Home
শান্তিগীত

শান্তিগীত

রবীন্দ্রনাথ ঠাকুর

শান্তিগীত

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ঘুমা দুঃখ হৃদয়ের ধন ,

ঘুমা তুই ঘুমা রে এমন ।

সুখে সারা দিনমান শোণিত করিয়া পান

এখন তো মিটেছে তিয়াষ ?

দুঃখ , তুই সুখেতে ঘুমাস ।


আজ জোছনার রাত্রে বসন্তপবনে ,

অতীতের পরলোক ত্যজি শূন্যমনে ,

বিগত দিবসগুলি শুধু একবার

পুরানো খেলার ঠাঁই দেখিতে এসেছে

এই হৃদয়ে আমার --

যবে বেঁচেছিল তারা এই এ শ্মশানে

দিন গেলে প্রতিদিন পুড়াত যেখানে

একেকটি আশা আর একেকটি সুখ ,

সেইখানে আসি তারা বসিয়া রয়েছে

অতি ম্লান মুখ ।


সেখানে বসিয়া তারা সকলে মিলিয়া

অতি মৃদু স্বরে

পুরানো কালের গীতি নয়ন মুদিয়া

ধীরে গান করে ।


দুঃখ , তুই ঘুমা ।

ধীরে উঠিতেছে গান ,

ক্রমে ছাইতেছে প্রাণ ,

নীরবতা ছায় যথা সন্ধ্যার গগন ।

গানের প্রাণের মাঝে তোর তীব্র কণ্ঠস্বর

ছুরির মতন ।

তুই থাম্ দুঃখ , থাম্ ।

তুই ঘুমা দুঃখ , ঘুমা ।


কাল উঠিস আবার ,

খেলিস দুরন্ত খেলা হৃদয়ে আমার ;

হৃদয়ের শিরাগুলি ছিঁড়ি ছিঁড়ি মোর

তাইতে রচিস তন্ত্রী বীণাটির তোর ,

সারাদিন বাজাস বসিয়া

ধ্বনিয়া হৃদয় ।

আজ রাত্রে রব শুধু চাহিয়া চাঁদের পানে ,

আর কিছু নয় ।


**********
No Review
Related Books
Loading books…