Home
আশার নৈরাশ্য

আশার নৈরাশ্য

রবীন্দ্রনাথ ঠাকুর

আশার নৈরাশ্য

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ওরে আশা , কেন তোর হেন দীনবেশ !

নিরাশারই মতো যেন বিষণ্ন বদন কেন --

যেন অতি সংগোপনে

যেন অতি সন্তর্পণে

অতি ভয়ে ভয়ে প্রাণে করিস প্রবেশ ।

ফিরিবি কি প্রবেশিবি ভাবিয়া না পাস ,

কেন , আশা , কেন তোর কিসের তরাস ।


আজ আসিয়াছ দিতে যে সুখ - আশ্বাস ,

নিজে তাহা কর না বিশ্বাস ,

তাই হেন মৃদু গতি ,

তাই উঠিতেছে ধীরে দুখের নিশ্বাস ।

বসিয়া মরমস্থলে কহিছ চোখের জলে --

“ বুঝি হেন দিন রহিবে না ,

আজ যাবে , আসিবে তো কাল ,

দুঃখ যাবে , ঘুচিবে যাতনা । ”

কেন , আশা , মোরে কেন হেন প্রতারণা ।

দুঃখক্লেশে আমি কি ডরাই ,

আমি কি তাদেব চিনি নাই ।

তারা সবে আমারি কি নয় ।

তবে , আশা , কেন এত ভয় ।

তবে কেন বসি মোর পাশ

মোরে , আশা , দিতেছ আশ্বাস ।


বলো , আশা , বসি মোর চিতে ,

“ আরো দুঃখ হইবে বহিতে ,

হৃদয়ের যে প্রদেশ হয়েছিল ভস্মশেষ

আর যারে হত না সহিতে ,

আবার নূতন প্রাণ পেয়ে

সেও পুন থাকিবে দহিতে ।

করিয়ো না ভয় ,

দুঃখ - জ্বালা আমারি কি নয় ?

তবে কেন হেন ম্লান মুখ

তবে কেন হেন দীন বেশ ?

তবে কেন এত ভয়ে ভয়ে

এ হৃদয়ে করিস প্রবেশ ?


**********
No Review
Related Books
Loading books…