Home
মুক্তিপাশ

মুক্তিপাশ

রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তিপাশ

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ওগো , নিশীথে কখন এসেছিলে তুমি

কখন যে গেছ বিহানে

তাহা কে জানে ।

আমি চরণশবদ পাই নি শুনিতে

ছিলেম কিসের ধেয়ানে

তাহা কে জানে ।

রুদ্ধ আছিল আমার এ গেহ ,

কতকাল আসে - যায় নাই কেহ ,

তাই মনে মনে ভাবিতেছিলেম

এখনো রয়েছে যামিনী—

যেমন বন্ধ আছিল সকলি

বুঝি - বা রয়েছে তেমনি ।

হে মোর গোপনবিহারী ,

ঘুমায়ে ছিলেম যখন , তুমি কি

গিয়েছিলে মোরে নেহারি ।

আজ নয়ন মেলিয়া একি হেরিলাম

বাধা নাই , কোনো বাধা নাই—

আমি বাঁধা নাই ।

ওগো যে আঁধার ছিল শয়ন ঘেরিয়া

আধা নাই , তার আধা নাই—

আমি বাঁধা নাই ।

তখনি উঠিয়া গেলেম ছুটিয়া ,

দেখিনু কে মোর আগল টুটিয়া

ঘরে ঘরে যত দুয়ার - জানালা

সকলি দিয়েছে খুলিয়া—

আকাশ - বাতাস ঘরে আসে মোর

বিজয়পতাকা তুলিয়া

হে বিজয়ী বীর অজানা ,

কখন যে তুমি জয় করে যাও

কে পায় তার ঠিকানা ।

আমি ঘরে বাঁধা ছিনু , এবার আমারে

আকাশে রাখিলে ধরিয়া

দৃঢ় করিয়া ।

সব বাঁধা খুলে দিয়ে মুক্তিবাঁধনে

বাঁধিলে আমারে হরিয়া

দৃঢ় করিয়া ।

রুদ্ধদুয়ার ঘরে কতবার

খুঁজেছিল মন পথ পালাবার ,

এবার তোমার আশাপথ চাহি

বসে রব খোলা দুয়ারে—

তোমারে ধরিতে হইবে বলিয়া

ধরিয়া রাখিব আমারে ।

হে মোর পরানবঁধু হে ,

কখন যে তুমি দিয়ে চলে যাও

পরানে পরশমধু হে ।


**********
No Review
Related Books
Loading books…