন শোনাবে, অনেকটা ওরকম। একঘেয়ে, বিষণ্ণ, টানা-টানা।
অকারণেই ঘাড়ের কাছটা শির-শির করে উঠল।
তড়াক করে বিছানা ছাড়লাম। কোত্থেকে ভেসে আসছে, কীসে করছে চিৎকারটা, জানতে হবে আমাকে।
স্বীকার করতে দ্বিধা নেই, মনে-মনে বেশ ভয় পাচ্ছিলাম আমি। তবে বৈজ্ঞানিকের সহজাত কৌতূহলী মন ভয়টাকে জয় করতে পেরেছিল।
সাথে শক্তিশালী টর্চ লাইট ছিল, বোটের ডেকে দাঁড়িয়ে আলো ফেললাম পাশের দ্বীপটার ওপর। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম চেনা-অচেনা গাছ, পাথুরে টিলা, কাঁটাঝোপের দঙ্গল। সেই সাথে কান পেতে রইলাম চিৎকারটা আবার শুনতে পাবার আশায়।
কিন্তু হতাশ হতে হলো আমাকে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও আর শোনা গেল না ডাকটা। খোঁজাখুঁজিও সার হলো, কোন প্রাণীর দেখা পাওয়া গেল না।
গোটা কয়েক ব্যাঙ অবশ্য টর্চের আলোয় বিরক্ত হয়ে স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছিল লেকের জলে। তাদের ঝাঁপাঝাঁপি থেমে যাওয়া মাত্রই নীরব হয়ে গেল গোটা চরাচর, কোথাও কোন শব্দ নেই। যেন চির নৈঃশব্দ্যের রাজত্ব ওখানে!
ভেবে দেখলাম, চিৎকারটা দূরের কোন দ্বীপ থেকেও ভেসে আসতে পারে। একে নিশুতি রাত, জলের ওপর দিয়ে শব্দও অনেক দ্রুত ছোটে। তাই সম্ভাবনাটা উড়িয়ে দেয়ার কোন জো নেই। শুনে হয়তো অবাক হবে, বেশ খুশি মনেই সে রাতে দ্বিতীয়বারের মত বিছানায় গিয
