Home
ঝড়

ঝড়

কাজী নজরুল ইসলাম

উঠিয়াছে ঝড়


উঠিয়াছে ঝড়, কড় কড় কড় ঈশানে নাকাড়া বাজিছে তার,

ওরে ভীরু, ওঠ, এখনই টুটিবে ধমকে তাহার রুদ্ধ দ্বার!

কৃষ্ণ মেঘের নিশান তাহার দোলে পশ্চিম-তোরণে ওই,

ভ্রুকুটি- ভঙ্গে কোটি তরঙ্গে নাচে নদনদী তাথই থই।

তরবারি তার হানিছে ঝিলিক সর্পিল বিদ্যুল্লেখায়,

হানিবে আঘাত তোর স্বপ্নের শিশমহলের দরোয়াজায় ;

কাঁদিবে পূর্ব পুবালি হাওয়ায়, ফোটাবে কদম জুঁই কুসুম ;

বৃষ্টিধারায় ঝরিবে অশ্রু, ঘনালে প্রলয় রবে নিঝুম?


যে দেশে সূর্য ডোবে – সেই দেশে হইল নবীন সূর্যোদয়,

উদয়-অচলে টলমল করে অস্ত-রবির আঁধার ভয়!

যুগ যুগ ধরি, তপস্যা দিয়ে করেছি মহিরে মহামহান,

ফুটায়েছি ফুল কর্ষিয়া মরু, ধূলির ঊর্ধ্বে গেয়েছি গান।

আজি সেই ফুলে-ফসল-মেলায় অধিকার নাই আমাদেরই,

আমাদের ধ্যান-সুন্দর ধরা আমাদের নয় আজি হেরি!

গীত-শেষে নীড়ে ফিরিবার বেলা হেরি নীড়ে বাসা বাঁধে শকুন,

মাংস-লোলুপ ফিরিতেছে ব্যাধ স্কন্ধে রক্ত-ধনুর্গুণ!

নীড়ে ফিরিবার পথ নাই তোর, নিম্নে নিষাদ, ঊর্ধ্বে বাজ,

তোর সে অতীত মহিমা আজিকে তোরে সব চেয়ে হানিছে লাজ!


উঠিয়াছে ঝড় – ঝড় উঠিয়াছে প্রলয়-রণের আমন্ত্রণ,

‘আদাওতি’র এ দাওতে কে যাবি মৃত্যুতে প্রাণ করিয়া পণ?

ঝড়ে যা উড়িবে, পুড়িবে আগুনে, উড়ুক পুড়ুক সে সম্বল,

মৃত্যু যেখানে ধ্রুব তোর সেথা মৃত্যুরে হেসে বরিবি চল!

অপরিমাণ এ জীবনে করিবি জীবিতের মতো ব্যয় যদি,

ঊর্ধ্বে থাকুক ঝড়ের আশিস, চরণে মরণ-অম্বুধি!


বিধাতার দান এই পবিত্র দেহের করিবি অসম্মান?

শকুন-শিবার খাদ্য হইবি, ফিরায়ে দিবি না খোদার দান?

এ-জীবন ফুল-অঞ্জলি সম নজরানা দিবি মৃত্যুরে, –

জীবিতের মতো ভুঞ্জি জীবন ব্যয় করে যা তা প্রাণ পুরে!

চরণে দলেছি বিপুলা পৃথ্বী কোটি গ্রহ তারা ধরি শিরে,

মোদের তীর্থ লাগি রবি শশী নিশিদিন আসে ফিরে ফিরে।

নিঃসীম নভ ছত্র ধরিয়া, বন্দনা-গান গাহে বিহগ,

বর্ষায় ঝরে রহমত-পানি-প্রতীক্ষমাণ সাত স্বরগ।

অপরিমাণ এ দানেরে কেমনে করিবি, রে ভীরু অস্বীকার?

