Home
শীতে ও বসন্তে

শীতে ও বসন্তে

রবীন্দ্রনাথ ঠাকুর

শীতে ও বসন্তে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


প্রথম শীতের মাসে

শিশির লাগিল ঘাসে ,

হুহু করে হাওয়া আসে ,

হিহি করে কাঁপে গাত্র ।

আমি ভাবিলাম মনে

এবার মাতিব রণে ,

বৃথা কাজে অকারণে

কেটে গেছে দিনরাত্র ।

লাগিব দেশের হিতে

গরমে বাদলে শীতে ,

কবিতা নাটকে গীতে

করিব না অনাসৃষ্টি ।

লেখা হবে সারবান

অতিশয় ধারবান ,

খাড়া রব দ্বারবান

দশ দিকে রাখি দৃষ্টি ।

এত বলি গৃহকোণে

বসিলাম দৃঢ়মনে

লেখকের যোগাসনে ,

পাশে লয়ে মসীপাত্র ।

নিশিদিন রুধি দ্বার

স্বদেশের শুধি ধার ,

নাহি হাঁফ ছাড়িবার

অবসর তিলমাত্র ।

রাশি রাশি লিখে লিখে

একেবারে দিকে দিকে

মাসিকে ও সাপ্তাহিকে

করিলাম লেখাবৃষ্টি ।

ঘরেতে জ্বলে না চুলো ,

শরীরে উড়িছে ধুলো ,

আঙুলের ডগাগুলো

হয়ে গেল কালিকৃষ্টি ।

খুঁটিয়া তারিখ মাস

করিলাম রাশ রাশ

গাঁথিলাম ইতিহাস ,

রচিলাম পুরাতত্ত্ব ।

গালি দিয়া মহারাগে

দেখালেম দাগে দাগে

যে যাহা বলেছে আগে

কিছু তার নহে সত্য ।

পুরানে বিজ্ঞানে গোটা

করিয়াছি সিদ্ধি-ঘোঁটা ,

যাহা-কিছু ছিল মোটা

হয়ে গেছে অতি সূক্ষ্ম ।

করেছি সমালোচনা

আছে তাহে গুণপনা ,

কেহ তাহা বুঝিল না

মনে রয়ে গেল দুঃখ ।

মেঘদূত — লোকে যাহা

কাব্যভ্রমে বলে “ আহা ” —

আমি দেখায়েছি তাহা

দর্শনের নব সূত্র ।

নৈষধের কবিতাটি

ডারুয়িন-তত্ত্ব খাঁটি ,

মোর আগে এ কথাটি

বলো কে বলেছে কুত্র ।

কাব্য কহিবার ভানে

নীতি বলি কানে কানে

সে কথা কেহ না জানে ,

না বুঝে হতেছে ইষ্ট ।

নভেল লেখার ছলে

শিখায়েছি সুকৌশলে

সাদাটিরে সাদা বলে ,

কালো যাহা তাই কৃষ্ট ।

কত মাস এইমতো

একে একে হল গত ,

আমি দেশহিতে রত

সব দ্বার করি বন্ধ ।

হাসি-গীত-গল্পগুলি

ধূলিতে হইল ধূলি ,

বেঁধে দিয়ে চোখে ঠুলি

কল্পনারে করি অন্ধ ।

নাহি জানি চারি পাশে

কী ঘটিছে কোন্‌ মাসে ,

কোন্‌ ঋতু কবে আসে ,

কোন্‌ রাতে উঠে চন্দ্র ।

আমি জানি রুশিয়ান

কত দূরে আগুয়ান ,

বজেটের খতিয়ান

কোথা তার আছে রন্ধ্র ।

আমি জানি কোন্‌ দিন

পাস হল কী আইন ,

কুইনের বেহাইন

বিধবা হইল কল্য —

জানি সব আটঘাট ,

গেজেটে করেছি পাঠ

আমাদের ছোটোলাট

কোথা হতে কোথা চলল ।

একদিন বসে বসে

লিখিয়া যেতেছি কষে

এ দেশেতে কার দোষে

