Home
সন্ধ্যা (সংযোজন)

সন্ধ্যা (সংযোজন)

রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যা (সংযোজন)

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ব্যথা বড়ো বাজিয়াছে প্রাণে ,

সন্ধ্যা তুই ধীরে ধীরে আয়!

কাছে আয় — আরো কাছে আয় —

সঙ্গীহারা হৃদয় আমার

তোর বুকে লুকাইতে চায় ।

আমার ব্যথার তুই ব্যথী ,

তুই মোর একমাত্র সাথী ,

সন্ধ্যা তুই আমার আলয় ,

তোরে আমি বড়ো ভালবাসি —

সারাদিন ঘুরে ঘুরে ঘুরে

তোর কোলে ঘুমাইতে আসি ,

তোর কাছে ফেলি রে নিশ্বাস ,

তোর কাছে কহি মনোকথা ,

তোর কাছে করি প্রসারিত

প্রাণের নিভৃত নীরবতা ।

তোর গান শুনিতে শুনিতে

তোর তারা গুনিতে গুনিতে ,

নয়ন মুদিয়া আসে মোর ,

হৃদয় হইয়া আসে ভোর —

স্বপন-গোধূলিময় প্রাণ

হারায় প্রাণের মাঝে তোর!

একটি কথাও নাই মুখে ,

চেয়ে শুধু রোস মুখপানে

অনিমেষ আনত নয়ানে ।

ধীরে শুধু ফেলিস নিশ্বাস ,

ধীরে শুধু কানে কানে গাস

ঘুম-পাড়াবার মৃদু গান ,

কোমল কমল কর দিয়ে

ঢেকে শুধু দিস দুনয়ান ,

ভুলে যাই সকল যাতনা

জুড়াইয়া আসে মোর প্রাণ!

তাই তোরে ডাকি একবার

সঙ্গীহারা হৃদয় আমার ,

তোর বুকে লুকাইয়া মাথা

তোর কোলে ঘুমাইতে চায় ,

সন্ধ্যা তুই ধীরে ধীরে আয় ।

আঁধার আঁচল দিয়ে তোর

আমার দুখেরে ঢেকে রাখ ,

বল তারে ঘুমাইতে বল

কপালেতে হাতখানি রাখ ,

জগতেরে ক ' রে দে আড়াল ,

কোলাহল করিয়া দে দূর —

দুখেরে কোলেতে করে নিয়ে

র ' চে দে নিভৃত অন্তঃপুর ।

তা হলে সে কাঁদিবে বসিয়া ,

কল্পনার খেলেনা গড়িবে ,

খেলিয়া আপন মনে কাঁদিয়া কাঁদিয়া , শেষে

আপনি সে ঘুমায়ে পড়িবে ।

আয় সন্ধ্যা ধীরে ধীরে আয় ,

হাতে লয়ে স্বপনের ডালা

গুন্ গুন্ মন্ত্র পড়ি পড়ি

গাঁথিয়া দে স্বপনের মালা ,

জড়ায়ে দে আমার মাথায় ,

স্নেহ-হস্ত বুলায়ে দে গায়!

স্রোতস্বিনী ঘুমঘোরে , গাবে কুলু কুলু করে

ঘুমেতে জড়িত আধো গান ,

ঝিল্লিরা ধরিবে একতান ,

দিনশ্রমে শ্রান্ত বায়ু গৃহমুখে যেতে যেতে

গান গাবে অতি মৃদু স্বরে ,

পদশব্দ শুনি তার তন্দ্রা ভাঙি লতা পাতা

ভর্ৎ সনা করিবে মরমরে ।

ভাঙা ভাঙা গানগুলি মিলিয়া হৃদয়-মাঝে

মিশে যাবে স্বপনের সাথে ,

নানাবিধ রূপ ধরি ভ্রমিয়া বেড়াবে তারা ,

হৃদয়ের গুহাতে গুহাতে!

আয় সন্ধ্যা ধীরে ধীরে আয় ,

আন তোর স্বর্ণ মেঘজাল ,

পশ্চিমের সুবর্ণ প্রাঙ্গণে

খেলিবি মেঘের ইন্দ্রজাল!

ওই তোর ভাঙা মেঘগুলি ,

হৃদয়ের খেলেনা আমার ,

ওইগুলি কোলে করে নিয়ে

সাধ যায় খেলি অনিবার ।

ওই তোর জলদের ' পর

বাঁধি আমি কত শত ঘর!

সাধ যায় হোথায় লুটাই ,

অস্তগামী রবির মতন ,

লুটায়ে লুটায়ে পড়ি শেষে

সাগরের ওই প্রান্তদেশে

তরল কনক নিকেতন!

ছোটো ছোটো ওই তারাগুলি ,

ডাকে মোরে আঁখি-পাতা খুলি ।

স্নেহময় আঁখিগুলি যেন

আছে শুধু মোর পথ চেয়ে ,

সন্ধ্যার আঁধারে বসি বসি

কহে যেন গান গেয়ে গেয়ে ,

‘ কবে তুমি আসিবে হেথায়

অন্ধকার নিভৃত-নিলয়ে ,

জগতের অতি প্রান্তদেশে

প্রদীপটি রেখেছি জ্বালায়ে!

বিজনেতে রয়েছি বসিয়া

কবে তুমি আসিবে হেথায়! '

সন্ধ্যা হলে মোর মুখ চেয়ে

তারাগুলি এই গান গায়!

আয় সন্ধ্যা ধীরে ধীরে আয় ,

জগতের নয়ন ঢেকে দে —

আঁধার আঁচল পেতে দিয়ে

কোলেতে মাথাটি রেখে দে!


**********
No Review
Related Books
Loading books…