Home
বিশ্বনৃত্য

বিশ্বনৃত্য

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বনৃত্য

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


বিপুল গভীর মধুর মন্দ্রে

কে বাজাবে সেই বাজনা!

উঠিবে চিত্ত করিয়া নৃত্য ,

বিস্মৃত হবে আপনা ।

টুটিবে বন্ধ মহা আনন্দ ,

নব সংগীতে নূতন ছন্দ ,

হৃদয়সাগরে পূর্ণচন্দ্র

জাগাবে নবীন বাসনা ।

সঘন অশ্রুমগন হাস্য

জাগিবে তাহার বদনে ।

প্রভাত-অরুণকিরণরশ্মি

ফুটিবে তাহার নয়নে ।

দক্ষিণ করে ধরিয়া যন্ত্র

ঝনন রণন স্বর্ণতন্ত্র ,

কাঁপিয়া উঠিবে মোহন মন্ত্র

নির্মল নীল গগনে ।

হা হা করি সবে উচ্ছল রবে

চঞ্চল কলকলিয়া

চৌদিক হতে উন্মাদ স্রোতে

আসিবে তূর্ণ চলিয়া ।

ছুটিবে সঙ্গে মহাতরঙ্গে

ঘিরিয়া তাঁহারে হরষরঙ্গে

বিঘ্নতরণ চরণভঙ্গে

পথকন্টক দলিয়া ।

দ্যুলোক চাহিয়া সে লোকসিন্ধু

বন্ধনপাশ নাশিবে ,

অসীম পুলকে বিশ্ব-ভূলোকে

অঙ্কে তুলিয়া হাসিবে ।

ঊর্মিলীলায় সূর্যকিরণ

ঠিকরি উঠিবে হিরণবরন ,

বিঘ্ন বিপদ দুঃখ মরণ

ফেনের মতন ভাসিবে ।

ওগো কে বাজায় , বুঝি শোনা যায় ,

মহা রহস্যে রসিয়া ,

চিরকাল ধরে গম্ভীর স্বরে

অম্বর- ' পরে বসিয়া ।

গ্রহমণ্ডল হয়েছে পাগল ,

ফিরিছে নাচিয়া চিরচঞ্চল —

গগনে গগনে জ্যোতি-অঞ্চল

পড়িছে খসিয়া খসিয়া ।

ওগো কে বাজায় কে শুনিতে পায় ,

না জানি কী মহা রাগিণী!

দুলিয়া ফুলিয়া নাচিছে সিন্ধু

সহস্রশির নাগিনী ।

ঘন অরণ্য আনন্দে দুলে —

অনন্ত নভে শত বাহু তুলে ,

কী গাহিতে গিয়ে কথা যায় ভুলে ,

মর্মরে দিনযামিনী ।

নির্ঝর ঝরে উচ্ছ্বাসভরে

বন্ধুর শিলা-সরণে ।

ছন্দে ছন্দে সুন্দর গতি

পাষাণহৃদয়-হরণে ।

কোমল কণ্ঠে কুল্‌ কুল্‌ সুর

ফুটে অবিরল তরল মধুর ,

সদাশিঞ্জিত মানিকনূপুর

বাঁধা চঞ্চল চরণে ।


নাচে ছয় ঋতু , না মানে বিরাম ,

বাহুতে বাহুতে ধরিয়া

শ্যামল স্বর্ণ বিবিধ বর্ণ

নব নব বাস পরিয়া ।

চরণ ফেলিতে কত বনফুল

ফুটে ফুটে টুটে হইয়া আকুল ,

উঠে ধরণীর হৃদয় বিপুল

হাসি-ক্রন্দনে ভরিয়া ।

পশু-বিহঙ্গ কীটপতঙ্গ

জীবনের ধারা ছুটিছে ।

কী মহা খেলায় মরণবেলায়

তরঙ্গ তার টুটিছে ।

কোনোখানে আলো কোনোখানে ছায়া ,

জেগে জেগে ওঠে নব নব কায়া ,

চেতনাপূর্ণ অদ্ভুত মায়া

বুদ্‌বুদ সম ফুটিছে ।

ওই কে বাজায় দিবস-নিশায়

বসি অন্তর-আসনে ,

কালের যন্ত্রে বিচিত্র সুর —

কেহ শোনে কেহ না শোনে ।

অর্থ কী তার ভাবিয়া না পাই ,

কত গুণী জ্ঞানী চিন্তিছে তাই ,

মহান মানব-মানস সদাই

উঠে পড়ে তারি শাসনে ।

শুধু হেথা কেন আনন্দ নাই ,

কেন আছে সবে নীরবে ?

তারকা না দেখি পশ্চিমাকাশে ,

প্রভাত না দেখি পুরবে ।

শুধু চারি দিকে প্রাচীন পাষাণ

জগৎ-ব্যাপ্ত সমাধিসমান

গ্রাসিয়া রেখেছে অযুত পরান ,

রয়েছে অটল গরবে ।

সংসারস্রোত জাহ্নবীসম

বহু দূরে গেছে সরিয়া ।

এ শুধু ঊষর বালুকাধূসর

মরুরূপে আছে মরিয়া ।

নাহি কোনো গতি , নাহি কোনো গান ,

নাহি কোনো কাজ , নাহি কোনো প্রাণ ,

বসে আছে এক মহানির্বাণ ,

আঁধার-মুকুট পরিয়া ।

হৃদয় আমার ক্রন্দন করে

মানব-হৃদয়ে মিশিতে —

নিখিলের সাথে মহা রাজপথে

চলিতে দিবস-নিশীথে ।

আজন্মকাল পড়ে আছি মৃত

জড়তার মাঝে হয়ে পরাজিত ,

একটি বিন্দু জীবন-অমৃত

কে গো দিবে এই তৃষিতে ?

জগৎ-মাতানো সংগীততানে

কে দিবে এদের নাচায়ে!

জগতের প্রাণ করাইয়া পান

কে দিবে এদের বাঁচায়ে!

ছিঁড়িয়া ফেলিবে জাতিজালপাশ ,

মুক্ত হৃদয়ে লাগিবে বাতাস ,

ঘুচায়ে ফেলিয়া মিথ্যা তরাস

ভাঙিবে জীর্ণ খাঁচা এ ।


বিপুল গভীর মধুর মন্দ্রে

বাজুক বিশ্ববাজনা!

উঠুক চিত্ত করিয়া নৃত্য

বিস্মৃত হয়ে আপনা ।

টুটুক বন্ধ , মহা আনন্দ ,

নব সংগীতে নূতন ছন্দ —

হৃদয়সাগরে পূর্ণচন্দ্র

জাগাক নবীন বাসনা ।


**********
No Review
Related Books
Loading books…