ক্রমে কমে আসে শস্য ,

কেনই বা অপঘাতে

মরে লোক দিবারাতে ,

কেন ব্রাহ্মণের পাতে

নাহি পড়ে চ ব্য চোষ্য ।

হেন কালে দুদ্দাড়

খুলে গেল সব দ্বার —

চারি দিকে তোলপাড়

বেধে গেছে মহাকাণ্ড ।

নদীজলে বনে গাছে

কেহ গাহে কেহ নাচে ,

উলটিয়া পড়িয়াছে

দেবতার সুধাভাণ্ড ।

উতলা পাগল-বেশে

দক্ষিণে বাতাস এসে

কোথা হতে হাহা হেসে

প ' ল যেন মদমত্ত ।

লেখাপত্র কেড়েকুড়ে —

কোথা কী যে গেল উড়ে ,

ওই রে আকাশ জুড়ে

ছড়ায় ‘ সমাজতত্ত্ব ' ।

‘ রুশিয়ার অভিপ্রায় '

ওই কোথা উড়ে যায় ,

গেল বুঝি হায় হায়

‘ আমিরের ষড়যন্ত্র ' ।

‘ প্রাচীন ভারত ' বুঝি

আর পাইব না খুঁজি ,

কোথা গিয়ে হল পুঁজি

‘ জাপানের রাজতন্ত্র ' ।

গেল গেল , ও কী কর —

আরে আরে , ধরো ধরো ।

হাসে বন মরমর ,

হাসে বায়ু কলহাস্যে ।

উঠে হাসি নদীজলে

ছলছল কলকলে ,

ভাসায়ে লইয়া চলে

‘ মনুর নূতন ভাষ্যে ' ।

বাদ-প্রতিবাদ যত

শুকনো পাতার মতো

কোথা হল অপগত —

কেহ তাহে নহে ক্ষুণ্ন ।

ফুলগুলি অনায়াসে

মুচকি মুচকি হাসে ,

সুগভীর পরিহাসে

হাসিতেছে নীল শূন্য ।

দেখিতে দেখিতে মোর

লাগিল নেশার ঘোর ,

কোথা হতে মন-চোর

পশিল আমার বক্ষে ।

যেমনি সমুখে চাওয়া

অমনি সে ভূতে-পাওয়া

লাগিল হাসির হাওয়া ,

আর বুঝি নাহি রক্ষে ।

প্রথমে প্রাণের কূলে

শিহরি শিহরি দুলে ,

ক্রমে সে মরমমূলে

লহরী উঠিল চিত্তে ।

তার পরে মহা হাসি

উছসিল রাশি রাশি ,

হৃদয় বাহিরে আসি

মাতিল জগৎ-নৃত্যে ।

এসো এসো , বঁধু , এসো —

আধেক আঁচরে বোসো ,

অবাক অধরে হাসো

ভুলাও সকল তত্ত্ব ।

তুমি শুধু চাহ ফিরে —

ডুবে যাক ধীরে ধীরে

সুধাসাগরের নীরে

যত মিছা যত সত্য ।

আনো গো যৌবনগীতি ,

দূরে চলে যাক নীতি ,

আনো পরানের প্রীতি ,

থাক্‌ প্রবীণের ভাষ্য ।

এসো হে আপনহারা

প্রভাতসন্ধ্যার তারা

বিষাদের আঁখিধারা ,

প্রমোদের মধুহাস্য ।

আনো বাসনার ব্যথা ,

অকারণ চঞ্চলতা ,

আনো কানে কানে কথা ,

চোখে চোখে লাজদৃষ্টি ।

অসম্ভব , আশাতীত ,

অনাবশ্য , অনাদৃত ,

এনে দাও অযাচিত

যত-কিছু অনাসৃষ্টি ।

হৃদয়নিকুঞ্জমাঝ

এসো আজি ঋতুরাজ ,

ভেঙে দাও সব কাজ

প্রেমের মোহনমন্ত্রে ।

হিতাহিত হোক দূর —

গাব গীত সুমধুর ,

ধরো তুমি ধরো সুর

সুধাময়ী বীণা-যন্ত্রে ।


**********
No Review
Related Books
Loading books…