Home
প্রেমের অভিষেক

প্রেমের অভিষেক

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের অভিষেক

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


তুমি মোরে করেছ সম্রাট । তুমি মোরে

পরায়েছ গৌরবমুকুট । পুষ্পডোরে

সাজায়েছ কণ্ঠ মোর ; তব রাজটিকা

দীপিছে ললাটমাঝে মহিমার শিখা

অহর্নিশি । আমার সকল দৈন্য-লাজ

আমার ক্ষুদ্রতা যত ঢাকিয়াছ আজ

তব রাজ-আস্তরণে । হৃদিশয্যাতল

শুভ্র দুগ্ধফেননিভ কোমল শীতল

তারি মাঝে বসায়েছ , সমস্ত জগৎ

বাহিরে দাঁড়ায়ে আছে , নাহি পায় পথ

সে অন্তর-অন্তঃপুরে । নিভৃত সভায়

আমারে চৌদিকে ঘিরি সদা গান গায়

বিশ্বের কবিরা মিলি ; অমরবীণায়

উঠিয়াছে কী ঝংকার । নিত্য শুনা যায়

দূর-দূরান্তর হতে দেশবিদেশের

ভাষা , যুগ-যুগান্তের কথা , দিবসের

নিশীথের গান , মিলনের বিরহের

গাথা , তৃপ্তিহীন শ্রান্তিহীন আগ্রহের

উৎকণ্ঠিত তান ।

প্রেমের অমরাবতী —

প্রদোষ-আলোকে যেথা দময়ন্তী সতী

বিচরে নলের সনে দীর্ঘনিশ্বসিত

অরণ্যের বিষাদমর্মরে ; বিকশিত

পুষ্পবীথিতলে শকুন্তলা আছে বসি ,

করপদ্মতললীন ম্লান মুখশশী ,

ধ্যানরতা ; পুরূরবা ফিরে অহরহ

বনে বনে , গীতস্বরে দুঃসহ বিরহ

বিস্তারিয়া বিশ্বমাঝে ; মহারণ্যে যেথা

বীণা হস্তে লয়ে তপস্বিনী মহাশ্বেতা

মহেশমন্দিরতলে বসি একাকিনী

অন্তরবেদনা দিয়ে গড়িছে রাগিণী

সান্ত্বনাসিঞ্চিত ; গিরিতটে শিলাতলে

কানে কানে প্রেমবার্তা কহিবার ছলে

সুভদ্রার লজ্জারুণ কুসুমকপোল

চুম্বিছে ফাল্গুনি ; ভিখারি শিবের কোল

সদা আগলিয়া আছে প্রিয়া পার্বতীরে

অনন্তব্যগ্রতাপাশে ; সুখদুঃখনীরে

বহে অশ্রুমন্দাকিনী , মিনতির স্বরে

কুসুমিত বনানীরে ম্লানমুখী করে

করুণায় ; বাঁশরির ব্যথাপূর্ণ তান

কুঞ্জে কুঞ্জে তরুচ্ছায়ে করিছে সন্ধান

হৃদয়সাথিরে ; হাত ধরে মোরে তুমি

লয়ে গেছ সৌন্দর্যের সে নন্দনভূমি

অমৃত-আলয়ে । সেথা আমি জ্যোতিষ্মান

অক্ষয়যৌবনময় দেবতাসমান ,

সেথা মোর লাবণ্যের নাহি পরিসীমা ,

সেথা মোরে অর্পিয়াছে আপন মহিমা

নিখিল প্রণয়ী ; সেথা মোর সভাসদ

রবিচন্দ্রতারা , পরি নব পরিচ্ছদ

শুনায় আমারে তারা নব নব গান

নব অর্থভরা — চিরসুহৃদ্‌মান

সর্বচরাচর ।

হেথা আমি কেহ নহি ,

সহস্রের মাঝে একজন — সদা বহি

সংসারের ক্ষুদ্র ভার , কত অনুগ্রহ

কত অবহেলা সহিতেছি অহরহ ।

সেই শতসহস্রের পরিচয়হীন

প্রবাহ হইতে , এই তুচ্ছ কর্মাধীন

মোরে তুমি লয়েছ তুলিয়া , নাহি জানি

কী কারণে । অয়ি মহীয়সী মহারানী ,

তুমি মোরে করিয়াছ মহীয়ান । আজি

এই-যে আমারে ঠেলি চলে জনরাজি

না তাকায়ে মোর মুখে , তাহারা কি জানে —

নিশিদিন তোমার সোহাগ-সুধাপানে

অঙ্গ মোর হয়েছে অমর । তাহারা কি

পায় দেখিবারে — নিত্য মোরে আছে ঢাকি

মন তব অভিনব লাবণ্যরসনে ।

তব স্পর্শ , তব প্রেম রেখেছি যতনে ,

তব সুধাকণ্ঠবাণী , তোমার চুম্বন ,

তোমার আঁখির দৃষ্টি , সর্ব দেহমন

পূর্ণ করি — রেখেছে যেমন সুধাকর

দেবতার গুপ্ত সুধা যুগযুগান্তর

আপনারে সুধাপাত্র করি , বিধাতার

পুণ্য অগ্নি জ্বালায়ে রেখেছে অনিবার

সবিতা যেমন সযতনে , কমলার

চরণকিরণে যথা পরিয়াছে হার

সুনির্মল গগনের অনন্ত ললাট ।

হে মহিমাময়ী , মোরে করেছ সম্রাট ।


**********
No Review
Related Books
Loading books…