Home
আসল

আসল

রবীন্দ্রনাথ ঠাকুর

আসল

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


বয়স ছিল আট ,

পড়ার ঘরে বসে বসে ভুলে যেতেম পাঠ ।

জানলা দিয়ে দেখা যেত মুখুজ্যেদের বাড়ির পাশে

একটুখানি প ো ড়ো জমি , শুকনো শীর্ণ ঘাসে

দেখায় যেন উপবাসীর মতো ।

পাড়ার আবর্জনা যত

ওই খানেতেই উঠছে জমে ,

একধারেতে ক্রমে

পাহাড়-সমান উঁচু হল প্রতিবেশীর রান্নাঘরের ছাই ;

গোটাকয়েক আকন্দগাছ , আর - কোনো গাছ নাই ;

দশ-বারোটা শালিখপাখি

তুমুল ঝগড়া বাধিয়ে দিয়ে করত ডাকাডাকি ;

দুপুরবেলায় ভাঙা গলায় কাকের দলে

কী যে প্রশ্ন হাঁকত শূন্যে কিসের কৌতূহলে ।

পাড়ার মধ্যে ঐ জমিটাই কোনো কাজের নয় ;

সবার যাতে নাই প্রয়োজন লক্ষ্মীছাড়ার তাই ছিল সঞ্চয় ;

তেলের ভাঙা ক্যানেস্তারা , টুকরো হাঁড়ির কানা ,

অনেক কালের জীর্ণ বেতের কেদারা একখানা

ফুটো এনামেলের গেলাস , থিয়েটারের ছেঁড়া বিজ্ঞাপন ,

মরচে-পড়া টিনের লণ্ঠন ,

সিগারেটের শূন্য বাক্‌স , খোলা চিঠির খাম ,

অ - দরকারের মুক্তি হেথায় , অনাদরের অমর স্বর্গধাম ।

তখন আমার বয়স ছিল আট ,

করতে হত ভূবৃত্তান্ত পাঠ ।

পড়ার ঘরের দেয়ালে চারপাশে

ম্যাপগুলো এই পৃথিবীকে ব্যঙ্গ করত নীরব পরিহাসে ;

পাহাড়গুলো মরে-যাওয়া শুঁয়োপোকার মতো ,

নদীগুলো যত

অচল রেখার মিথ্যা কথায় অবাক হয়ে রইত থতমত ,

সাগরগুলো ফাঁকা ,

দেশগুলো সব জীবনশূন্য কালো-আখর-আঁকা ।

হাঁপিয়ে উঠত পরান আমার ধরণীর এই শিকল রেখার রূপে —

আমি চুপে চুপে

মেঝের ' পরে বসে যেতেম ওই জানলার পাশে ।

ঐ যেখানে শুকনো জমি শুকনো শীর্ণ ঘাসে

পড়ে আছে এলোথেলো , তাকিয়ে ওর ই পানে

কার সাথে মোর মনের কথা চলত কানে কানে ।

ওই যেখানে ছাইয়ের গাদা আছে

বসুন্ধরা দাঁড়িয়ে হোথায় দেখা দিতেন এই ছেলেটির কাছে ।

মাথার ' পরে উদার নীলাঞ্চল

সোনার আভায় করত ঝলমল ।

সাত সমুদ্র তেরো নদীর সুদূর পারের বাণী

আমার কাছে দিতেন আনি ।

ম্যাপের সঙ্গে হত না তার মিল ,

বইয়ের সঙ্গে ঐক্য তাহার ছিল না এক তিল ।

তার চেহারা নয় তো অমন মস্ত ফাঁকা

আঁচড়-কাটা আখর-আঁকা —

নয় সে তো কোন্‌ মাইল-মাপা বিশ্ব ,

অসীম যে তার দৃশ্য ; আবার অসীম সে অদৃশ্য ।

এখন আমার বয়স হল ষাট

গুরুতর কাজের ঝঞ্ঝাট ।

পাগল করে দিল পলিটিক্‌সে ,

কোন্‌টা সত্য কোন্‌টা স্বপ্ন আজকে নাগাদ হয় নি জানা ঠিক সে ;

