Home
হিং টিং ছট্

হিং টিং ছট্

রবীন্দ্রনাথ ঠাকুর

হিং টিং ছট্

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


স্বপ্নমঙ্গল

স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ ,

অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ ।

শিয়রে বসিয়ে যেন তিনটে বাঁদরে

উকুন বাছিতেছিল পরম আদরে ।

একটু নড়িতে গেলে গালে মারে চড় ,

চোখে মুখে লাগে তার নখের আঁচড় ।

সহসা মিলাল তারা , এল এক বেদে ,

‘ পাখি উড়ে গেছে ' ব ' লে মরে কেঁদে কেঁদে ;

সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে ,

ঝুলায়ে বসায়ে দিল উচ্চ এক দাঁড়ে ।

নীচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুড়্‌থুড়ি

হাসিয়া পায়ের তলে দেয় সুড়্‌সুড়ি ।

রাজা বলে , ‘ কী আপদ! ' কেহ নাহি ছাড়ে ,

পা দুটা তুলিতে চাহে , তুলিতে না পারে ।

পাখির মতন রাজা করে ঝট্‌পট্‌ ,

বেদে কানে কানে বলে — ‘ হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

হবুপুর রাজ্যে আজ দিন ছয়-সাত

চোখে কারো নিদ্রা নাই , পেটে নাই ভাত ।

শীর্ণ গালে হাত দিয়ে নত করি শির

রাজ্যসুদ্ধ বালবৃদ্ধ ভেবেই অস্থির ।

ছেলেরা ভুলেছে খেলা , পণ্ডিতেরা পাঠ ,

মেয়েরা করেছে চুপ — এতই বিভ্রাট ।

সারি সারি বসে গেছে কথা নাহি মুখে ,

চিন্তা যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে ।

ভুঁইফোঁড়া তত্ত্ব যেন ভূমিতলে খোঁজে ,

সবে যেন বসে গেছে নিরাকার ভোজে ।

মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট

হঠাৎ ফুকারি উঠে — ‘ হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

চারি দিক হতে এল পণ্ডিতের দল —

অযোধ্যা কনোজ কাঞ্চী মগধ কোশল ।

উজ্জয়িনী হতে এল বুধ-অবতংস

কালিদাস-কবীন্দ্রের ভাগিনেয়বংশ ।

মোটা মোটা পুঁথি লয়ে উলটায় পাতা ,

ঘন ঘন নাড়ে বসি টিকিসুদ্ধ মাথা ।

বড়ো বড়ো মস্তকের পাকা শস্যখেত

বাতাসে দুলিছে যেন শীর্ষ-সমেত ।

কেহ শ্রুতি , কেহ স্মৃতি , কেহবা পুরাণ ,

কেহ ব্যাকরণ দেখে , কেহ অভিধান ।

কোনোখানে নাহি পায় অর্থ কোনোরূপ ,

বেড়ে ওঠে অনুস্বর-বিসর্গের স্তূপ ।

চুপ করে বসে থাকে বিষম সংকট ,

থেকে থেকে হেঁকে ওঠে — ‘ হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

কহিলেন হতাশ্বাস হবুচন্দ্ররাজ ,

‘ ম্লেচ্ছদেশে আছে নাকি পণ্ডিত-সমাজ ,

তাহাদের ডেকে আনো যে যেখানে আছে —

অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে । '

কটাচুল নীলচক্ষু কপিশকপোল ,

যবন পণ্ডিত আসে , বাজে ঢাক ঢোল ।

গায়ে কালো মোটা মোটা ছাঁটাছোঁটা কুর্তি ,

গ্রীষ্মতাপে উষ্মা বাড়ে , ভারি উগ্রমূর্তি ।

ভূমিকা না করি কিছু ঘড়ি খুলি কয় —

‘ সতেরো মিনিট মাত্র রয়েছে সময় ,

কথা যদি থাকে কিছু বলো চট্‌পট্‌ । '

সভাসুদ্ধ বলি উঠে — ‘ হিং টিং ছট্‌ । '

‘ স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

স্বপ্ন শুনি ম্লেচ্ছমুখ রাঙা টকটকে ,

আগুন ছুটিতে চায় মুখে আর চোখে ।

হানিয়া দক্ষিণ মুষ্টি বাম করতলে

‘ ডেকে এনে পরিহাস ' রেগেমেগে বলে ।

ফরাসি পণ্ডিত ছিল , হাস্যোজ্জ্বলমুখে

কহিল নোয়ায়ে মাথা , হস্ত রাখি বুকে ,

‘ স্বপ্ন যাহা শুনিলাম রাজযোগ্য বটে ;

হেন স্বপ্ন সকলের অদৃষ্টে না ঘটে ।

কিন্তু তবু স্বপ্ন ওটা করি অনুমান

যদিও রাজার শিরে পেয়েছিল স্থান ।

অর্থ চাই , রাজকোষে আছে ভূরি ভূরি

রাজস্বপ্নে অর্থ নাই , যত মাথা খুঁড়ি ।

নাই অর্থ কিন্তু তবু কহি অকপট ,

শুনিতে কী মিষ্ট আহা , হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

শুনিয়া সভাস্থ সবে করে ধিক্‌ ধিক্‌ —

কোথাকার গণ্ডমূর্খ পাষণ্ড নাস্তিক!

