
উদ্ভট শখ
অজেয় রায়
অফিসে আসার ঘণ্টাখানেকের মধ্যে একটা টেলিফোন কল পেল তপন দত্ত। টেলিফোনটা বড়োবাবুর টেবিলে। ডাক পেয়ে তপন উঠে গেল ফোন ধরতে। টেলিফোনে অন্যপ্রান্তের কথাগুলি শুনতে শুনতে তপনের হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করতে থাকে। সেকেন্ড দশেক বাদে রিসিভার নামিয়ে রেখে সে উত্তেজিত সুরে বড়োবাবুকে বলল, ‘মুখুজ্যেদা, আমায় একবার বেরতে হবে। আমার পিসিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোনে বলল ওঁর পাশের বাড়ি থেকে।’
তপনের উৎকণ্ঠিত ভাব দেখে বড়োবাবু বলেন, ‘হ্যাঁ যান। কী হয়েছে?’
তপন বলল, ‘খুব শ্বাসকষ্ট। বুকে ব্যথা। পিসিমার হার্ট তো ভালো নয়।’
বড়োবাবু জিজ্ঞেস করলেন, ‘ডাক্তার এসেছে?’
তপন জানায়, ‘বলল তো এনেছে। পাড়ার ডাক্তার।’
বড়োবাবু বললেন, ‘না না। ওঁকে স্পেশালিস্ট দিয়ে দেখান।’
তপন বিমর্ষ ভাবে বলে, ‘অনেকবার তো বলেছি। পিসি রাজি হয় না। পুরনো কালের লোক। পাড়ার ডাক্তারেই বিশ্বাস। সাহেবি ডাক্তারে ভয় পায়। কী করি? বেশি জোর করা যায় না। বড্ড জেদী মানুষ। আমি তাহলে যাই?’
বড়োবাবু তৎক্ষণাৎ সম্মতি দিলেন, ‘হ্যাঁ যান। আপনার হাতে কোনো জরুরি কাজ থাকলে ওই নিতাইকে বুঝিয়ে দিয়ে যাবেন। বলবেন, আমি বলেছি।’
পিসিমার বাড়ি যাবার পথে বাসের সিটে বসে তপন ছটফট করে। মনে মনে ডাকে- হে ভগবান!
পিসিমার বাড়ি ভবানীপুরে। হাজরা পার্কের কাছে নেমে বড়ো রাস্তা থেকে পাশে ঢুকে যাওয়া একটা সরু রাস্তা ধরে মিনিট পাঁচেক হেঁটে পিসির বাড়ি পৌঁছয় তপন।
বাড়িটা পিসির নিজের। মাঝারি আকার। দোতলা। নীচতলাটা ভাড়া দেওয়া হয়েছে। দোতলায় থাকেন নিস্তারিণীদেবী অর্থাৎ তপনের পিসিমা।
নিঝুম বাড়ি। থমথম করছে। কারো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। কী ব্যাপার?
তপন সোজা দোতলায় উঠে গেল।
সিঁড়ির পাশের ঘরটায় বসে ছিলেন আশুবাবু এবং বাগচীমশাই। পাশাপাশি গম্ভীর মুখে। আশুবাবু পাশের বাড়িতে থাকেন। ওঁর ছেলেই টেলিফোন করেছিল তপনকে। বাগচীমশাই পিসির ভাড়াটে।
তপনকে দরজায় দেখে আশুবাবু তাকে হাতছানি দিয়ে ডাকলেন। তপন কাছে গিয়ে উদবিগ্ন চাপা সুরে জিজ্ঞেস করল— ‘পিসি?’
