Home
সমুদ্রে

সমুদ্রে

রবীন্দ্রনাথ ঠাকুর

সমুদ্রে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


সকালবেলায় ঘাটে যেদিন

ভাসিয়ে দিলেম নৌকাখানি

কোথায় আমার যেতে হবে

সে কথা কি কিছুই জানি ।

শুধু শিকল দিলেম খুলে ,

শুধু নিশান দিলেম তুলে—

টানি নি দাঁড় , ধরি নি হাল—

ভেসে গেলেম স্রোতের মুখে ।

তীরে তরুর ডালে ডালে

ডাকল পাখি প্রভাত - কালে ,

তীরে তরুর ছায়ায় রাখাল

বাজায় বাঁশি মনের সুখে ।

তখন আমি ভাবি নাইকো

সূর্য যাবে অস্তাচলে ,

নদীর স্রোতে ভেসে ভেসে

পড়ব এসে সাগর - জলে—

ঘাটে ঘাটে তীরে তীরে

যে তরী ধায় ধীরে ধীরে

বাইতে হবে নিয়ে তারে

নীল পাথারে একলা - প্রাণে ।

তারাগুলি আকাশ ছেয়ে

মুখে আমার রইল চেয়ে ,

সিন্ধু - শকুন উড়ে গেল

কূলে আপন কুলায় - পানে ।

দুলুক তরী ঢেউয়ের'পরে

ওরে আমার জাগ্রত প্রাণ ।

গাও রে আজি নিশীথ - রাতে

অকূল - পাড়ির আনন্দগান ।

যাক - না মুছে তটের রেখা ,

নাই - বা কিছু গেল দেখা ,

অতল বারি দিক - না সাড়া

বাঁধন - হারা হাওয়ার ডাকে ।

দোসর - ছাড়া একার দেশে

একেবারে এক নিমেষে

লও রে বুকে দু হাত মেলি

অন্তবিহীন অজানাকে ।


**********
No Review
Related Books
Loading books…