আকাশ পিদ্দিমটা জ্বেলে কাচের ডোমে পুরে বাঁশের ডগায় তুলতে বেশ খানিকটা সময় লেগে গেল। ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। এ-পাড়ায় থেকে থেকেই বিজলি বন্ধ, কাজেই ছাদটা দিব্যি ঘুটঘুটে। চিলেকোঠার দোর অবধিও পৌঁছয়নি, পেছন থেকে খোলা গলায় কে ডাকল, “এ্যাঁই।” ফিরে দেখি পাশের বাড়ির ছাদে থুত্থুড়ে এক বুড়ি। মাথ...