ইতিহাসের নজির টেনে সোজা

একটা দেশের ঘাড়ে চাপাই আরেক দেশের কর্মফলের বোঝা ,

সমাজ কোথায় পড়ে থাকে , নিয়ে সমাজতত্ত্ব

মাসিক পত্রে প্রবন্ধ উন্মত্ত ।

যত লিখছি কাব্য

ততই নোংরা সমালোচন হতেছে অশ্রাব্য ।

কথায় কেবল কথারি ফল ফলে ,

পুঁথির সঙ্গে মিলিয়ে পুঁথি কেবলমাত্র পুঁথিই বেড়ে চলে ।

আজ আমার এই ষাট বছরের বয়সকালে

পুঁথির সৃষ্টি জগৎটার এই বন্দীশালে

হাঁপিয়ে উঠলে প্রাণ

পালিয়ে যাবার একটি আছে স্থান ।

সেই মহেশের পাশে

পাড়ায় যারে পাগল বলে হাসে ।

পাছে পাছে

ছেলেগুলো সঙ্গে যে তার লেগেই আছে ।

তাদের কলরবে

নানান উপদ্রবে

একমুহূর্ত পায় না শান্তি ,

তবু তাহার নাই কিছুতেই ক্লান্তি ।

বেগার-খাটা কাজ

তারি ঘাড়ে চাপিয়ে দিতে কেউ মানে না লাজ ।

সকালবেলায় ধরে ভজন গলা ছেড়ে ,

যতই সে গায় , বেসুর ততই চলে বেড়ে ।

তাই নিয়ে কেউ ঠাট্টা করলে এসে

মহেশ বলে হেসে ,

“ আমার এ গান শোনাই যাঁরে

বেসুর শুনে হাসেন তিনি , বুক ভরে সেই হাসির পুরস্কারে ।

তিনি জানেন , সুর রয়েছে প্রাণের গভীর তলায় ,

বেসুর কেবল পাগলের এই গলায় । ”

সকল প্রয়োজনের বাহির সে যে সৃষ্টিছাড়া

তার ঘরে তাই সকলে পায় সাড়া ।

একটা রোগা কুকুর ছিল , নাম ছিল তার ভুতো ,

একদা কার ঘরের দাওয়ায় ঢুকেছিল অনাহূত ,

মারের চোটে জরজর

পথের ধারে পড়ে ছিল মর-মর ,

খোঁড়া কুকুরটারে

বাঁচিয়ে তুলে রাখলে মহেশ আপন ঘরের দ্বারে ।

আরেকটি তার পোষ্য ছিল , ডাক - নাম তার সুর্মি ,

কেউ জানে না জাত যে কী তার , মুসলমান কি কাহার কিংবা কুর্মি ।

সে-বছরে প্রয়াগেতে কুম্ভমেলায় নেয়ে

ফিরে আসতে পথে দেখে চার বছরের মেয়ে

কেঁদে বেড়ায় বেলা দুপুর দুটোয় ।

মা নাকি তার ওলাউঠোয়

মরেছে সেই সকালবেলায় ;

মেয়েটি তাই বিষম ভিড়ের ঠেলায়

পাক খেয়ে সে বেড়াচ্ছিল ভয়েই ভেবাচেকা ,—

মহেশকে যেই দেখা

কী ভেবে যে হাত বাড়াল জানি না কোন্‌ ভুলে ;

অমনি পাগল নিল তারে কাঁধের ' পরে তুলে ,

ভোলানাথের জটায় যেন ধুতরোফুলের কুঁড়ি ;

সে অবধি তার ঘরের কোণটি জুড়ি

সুর্মি আছে ওই পাগলের পাগলামির এক স্বচ্ছ শীতল ধারা

হিমালয়ে নির্ঝরিণীর পারা ।

এখন তাহার বয়স হবে দশ ,

খেতে শুতে অষ্টপ্রহর মহে শ তারি বশ ।

আছে পাগল ঐ মেয়েটির খেলার পুতুল হয়ে

যত্নসেবার অত্যাচারটা সয়ে ।

সন্ধ্যাবেলায় পাড়ার থেকে ফিরে

যেমনি মহেশ ঘরের মধ্যে ঢোকে ধীরে ধীরে ,

পথ-হারানো মেয়ের বুকে আজো যেন জাগায় ব্যাকুলতা —

বুকের ' পরে ঝাপিয়ে প ' ড়ে গলা ধ ' রে আবোলতাবোল কথা ।

এই আদরের প্রথম - বানের টান

হলে অবসান

ওদের বাসায় আমি যেতেম রাতে ।

সামান্য কোন্‌ কথা হত এই পাগলের সাথে ।

নাইকো পুঁথি নাইকো ছবি , নাই কোনো আসবাব ,

চিরকালের মানুষ যিনি ওই ঘরে তাঁর ছিল আবির্ভাব ।

তারার মতো আপন আলো নিয়ে বুকের তলে —

যে-মানুষটি যুগ হতে যুগান্তরে চলে ,

প্রাণখানি যাঁর বাঁশির মতো সীমাহীনের হাতে

সরল সুরে বাজে দিনে রাতে ,

যাঁর চরণের স্পর্শে

ধুলায় ধুলায় বসুন্ধরা উঠল কেঁপে হর্ষে ,

আমি যেন দেখতে পেতেম তাঁরে

দীনের বাসায় , এই পাগলের ভাঙা ঘরের দ্বারে ।

রাজনীতি আর সমাজনীতি পুঁথির যত বুলি

যেতেম সবই ভুলি ।

ভুলে যেতেম রাজার কারা মস্ত বড়ো প্রতিনিধি

বালুর ' পরে রেখার মতো গড়ছে রাজ্য , লিখছে বিধান বিধি ।


**********
No Review
Related Books
Loading books…