Home
শেষ উপহার

শেষ উপহার

রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ উপহার

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


যাহা-কিছু ছিল সব দিনু শেষ করে

ডালাখানি ভরে —

কাল কী আনিয়া দিব যুগল চরণে

তাই ভাবি মনে ।

বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে নিয়ে

তরু তার পরে

এক দিনে দীনহীন , শূন্যে দেবতার পানে

চাহে রিক্তকরে ।

আজি দিন শেষ হলে যদি মোর গান

হয় অবসান ,

কাল প্রাতে এ গানের স্মৃতিসুখলেশ

রবে না কি শেষ ।

শূন্য থালে মৌনকণ্ঠে নতমুখে আসি যদি

তোমার সম্মুখে ,

তখন কি অগৌরবে চাহিবে না একবার

ভকতের মুখে ।

দিই নি কি প্রাণপূর্ণ হৃদিপদ্মখানি

পাদপদ্মে আনি ?

দিই নি কি কোনো ফুল অমর করিয়া

অশ্রুতে ভরিয়া ।

এত গান গাহিয়াছি , তার মাঝে নাহি কি গো

হেন কোনো গান

আমি চলে গেলে তবু বহিবে যে চিরদিন

অনন্ত পরান ।

সেই কথা মনে করে দিবে না কি নব

বরমাল্য তব —

ফেলিবে না আঁখি হতে একবিন্দু জল

করুণাকোমল ,

আমার বসন্তশেষে রিক্তপুষ্প দীনবেশে

নীরবে যেদিন

ছলছল-আঁখিজলে দাঁড়াইব সভাতলে

উপহারহীন ।

**********
No Review
Related Books
Loading books…