Home
যেতে নাহি দিব

যেতে নাহি দিব

রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে নাহি দিব

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


দুয়ারে প্রস্তুত গাড়ি ; বেলা দ্বিপ্রহর ;

হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর ।

জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায়

মধ্যাহ্ন-বাতাসে ; স্নিগ্ধ অশত্থের ছায়

ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি

ঘুমায়ে পড়েছে ; যেন রৌদ্রময়ী রাতি

ঝাঁ ঝাঁ করে চারি দিকে নিস্তব্ধ নিঃঝুম —

শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম ।

গিয়েছে আশ্বিন — পূজার ছুটির শেষে

ফিরে যেতে হবে আজি বহুদূরদেশে

সেই কর্মস্থানে । ভৃত্যগণ ব্যস্ত হয়ে

বাঁধিছে জিনিসপত্র দড়াদড়ি লয়ে ,

হাঁকাহাঁকি ডাকাডাকি এ-ঘরে ও-ঘরে ।

ঘরের গৃহিণী , চক্ষু ছলছল করে ,

ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার ,

তবুও সময় তার নাহি কাঁদিবার

একদণ্ড তরে ; বিদায়ের আয়োজনে

ব্যস্ত হয়ে ফিরে ; যথেষ্ট না হয় মনে

যত বাড়ে বোঝা । আমি বলি , ‘ এ কী কাণ্ড!

এত ঘট এত পট হাঁড়ি সরা ভাণ্ড

বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝাই

কী করিব লয়ে কিছু এর রেখে যাই

কিছু লই সাথে । '

সে কথায় কর্ণপাত

নাহি করে কোনো জন । ' কী জানি দৈবাৎ

এটা ওটা আবশ্যক যদি হয় শেষে

তখন কোথায় পাবে বিভুঁই বিদেশে ?

সোনামুগ সরু চাল সুপারি ও পান ;

ও হাঁড়িতে ঢাকা আছে দুই-চারিখান

গুড়ের পাটালি ; কিছু ঝুনা নারিকেল ;

দুই ভাণ্ড ভালো রাই-সরিষার তেল ;

আমসত্ত্ব আমচুর ; সের দুই দুধ —

এই-সব শিশি কৌটা ওষুধবিষুধ ।

মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে ,

মাথা খাও , ভুলিয়ো না , খেয়ো মনে করে । '

বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্যব্যয় ।

বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় ।

তাকানু ঘড়ির পানে , তার পরে ফিরে

চাহিনু প্রিয়ার মুখে ; কহিলাম ধীরে ,

‘ তবে আসি ' । অমনি ফিরায়ে মুখখানি

নতশিরে চক্ষু- ' পরে বস্ত্রাঞ্চল টানি

অমঙ্গল অশ্রুজল করিল গোপন ।

বাহিরে দ্বারের কাছে বসি অন্যমন

কন্যা মোর চারি বছরের । এতক্ষণ

অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন ,

দুটি অন্ন মুখে না তুলিতে আঁখিপাতা

মুদিয়া আসিত ঘুমে ; আজি তার মাতা

দেখে নাই তারে ; এত বেলা হয়ে যায়

নাই স্নানাহার । এতক্ষণ ছায়াপ্রায়

ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেঁষে ,

চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে

বিদায়ের আয়োজন । শ্রান্তদেহে এবে

বাহিরের দ্বারপ্রান্তে কী জানি কী ভেবে

চুপিচাপি বসে ছিল । কহিনু যখন

‘ মা গো , আসি ' সে কহিল বিষণ্ন-নয়ন

ম্লান মুখে , ‘ যেতে আমি দিব না তোমায় । '