স্বপ্ন শুধু স্বপ্নমাত্র মস্তিষ্ক-বিকার ,

এ কথা কেমন করে করিব স্বীকার ।

জগৎ-বিখ্যাত মোরা ‘ ধর্মপ্রাণ ' জাতি

স্বপ্ন উড়াইয়া দিবে! — দুপুরে ডাকাতি!

হবুচন্দ্র রাজা কহে পাকালিয়া চোখ —

‘ গবুচন্দ্র , এদের উচিত শিক্ষা হোক ।

হেঁটোয় কণ্টক দাও , উপরে কণ্টক ,

ডালকুত্তাদের মাঝে করহ বণ্টন । '

সতেরো মিনিট কাল না হইতে শেষ ,

ম্লেচ্ছ পণ্ডিতের আর না মিলে উদ্দেশ ।

সভাস্থ সবাই ভাসে আনন্দাশ্রুনীরে ,

ধর্মরাজ্যে পুনর্বার শান্তি এল ফিরে ।

পণ্ডিতেরা মুখ চক্ষু করিয়া বিকট

পুনর্বার উচ্চারিল — ‘ হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

অতঃপর গৌড় হতে এল হেন বেলা

যবন পণ্ডিতদের গুরুমারা চেলা ।

নগ্নশির , সজ্জা নাই , লজ্জা নাই ধড়ে —

কাছা-কোঁচা শতবার খসে খসে পড়ে ।

অস্তিত্ব আছে না আছে , ক্ষীণ খর্বদেহ ,

বাক্য যবে বাহিরায় না থাকে সন্দেহ ।

এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়

দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময় ।

না জানে অভিবাদন , না পুছে কুশল ,

পিতৃনাম শুধাইলে উদ্যত মুষল ।

সগর্বে জিজ্ঞাসা করে , ‘ কী লয়ে বিচার ,

শুনিলে বলিতে পারি কথা দুই-চার ,

ব্যাখ্যায় করিতে পারি উলট-পালট । '

সমস্বরে কহে সবে — ‘ হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

স্বপ্নকথা শুনি মুখ গম্ভীর করিয়া

কহিল গৌড়ীয় সাধু প্রহর ধরিয়া ,

‘ নিতান্ত সরল অর্থ , অতি পরিষ্কার ,

বহু পুরাতন ভাব , নব আবিষ্কার ।

ত্র্যম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ

শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ ।

বিবর্তন আবর্তন সম্বর্তন আদি

জীবশক্তি শিবশক্তি করে বিসম্বদী ।

আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি

আণব চৌম্বকবলে আকৃতি বিকৃতি ।

কুশাগ্রে প্রবহমান জীবাত্মবিদ্যুৎ

ধারণা পরমা শক্তি সেথায় উদ্ভূত ।

ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপজ্ঞে প্রকট —

সংক্ষেপে বলিতে গেলে , হিং টিং ছট্‌ । '

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

‘ সাধু সাধু ' রবে কাঁপে চারিধার ,

সবে বলে — পরিষ্কার অতি পরিষ্কার ।

দুর্বোধ যা-কিছু ছিল হয়ে গেল জল ,

শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল ।

হাঁপ ছাড়ি উঠিলেন হবুচন্দ্ররাজ ,

আপনার মাথা হতে খুলি লয়ে তাজ

পরাইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে ,

ভারে তার মাথাটুকু পড়ে বুঝি ছিঁড়ে ।

বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে ,

হাবুডুবু হবু-রাজ্য নড়িচড়ি উঠে ।

ছেলেরা ধরিল খেলা , বৃদ্ধেরা তামুক ,

এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ ।

দেশজোড়া মাথাধরা ছেড়ে গেল চট্‌ ,

সবাই বুঝিয়া গেল — হিং টিং ছট্‌ ।

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।

যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা ,

সর্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা ।

বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে ,

সত্যেরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে ।

যা আছে তা নাই আর নাই যাহা আছে ,

এ কথা জাজ্বল্যমান হবে তার কাছে ।

সবাই সরলভাবে দেখিবে যা কিছু ,

সে আপন লেজুড় জুড়িবে তার পিছু ।

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত ,

অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত —

জগতে সকলি মিথ্যা সব মায়াময় ,

স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

স্বপ্নমঙ্গলের কথা অমৃতসমান ,

গৌড়ানন্দ কবি ভনে , শুনে পুণ্যবান ।


**********
No Review
Related Books
Loading books…