মৃত্যুর মারফতে শোধ দিব বিধির এ মহাদানের ধার।

রোগ-পাণ্ডুর দেহ নয় – দিব সুন্দর তনু কোরবানি,

রোগ ও জরারে দিব না এ দেহ, জীবন-ফুলের ফুলদানি।

তাজা এ স্বাস্থ্য সুন্দর দেহ মৃত্যুরে দিবি অর্ঘ্যদান,

অতিথিরে দিবি কীটে-খাওয়া ফুল? লতা ছিঁড়ে তাজা কুসুম আন!


আসিয়াছে ঝড়, ঘরের ভিতর তাজিম করিয়া অতিথে ডাক,

বন্ধুর পথে এসেছে বন্ধু, হাসিয়া দস্তে দস্ত রাখ।

যৌবন-মদ পূর্ণ করিয়া জীবনের মৃৎপাত্র ভর,

তাই নিয়ে সব বেহুঁশ হইয়া ঝঞ্ঝার সাথে পাঞ্জা ধর।


ঝঞ্ঝার বেগ রুধিতে নারিবে পড়-পড় ওই গৃহ রে তোর,

খুঁটি ধরে তার কেন বৃথা আর থাকিস বসিয়া, ভাঙ এ দোর!

রবির চুল্লি নিভিয়া গিয়াছে, ধূম্রায়মান নীল গগন,

ঝঞ্ঝা এসেছে ঝাপটিয়া পাখা, ধেয়ে আয় তুই ক্ষীণ পবন!



কর্থ্যভাষা


কর্থ্যভাষা কইতে নারি শুর্দ্ধ কথা ভিন্ন।

নেড়ায় আমি নিম্ন বলি (কারণ) ছেঁড়ায় বলি ছিন্ন॥

গোঁসাইকে কই গোস্বামী, তাই মশাইকে মোর্স্বামী।

বানকে বলি বন্যা, আর কানকে কন্যা কই আমি॥

চাষায় আমি চশ্‌শ বলি, আশায় বলি অশ্ব।

কোটকে বলি কোষ্ঠ, আর নাসায় বলি নস্য॥

শশারে কই শিষ্য আমি, ভাষারে কই ভীষ্ম।

পিসিরে কই পিষ্টক আর মাসিরে মাহিষ্য॥

পুকুরকে কই প্রুষ্করিণী, কুকুরকে কই ক্রুক্কু।

বদনকে কই বদনা, আর গাড়ুকে গুড়ুক্কু॥

চাঁড়ালকে কই চণ্ডাল, তাই আড়ালকে অণ্ডাল।

শালারে কই শলাকা, আর কালায় বলি কঙ্কাল॥

শ্বশুরকে কই শ্মশ্রু, আর দাদাকে কই দদ্রু।

বামারে কই বম্বু, আর কাদারে কই কদ্রু॥

আরও অনেক বাত্রা জানি, বুঝলে ভায়া মিন্টু।

ভেবেছ সব শিখে নেবে, বলছিনে আর কিন্তু॥



আঁধারে


অমানিশায় আসে আঁধার তেপান্তরের মাঠে;

স্তব্ধ ভয়ে পথিক ভাবে,– কেমনে রাত কাটে!

ওই যে ডাকে হুতোম-পেঁচা, বাতাস করে শাঁ শাঁ!

মেঘে ঢাকা অচিন মুলুক; কোথায় রে কার বাসা?

গা ছুঁয়ে যায় কালিয়ে শীতে শূন্য পথের জু জু–

আঁধার ঘোরে জীবন-খেলার নূতন পালা রুজু।



ঘোষণা


হাতে হাত দিয়ে আগে চলো, হাতে
নাই থাক হাতিয়ার!
জমায়েত হও, আপনি আসিবে
শক্তি জুলফিকার॥

আনো আলির শৌর্য, হোসেনের ত্যাগ,
ওমরের মতো কর্মানুরাগ,
খালেদের মতো সব অসাম্য
ভেঙে করো একাকার॥
ইসলামে নাই ছোটো বড়ো আর
আশরাফ আতরাফ;
এই ভেদ-জ্ঞান নিষ্ঠুর হাতে
করো মিসমার সাফ!