যেখানে আছিল বসে রহিল সেথায় ,

ধরিল না বাহু মোর , রুধিল না দ্বার ,

শুধু নিজ হৃদয়ের স্নেহ-অধিকার

প্রচারিল — ‘ যেতে আমি দিব না তোমায় ' ।

তবুও সময় হল শেষ , তবু হায়

যেতে দিতে হল ।

ওরে মোর মূঢ় মেয়ে ,

কে রে তুই , কোথা হতে কী শকতি পেয়ে

কহিলি এমন কথা , এত স্পর্ধাভরে —

‘ যেতে আমি দিব না তোমায় ' ? চরাচরে

কাহারে রাখিবি ধরে দুটি ছোটো হাতে

গরবিনী , সংগ্রাম করিবি কার সাথে

বসি গৃহদ্বারপ্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ

শুধু লয়ে ওইটুকু বুকভরা স্নেহ ।

ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে

মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে

এ জগতে , শুধু বলে রাখা ' যেতে দিতে

ইচ্ছা নাহি ' । হেন কথা কে পারে বলিতে

‘ যেতে নাহি দিব ' ! শুনি তোর শিশুমুখে

স্নেহের প্রবল গর্ববাণী , সকৌতুকে

হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে ,

তুই শুধু পরাভূত চোখে জল ভরে

দুয়ারে রহিলি বসে ছবির মতন ,

আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন ।

চলিতে চলিতে পথে হেরি দুই ধারে

শরতের শস্যক্ষেত্র নত শস্যভারে

রৌদ্র পোহাইছে । তরুশ্রেণী উদাসীন

রাজপথপাশে , চেয়ে আছে সারাদিন

আপন ছায়ার পানে । বহে খরবেগ

শরতের ভরা গঙ্গা । শুভ্র খণ্ডমেঘ

মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখনিদ্রারত

সদ্যোজাত সুকুমার গোবৎসের মতো

নীলাম্বরে শুয়ে । দীপ্ত রৌদ্রে অনাবৃত

যুগ-যুগান্তরক্লান্ত দিগন্তবিস্তৃত

ধরণীর পানে চেয়ে ফেলিনু নিশ্বাস ।

কী গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ ,

সমস্ত পৃথিবী । চলিতেছি যতদূর

শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর

‘ যেতে আমি দিব না তোমায় ' । ধরণীর

প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ততীর

ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে ,

‘ যেতে নাহি দিব । যেতে নাহি দিব । ' সবে

কহে ‘ যেতে নাহি দিব ' । তৃণ ক্ষুদ্র অতি

তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী

কহিছেন প্রাণপণে ‘ যেতে নাহি দিব ' ।

আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব-নিব ,

আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে

কহিতেছে শত বার ' যেতে দিব না রে ' ।

এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে

সব চেয়ে পুরাতন কথা , সব চেয়ে

গভীর ক্রন্দন — ‘ যেতে নাহি দিব ' । হায় ,

তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।

চলিতেছে এমনি অনাদি কাল হতে ।

প্রলয়সমুদ্রবাহী সৃজনের স্রোতে

প্রসারিত-ব্যগ্র-বাহু জ্বলন্ত-আঁখিতে

‘ দিব না দিব না যেতে ' ডাকিতে ডাকিতে

হু হু করে তীব্রবেগে চলে যায় সবে

পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে ।

সম্মুখ-ঊর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ

‘ দিব না দিব না যেতে ' — নাহি শুনে কেউ

নাহি কোনো সাড়া ।

চারি দিক হতে আজি

অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি

সেই বিশ্ব-মর্মভেদী করুণ ক্রন্দন

মোর কন্যাকণ্ঠস্বরে ; শিশুর মতন

বিশ্বের অবোধ বাণী । চিরকাল ধরে

যাহা পায় তাই সে হারায় , তবু তো রে

শিথিল হল না মুষ্টি , তবু অবিরত

সেই চারি বৎসরের কন্যাটির মতো

অক্ষুণ্ন প্রেমের গর্বে কহিছে সে ডাকি

‘ যেতে নাহি দিব ' । ম্লান মুখ , অশ্রু-আঁখি ,

দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব ,

তবু প্রেম কিছুতে না মানে পরাভব ,

তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয়

‘ যেতে নাহি দিব ' । যত বার পরাজয়

তত বার কহে , ‘ আমি ভালোবাসি যারে

সে কি কভু আমা হতে দূরে যেতে পারে ।

আমার আকাঙ্ক্ষা-সম এমন আকুল ,

এমন সকল-বাড়া , এমন অকূল ,

এমন প্রবল বিশ্বে কিছু আছে আর! '

এত বলি দর্পভরে করে সে প্রচার

‘ যেতে নাহি দিব ' । তখনি দেখিতে পায় ,

শুষ্ক তুচ্ছ ধূলি-সম উড়ে চলে যায়

একটি নিশ্বাসে তার আদরের ধন ;

অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন ,

ছিন্নমূল তরু-সম পড়ে পৃথ্বীতলে

হতগর্ব নতশির । তবু প্রেম বলে ,

‘ সত্যভঙ্গ হবে না বিধির । আমি তাঁর

পেয়েছি স্বাক্ষর-দেওয়া মহা অঙ্গীকার

চির-অধিকার-লিপি । ' — তাই স্ফীত বুকে

সর্বশক্তি মরণের মুখের সম্মুখে

দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা

বলে , ‘ মৃত্যু তুমি নাই । — হেন গর্বকথা!

মৃত্যু হাসে বসি । মরণপীড়িত সেই

চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই

অনন্ত সংসার , বিষণ্ন নয়ন- ' পরে

অশ্রুবাষ্প-সম , ব্যাকুল আশঙ্কাভরে

চির-কম্পমান । আশাহীন শ্রান্ত আশা

টানিয়া রেখেছে এক বিষাদ-কুয়াশা

বিশ্বময় । আজি যেন পড়িছে নয়নে —

দুখানি অবোধ বাহু বিফল বাঁধনে

জড়ায়ে পড়িয়া আছে নিখিলেরে ঘিরে ,

স্তব্ধ সকাতর । চঞ্চল স্রোতের নীরে

পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া —

অশ্রুবৃষ্টিভরা কোন্‌ মেঘের সে মায়া ।

তাই আজি শুনিতেছি তরুরক মর্মরে

এত ব্যাকুলতা ; অলস ঔদাস্যভরে

মধ্যাহ্নের তপ্ত বায়ু মিছে খেলা করে

শুষ্ক পত্র লয়ে ; বেলা ধীরে যায় চলে

ছায়া দীর্ঘতর করি অশত্থের তলে ।

মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাঁশি

বিশ্বের প্রান্তর-মাঝে ; শুনিয়া উদাসী

বসুন্ধরা বসিয়া আছেন এলোচুলে

দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কূলে

একখানি রৌদ্রপীত হিরণ্য-অঞ্চল

বক্ষে টানি দিয়া ; স্থির নয়নযুগল

দূর নীলাম্বরে মগ্ন ; মুখে নাহি বাণী ।

দেখিলাম তাঁর সেই ম্লান মুখখানি

সেই দ্বারপ্রান্তে লীন , স্তব্ধ মর্মাহত

মোর চারি বৎসরের কন্যাটির মতো ।


**********
No Review
Related Books
Loading books…