আশুবাবু নীচু স্বরে জবাব দিলেন : ‘ঘুমুচ্ছেন। ডাক্তার ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে।’
—‘কেমন অবস্থা?’ প্রশ্ন করে তপন।
আশুবাবু ডান হাতটা বরাভয়ের ভঙ্গিতে তুলে বললেন, ‘মনে হচ্ছে এ যাত্রা ফাঁড়া কাটল। তবে ডাক্তার বলেছে, আরও চব্বিশ ঘণ্টা না গেলে নিশ্চিন্ত হওয়া যাবে না।’
কথাগুলো কানে যাওয়া মাত্র তপনের সব উদবেগ উত্তেজনায় যেন ঠান্ডা জল ঢেলে দেওয়া হল। গ্রীষ্মের দুপুরে ঘেমে নেয়ে ধড়ফড় করে ছুটে আসার ক্লান্তিটা টের পেল এতক্ষণে। পা দুটো থেকে যেন শুষে নিচ্ছে শক্তি। সে ওই ঘরেই একটা চেয়ারে ধপ করে বসে পড়ল।
তপনের অবস্থা দেখে আশুবাবু ভরসা দিলেন ‘আহা অত নার্ভাস হচ্ছ কেন? ডাক্তার চাটুজ্যে যখন বলেছেন মনে হচ্ছে এ যাত্রা টিকে যাবেন তখন নির্ঘাত টিকেই যাবেন। ওই ‘মনে হচ্ছে টুকু কথার কথা। ওটা বাদ দিতে পার। অনেক দিন তো দেখছি আমাদের ডাক্তারবাবুকে। আশ্চর্য ক্ষমতা। তবে হ্যাঁ, দিন পনেরো কমপ্লিট রেস্ট নিতে বলেছেন। আর ঠিকঠাক খাওয়া চাই সময়মতো। তোমার পিসিমা কিছুদিন বড্ড অনিয়ম করেছেন। মোতির মা বলছিল।
তপনের মাথায় আশুবাবুর শেষ কথাগুলো আর ঢোকে না। কেমন ফাঁকা লাগছে মগজটা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। সে চেয়ারে গা এলিয়ে দেয়।
এবার বাগচীমশাই কথা বললেন, ‘যাও-না, পিসিকে একবার দেখে এসো।’
বাগচীমশায়ের কথায় তপনের চটক ভাঙে। সে সামলে নেয় নিজেকে। বলে— ‘ও হ্যাঁ যাই।’ সে পা টিপেটিপে যায় পিসির শোবার ঘরের দরজায়।
খাটে চিত হয়ে শুয়ে আছেন নিস্তারিণী দেবী। বুক অবধি চাদরে ঢাকা। চোখ বোজা। লক্ষ্য করলে বোঝা যায় যে ধীর লয়ে শ্বাসপ্রশ্বাস বইছে। খাটের পাশে একটা অক্সিজেন সিলিন্ডার। টেবিলে কিছু ওষুধপত্র। ফ্যানটা ঘুরছে জোরে। পায়ের কাছে চেয়ারে বসে প্রৌঢ়া মোতির মা। একাগ্রদৃষ্টিতে তাকিয়ে আছে পিসিমার দিকে। সাদা থান পরা বিষণ্ণতার প্রতিমূর্তি যেন। বাড়িতে যে ঝড় বয়ে গেছে তার ছাপ মোতির মায়ের চোখেমুখে।
তপন দরজায় আসতে মোতির মা এক ঝলক ঘাড় ফিরিয়ে দেখল তপনকে। ফের তার চোখ ফিরে গেল পিসিমার ওপর।
তপন জানে, যতদিন না পিসিমা সুস্থ হয়ে খাট ছেড়ে নামবেন, মোতির মা কদাচিৎ তাঁকে চোখের আড়াল করবে। দিনে রাতে এই ঘরেই কাটাবে। পিসির সব কাজ করে দেবে। বাইরে থেকে নার্স ভাড়া করে আনা সত্ত্বেও মোতির মা থাকে। এর আগেও এই ব্যাপার ঘটেছে।
একটা বিপুল হতাশা আচ্ছন্ন করে তপনকে। ইস এবারেও হল না। গেল সুযোগটা।
তপন পিসির কাছে যায় না। মস্ত ঘরখানার এক কোণে অবসন্ন ভাবে একটা চেয়ারে বসে। মাথায় চিন্তার ঝড়।
ওঃ আর কতদিন ঠেকিয়ে রাখা যাবে ছোটেলালকে? বেচুকে? শুধু হতাশা নয়। প্রচণ্ড রাগ ও মরিয়া ভাব গুমরে ওঠে তার বুকের ভিতর। উঃ এভাবে আর কতদিন যে চলবে?
