Home
বহ্নিশিখা

বহ্নিশিখা

কাজী নজরুল ইসলাম

বহ্নিশিখা

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা19-Apr-2025

Change color

মেলি শতদিকে শতলেলিহান রসনা

জাগো বহ্নিশিখা স্বাহা দিগ্-বসনা!

জাগো রুদ্রের ললাটের রক্ত-অনল,

জাগো বজ্র-জ্বালা বিদ্যুৎ-ঝলমল!

জাগো মহেন্দ্র-তপোভঙ্গের অভিশাপ,

জাগো অনঙ্গ-দাহন নয়নের তাপ।

জাগো ভাগীরথী-কূলে-কূলে চুল্লি-শ্মশান,

জাগো অস্ত-গোধূলি-বেলা দিবা-অবসান!

জাগো উদয়প্রাতের ঊষা রক্তশিখা,

জাগো সূর্যের টিপ পরি জয়ন্তিকা!

জাগো ক্রোধাগ্নি অবমানিতের বক্ষে,

জাগো শোকাগ্নি নিরশ্রু রাঙা চক্ষে!

জাগো নিশ্চুপ সয়ে-থাকা ধূমায়িত রোষ,

জাগো বাণী-মূক কন্ঠে অশনি-নির্ঘোষ!

জাগো খান্ডব-দাহন ভীমা দাহিকা,

মরু বিদ্রুপ-হাসি জাগো হে মরীচিকা।


জাগো বাড়ব-অনল জ্বলে, বনে দাবানল,

জাগো অগ্নি-সিন্ধু-মন্থন হলাহল!

জাগো বহ্নিরুপী তরু-শুষ্ক-জ্বালা,

জাগো তরলিত অগ্নি গো সুরা-পেয়ালা।

জাগো প্রতিশোধরূপে উৎপীড়িত বুকে,

নামো স্বর্গে অভিশাপ উল্কা-মুখে!

এসো ধূমকেতু-ঝাঁটা হাতে ধূমাবতী,

এসো ভস্মের টিপ পরি অশ্রুমতী,

জাগো আলো হয়ে রবি-শশী-তারকা-চাঁদে,

এসো অনুরাগ-রাঙা হয়ে নয়ন-ফাঁদে।

জাগো কন্টকে জ্বালা হয়ে, নাগ-মুখে বিষ,

এসো আলেয়ার আলো হয়ে, নিশি-ডাক শিস্।

এসো ক্ষুধা হয়ে নিরন্ন রিক্ত ঘরে,

লুটো লক্ষ্মীর ভান্ডার হাহাস্বরে

জাগো ভীমা-ভয়ংকরী উন্মাদিনী,

রাঙা দীপক আগুন সুরে বীণাবাদিনী!

**********
No Review
Related Books
Loading books…