Home
নীরার কৌতুক

নীরার কৌতুক

সুনীল গঙ্গোপাধ্যায়

নীরার কৌতুক

সুনীল গঙ্গোপাধ্যায়
poetry

Posted byশেষ নগরী21-May-2025

Change color


নীরার অভিমান আমাকে সাত জন্ম নির্বাসন দেয়

আমি সইতে পারি না, পারি না, পারি না, অন্য লোকেরা

কী ভাবে সহ্য করে?

রাস্তায় কত শুকনো মুখ মানুষ দেখি, ওদের কোনো নীরা নেই?

ওগো দুঃখী পকেটমার, এক জীবন নিঃস্ব থেকে গেলে?

হায় রাইটার্স বিল্ডিং, হায় লালবাজার, তোমরা কেউ

নীরাকে চিনলে না

কী রুক্ষ তোমাদের জীবন যাপন, কী নির্মম আত্মবিস্মৃতি!

আমি কখনও অস্ত্র হাতে তুলে নিলে নীরা এই বসুন্ধরাকে

আড়াল করে দাঁড়ায়

এক এক সময় আমি অসহিষ্ণু ভাবে বলি,

খুকী, জীবনটা শুধু ভালোবাসার ছেলেখেলা নয়!

নীরা লঘু কৌতুকে উত্তর দেয়, ভালোবাসার ছেলেখেলা ছাড়া

আর সব ফুঃ!

**********
No Review
Related Books
Loading books…