খানিকক্ষণ চুপচাপ গালে হাত দিয়ে বসে থেকে তপন পিসির ঘর থেকে বেরিয়ে যায়। ফের গিয়ে বসে আশুবাবু ও বাগচীমশায়ের কাছে। পিসির ঘর তার তখন অসহ্য ঠেকছিল।
—‘কে ডাক্তার ডাকল?’ জানতে চায় তপন।
আশুবাবু বললেন, ‘মোতির মা। নিস্তারদির বুকে ব্যথা উঠতেই প্রথমে ছুটে যায় ডাক্তারবাবুর কাছে। তারপর আমাদের খবর দেয়। খুব বুদ্ধি ওর।’
—‘হুঁ। কিছু আনতে হবে?’ জিজ্ঞেস করে তপন।
আশুবাবু বললেন, ‘আপাতত দরকার নেই। আমার ছেলে মিন্টু, ওষুধ ইনজেকশন অক্সিজেন সব এনে দিয়েছে। তোমায় টেলিফোন করল তারপর জানে, তুমি আসতে আসতে দেরি হয়ে যাবে। মিন্টু দুজন নার্স ঠিক করতে গেছে। দিনে রাতে ডিউটি দেবে দিন পনেরো।’
—‘সত্যি মিন্টু খুব কাজের,’ জানায় তপন, ‘তবে আমি দেরি করতাম না। তেমন দরকারে ট্যাক্সি নিয়ে চলে আসতাম। বড়ো জোর মিনিট পনেরো লাগত।’ আশুবাবু বললেন, ‘কিছু বলা যায় না হে। যা পথঘাট, ট্রাফিক জ্যাম। ইচ্ছে থাকলেও উপায় নেই।’
—‘তা বটে।’ সায় দেন বাগচীমশাই।
আশুবাবু এবং বাগচীমশাই এবার বিদায় নিলেন। মোতির মাকে বলে গেলেন, কিছু দরকার হলেই যেন খবর দেয় তাঁদের। তপন সেখানে আরও ঘণ্টাখানেক বসে রইল গুম মেরে। মধ্যে এক কাপ চা আর দুটো বিস্কুট সামনে রেখে গেল পিসির ছোকরা কাজের লোক রাজু। অন্যদিন মোতির মা নিজে হাতে চা দেয়। আজ অবশ্য সে মা ঠাকরুনকে ছেড়ে নড়বে না। যতক্ষণ না নার্স আসে।
ঘণ্টাখানেক বাদে উঠে পড়ল তপন। মোতির মাকে বলে এল— ‘দরকার হলেই আমায় খবর দিয়ো। অবশ্য আমি রোজই আসব কিছুদিন।’
তপন বেরিয়ে পড়ে। অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে।
তপন কেন ক্ষুব্ধ? কী চায় সে? কারণগুলো জানানো যাক।
তপন দত্ত তিরিশে পা দিয়েছে। কলকাতায় কলেজ স্ট্রিট অঞ্চলে থাকে ছোটো একখানা ঘর ভাড়া নিয়ে। একাই থাকে। এখনও বিয়ে করেনি। বজবজে থাকেন তপনের বাবা মা। ছোটোখাটো সরকারি চাকরি করে তপন। ডালহৌসি পাড়ায় অফিস। নিস্তারিণী দেবী তার নিজের পিসিমা। বাবার একমাত্র ছোটো বোন।
তপনের বাবা স্কুলমাস্টার ছিলেন। কায়ক্লেশে সংসার চালিয়েছেন। ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়েছেন যতটা সম্ভব। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তপন তাঁর একমাত্র ছেলে।
বি. এ. পাস করে তপন আর পড়েনি। পড়াশুনা তার বেশি ভালো লাগত না। খেলাধুলো আর আড্ডায় মনোযোগ ছিল বেশি। বছর তিনেক বেকার ছিল। তখন ট্যুইশনি সম্বল করে বাপের হোটেলে থেকে চুটিয়ে আড্ডা দিত। তারপর এই চাকরিটা জোটে।
তপনের বাবা ছেলের কাছে হাত পাতেন না।
এই পিসির সঙ্গে তপনের ঘনিষ্ঠতা হয় কলকাতায় চাকরি নিয়ে আসার পর। বাবা তপনকে বলে দিয়েছিলেন, মাঝে মাঝে বিধবা নিঃসঙ্গ পিসির খোঁজখবর নিতে। সেই সূত্রেই পরিচয় ঘন হয়।
তপনের এই পিসির বয়স প্রায় সত্তর। তাঁর একটি মাত্র মেয়ে বিয়ের পর বিদেশে বাস করছে বহুকাল। মেয়ে দু-এক বছর অন্তর দেশে আসে মাকে দেখতে।
পিসি রীতিমতো ধনী। কলকাতা শহরে তাঁর দুটো বাড়ি। এ ছাড়া সোনাদানা, জমা টাকাও প্রচুর। পিসির মেয়ে বলে দিয়েছে যে মায়ের সম্পত্তি চাই না। কারণ সে বা তার স্বামী আর এদেশে ফিরবে না। তাদের কোনো অভাব নেই। সুতরাং মা তাঁর সম্পত্তি যাকে খুশি দান করতে পারেন।
