Home
পরশপাথর

পরশপাথর

রবীন্দ্রনাথ ঠাকুর

পরশপাথর

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর ।

মাথায় বৃহৎ জটা ধুলায় কাদায় কটা ,

মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর ।

ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি

রাত্রিদিন তীব্র জ্বালা জ্বেলে রাখে চোখে ।

দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত-হেন

উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে ।

নাহি যার চালচুলা গায়ে মাখে ছাইধুলা

কটিতে জড়ানো শুধু ধূসর কৌপীন ,

ডেকে কথা কয় তারে কেহ নাই এ সংসারে

পথের ভিখারি হতে আরো দীনহীন ,

তার এত অভিমান , সোনারুপা তুচ্ছজ্ঞান ,

রাজসম্পদের লাগি নহে সে কাতর ,

দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়

একেবারে পেতে চায় পরশপাথর!

সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার ।

তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হল কুটিকুটি

সৃষ্টিছাড়া পাগলের দেখিয়া ব্যাপার ।

আকাশ রয়েছে চাহি , নয়নে নিমেষ নাহি ,

হু হু করে সমীরণ ছুটেছে অবাধ ।

সূর্য ওঠে প্রাতঃকালে পূর্ব গগনের ভালে ,

সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ ।

জলরাশি অবিরল করিতেছে কলকল ,

অতল রহস্য যেন চাহে বলিবারে ।

কাম্য ধন আছে কোথা জানে যেন সব কথা ,

সে-ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে ।

কিছুতে ভ্রূক্ষেপ নাহি , মহা গাথা গান গাহি

সমুদ্র আপনি শুনে আপনার স্বর ।


কেহ যায় , কেহ আসে , কেহ কাঁদে , কেহ হাসে ,

খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশপাথর ।

একদিন , বহুপূর্বে , আছে ইতিহাস —

নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা —

আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ ।

মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর

এসেছিল পা টিপিয়া এই সিন্ধুতীরে ।

অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি

নীরবে দাঁড়ায়ে ছিল স্থির নতশিরে ।

বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি

এই মহাসমুদ্রের গীতি চিরন্তন ;

তার পরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে

করেছিল এ অনন্ত রহস্য মনথন ।

বহুকাল দুঃখ সেবি নিরখিল , লক্ষ্মীদেবী

উদিলা জগৎ-মাঝে অতুল সুন্দর ।

সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চীরে

খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর ।

এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ ।

খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু ,

আশা গেছে , যায় নাই খোঁজার অভ্যাস ।

বিরহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরুশাখে ,

যারে ডাকে তার দেখা পায় না অভাগা ।

তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন ,

একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা ।

আর-সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি

সমুদ্র না জানি কারে চাহে অবিরত ।

যত করে হায় হায় কোনোকালে নাহি পায় ,

তবু শূন্যে তোলে বাহু , ওই তার ব্রত ।

কারে চাহি ব্যোমতলে গ্রহতারা লয়ে চলে ,

অনন্ত সাধনা করে বিশ্বচরাচর ।

সেইমতো সিন্ধুতটে ধূলিমাথা দীর্ঘজটে

খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর ।

একদা শুধাল তারে গ্রামবাসী ছেলে ,

‘ সন্ন্যাসীঠাকুর , এ কী , কাঁকালে ও কী ও দেখি ,

সোনার শিকল তুমি কোথা হতে পেলে । '

সন্ন্যাসী চমকি ওঠে শিকল সোনার বটে ,

লোহা সে হয়েছে সোনা জানে না কখন ।

একি কাণ্ড চমৎকার , তুলে দেখে বার বার ,

আঁখি কচালিয়া দেখে এ নহে স্বপন ।

কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি- ' পর ,

নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা ;

পাগলের মতো চায় — কোথা গেল , হায় হায় ,

ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা ।

কেবল অভ্যাসমত নুড়ি কুড়াইত কত ,

ঠন্‌ ক ' রে ঠেকাইত শিকলের ‘ পর ,

চেয়ে দেখিত না , নুড়ি দূরে ফেলে দিত ছুঁড়ি ,

কখন ফেলেছে ছুঁড়ে পরশপাথর ।

তখন যেতেছে অস্তে মলিন তপন ।

আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত স্বর্ণ ,

পশ্চিমদিগ্বধূ দেখে সোনার স্বপন ।

সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে যায় ফিরে

খুঁজিতে নূতন ক ' রে হারানো রতন ।

সে শকতি নাহি আর নুয়ে পড়ে দেহভার

অন্তর লুটায় ছিন্ন তরুর মতন ।

পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবৎ

হেথা হতে কত দূর নাহি তার শেষ ।

দিক হতে দিগন্তরে মরুবালি ধূ ধূ করে ,

আসন্ন রজনী-ছায়ে ম্লান সর্বদেশ ।

অর্ধেক জীবন খুঁজি কোন্‌ ক্ষণে চক্ষু বুজি

স্পর্শ লভেছিল যার এক পলভর ,

বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান

ফিরিয়া খুঁজিতে সেই পরশপাথর ।


**********
No Review
Related Books
Loading books…