Home
আমি হারা

আমি হারা

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি হারা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


 হায় হায় ,

জীবনের তরুণ বেলায় ,

কে ছিল রে হৃদয় - মাঝারে ,

দুলিত রে অরুণ - দোলায় !

হাসি তার ললাটে ফুটিত ,

হাসি তার ভাসিত নয়নে ,

হাসি তার ঘুমায়ে পড়িত

সুকোমল অধরশয়নে ।

ঘুমাইলে , নন্দনবালিকা

গেঁথে দিত স্বপনমালিকা ;

জাগরণে , নয়নে তাহার

ছায়াময় স্বপন জাগিত ;

আশা তার পাখা প্রসারিয়া

উড়ে যেত উধাও হইয়া ,

চাঁদের পায়ের কাছে গিয়ে

জ্যোৎস্নাময় অমৃত মাগিত ।

বনে সে তুলিত শুধু ফুল ,

শিশির করিত শুধু পান ,

প্রভাতের পাখিটির মতো

হরষে করিত শুধু গান ।

কে গো সেই , কে গো হায় হায় ,

জীবনের তরুণ বেলায়

খেলাইত হৃদয় - মাঝারে

দুলিত রে অরুণ - দোলায় ?

সচেতন অরুণকিরণ

কে সে প্রাণে এসেছিল নামি ?

সে আমার শৈশবের কুঁড়ি ,

সে আমার সুকুমার আমি ।

প্রতিদিন বাড়িল আঁধার ,

পথমাঝে উড়িল রে ধূলি ,

হৃদয়ের অরণ্য - আঁধারে

দুজনে আইনু পথ ভুলি ।

নয়নে পড়িছে তার রেণু ,

শাখা বাজে সুকুমার কায় ,

ঘন ঘন বহিছে নিশ্বাস

কাঁটা বিঁধে সুকোমল গায় ।

ধুলায় মলিন হল দেহ ,

সভয়ে মলিন হল মুখ

কেঁদে সে চাহিল মুখপানে

দেখে মোর ফেটে গেলে বুক ।

কেঁদে সে কহিল মুখ চাহি ,

“ ওগো মোরে আনিলে কোথায় ?

পায় পায় বাজিতেছে বাধা ,

তরুশাখা লাগিছে মাথায় ।

চারি দিকে মলিন আঁধার ,

কিছু হেথা নাহি যে সুন্দর ,

কোথা গো শিশির - মাখা ফুল ,

কোথা গো প্রভাতরবিকর ?”

কেঁদে কেঁদে সাথে সে চলিল ,

কহিল সে সকরুণ স্বর ,

“ কোথা গো শিশির - মাখা ফুল ,

কোথা গো প্রভাত রবিকর । ”

প্রতিদিন বাড়িল আঁধার

পথ হল পঙ্কিল মলিন --

মুখে তার কথাটিও নাই ,

দেহ তার হল বলহীন ।

অবশেষে একদিন , কেমনে , কোথায় , কবে

কিছুই যে জানি নে গো হায় ,

হারাইয়া গেল সে কোথায় ।

রাখো দেব , রাখো , মোরে রাখো ,

তোমার স্নেহেতে মোরে ঢাকো

আজি চারি দিকে মোর এ কী অন্ধকার ঘোর ,

একবার নাম ধরে ডাকো ।

পারি না যে সামালিতে , কাঁদি গো আকুল চিতে ,

কত রব মৃত্তিকা বহিয়া ।

ধূলিময় দেহখানি ধুলায় আনিছে টানি ,

ধুলায় দিতেছে ঢাকি হিয়া ।

হারায়েছি আমার আমারে ,

আজি আমি ভ্রমি অন্ধকারে ।

কখনো বা সন্ধ্যাবেলা আমার পুরানো সাথি

মুহূর্তের তরে আসে প্রাণে ,

চারি দিকে নিরখে নয়ানে ।

প্রণয়ীর শ্মশানেতে একেলা বিরলে আসি

প্রণয়ী যেমন কেঁদে যায় ,

নিজের সমাধি - ' পরে নিজে বসি উপছায়া

যেমন নিশ্বাস ফেলে হায় ,

কুসুম শুকায়ে গেলে যেমন সৌরভ তার

কাছে কাছে কাঁদিয়া বেড়ায় ,

সুখ ফুরাইয়া গেলে একটি মলিন হাসি

অধরে বসিয়া কেঁদে চায় ,

তেমনি সে আসে প্রাণে -- চায় চারি দিক - পানে ,

কাঁদে , আর কেঁদে চলে যায় ।

বলে শুধূ , “ কী ছিল , কী হল ,

সে - সব কোথায় চলে গেল !”

বহুদিন দেখি নাই তারে ,

আসে নি এ হৃদয় - মাঝারে ।

মনে করি মনে আনি তার সেই মুখখানি ,

ভালো করে মনে পড়িছে না ।

হৃদয়ে যে ছবি ছিল ধুলায় মলিন হল ,

আর তাহা নাহি যায় চেনা ।

ভুলে গেছি কী খেলা খেলিত ,

ভুলে গেছি কী কথা বলিত ।

যে গান গাহিত সদা সুর তার মনে আছে ,

কথা তার নাহি পড়ে মনে ।

যে আশা হৃদয়ে লয়ে উড়িত সে মেঘ চেয়ে

আর তাহা পড়ে না স্মরণে ।

শুধু যবে হৃদি-মাঝে চাই

মনে পড়ে -- কী ছিল , কী নাই ।


**********
No Review
Related Books
Loading books…