Home
চরকার গান

চরকার গান

কাজী নজরুল ইসলাম

চরকার গান

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

ঘোর –

ঘোর রে ঘোর ঘোর রে আমার সাধের চরকা ঘোর

ওই স্বরাজ-রথের আগমনি শুনি চাকার শব্দে তোর॥

১

তোর ঘোরার শব্দে ভাই

সদাই শুনতে যেন পাই

ওই খুলল স্বরাজ-সিংহদুয়ার, আর বিলম্ব নাই।

ঘুরে আসল ভারত-ভাগ্য-রবি, কাটল দুখের রাত্রি ঘোর॥

২

ঘর ঘর তুই ঘোর রে জোরে

ঘর্ঘরঘর ঘূর্ণিতে তোর

ঘুচুক ঘুমের ঘোর

তুই ঘোর ঘোর ঘোর।

তোর ঘুর-চাকাতে বল-দর্পীর তোপ কামানের টুটুক জোর॥

৩

তুই ভারত-বিধির দান,

এই কাঙাল দেশের প্রাণ,

আবার ঘরের লক্ষ্মী আসবে ঘরে শুনে তোর ওই গান।

আর লুটতে নারবে সিন্ধু-ডাকাত বৎসরে পঁয়ষট্টি ক্রোড়॥


৪

হিন্দু-মুসলিম দুই সোদর,

তাদের মিলন-সূত্র-ডোর রে

রচলি চক্রে তোর,

তুই ঘোর ঘোর ঘোর।

আবার তোর মহিমায় বুঝল দু-ভাই মধুর কেমন মায়ের ক্রোড়॥

৫

ভারত বস্ত্রহীন যখন

কেঁদে ডাকল – নারায়ণ!

তুমি লজ্জা-হারী করলে এসে লজ্জা নিবারণ,

তাই দেশ-দ্রৌপদীর বস্ত্র হরতে পারল না দুঃশাসন-চোর॥

৬


এই সুদর্শন-চক্রে তোর

অত্যাচারীর টুটল জোর রে ছুটল সব গুমোর

তুই ঘোর ঘোর ঘোর।

তুই জোর জুলুমের দশম গ্রহ, বিষ্ণু-চক্র ভীম কঠোর॥

৭

হয়ে অন্নবস্ত্রহীন

আর ধর্মে কর্মে ক্ষীণ

দেশ ডুবছিল ঘোর পাপের ভারে যখন দিনকে দিন,

তখন আনলে অন্ন পুণ্য-সুধা, খুললে স্বর্গ মুক্তি-দোর॥

৮

শাসতে জুলুম নাশতে জোর

খদ্দর-বাস বর্ম তোর রে অস্ত্র সত্যডোর,

তুই ঘোর ঘোর ঘোর।

মোরা ঘুমিয়ে ছিলাম, জেগে দেখি চলছে চরকা, রাত্রি ভোর॥

৯

তুই সাত রাজারই ধন,

দেশ- মা-র পরশ-রতন,

তোর স্পর্শে মেলে স্বর্গ অর্থ কাম মোক্ষ ধন।

তুই মায়ের আশিস, মাথার মানিক, চোখ ছেপে বয় অশ্রু-লোর॥

**********
No Review
Related Books
Loading books…