Home
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

রবীন্দ্রনাথ ঠাকুর

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color


মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

একেলা রয়েছ নীরব শয়ন-‘পরে–

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি

আর কতকাল এমনে কাটিবে স্বামী–

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,

আছে সবে মোর বাতায়ন-পানে চেয়ে–

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

জীবনে আমার সংগীত দাও আনি,

নীরব রেখো না তোমার বীণার বাণী–

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

মিলাব নয়ন তব নয়নের সাথে,

মিলাব এ হাত তব দক্ষিণ হাতে–

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,

তিমির কাঁপিবে গভীর আলোর রবে–

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।




**********
No Review
Related Books
Loading books…