Home
সামান্য ক্ষতি

সামান্য ক্ষতি

রবীন্দ্রনাথ ঠাকুর

সামান্য ক্ষতি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


দিব্যাবদানমালা


বহে মাঘমাসে শীতের বাতাস ,

স্বচ্ছসলিলা বরুণা ।

পুরী হতে দূরে গ্রামে নির্জনে

শিলাময় ঘাট চম্পকবনে ,

স্নানে চলেছেন শতসখীসনে

কাশীর মহিষী করুণা ।

সে পথ সে ঘাট আজি এ প্রভাতে

জনহীন রাজশাসনে ।

নিকটে যে ক ' টি আছিল কুটির

ছেড়ে গেছে লোক , তাই নদীতীর

স্তব্ধ গভীর , কেবল পাখির

কূজন উঠিছে কাননে ।

আজি উতরোল উত্তর বায়ে

উতলা হয়েছে তটিনী ।

সোনার আলোক পড়িয়াছে জলে ,

পুলকে উছলি ঢেউ ছলছলে —

লক্ষ মানিক ঝলকি আঁচলে

নেচে চলে যেন নটিনী ।

কলকল্লোলে লাজ দিল আজ

নারী কণ্ঠের কাকলি ।

মৃণালভুজের ললিত বিলাসে

চঞ্চলা নদী মাতে উল্লাসে ,

আলাপে প্রলাপে হাসি - উচ্ছ্বাসে

আকাশ উঠিল আকুলি ।

স্নান সমাপন করিয়া যখন

কূলে উঠে নারী সকলে

মহিষী কহিলা , ‘ উহু ! শীতে মরি ,

সকল শরীর উঠিছে শিহরি ,

জ্বেলে দে আগুন ওলো সহচরী —

শীত নিবারিব অনলে ।'

সখীগণ সবে কুড়াইতে কুটা

চলিল কুসুমকাননে ।

কৌতুকরসে পাগলপরানী

শাখা ধরি সবে করে টানাটানি ,

সহসা সবারে ডাক দিয়া রানী

কহে সহাস্য আননে —

‘ ওলো তোরা আয় ! ওই দেখা যায়

কুটির কাহার অদূরে ,

ওই ঘরে তোরা লাগাবি অনল ,

তপ্ত করিব করপদতল ' —

এত বলি রানী রঙ্গ বিভল

হাসিয়া উঠিল মধুরে ।

কহিল মালতী সকরুণ অতি ,

‘ একি পরিহাস রানীমা !

আগুন জ্বালায়ে কেন দিবে নাশি ?

এ কুটির কোন্‌ সাধু সন্ন্যাসী

কোন্‌ দীনজন কোন্‌ পরবাসী

বাঁধিয়াছে নাহি জানি মা ! '

রানী কহে রোষে , ‘ দূর করি দাও

এই দীনদয়াময়ীরে ।'

অতি দুর্দাম কৌতুকরত

যৌবনমদে নিষ্ঠুর যত

যুবতীরা মিলি পাগলের মতো

আগুন লাগালো কুটিরে ।

ঘন ঘোর ধূম ঘুরিয়া ঘুরিয়া

ফুলিয়া ফুলিয়া উড়িল ।

দেখিতে দেখিতে হুহু হুংকারি

ঝলকে ঝলকে উল্কা উগারি

শত শত লোল জিহ্বা প্রসারি

বহ্নি আকাশ জুড়িল ।

পাতাল ফুঁড়িয়া উঠিল যেন রে

জ্বালাময়ী যত নাগিনী ।

ফণা নাচাইয়া অম্বরপানে

মাতিয়া উঠিল গর্জনগানে ,

প্রলয়মত্ত রমণীর কানে

বাজিল দীপক রাগিণী ।

প্রভাতপাখির আনন্দ গান

ভয়ের বিলাপে টুটিল —

দলে দলে কাক করে কোলাহল ,

উত্তরবায়ু হইল প্রবল ,

কুটির হইতে কুটিরে অনল

উড়িয়া উড়িয়া ছুটিল ।

ছোটো গ্রামখানি লেহিয়া লইল

প্রলয়লোলুপ রসনা ।

জনহীন পথে মাঘের প্রভাতে

প্রমোদক্লান্ত শত সখী - সাথে

ফিরে গেল রানী কুবলয় হাতে

দীপ্ত - অরুণ - বসনা ।

তখন সভায় বিচার - আসনে

বসিয়াছিলেন ভূপতি ।

গৃহহীন প্রজা দলে দলে আসে ,

দ্বিধাকম্পিত গদগদ ভাষে

নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে

চরণে করিয়া বিনতি ।

সভাসন ছাড়ি উঠি গেল রাজা

রক্তিমমুখ শরমে ।

অকালে পশিলা রানীর আগার —

কহিলা , ‘ মহিষী , একি ব্যবহার !

গৃহ জ্বালাইলে অভাগা প্রজার

বলো কোন্‌ রাজধরমে ! '

রুষিয়া কহিল রাজার মহিষী ,

‘ গৃহ কহ তারে কী বোধে !

গেছে গুটিকত জীর্ণ কুটির ,

কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর ?

কত ধন যায় রাজমহিষীর

এক প্রহরের প্রমোদে ! '

কহিলেন রাজা উদ্যত রোষ

রুধিয়া দীপ্ত হৃদয়ে —

‘ যতদিন তুমি আছ রাজরানী

দীনের কুটিরে দীনের কী হানি

বুঝিতে নারিবে জানি তাহা জানি —

বুঝাব তোমার নিদয়ে ।'

রাজার আদেশে কিংকরী আসি

ভূষণ ফেলিল খুলিয়া —

অরুণবরন অম্বরখানি

নির্মম করে খুলে দিল টানি ,

ভিখারি নারীর চীরবাস আনি

দিল রানীদেহে তুলিয়া ।

পথে লয়ে তারে কহিলেন রাজা ,

‘ মাগিবে দুয়ারে দুয়ারে —

এক প্রহরের লীলায় তোমার

যে ক ' টি কুটির হল ছারখার

যত দিনে পার সে - ক ' টি আবার

গড়ি দিতে হবে তোমারে ।

‘ বৎসরকাল দিলেম সময় ,

তার পরে ফিরে আসিয়া

সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি

সবার সমুখে জানাবে যুবতী

হয়েছে জগতে কতটুকু ক্ষতি

জীর্ণ কুটির নাশিয়া ।'


**********
No Review
Related Books
Loading books…