চাকর সৃজিতে চাকরি করিতে
ইসলাম আসে নাই পৃথিবীতে;
মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন,
কারো ঘরে রবে অঢেল অন্ন,
এ-জুলুম সহেনিকো ইসলাম –
সহিবে না আজও আর॥


গান


আমার বিফল পূজাঞ্জলি
অশ্রু-স্রোতে যায় যে ভেসে।
তোমার আরাধিকার পূজা
হে বিরহী, লও হে এসে।
খোঁজে তোমায় চন্দ্র তপন,
পূজে তোমায় বিশ্বভুবন,
আমার যে নাথ ক্ষণিক জীবন
মিটবে কি সাধ ভালোবেসে॥
না-দেখা মোর বন্ধু ওগো,
কোথায় বাঁশি বাজাও একা,
প্রাণ বোঝে তা অনুভবে
নয়ন কেন পায় না দেখা!
সিন্ধু যেমন বিপুল টানে
তটিনীরে টেনে আনে,
তেমনি করে তোমার পানে
আমায় ডাকো নিরুদ্দেশে॥


বন্ধন


অনন্তকাল এ-অনন্তলোকে
মন-ভোলানোরে তার খুঁজে ফিরে মন।
দক্ষিণা-বায় চায় ফুল-কোরকে ;
পাখি চায় শাখী, লতা-পাতা-ঘেরা বন।
বিশ্বের কামনা এ – এক হবে দুই ;
নূতনে নূতনতর দেখিবে নিতুই॥
তোমারে গাওয়াত গান যার বিরহ
এড়িয়ে চলার ছলে যাচিয়াছ যায়,
এল সেই সুদূরের মদির-মোহ
এল সেই বন্ধন জড়াতে গলায়।
মালা যে পরিতে জানে, কন্ঠে তাহার
হয় না গলার ফাঁসি চারু-ফুলহার॥
জলময়, নদী তবু নহে জলাশয়,
কূলে কূলে বন্ধন তবু গাহে গান ;
বুকে তরণির বোঝা কিছু যেন নয়–
সিন্ধুর সন্ধানী চঞ্চল-প্রাণ।
দুই পাশে থাক তব বন্ধন-পাশ,
সমুখে জাগিয়া থাক সাগর-বিলাস॥
বিরহের চখাচখি রচে তারা নীড়,
প্রাতে শোনে নির্মল বিমানের ডাক ;
সেই ডাকে ভোলে নীড়, ভোলে নদীতীর,
সন্ধ্যায় গাহে : ‘এই বন্ধন থাক’!
আকাশের তারা থাক কল্পলোকে,
মাটির প্রদীপ থাক জাগর-চোখে॥


সালাম অস্ত-‘রবি’


কাব্য-গীতির শ্রেষ্ঠ স্রষ্টা, দ্রষ্টা, ঋষি ও ধ্যানী

মহাকবি রবি অস্ত গিয়াছে! বীণা, বেণুকা ও বাণী

নীরব হইল। ধূলির ধরণি জানি না সে কত দিন

রস-যমুনার পরশ পাবে না। প্রকৃতি বাণীহীন

মৌন বিষাদে কাঁদিবে ভুবনে ভবনে ও বনে একা ;

রেখায় রেখায় রূপ দিবে আর কাহার ছন্দ-লেখা?

অপ্রাকৃত মদনে মাধবী চাঁদের জ্যোৎস্না দিয়া

রূপায়িত রসায়িত করিবে কে লেখনী, তুলিকা নিয়া?


ব্যাস, বাল্মীকি, কালিদাস, খৈয়াম, হাফিজ ও রুমি

আরবের ইমরুল-কায়েস যে ছিলে এক সাথে তুমি!

সকল দেশের সকল কালের সকল কবিরে ভাঙি

তাঁহাদের রূপে রসে রাঙাইয়া, বুঝি কত যুগ জাগি

তোমারে রচিল রসিক বিধাতা, অপরূপ সে বিলাস,

**********
No Review
Related Books
Loading books…