Home
জাগৃহি

জাগৃহি

কাজী নজরুল ইসলাম

জাগৃহি

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

‘হর হর হর শংকর হর হর ব্যোম’ –

একী ঘন রণ-রোল ছায়া চরাচর ব্যোম!

হানে ক্ষিপ্ত মহেশ্বর রুদ্র পিনাক,

ঘন প্রণব-নিনাদ হাঁকে ভৈরব-হাঁক

ধু ধু দাউ দাউ জ্বলে কোটি নর-মেধ-যাগ,

হানে কাল-বিষ বিশ্বে রে মহাকাল-নাগ!

আজ ধূর্জটি ব্যোমকেশ নৃত্য-পাগল,

ওই ভাঙল আগল ওরে ভাঙল আগল!

বোলে অম্বুদ-ডম্বুর কম্বু বিষাণ,

নাচে থই-তাতা থই-তাতা পাগলা ঈশান!

দোলে হিন্দোলে ভীম-তালে সৃষ্টি ধাতার,

বুকে বিশ্বপাতার বহে রক্ত-পাথার!

ঘোর মার’ দৈত্য, অসুর,

প্রেত, রক্ত-পিশাচ, রণ-দুর্মদ সুর।

করে ক্রন্দসী-ক্রন্দন অম্বর রোধ –

ত্রাহি ত্রাহি মহেশ হে সম্বরো ক্রোধ!

সুত মৃত্যু-কাতর, হাহা অট্টহাসি

হাসে চণ্ডী চামুণ্ডা মা সর্বনাশী।

কাল- বৈশাখী ঝঞ্ঝারে সঙ্গে করি –

রণ- উন্মাদিনী নাচে রঙ্গে মরি!

উর- হার দোলে নরমুণ্ড-মালা,

করে খড়্গ ভয়াল, আঁখে বহ্নি-জ্বালা!

নিয়া রক্তপানের কী অগস্ত্য-তৃষা

নাচে ছিন্ন সে মস্তা মা, নাইকো দিশা!

‘দে রে রক্ত দে রক্ত দে’ রণে ক্রন্দন,

বুঝি থেমে যায় সৃষ্টির হৃৎ-স্পন্দন!

জ্বলে বৈশ্বানরের ধু ধু লক্ষ শিখা,

আজ বিষ্ণু-ভালে লাল রক্ত-টিকা!

শুধু অগ্নি-শিখা ধু ধু অগ্নি-শিখা,

শোভে করুণার ভালে লাল রক্ত-টিকা!

রণ- শ্রান্ত অসুর-সুর-যোদ্ধৃ-সেনা,

শুধু রক্ত-পাথার, শুধু রক্ত-ফেনা!

একী বিশ্ব-বিধ্বংস নৃশংস খেলা,

কিছু নাই কিছু নাই প্রেত-পিশাচে মেলা।

আজ ঘরে ঘরে জ্বলে ধু ধু শ্মশান মশান –

হোক রোষ অবসান, ত্রাহি ত্রাহি ভগবান!

আজি বন্ধ সবার পূতি-গন্ধে নিশাস,

বিষে বিশ্ব-নিসাড়, বহে জোর নাভিশ্বাস!

দেহো ক্ষান্ত রণে, ফেলো রঙ্গিণী বেশ,

খোলো রক্তাম্বর মাতা সম্বরো কেশ!

এ তো নয় মাতা রক্তোন্মত্তা ভীমা!

আজ জাগৃহি মা, আজ জাগৃহি মা।

তব চরণাবলুণ্ঠিত মহিষ-অসুর,

হল ধ্বংস অসুর, লীন শক্তি পশুর।

তবে সম্বরো রণ, হোক ক্ষান্ত রোদন–

হোক সত্য-বোধন আজ মুক্তি-বোধন!

এসো শুদ্ধা মাতা এই কাল-শ্মশানে

আজ প্রলয়-শেষে এই রণাবসানে!

জাগো জাগো মানব-মাতা দেবী নারী!

আনো হৈম ঝারি, আনো শান্তি-বারি!

এসো কৈলাস হতে মা গো মানস-সরে,

নীল উৎপল-দলে রাঙা আঁচল-ভরে।

এসো কন্যা উমা, এসো গৌরী রূপে,–

বাজো শঙ্খ শুভ, জ্বালো গন্ধ ধূপে!

আজ মুক্ত-বেণি মেয়ে একাকী চলে,

ওই শেফালি-তলে হেরো শেফালি-তলে।

ওড়ে এলোমেলো অঞ্চল আশ্বিন-বায়,

হানে চঞ্চল নীল চাওয়া আকাশের গায়!

ঘোষে হিমালয় তার মহা হর্ষ-বাণী, –

এল হৈমবতী, এল গৌরী রানি।

বাজো মঙ্গল শাঁখ, হোক শুভ-আরতি,

এল লক্ষ্মী-কমলা, এল বাণী-ভারতী।

এল সুন্দর সৈনিক সুর কার্তিক,

এল সিদ্ধি-দাতা, হেরো হাসে চারিদিক!

ভরা ফুল-খুকি ফুল-হাসি শিউলির তল,

আজ চোখে আসে জল, শুধু চোখে আসে জল!

নিয়া মাতৃ-হিয়া নিয়া কল্যাণী-রূপ

এল শক্তি স্বাহা, বাজো শাঁখ, জ্বালো ধূপ!

ভাঁজো মোহিনী সানাই, বাজো আগমনি-সুর,

বড়ো কেঁদে ওঠে আজ হিয়া মাতৃ-বিধুর।

ওঠে কণ্ঠ ছাপি বাণী সত্য পরম –

বন্- দে মাতরম্। বন্‌দে মাতরম্!

**********
No Review
Related Books
Loading books…