তপন প্রথম প্রথম পিসির কাছে যেত দুটো ভালোমন্দ খাবার লোভে। এরপর পিসির টাকাকড়ির গন্ধ পেয়ে পিসিকে রীতিমতো তোয়াজ শুরু করে। নিঃসঙ্গ পিসিরও ক্রমে বেশ স্নেহ জন্মায় ভাইপোটির ওপর। তিনি কয়েক বছর আগে একদিন স্পষ্টই জানিয়েছিলেন যে তাঁর উইলে তপনের জন্য মোটা অর্থ বরাদ্দ করে রেখেছেন। মোতির মাও কিছু পাবে। আর বাকি সম্পত্তি পাবে এক অনাথ আশ্রম। যে-কোনো কারণেই হোক পিসির সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকদের কোনো সম্পর্ক নেই।
মোতির মায়ের বয়স প্রায় পঞ্চাশ। বিধবা। তার আপনজন কেউ নেই। নিস্তারিণী দেবীর আশ্রয়ে এসেছে বছর দশেক। সে প্রাণ দিয়ে ভালোবাসে মনিব ঠাকরুনটিকে।
প্রচুর পয়সা থাকলেও পিসির জীবনযাত্রা খুবই সাদাসিধে। তিনি তপনকে বলেছেন, ‘তোর পিসেমশাই অনেক কষ্টে ব্যাবসা করে অবস্থা ফিরিয়েছিলেন। কিন্তু কখনো অযথা বড়োমানুষি করেননি। তাঁর রেখে যাওয়া বিষয়সম্পত্তি আমি সৎ কাজে দান করব। নষ্ট হতে দেব না। অবশ্য আমায় যারা ভালোবাসে, যত্ন করে, লোক ভালো, তাদেরও আমি বঞ্চিত করব না।’
পিসি অত্যন্ত একগুঁয়ে এবং নীতিবাগীশ। তপনের বেজায় ভয়, পিসি তার আসল হালচাল টের পেলে হয়তো একটি পয়সাও জুটবে না তার বরাতে। তাই সে প্রাণপণে পিসির সামনে ভড়ং বজায় রেখে চলে।
ছোটো থেকে তপনের মনে প্রচুর সাধ। ভালো ভালো খাওয়া, পরা, জিনিস কেনা। কিন্তু টানাটানির সংসারে এবং কড়া বাপের শাসনে সেসব সাধ আহ্লাদ মেটেনি। চাকরি পেয়ে শহরে এসে তার সুপ্ত বাসনাগুলো ডানা মেলে। কিছু খারাপ সঙ্গীও জুটেছে কলকাতায়। তাদের পাল্লায় পড়ে নানান বদখেয়াল কাঁধে ভর করেছে। রোজগার কম। এদিকে খরচের বহরটা বেশি। তাই বাজারে ধার জমেছে ঢের। সেসব ধারশোধের কোনো উপায় খুঁজে পাচ্ছে না তপন। অফিসের ফান্ড থেকেও কিছু ধার নিয়েছে মিথ্যে বলে— বাবার অসুখে চিকিৎসার নামে ছোটেলাল এবং বেচু তার দুই প্রধান পাওনাদার।
কিছুটা ধার শোধ করা যায় শখের দামি জিনিসগুলো বিক্রি করে। এছাড়া অফিসের ফান্ড থেকে আরও ধার নিতে হবে। অবশ্য ধার শোধ করতে মাইনে আরও কম পাবে। খুব টেনে চালাতে হবে কয়েকবছর। সেটাও তার ইচ্ছে নয় মোটে। তবে এই আর্থিক সমস্যার সুরাহা হবে এবং আরও কয়েকদিন কাপ্তেনি চালিয়ে যাওয়া যাবে এমন একটি সহজ উপায় আছে— পিসিমা। অর্থাৎ পিসিমা যদি এখনই গত হন, তপনের হাতে তাহলে মোটা টাকা আসে এবং সে দুশ্চিন্তা-মুক্ত হয়।
কিন্তু সে আশাও যে কেবলই ফস্কে যাচ্ছে। মোতির মায়ের সেবাযত্ন এবং পাড়ার ডাক্তারবাবুর চিকিৎসার গুণ তার বাড়া ভাতে ছাই ঢালছে বারবার।
পিসিমা কিপ্টে নয়। পাড়ার লোককে দরকারে অনেক সাহায্য করেন কিন্তু পিসির থেকে আর ধার পাবার উপায় নেই। কারণ বছর পাঁচেক আগে তপন পিসির থেকে দশ হাজার টাকা ধার করেছিল কাপড়ের ব্যাবসা করবে বলে। সে টাকা শোধ হয়নি। সত্যি সত্যি ব্যাবসা দাঁড় করানোর মতো ধৈর্য বা খাটাখাটুনি করা তপনের ধাতে নেই। সহজে বড়োলোক হবার আশায় সেই টাকায় রেস খেলেছে। টাকা উড়ে গেছে কয়েক মাসে। টাকা শোধ দিতে না পারায় পিসি একটু চটেছিলেন। বলেছিলেন— ‘তোর দ্বারা ব্যাবসা হবে না। তোকে আর টাকা দেব না ব্যাবসায় লাগাতে।’ ভাগ্গিস পিসি জানতে পারেননি যে কীভাবে নষ্ট হয়েছে তাঁর টাকাগুলো।