Home
ঝুলন

ঝুলন

রবীন্দ্রনাথ ঠাকুর

ঝুলন

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


আমি পরানের সাথে খেলিব আজিকে

মরণখেলা

নিশীথবেলা ।

সঘন বরষা , গগন আঁধার ,

হেরো বারিধারে কাঁদে চারি ধার ,

ভীষণ রঙ্গে ভবতরঙ্গে

ভাসাই ভেলা ;

বাহির হয়েছি স্বপ্ন-শয়ন

করিয়া হেলা

রাত্রিবেলা ।

ওগো , পবনে গগনে সাগরে আজিকে

কী কল্লোল ,

দে দোল্‌ দোল্‌ ।

পশ্চাৎ হতে হা হা ক ' রে হাসি

মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি ,

যেন এ লক্ষ যক্ষশিশুর

অট্টরোল ।

আকাশে পাতালে পাগলে মাতালে

হট্টগোল ।

দে দোল্‌ দোল্‌ ।

আজি জাগিয়া উঠিয়া পরান আমার

বসিয়া আছে

বুকের কাছে ।

থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ,

ধরিছে আমার বক্ষ চাপিয়া ,

নিঠুর নিবিড় বন্ধনসুখে

হৃদয় নাচে ;

ত্রাসে উল্লাসে পরান আমার

ব্যাকুলিয়াছে

বুকের কাছে ।

হায় , এতকাল আমি রেখেছিনু তারে

যতনভরে

শয়ন ' -পরে ।

ব্যথা পাছে লাগে — দুখ পাছে জাগে

নিশিদিন তাই বহু অনুরাগে

বাসরশয়ন করেছি রচন

কুসুম-থরে ;

দুয়ার রুধিয়া রেখেছিনু তারে

গোপন ঘরে

যতনভরে ।

কত সোহাগ করেছি চুম্বন করি

নয়নপাতে

স্নেহের সাথে ।

শুনায়েছি তারে মাথা রাখি পাশে

কত প্রিয় নাম মৃদু মধুভাষে ,

গুঞ্জরতান করিয়াছি গান

জ্যোৎস্নারাতে ।

যা-কিছু মধুর দিয়েছিনু তার

দুখানি হাতে

স্নেহের সাথে ।

শেষে সুখের শয়নে শ্রান্ত পরান

আলস-রসে

আবেশবশে ।

পরশ করিলে জাগে না সে আর ,

কুসুমের হার লাগে গুরুভার ,

ঘুমে জাগরণে মিশি একাকার

নিশিদিবসে ।

বেদনাবিহীন অসাড় বিরাগ

মরমে পশে

আবেশবশে ।

ঢালি মধুরে মধুর বধূরে আমার

হারাই বুঝি ,

পাই নে খুঁজি ।

বাসরের দীপ নিবে নিবে আসে —

ব্যাকুল নয়নে হেরি চারি পাশে

শুধু রাশি রাশি শুষ্ক কুসুম

হয়েছে পুঁজি ।

অতল স্বপ্নসাগরে ডুবিয়া

মরি যে যুঝি

কাহারে খুঁজি ।

তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে

নূতন খেলা

রাত্রিবেলা ।

মরণদোলায় ধরি রশিগাছি

বসিব দুজনে বড়ো কাছাকাছি ,

ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া

মারিবে ঠেলা

আমাতে প্রাণেতে খেলিব দুজনে

ঝুলনখেলা

নিশীথবেলা ।

দে দোল্‌ দোল্‌ ।

দে দোল্‌ দোল্‌ ।

এ মহাসাগরে তুফান তোল্‌ ।

বধূরে আমার পেয়েছি আবার —

ভরেছে কোল ।

প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে

প্রলয়রোল ।

বক্ষ-শোণিতে উঠেছে আবার

কী হিল্লোল!

ভিতরে বাহিরে জেগেছে আমার

কী কল্লোল!

উড়ে কুন্তল , উড়ে অঞ্চল ,

উড়ে বনমালা বায়ুচঞ্চল ,

বাজে কঙ্কণ বাজে কিঙ্কিণী

মত্ত-বোল ।

দে দোল্‌ দোল্‌ ।

আয় রে ঝঞ্ঝা , পরান-বধূর

আবরণরাশি করিয়া দে দূর ,

করি লুণ্ঠন অবগুণ্ঠন-

বসন খোল্‌ ।

দে দোল্‌ দোল্‌ ।

প্রাণেতে আমাতে মুখোমুখি আজ

চিনি লব দোঁহে ছাড়ি ভয়-লাজ ,

বক্ষে বক্ষে পরশিব দোঁহে

ভাবে বিভোল ।

দে দোল্‌ দোল্‌ ।

স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ

দুটো পাগল ।

দে দোল্‌ দোল্‌ ।


**********
No Review
Related Books
Loading books…