Home
শেষ মুহূর্ত পর্যন্ত

শেষ মুহূর্ত পর্যন্ত

সুনীল গঙ্গোপাধ্যায়

শেষ মুহূর্ত পর্যন্ত

সুনীল গঙ্গোপাধ্যায়
poetry

Change color

শেষ মুহূর্ত পর্যন্ত


এসো

এসো, ভালোবাসা দাও, দেরি

হয়ে যাচ্ছে, দাও, দেরি হয়ে যাচ্ছে, দাও,

দাও, আঙুলের ডগা থেকে। এক্ষুনি

খসে পড়বে গাছের একটি পাতা, দাও, দাও

ভালোবাসা। দু’ হাত বাড়িয়ে, খুব

দেরি হয়ে যাচ্ছে

দেরি হয়ে যাচ্ছে

জাহাজ ড়ুবে যাচ্ছে সমুদ্রে, দাও

গম্ভীর ডমরু বাজছে মেঘে, দাও

দাও ভালোবাসা, কাঙালি ভোজের শেষ খাদ্যকণা

দাও, দাও

ভুরুর সামান্য ভঙ্গি, দেরি হয়ে যাচ্ছে, ভালোবাসা

ভালোবাসা, দাও

আর কিছু চাই না, আর কিছুই না, দাও, দাও

একটা জলস্তম্ভ ভেঙে পড়বে এই মুহূর্তে

একটা ঝড় নিভে যাবে এক ফুঁয়ে, দাও

সমস্ত শরীর ভরে

পায়ের নোখের ধুলো থেকে মাথার চুল পর্যন্ত শরীর ভরে

দাও

শরীর ফুরিয়ে গেলে ইথার তরঙ্গে

দাও, দাও, যবনিকা নেমে আসছে

শব্দ ড়ুবে যাচ্ছে নৈঃশব্দ্যের অসীমে

আকাশ ডানা মেলে ঝাঁপ দিল নীচে

দাও, দাও, আর সময় নেই

দাও, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা…

**********
No Review
Related Books
Loading books…