Home
গুরু গোবিন্দ

গুরু গোবিন্দ

রবীন্দ্রনাথ ঠাকুর

গুরু গোবিন্দ

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


‘ বন্ধু , তোমরা ফিরে যাও ঘরে

এখনো সময় নয় ' —

নিশি অবসান , যমুনার তীর ,

ছোটো গিরিমালা , বন সুগভীর ,

গুরু গোবিন্দ কহিলা ডাকিয়া

অনুচর গুটি ছয় ।

‘ যাও রামদাস , যাও গো লেহারি ,

সাহু , ফিরে যাও তুমি ।

দেখায়ো না লোভ , ডাকিয়ো না মোরে

ঝাঁপায়ে পড়িত কর্মসাগরে —

এখনো পড়িয়া থাক্‌ বহু দূরে

জীবনরঙ্গভূমি ।

‘ ফিরায়েছি মুখ , রুধিয়াছি কান ,

লুকায়েছি বনমাঝে ।

সুদূরে মানবসাগর অগাধ

চিরক্রন্দিত - ঊর্মি - নিনাদ ,

হেথায় বিজনে রয়েছি মগন

আপন গোপন কাজে ।

‘ মানবের প্রাণ ডাকে যেন মোরে

সেই লোকালয় হতে ।

সুপ্ত নিশীথে জেগে উঠে তাই

চমকিয়া উঠে বলি ‘ যাই যাই ' ,

প্রাণ মন দেহ ফেলে দিতে চাই

প্রবল মানবস্রোতে ।

তোমাদের হেরি চিত চঞ্চল ,

উদ্দাম ধায় মন ।

রক্ত - অনল শত শিখা মেলি

সর্পসমান করি উঠে কেলি ,

গঞ্জনা দেয় তরবারি যেন

কোষমাঝে ঝন্‌ ঝন্‌ ।

‘ হায় , সেকি সুখ , এ গহন ত্যজি

হাতে লয়ে জয়তুরী

জনতার মাঝে ছুটিয়া পড়িতে ,

রাজ্য ও রাজা ভাঙিতে গড়িতে ,

অত্যাচারের বক্ষে পড়িয়া

হানিতে তীক্ষ্ণ ছুরি !

‘ তুরঙ্গসম অন্ধ নিয়তি ,

বন্ধন করি তায়

রশ্মি পাকড়ি আপনার করে

বিঘ্ন বিপদ লঙ্ঘন ক ' রে

আপনার পথে ছুটাই তাহারে

প্রতিকূল ঘটনায় ।

‘ সমুখে যে আসে সরে যায় কেহ ,

পড়ে যায় কেহ ভূমে ।

দ্বিধা হয়ে বাধা হতেছে ভিন্ন ,

পিছে পড়ে থাকে চরণচিহ্ন ,

আকাশের আঁখি করিছে খিন্ন

প্রলয়বহ্নিধূমে ।

‘ শত বার করে মৃত্যু ডিঙায়ে

পড়ি জীবনের পাড়ে ।

প্রান্তগগনে তারা অনিমিখ

নিশীথতিমিরে দেখাইছে দিক ,

লোকের প্রবাহ ফেনায়ে ফেনায়ে

গরজিছে দুই ধারে ।

‘ কভু অমানিশা নীরব নিবিড় ,

কভু বা প্রখর দিন ।

কভু বা আকাশে চারি - দিক - ময়

বজ্র লুকায়ে মেঘ জড়ো হয় ,

কভু বা ঝটিকা মাথার উপরে

ভেঙে পড়ে দয়াহীন ।

‘‘ আয় আয় আয়' ডাকিতেছি সবে ,

আসিতেছে সবে ছুটে ।

বেগে খুলে যায় সব গৃহদ্বার ,

ভেঙে বাহিরায় সব পরিবার ,

সুখ সম্পদ মায়া মমতার

বন্ধন যায় টুটে ।

‘ সিন্ধুমাঝারে মিশিছে যেমন

পঞ্চ নদীর জল ,

আহ্বান শুনে কে কারে থামায় ,

ভক্তহৃদয় মিলিছে আমায় ,

পঞ্জাব জুড়ি উঠিছে জাগিয়া

উন্মাদ কোলাহল ।

‘ কোথা যাবি ভীরু , গহন গোপনে

পশিছে কণ্ঠ মোর ।

প্রভাতে শুনিয়া ‘ আয় আয় আয় '

