Home
সমাপ্তি

সমাপ্তি

রবীন্দ্রনাথ ঠাকুর

সমাপ্তি

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


বন্ধ হয়ে এল স্রোতের ধারা ,

শৈবালেতে আটক প ' ল তরী ।

নৌকা - বাওয়া এবার করো সারা—

নাই রে হাওয়া , পাল নিয়ে কী করি ।

এখন তবে চলো নদীর তটে ,

গোধূলিতে আকাশ হল রাঙা ।

পশ্চিমেতে আঁকা আগুন - পটে

বাব্‌লাবনে ওই দেখা যায় ডাঙা ।

ভেসো না আর , যেয়ো না আর ভেসে—

চলো এখন , যাবে যে দূরদেশে ।

এখন তোমায় তারার ক্ষীণালোকে

চলতে হবে মাঠের পথে একা ।

গিরি কানন পড়বে কি আর চোখে ,

কুটিরগুলি যাবে কি আর দেখা ।

পিছন হতে দখিন - সমীরণে

ফুলের গন্ধ আসবে আঁধার বেয়ে ,

অসময়ে হঠাৎ ক্ষণে ক্ষণে

আবেশেতে দিবে হৃদয় ছেয়ে ।

চলো এবার , কোরো না আর দেরি—

মেঘের আভাস আকাশ - কোণে হেরি ।

হাটের সাথে ঘাটের সাথে আজি

ব্যাবসা তোর বন্ধ হয়ে গেল ।

এখন ঘরে আয় রে ফিরে মাঝি ,

আঙিনাতে আসনখানি মেলো ।

ভুলে যা রে দিনের আনাগোনা ,

জ্বালতে হবে সারা রাতের আলো ।

শ্রান্ত ওরে , রেখে দে জাল - বোনা ,

গুটিয়ে ফেলো সকল মন্দ ভালো ।

ফিরিয়ে আনো ছড়িয়ে - পড়া মন—

সফল হোক সকল সমাপন ।


**********
No Review
Related Books
Loading books…