কাজের লোকেরা কাজ ভুলে যায় ,

নিশীথে শুনিয়া ‘ আয় তোরা আয় '

ভেঙে যায় ঘুমঘোর ।

‘ যত আগে চলি বেড়ে যায় লোক ,

ভরে যায় ঘাট বাট ।

ভুলে যায় সবে জাত - অভিমান ,

অবহেলে দেয় আপনার প্রাণ ,

এক হয়ে যায় মান অপমান

ব্রাহ্মণ আর জাঠ ।

‘ থাক্‌ ভাই , থাক্‌ , কেন এ স্বপন —

এখনো সময় নয় ।

এখনো একাকী দীর্ঘ রজনী

জাগিতে হইবে পল গণি গণি

অনিমেষ চোখে পূর্ব গগনে

দেখিতে অরুণোদয় ।

‘ এখনো বিহার কল্পজগতে ,

অরণ্য রাজধানী —

এখনো কেবল নীরব ভাবনা ,

কর্মবিহীন বিজন সাধনা ,

দিবানিশি শুধু বসে বসে শোনা

আপন মর্মবাণী ।

‘ একা ফিরি তাই যমুনার তীরে

দুর্গমগিরিমাঝে ।

মানুষ হতেছি পাষাণের কোলে ,

মিশাতেছি গান নদীকলরোলে ,

গড়িতেছি মন আপনার মনে ,

যোগ্য হতেছি কাজে ।

‘ এমনি কেটেছে দ্বাদশ বরষ ,

আরো কতদিন হবে !

চারি দিক হতে অমর জীবন

বিন্দু বিন্দু করি আহরণ

আপনার মাঝে আপনারে আমি

পূর্ণ দেখিব কবে !

‘ কবে প্রাণ খুলে বলিতে পারিব —

‘ পেয়েছি আমার শেষ !

তোমরা সকলে এসো মোর পিছে ,

গুরু তোমাদের সবারে ডাকিছে ,

আমার জীবনে লভিয়া জীবন

জাগো রে সকল দেশ !

‘‘ নাহি আর ভয় , নাহি সংশয় ,

নাহি আর আগু - পিছু ।

পেয়েছি সত্য , লভিয়াছি পথ ,

সরিয়া দাঁড়ায় সকল জগৎ —

নাই তার কাছে জীবন মরণ ,

নাই নাই আর কিছু ।'

‘ হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে

দৈববাণীর মতো —

‘ উঠিয়া দাঁড়াও আপন আলোতে ,

ওই চেয়ে দেখো কতদূর হতে

তোমার কাছেতে ধরা দিবে ব ' লে

আসে লোক কত শত ।

‘‘ ওই শোনো শোনো কল্লোলধ্বনি ,

ছুটে হৃদয়ের ধারা ।

স্থির থাকো তুমি , থাকো তুমি জাগি

প্রদীপের মতো আলস তেয়াগি ,

এ নিশীথমাঝে তুমি ঘুমাইলে

ফিরিয়া যাইবে তারা ।'

‘ ওই চেয়ে দেখো দিগন্ত - পানে

ঘনঘোর ঘটা অতি ।

আসিতেছে ঝড় মরণেরে লয়ে —

তাই বসে বসে হৃদয় - আলয়ে

জ্বালাতেছি আলো , নিবিবে না ঝড়ে ,

দিবে অনন্ত জ্যোতি ।

‘ যাও তবে সাহু , যাও রামদাস ,

ফিরে যাও সখাগণ ।

এসো দেখি সবে যাবার সময়

বলো দেখি সবে ‘ গুরুজির জয় ' ,

দুই হাত তুলি বলো ‘ জয় জয়

অলখ নিরঞ্জন' । '

বলিতে বলিতে প্রভাততপন

উঠিল আকাশ - ' পরে ।

গিরির শিখরে গুরুর মুরতি

কিরণছটায় প্রোজ্জ্বল অতি —

বিদায় মাগিল অনুচরগণ ,

নমিল ভক্তিভরে ।


**********
No Review
Related Books
Loading books…